প্রথম পর্ব:
শিল্পের ইতিহাসে বারবার এমন কিছু মুহূর্ত এসেছে, যখন শিল্পকে তার নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করতে হয়েছে। সেই প্রশ্ন কেবল নতুন কোনো কৌশল বা রীতির জন্ম দেয় না; বরং শিল্পের ভাষা, নৈতিকতা এবং উদ্দেশ্যকে নতুন করে সংজ্ঞায়িত করে। ইউরোপীয় রেনেসাঁ যেমন মধ্যযুগীয় শিল্পচিন্তাকে পুনর্গঠন করেছিল, আধুনিকতাবাদ যেমন উনিশ শতকের বাস্তবতাবাদকে প্রশ্ন করেছিল, তেমনি বিংশ শতাব্দীর অন্তিম দশকে চলচ্চিত্রের ইতিহাসে ডগমা ৯৫ (Dogme 95) ছিল এমনই এক আত্মসমালোচনামূলক আন্দোলন।
ডগমা ৯৫ প্রযুক্তির ব্যবহারে কোনো নতুন প্রযুক্তির উদ্ভাবন নয়, কোনো নতুন ক্যামেরা ভাষার পরীক্ষাও নয়। বরং তা ছিল চলচ্চিত্রকে তার প্রযুক্তিগত অহংকার থেকে মুক্ত করার প্রচেষ্টা। এর লক্ষ্য ছিল সিনেমাকে আবার মানুষের মুখ, শরীর, কণ্ঠ, নীরবতা এবং সম্পর্কের কাছে ফিরিয়ে আনা। এই আন্দোলনের কেন্দ্রীয় বিশ্বাস ছিল—চলচ্চিত্রের সত্য প্রযুক্তির মধ্যে থাকতে পারে না; তা থাকে মানুষের অভিজ্ঞতার মধ্যে। চিন্তাপ্রণালীর পথে যে অভিজ্ঞতা সঞ্চিত হয়।
১৯৯৫ সালে ডেনমার্কের দুই পরিচালক, লার্স ভন ত্রিয়ের এবং থমাস ভিন্টারবার্গ, এক ঘোষণাপত্র প্রকাশ করেন। তাঁরা নাম দেন ‘ডগমা ৯৫ ম্যানিফেস্টো’ (Dogme 95 Manifesto)। এর সঙ্গে যুক্ত হয় Vow of Chastity—দশটি কঠোর নিয়ম, যা চলচ্চিত্র নির্মাতাকে প্রযুক্তিগত সুবিধা, কৃত্রিমতা এবং বাণিজ্যিক প্রলোভন থেকে দূরে থাকার অঙ্গীকারবদ্ধ করবে। এই ঘোষণাপত্র আসলে ছিল এক সাংস্কৃতিক প্রতিবাদ, এক শিল্পনৈতিক আহ্বান এবং শিল্পের আত্মসমালোচনার মানপত্র।
চলচ্চিত্রের জন্ম থেকেই দুটি প্রবণতা পাশাপাশি চলেছে। একটি বাস্তবতাকে ধারণ করতে চেয়েছে; অন্যটি বাস্তবতাকে রূপান্তরিত করতে চেয়েছে।
লুমিয়্যের ভ্রাতৃদ্বয়ের চলচ্চিত্রে ছিল দৈনন্দিন জীবনের সরল বিন্যাস; অপরদিকে জর্জ মেলিয়েস চলচ্চিত্রকে জাদু, বিভ্রম ও কল্পনার শিল্পে রূপ দেন। পরবর্তী এক শতাব্দী ধরে এই দুই ধারা নানা রূপে বিকশিত হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালীয় নব্য-বাস্তববাদ যুদ্ধবিধ্বস্ত মানুষের জীবনকে চলচ্চিত্রের কেন্দ্রে নিয়ে আসে। রোমের ধ্বংসস্তূপ, বেকারত্ব, ক্ষুধা, অনিশ্চয়তা—এসবই চলচ্চিত্রের বিষয় হয়ে ওঠে। অ-পেশাদার অভিনেতা, বাস্তব লোকেশন এবং দৈনন্দিন জীবনের ব্যবহার চলচ্চিত্রকে নতুন মানবিক মর্যাদা দিতে চায়।
এরপর আসে ফরাসি নিউ ওয়েভ। এই আন্দোলন চলচ্চিত্রকে ব্যক্তিগত শিল্পে পরিণত করে। পরিচালককে লেখকের মর্যাদা দেওয়া হয়। প্রচলিত সম্পাদনা, বর্ণনা ও নির্মাণরীতি ভেঙে যায়।
কিন্তু আশির দশক থেকে বিশ্বচলচ্চিত্রে নতুন এক প্রবণতা দেখা দেয়। কর্পোরেট পুঁজির বিস্তার, বিশ্বায়ন, ডিজিটাল প্রযুক্তি এবং বিপুল বাজেট চলচ্চিত্রকে ক্রমশ বিনোদন-শিল্পে রূপান্তরিত করে। গল্পের পরিবর্তে প্রযুক্তি, চরিত্রের পরিবর্তে দৃশ্যপ্রভাব, মানবিকতার পরিবর্তে বাজার—এই যান্ত্রিক-নির্ভরতার রূপান্তরই ডগমা ৯৫-এর জন্মের পটভূমি।
ডগমা ৯৫-এর ঘোষণাপত্র পড়লে প্রথমেই বোঝা যায়, তা কেবল নির্মাণপদ্ধতির নির্দেশিকা নয়; সম্পূর্ণ এক রাজনৈতিক দলিল। ‘রাজনীতি’, দলীয় মতাদর্শ সুলভতা নয়। তা সরাসরি সাংস্কৃতিক ক্ষমতার বিরুদ্ধে ঋজু অবস্থান।
যখন চলচ্চিত্র নির্মাণের মান নির্ধারণ করছিল অর্থ, প্রযুক্তি ও বাজার, ঠিক সেই আর্থিক চমকের হুল্লোড়ের ভিতর ডগমা ঘোষণা করল—শিল্পের মূল্য প্রযুক্তিতে নেই, আছে মানবিক সত্যে। এই অবস্থানকে অনেক গবেষক ‘Anti-Spectacle Cinema’ বলেছেন। ফরাসি দার্শনিক গি দ্য বোর্দ যে ‘Society of the Spectacle’-এর কথা বলেছিলেন, সেখানে সমাজ বাস্তবতার চেয়ে প্রদর্শনকে বেশি মূল্য দেয়। ডগমা ৯৫ এই প্রদর্শন-সংস্কৃতির বিরুদ্ধে চলচ্চিত্রকে দাঁড় করায়।
ডগমা ৯৫-এর দশ দফা নিয়মকে অনেকেই কেবল প্রযুক্তিগত বিধিনিষেধ বলে মনে করেন। কিন্তু এগুলোর গভীরে রয়েছে এক বিশেষ শিল্পিত দর্শন। ইতিহাসে দেখা যায়, বহু শিল্পী বিশ্বাস করেছেন যে সীমাবদ্ধতা সৃষ্টিশীলতাকে সর্বদা ধ্বংস করে না; অনেকক্ষেত্রেই তাকে গভীর করে তোলে। একজন কবি যেমন নির্দিষ্ট ছন্দে কবিতা লিখে নতুন সম্ভাবনা আবিষ্কার করেন, একজন সংগীতশিল্পী যেমন নির্দিষ্ট রাগের নিয়ম মেনে অসীম বৈচিত্র্য সৃষ্টি করেন, তেমনি ডগমা ৯৫ বিশ্বাস করে—স্বেচ্ছায় গ্রহণ করা নিয়ম শিল্পকে আরও সৎ ও সত্যনিষ্ঠ করে তোলে। এই আত্মসংযমের মধ্যে এক ধরনের নৈতিক বিনয়-ও রয়েছে। পরিচালক যেন ঈশ্বর নন; তিনি কেবল একজন সাক্ষী। তাঁর কাজ বাস্তবতাকে নিয়ন্ত্রণ করা নয়, তার সামনে নিজেকে উন্মুক্ত করা।
ডগমা ৯৫-এর দর্শন বুঝতে হলে ফরাসি চলচ্চিত্রতাত্ত্বিক আন্দ্রে বাজাঁ-কে মনে রাখতে হয়। বাজাঁ বিশ্বাস করতেন, চলচ্চিত্রের প্রধান শক্তি হলো বাস্তবতাকে ধারণ করার ক্ষমতা। অতিরিক্ত সম্পাদনা, কৃত্রিম আলোকসজ্জা বা প্রযুক্তিগত হস্তক্ষেপ বাস্তব অভিজ্ঞতাকে বিকৃত করতে পারে।
ডগমা ৯৫ যেন বাজাঁর এই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। বাস্তব লোকেশন, হাতে ধরা ক্যামেরা, প্রাকৃতিক আলো—এসবের মধ্যে বাজাঁর বাস্তববাদী চিন্তার প্রতিধ্বনি শোনা যায়। তবে ডগমা কেবল বাস্তবকে রেকর্ড করতে চায় না; বরং বাস্তবের অনিশ্চয়তা, অসম্পূর্ণতা, অনির্বচনীয়তা এবং আকস্মিকতাকেও শিল্পে রূপ দিতে চায়।
ডগমা ৯৫-এর গভীরে রয়েছে অস্তিত্ববাদী প্রশ্ন—মানুষ আসলে কে? সাজানো পরিবেশ, নিয়ন্ত্রিত আলো, নিখুঁত সংলাপ, পরিকল্পিত আবেগ—এসব সরিয়ে দিলে মানুষের আসল মুখটি কেমন?
অস্তিত্ববাদী দার্শনিকরা মনে করতেন, মানুষ তার সিদ্ধান্ত, সংকট এবং স্বাধীনতার মধ্য দিয়েই নিজেকে নির্মাণ করে। ডগমা চলচ্চিত্রেও চরিত্রগুলো কোনো প্রতীক নয়; তারা অসম্পূর্ণ, দ্বিধাগ্রস্ত, ভঙ্গুর মানুষ।
একই সঙ্গে এখানে প্রপঞ্চবাদের (Phenomenology) প্রভাবও লক্ষ করা যায়। অর্থাৎ, বাস্তবতা কোনো বিমূর্ত ধারণা নয়; মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে তা নিহিত। ডগমা সেই প্রত্যক্ষতার অনুভূতিকেই অক্ষুণ্ণ রাখতে চায়।
ডগমা ৯৫-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান সম্ভবত ‘সত্য’ সম্পর্কে তার ধারণা। এই সত্য তথ্যগত নয়। এই সত্য আবেগের সত্য, সম্পর্কের সত্য, সমাজনৈতিক সংকটের সত্য।
একটি কাঁপতে থাকা ক্যামেরায় কখনও কখনও স্থির ক্যামেরার চেয়ে বেশি সত্য অনুভূত হতে পারে, কারণ তা মানুষের উপস্থিতিকে লুকিয়ে রাখে না। অসম্পূর্ণ ফ্রেম, অপ্রস্তুত নীরবতা, আকস্মিক শব্দ—এসবই দর্শককে মনে করিয়ে দেয় যে জীবন কখনও নিখুঁত নয়। এই কারণেই ডগমা ৯৫-এর চলচ্চিত্রে বাস্তবতা কেবল দৃশ্যমান হয় না; তা অনুভূত হয়, অনুরণিত হয়। এই অনুভূতির মধ্যেই ডগমা ৯৫-এর প্রকৃত শক্তি নিহিত।
দ্বিতীয় পর্ব:
প্রথম পর্বে আমরা দেখেছি যে ডগমা ৯৫ কেবল এক চলচ্চিত্র আন্দোলন নয়; আধুনিক শিল্পের আত্মসমালোচনার এক ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এই আন্দোলনের প্রকৃত শক্তি তার ঘোষণাপত্রে নয়, তার নন্দনতত্ত্বে। ডগমা ৯৫ এমন এক সৌন্দর্যবোধ নির্মাণ করে, যা প্রচলিত শিল্পচিন্তার সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। এখানে সৌন্দর্য নিখুঁত হওয়ার মধ্যে ধরা হয় না, ধরা হয় অসম্পূর্ণতার মধ্যে; শৃঙ্খলাবদ্ধ নির্মাণের মধ্যে নয়, জীবনের স্বতঃস্ফূর্ত প্রবাহের মধ্যে।
প্রাচীন গ্রিক নন্দনতত্ত্বে সৌন্দর্যের সঙ্গে জড়িত ছিল সামঞ্জস্য, সংগতি, অনুপাত ও ভারসাম্য। রেনেসাঁ সেই ধারণাকে আরও পরিশীলিত করে। কিন্তু আধুনিক শিল্প দেখিয়েছে, বাস্তব জীবন কখনও সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। মানুষের মুখে ক্লান্তি আছে, কণ্ঠে দ্বিধা আছে, সম্পর্কে ভাঙন আছে। ডগমা ৯৫ এই অসম্পূর্ণতাকেই নন্দনতাত্ত্বিক মর্যাদা দেয়। হ্যান্ডহেল্ড ক্যামেরার কাঁপুনি, প্রাকৃতিক আলোর অনিশ্চয়তা, অসম শব্দ, আকস্মিক নীরবতা—এসবকে সাধারণত চলচ্চিত্রের ত্রুটি বলে ধরা হতো। ডগমা এগুলোকে ত্রুটি নয়, সত্যের চিহ্ন হিসেবে গ্রহণ করে। ফলে দর্শক পরিপাটি নির্মাণের বদলে জীবনের অমসৃণ স্পন্দন অনুভব করেন। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে জাপানি ‘ওয়াবি-সাবি’ নন্দনতত্ত্বের একটি গভীর সাদৃশ্য খুঁজে পান অনেকে। ওয়াবি-সাবি শেখায় যে অপূর্ণ, ক্ষণস্থায়ী ও অসম জিনিসের মধ্যেও সৌন্দর্য আছে। ডগমা ৯৫ চলচ্চিত্রে সেই বোধকে নতুন ভাষা দেয়।
ডগমা ৯৫-এর নন্দনতত্ত্বের শিকড় কেবল চলচ্চিত্র-ইতিহাসে প্রোথিত নয়; তার গভীরতম উৎস নিহিত রয়েছে বিশ্বসাহিত্যের দীর্ঘ মানব-অনুসন্ধানী ঐতিহ্যে। এই আন্দোলনের চলচ্চিত্রে কাহিনি কখনোই প্রধান হয়ে থাকবে না; কাহিনি এখানে একটি উপলক্ষ, যার মধ্য দিয়ে মানুষের অন্তর্জগত, নৈতিক সংকট, স্মৃতি, অপরাধবোধ, আকাঙ্ক্ষা এবং সম্পর্কের অদৃশ্য ভাঙন ধীরে ধীরে উন্মোচিত হয়। এই অর্থে ডগমা ৯৫-এর চলচ্চিত্রকে দৃশ্যমান উপন্যাস কিংবা মনস্তাত্ত্বিক নাটক বললেও অত্যুক্তি হয় না। এখানে ঘটনাপ্রবাহের চেয়ে মানুষের বিবেকের ইতিহাস বেশি গুরুত্বপূর্ণ; দৃশ্যের চেয়ে অধিক শক্তিশালী হয়ে ওঠে নীরবতা, বিরতি এবং অব্যক্ত অনুভূতির ভাষা।
এই কারণেই ডগমা ৯৫-এর শিল্পভাষা আমাদের ফিরিয়ে নিয়ে যায় ঊনবিংশ ও বিংশ শতকের সেই সব সাহিত্যিকের কাছে, যাঁরা মানুষের বাহ্যিক জীবনের চেয়ে তার অন্তর্গত সত্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফিয়োদর দস্তয়েভস্কি-র উপন্যাসে যেমন মানুষের আত্মা নিজেই নিজের বিচারক, তেমনি ডগমা ৯৫-এর চরিত্রগুলিও কোনো বাহ্যিক আদালতে নয়, নিজেদের বিবেকের আদালতেই সবচেয়ে কঠিন বিচারের সম্মুখীন হয়। ডগমা দেখাতে চায়— মানুষও অপরাধ, অনুশোচনা, বিশ্বাস, অবিশ্বাস, প্রেম, লজ্জা ও নৈতিক দায়িত্বের অন্তহীন গোলকধাঁধায় ঘুরে বেড়ায়। এখানে সত্য কোনো তথ্য নয়; সত্য হলো আত্মার মুখোমুখি দাঁড়ানোর সাহস।
এই সাহিত্যিক উত্তরাধিকারের আরেকটি শক্তিশালী স্তম্ভ হেনরিক ইবসেন। তাঁর নাটকে পরিবার নিছক স্নেহের আশ্রয় না হয়ে, সভ্যতার সবচেয়ে সুসজ্জিত মুখোশ হয়ে ওঠে। ডগমা ৯৫-এর চলচ্চিত্র, বিশেষত Festen, যেন ইবসেনীয় নাট্যবিশ্বেরই সমসাময়িক চলচ্চিত্ররূপ। একটি পারিবারিক ভোজসভা ধীরে ধীরে রূপ নেয় সত্যের আদালতে, যেখানে বহু বছরের নীরবতা, ক্ষমতা, নির্যাতন ও সামাজিক ভণ্ডামি একে একে উন্মোচিত হয়। পরিবার এখানে ভালোবাসার স্থান যতটা, তার চেয়ে বেশি স্মৃতি, ভয়, নীরবতা এবং ক্ষমতার জটিল বিন্যাস। একইভাবে স্ট্রিন্ডবার্গ মানুষের সম্পর্ককে যুদ্ধক্ষেত্র হিসেবে দেখেছিলেন। ডগমা ৯৫ সেই মনস্তাত্ত্বিক তীব্রতাকেই চলচ্চিত্রের ভাষায় রূপ দেয়। সংলাপ এখানে তথ্যের আদান-প্রদান নয়; মানসিক সংঘর্ষের অনুরণন। চরিত্ররা যত কথা বলে, তার চেয়েও বেশি কথা বলে তাদের নীরবতা। আবার ফ্রানৎস কাফকা-র অস্তিত্বগত উদ্বেগ কিংবা আলবেয়ার কামু-এর নৈতিক নিঃসঙ্গতাও ডগমার চরিত্রগুলোর অন্তর্জগতে প্রতিধ্বনিত হয়। ফলে ডগমা কেবল বাস্তববাদী নয়; অস্তিত্ববাদীও।
বাংলা সাহিত্যে যদি ডগমা ৯৫-এর সবচেয়ে নিকটাত্মীয় কাউকে খুঁজতে হয়, তবে তিনি নিঃসন্দেহে মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুলনাচের ইতিকথা, জননী কিংবা পদ্মানদীর মাঝি-তে মানুষ কোনো নায়ক নয়; সে প্রবৃত্তি, দারিদ্র্য, সামাজিক কাঠামো এবং অবচেতনের টানাপোড়েনে গঠিত এক জটিল সত্তা। মানিক যেমন মানুষকে অলংকারহীন বাস্তবতায় দেখেছেন, ডগমা ৯৫-ও তেমনি মানুষকে তার সমস্ত ভঙ্গুরতা, ব্যর্থতা এবং নৈতিক অস্পষ্টতাসহ গ্রহণ করে। ডগমা বিশ্বাস করে, শিল্পের কাজ বাস্তবতাকে সুন্দর করে সাজানো নয়; তা মানুষের অস্তিত্বকে তার সমস্ত জটিলতা, ক্ষত, ভয়, আকাঙ্ক্ষা এবং সত্যসহ প্রত্যক্ষ করা।
এই অর্থে ডগমা ৯৫ চলচ্চিত্রের কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয়; বিশ্বসাহিত্যের দীর্ঘ মানবতাবাদী ঐতিহ্যেরই দৃশ্যভাষায় প্রকাশ। দস্তয়েভস্কির বিবেক, ইবসেনের পারিবারিক সত্য, স্ট্রিন্ডবার্গের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, মানিক বন্দ্যোপাধ্যায়ের নির্মোহ বাস্তবতা—এই সব প্রবাহ এসে যেন ডগমা ৯৫-এর চলচ্চিত্রভাষায় মিলিত হয়েছে। ফলে ডগমা আমাদের শেখায়, মহান শিল্প কখনো কেবল বিশেষ গল্প বলে না; মহান শিল্প মানুষের আত্মার নীরব ইতিহাস-ই পাঠ করে চলে।
ফলত মনস্তত্ত্বের আলোকে ডগমা ৯৫ আরও গভীর হতে চায় স্বাভাবিকভাবেই। ফ্রয়েড দেখিয়েছিলেন যে মানুষের আচরণের বড়ো অংশই অবচেতন দ্বারা নিয়ন্ত্রিত। সমাজ অনেক অনুভূতি দমন করতে শেখায়, কিন্তু সেই দমিত অনুভূতিগুলো অন্যভাবে ফিরে আসে। ডগমা চলচ্চিত্রে চরিত্রদের আচরণ প্রায়ই এই দমিত আবেগের বিস্ফোরণ। দীর্ঘদিনের নীরবতা হঠাৎ একটি পারিবারিক অনুষ্ঠানে ভেঙে পড়ে; বহু বছরের গোপন অপরাধ প্রকাশিত হয়; মানুষ নিজেরই মুখোমুখি দাঁড়াতে বাধ্য হয়। অন্যদিকে কার্ল গুস্তাভ ইয়ুং মানুষের সমষ্টিগত অবচেতন ও প্রতীকের কথা বলেছিলেন। যদিও ডগমা ৯৫ প্রতীক ব্যবহারে সংযমী, তবু পরিবার, ভোজসভা, ঘর, করিডর কিংবা নীরব টেবিল—এসব বারবার এমন এক মানসিক পরিসর তৈরি করে, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা ধীরে ধীরে সামষ্টিক অভিজ্ঞতায় পরিণত হয়।
ডগমা ৯৫-এর সমাজতাত্ত্বিক গুরুত্বও অত্যন্ত গভীর। আধুনিক সমাজে পরিবারকে সাধারণত নিরাপত্তা, নৈতিকতা ও সামাজিক স্থিতির প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু ডগমা এই ধারণাকে প্রশ্ন করে। পরিবার এখানে কখনও ক্ষমতার কাঠামো, কখনও নীরব গোপন হিংসার ক্ষেত্র, কখনও সামাজিক অভিনয়ের মঞ্চ। সমাজবিজ্ঞানী গফম্যান মানুষের সামাজিক জীবনকে এক ধরনের অভিনয় হিসেবে ব্যাখ্যা করেছিলেন। মানুষের থাকে একটি ‘সামনের মঞ্চ’ (front stage) আছে, যেখানে সে সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণ করে; আর থাকে একটি ‘পেছনের মঞ্চ’ (back stage), যেখানে তার প্রকৃত অনুভূতি প্রকাশিত হয়। ডগমা ৯৫ এই পেছনের মঞ্চকে চলচ্চিত্রের কেন্দ্রে নিয়ে আসে।
ফরাসি দার্শনিক ফুকোঁ ক্ষমতার যে সূক্ষ্ম ধারণা দিয়েছিলেন, ডগমার বহু চলচ্চিত্র তার সঙ্গে সংলাপ রচনা করে। ক্ষমতা কেবল রাষ্ট্র বা প্রতিষ্ঠানের হাতে থাকে না; পরিবার, সম্পর্ক, ভাষা, নীরবতা—এসবের মধ্যেও ক্ষমতা কাজ করে। ডগমা সেই অদৃশ্য ক্ষমতার বিন্যাসকে দৃশ্যমান করে।
ডগমা ৯৫-এর শ্রেষ্ঠ উদাহরণগুলোর একটি হলো Festen। একটি জন্মদিনের ভোজসভায় বহু বছরের গোপন যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ পায়। ছবিটির নাটকীয়তা কোনো অ্যাকশন বা প্রযুক্তিগত চমকে নয়; বরং জমে থাকে নৈতিক অস্বস্তিতে। দর্শক ধীরে ধীরে বুঝতে পারেন, সভ্যতার ভদ্র মুখোশের আড়ালে কী ভয়ঙ্কর নীরব অসভ্যতা লুকিয়ে থাকতে পারে। এই চলচ্চিত্রের শক্তি তার ক্যামেরায় ধরা পড়ে না, পড়ে তার নৈতিক সাহসে।
অন্যদিকে The Idiots (Idioterne, 1998) সমাজের স্বাভাবিকতার ধারণাকেই প্রশ্ন করে। একদল মানুষ ইচ্ছাকৃতভাবে সামাজিক আচরণের নিয়ম ভেঙে দেয়, যাতে সমাজের ভণ্ডামি প্রকাশ পায়। এই চলচ্চিত্রটি বিতর্কিত হলেও ডগমা ৯৫-এর অন্যতম মৌলিক দার্শনিক প্রশ্ন উত্থাপন করে—’স্বাভাবিক’ কাকে বলে? সমাজ কি সত্যিই স্বাভাবিক মানুষ তৈরি করে, নাকি স্বাভাবিকতার নামে মানুষকে নিয়ন্ত্রণ করে?
ডগমা ৯৫-এর আরেকটি বড়ো অবদান হলো দর্শকের ভূমিকার পরিবর্তন। প্রচলিত চলচ্চিত্র দর্শককে আবেগের নির্দিষ্ট পথে পরিচালিত করে। কিন্তু ডগমা দর্শককে নিরাপদ অবস্থানে থাকতে দেয় না। এখানে দর্শককে বিচার করতে হয়, অস্বস্তি অনুভব করতে হয়, নৈতিক সিদ্ধান্ত নিতে হয়। ফলে চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম থাকে না; হয়ে ওঠে নৈতিক ও বৌদ্ধিক অভিজ্ঞতায় পরিণত হয়। এই কারণেই ডগমা ৯৫-এর চলচ্চিত্র দেখা অনেক সময় সহজ নয়। এগুলো দর্শকের ধৈর্য, সংবেদনশীলতা এবং আত্মসমালোচনার ক্ষমতা দাবি করে। কিন্তু সেই কঠিন অভিজ্ঞতাই এগুলিকে দীর্ঘস্থায়ী শিল্পে পরিণত করে। বোঝা যায়, ডগমা ৯৫ ঋত্বিক ঘটকের চলচ্চিত্র-দর্শনেরই এক বিশেষ দৃষ্টিকোণসম্পন্ন উত্তর-প্রস্তাব।
সর্বোপরি, ডগমা ৯৫ আমাদের শেখায় যে চলচ্চিত্রের প্রকৃত শক্তি প্রযুক্তির নিপুণ ব্যবহারে থাকে না, থাকে মানুষের অসম্পূর্ণতার শৈল্পিক উপস্থাপনে। শিল্প তখনই গভীর হয়, যখন সে জীবনের অস্বস্তিকর সত্যকে আড়াল না-করে, তার মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখায়। সেই সাহসই ডগমা ৯৫-এর প্রকৃত নন্দনতত্ত্ব, প্রকৃত সাহিত্যভাব এবং প্রকৃত মানবতাবাদ।
তৃতীয় পর্ব:
ডগমা ৯৫-কে কেবল একটি ইউরোপীয় চলচ্চিত্র আন্দোলন হিসেবে দেখলে ঠিক হবে না। এই আন্দোলন বিংশ শতাব্দীর চলচ্চিত্রতত্ত্বের দীর্ঘ বিতর্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বাস্তবতা ও নির্মাণ, শিল্প ও বাজার, প্রযুক্তি ও মানবিকতা, দর্শক ও চলচ্চিত্র—সব প্রশ্নের সংযোগস্থলে দাঁড়িয়েই ডগমা ৯৫ নিজের অবস্থান নির্ধারণ করে। তাই এর প্রকৃত মূল্যায়ন সম্ভব হয় তখনই, যখন একে চলচ্চিত্র-দর্শনের বৃহত্তর ঐতিহ্যের মধ্যে স্থাপন করা হয়।
ফরাসি চলচ্চিত্রতাত্ত্বিক আন্দ্রে বাজাঁ এবং সোভিয়েত পরিচালক সের্গেই আইজেনস্টাইন-এর মধ্যে যে তাত্ত্বিক বিতর্ক ছিল, ডগমা ৯৫ অনেকাংশে তার উত্তরাধিকার বহন করে। বাজাঁ বিশ্বাস করতেন, চলচ্চিত্রের নৈতিক দায়িত্ব হলো বাস্তবতাকে যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখা। দীর্ঘ শট, গভীর ফোকাস এবং বাস্তব সময়ের প্রবাহ দর্শককে নিজস্ব বিচার করার স্বাধীনতা দেয়। অন্যদিকে আইজেনস্টাইন মনে করতেন, সম্পাদনা বা মন্টাজই চলচ্চিত্রের প্রকৃত ভাষা; বিভিন্ন শটের সংঘর্ষ থেকেই নতুন অর্থ জন্ম নেয়। ডগমা ৯৫ স্পষ্টতই বাজাঁর বাস্তববাদী ঐতিহ্যের কাছাকাছি অবস্থান নেয়। এখানে বাস্তবতাকে সম্পাদনার মাধ্যমে নিয়ন্ত্রণের চেয়ে তার অনিশ্চয়তাকে গ্রহণ করা বেশি গুরুত্বপূর্ণ।
কিন্তু ডগমা কেবল বাজাঁর তাত্ত্বিক পুনরাবৃত্তি নয়। তা বাস্তবতাকে নৈতিক প্রশ্নে রূপান্তরিত করে। একটি কাঁপতে থাকা ক্যামেরা, হঠাৎ ফ্রেমের বাইরে চলে যাওয়া চরিত্র, বা অসম আলো—এসব কেবল নান্দনিক সিদ্ধান্ত নয়; এগুলো দর্শককে মনে করিয়ে দেয় যে চলচ্চিত্রও মানুষের মতোই সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতাই তার সত্য।
জিল দেল্যুজ তাঁর Cinema-1 ও Cinema-2 গ্রন্থে চলচ্চিত্রকে ‘Movement-Image’ এবং ‘Time-Image’-এর আলোকে বিশ্লেষণ করেন। তাঁর মতে, আধুনিক চলচ্চিত্রে কাহিনির ধারাবাহিকতার চেয়ে সময়, স্মৃতি, নীরবতা ও অভিজ্ঞতার জটিলতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ডগমা ৯৫ এই আধুনিক প্রবণতারই এক নিজস্ব রূপ। এখানে ঘটনাপ্রবাহের চেয়ে চরিত্রের নৈতিক ও মানসিক সময় গুরুত্বপূর্ণ। দর্শক কেবল ‘কী ঘটল’ তা দেখেন না; বরং ‘কীভাবে একটি সত্য ধীরে ধীরে প্রকাশিত হলো’—সেই অভিজ্ঞতার অংশ হন।
একইভাবে ওয়াল্টার বেঞ্জামিন শিল্পকর্মের ‘Aura’ বা অনন্য উপস্থিতির ধারণা নিয়ে আলোচনা করেছিলেন। যান্ত্রিক পুনরুৎপাদনের যুগে শিল্পের সেই বিশেষ উপস্থিতি ক্ষীণ হয়ে যায়। ডগমা ৯৫ এক অর্থে সেই হারিয়ে যাওয়া উপস্থিতিকেই পুনরুদ্ধার করতে চায়। বাস্তব লোকেশন, অনিয়ন্ত্রিত পরিবেশ এবং অপ্রস্তুত অভিনয় চলচ্চিত্রকে আবার একক, জীবন্ত অভিজ্ঞতায় পরিণত করে।
ডগমা ৯৫-এর সঙ্গে বার্টোল্ট ব্রেখট-এর বিচ্ছিন্নকরণ তত্ত্বেরও সূক্ষ্ম সম্পর্ক রয়েছে বলে মনে করেন অনেকে। ব্রেখট চেয়েছিলেন দর্শক যেন কেবল আবেগে ভেসে না যান; বরং সমালোচনামূলকভাবে চিন্তা করেন। ডগমা ৯৫-এও দর্শককে নিরাপদ আবেগের জায়গায় রাখা হয় না। প্রযুক্তিগত চাকচিক্য অনুপস্থিত থাকায় দর্শক চরিত্র, নৈতিকতা এবং সামাজিক সম্পর্ক— এ-সব সম্পর্কে সক্রিয়ভাবে ভাবতে বাধ্য হন। ফলে চলচ্চিত্র একটি চিন্তার ক্ষেত্র হয়ে ওঠে।
তুলনামূলকভাবে দেখলে ইতালীয় নব্য-বাস্তববাদের সঙ্গে ডগমা ৯৫-এর ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে। উভয় আন্দোলনই বাস্তব লোকেশন, সাধারণ মানুষ এবং দৈনন্দিন জীবনের প্রতি আস্থাশীল। তবে নব্য-বাস্তববাদ মূলত যুদ্ধ-পরবর্তী সামাজিক বাস্তবতার দলিল, আর ডগমা ৯৫ বিশ্বায়নকালীন আধুনিক মধ্যবিত্ত সমাজের নৈতিক সংকটের বিশ্লেষণ।
ফরাসি নিউ ওয়েভের সঙ্গে সম্পর্ক আরও জটিল, পরস্পর আপাত বিপরীত। নিউ ওয়েভ পরিচালকের ব্যক্তিগত শৈলী ও স্বাধীনতাকে গুরুত্ব দেয়; ডগমা ৯৫ বরং পরিচালকের অহংকে সীমাবদ্ধ করতে চায়। নিউ ওয়েভে নিয়ম ভাঙা ছিল স্বাধীনতার প্রকাশ; ডগমায় স্বেচ্ছায় নিয়ম মানা ছিল নৈতিক স্বাধীনতার অনুশীলন।
ভারতীয় সমান্তরাল চলচ্চিত্রধারার সঙ্গেও ডগমার গভীর সংলাপ সম্ভব হয়। সত্যজিৎ রায় মানুষের দৈনন্দিন জীবনকে যে মানবিক গভীরতায় দেখেছেন; ঋত্বিক ঘটক ইতিহাস, দেশভাগ ও স্মৃতির যে বেদনাকে চলচ্চিত্রে রূপ দিয়েছেন; এবং মৃণাল সেন মধ্যবিত্ত সমাজের আত্মপ্রবঞ্চনাকে যে তীক্ষ্ণ রাজনৈতিক দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন—ডগমা ৯৫ সেই মানবিক ও সমালোচনামূলক উত্তরাধিকারের সঙ্গে আত্মীয়তা গড়ে তোলে। তবে ডগমার বিশেষত্ব হলো, এই ভাবনা নন্দনতাত্ত্বিক সংযমকে নিজস্ব নৈতিক শপথে পরিণত করে।
তবে ডগমা ৯৫ সমালোচনার ঊর্ধ্বে নয়। প্রথমত, আন্দোলনের ঘোষিত নিয়মগুলো প্রতিষ্ঠাতারাই (লার্স ভন ত্রিয়ের এবং থমাস ভিন্টারবার্গ) পরবর্তী সময়ে সবসময় অনুসরণ করেননি। দ্বিতীয়ত, ‘বিশুদ্ধতা’-র ধারণা নিজেই প্রশ্নের মুখে পড়ে। কোনো শিল্প কি আদৌ সম্পূর্ণ বিশুদ্ধ হতে পারে? প্রতিটি ক্যামেরা-অবস্থান, প্রতিটি ফ্রেম, প্রতিটি সম্পাদনাই তো এক ধরনের নির্বাচন। ফলে বাস্তবতাকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে উপস্থাপন করার দাবি নিজেই বিতর্কিত।
আরও একটি সমালোচনা হলো, ডগমা কখনও কখনও নিজের নিয়মকেই উদ্দেশ্যে পরিণত করেছে। শিল্পের লক্ষ্য যদি সত্য অনুসন্ধান হয়, তবে নিয়ম কেবল মাধ্যম; কিন্তু যখন নিয়মই মুখ্য হয়ে ওঠে, তখন সৃজনশীলতা সীমাবদ্ধ হওয়ার ঝুঁকি থাকে। তবু ইতিহাসে এই আন্দোলনের গুরুত্ব কমে না, কারণ তা চলচ্চিত্র নির্মাতাদের নতুন করে প্রশ্ন করতে শিখিয়েছে—চলচ্চিত্রের সত্য কোথায়?
একবিংশ শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল প্রোডাকশন, CGI, ডিপফেক এবং অ্যালগরিদমনির্ভর কনটেন্টের যুগে ডগমা ৯৫ নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রযুক্তি আজ আগের যে-কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। কিন্তু এই শক্তির মাঝেই মানুষের মুখ, কণ্ঠ, নীরবতা এবং সম্পর্কের সত্য আরও মূল্যবান হয়ে উঠছে। ডগমা আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি শিল্পকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু শিল্পের নৈতিক ভিত্তি তৈরি করতে পারে না। সেই ভিত্তি তৈরি হয় মানুষের অভিজ্ঞতা, সহানুভূতি, আত্মসংবেদ এবং সত্যের প্রতি দায়বদ্ধতা থেকে।
এই অর্থে ডগমা ৯৫ কেবল চলচ্চিত্র আন্দোলন নয়; শিল্পের একপ্রকার আত্মশুদ্ধির ধারণা। যা শেখায় যে শিল্পের স্বাধীনতা সীমাহীন নিয়ন্ত্রণছিন্ন স্বাধীনতায় নয়, বরং সচেতন আত্মসংযমেও নিহিত থাকতে পারে। একজন শিল্পী যখন স্বেচ্ছায় কিছু সুবিধা ত্যাগ করেন, তখন তিনি হয়তো আরও গভীর সত্যের দিকে অগ্রসর হতে চাইছেন।
উপসংহার:
বিশ্বচলচ্চিত্রের ইতিহাসে ডগমা ৯৫ এক বিরল সাংস্কৃতিক ঘটনা। প্রযুক্তির বিরুদ্ধে নয়, প্রযুক্তির আধিপত্যের বিরুদ্ধে; বাজারের বিরুদ্ধে নয়, বাজারের একচেটিয়া মূল্যবোধের বিরুদ্ধে; বিনোদনের বিরুদ্ধে নয়, বিনোদনের নামে সত্যকে আড়াল করার বিরুদ্ধে। এর সবচেয়ে বড়ো শিক্ষা হলো—চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু কোনো যন্ত্র নয়, কোনো বিশেষ প্রভাব নয়, কোনো তারকাও নয়; কেন্দ্রবিন্দু হলো মানুষ।
সম্ভবত এই কারণেই ডগমা ৯৫ আজও প্রাসঙ্গিক। কারণ যুগ পাল্টায়, প্রযুক্তি বদলে যায়, নির্মাণের ভাষা রূপান্তরিত হয়; কিন্তু মানুষের ভালোবাসা, ভয়, অপরাধবোধ, স্মৃতি, লজ্জা, ক্ষমা এবং সত্যের অনুসন্ধান কখনও পুরোনো হয় না। ডগমা ৯৫ সেই চিরন্তন মানবিক অনুসন্ধানেরই এক শিল্পিত, নৈতিক এবং দার্শনিক নাম।
ডগমা ৯৫ যেমন চলচ্চিত্রকে তার যান্ত্রিক অলংকার, প্রযুক্তির অহংকার এবং বাজারের মোহ থেকে মুক্ত করে মানুষের মুখ, নীরবতা ও সত্যের কাছে ফিরিয়ে আনতে চেয়েছিল, তেমনি ফুটবল-সভ্যতাও একদিন হয়তো অতি-যান্ত্রিক কৌশল, পরিসংখ্যানের নেশা এবং ফলাফল-কেন্দ্রিক নিষ্ঠুর বাস্তবতার নাগপাশ ছিন্ন করে আবার নিজের শিল্পসত্তার কাছে ফিরে আসবে। সেই প্রত্যাবর্তন কেবল খেলার প্রক্রিয়ার হবে না, হবে খেলার আত্মার; কেবল জয়ের নয়, সৌন্দর্যের; কেবল কৌশলের নয়, সৃজনশীলতার। ফুটবল খেলা আবার তার রূপ, অরূপ ও স্বরূপের অন্তর্লীন সত্যকে আবিষ্কার করতে চাইবে—আত্ম-জিজ্ঞাসার মধ্য দিয়ে, আত্ম-সমালোচনার মধ্য দিয়ে, আত্ম-উদ্ভাবনের মধ্য দিয়ে। সেই প্রতীক্ষা যে দেড় দুই দশকে কোনোভাবেই শেষ হচ্ছে না; বরং প্রতিটি সত্যিকারের ফুটবল-রসিকের হৃদয়ে নীরব বেদনার মতো গেঁথে আছে। কিন্তু কোনো অমোঘ বিশ্বাসে তার অবিনাশী প্রত্যাশাও জেগে আছে। থাকবে। সব বেলা-অবেলা-কালবেলাতেও।
###(ড. অনিশ রায়)

