মনসামঙ্গল ও আধুনিক ধর্ম-রাজনীতি: ক্ষমতা, ভয় ও মানবিক নৈতিকতার অপর-পাঠ
ড. অনিশ রায়
ভূমিকা : দেবীমাহাত্ম্যের আড়ালে ক্ষমতার পাঠ
মনসামঙ্গলকে আমাদের দীর্ঘকাল শেখানো হয়েছে দেবীর গৌরবগাথা হিসেবে— যেন এটি কেবলই এক প্রাচীন আরাধনার আখ্যান, লোকবিশ্বাসের নিরীহ ফল, গ্রামবাংলার সরল ভক্তির কাব্যিক রূপ। এই শেখানো পাঠে দেবী থাকেন কেন্দ্রস্থলে। মানুষ থাকে প্রান্তে। আর ক্ষমতার প্রশ্নটি নীরবে আড়াল হয়ে যায়।কিন্তু এই পাঠের ফাঁকে ফাঁকে অপর-পাঠ নিঃশব্দে অপেক্ষা করে থাকে। সেখানে দেবী আর কেবল আরাধ্য নন। ধর্ম আর কেবল বিশ্বাস নয়। সেখানে ধর্ম এক নির্মিত ন্যারেটিভ— যার ভেতরে আছে ভাষার কৌশল। ভয়ের বিন্যাস, অলৌকিকতার রাজনীতি এবং সামাজিক সম্মতির সূক্ষ্ম-অঙ্ক। এই প্রবন্ধ সেই অদেখা পাঠের দিকে চোখ ফেরাতে চাইবে।
মঙ্গলকাব্যের জন্ম এমন এক সমাজে, যেখানে রাষ্ট্র ছিল খণ্ডিত, আইনের কর্তৃত্ব ছিল দুর্বল, আর সামাজিক নিয়ন্ত্রণের জন্য কোনো একক সার্বভৌম শক্তি কার্যকর ছিল না। এই শূন্যতার ভিতরেই ধর্ম ধীরে ধীরে সামাজিক শাসনের প্রযুক্তিতে পরিণত হয়। মনসামঙ্গল সেই প্রযুক্তির কাব্যিক দলিল। এখানে ধর্ম-আচরণই হয় নিয়ন্ত্রণের বিধি, ভয়-ই উৎপাদনের কৌশল; এবং আনুগত্য আদায়ের যন্ত্র। এই তিনটি ভূমিকা একসঙ্গে পালন করে। এই কারণেই মনসামঙ্গলকে কেবল দেবীমাহাত্ম্য হিসেবে পড়লে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্রাটি অনালোকিত থেকে যায়। থেকে গেছে। এই পাঠে আমরা দেবী ও ভক্তির তাত্ত্বিক আলোচনা সরিয়ে রেখে দেখব, ধর্ম কীভাবে প্রশাসনিক-ন্যারেটিভ হয়ে ওঠে— কীভাবে গল্প তৈরি হয়, কীভাবে ভয় ছড়ায়, কীভাবে আরাধ্য প্রতিষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত কীভাবে সমাজ শাসিত হয়। এই দৃষ্টিতে মনসামঙ্গল আর কেবল মধ্যযুগীয় কাব্য থাকে না; আধুনিক ধর্ম-রাজনীতির এক প্রাক্-নকশা হয়ে ওঠে।
পর্ব- এক : ধর্মের ন্যারেটিভ নির্মাণ— ভয় থেকে ভাগ্য
মনসামঙ্গলে ভয় কোনো ব্যক্তিগত অনুভূতির নাম নয়; এ এক সামাজিক দৃশ্য। একজন মানুষ শাস্তি পেলে সমাজ সহানুভূতি দেখাতে পারে; কিন্তু সেই শাস্তি যখন কাহিনিতে পরিণত হয়, লোকজীবনে সংস্কারে ও গানে স্থান পায়, লোকবিশ্বাসের ভিতরে নিজের শরীর পায়— তখন ভয় ব্যক্তিগত থাকে না, সে সমাজে ছড়িয়ে পড়ে। মনসামঙ্গল সেই ছড়িয়ে পড়ার কাব্য। এখানে শাস্তি অলৌকিক— সাপের দংশন, পুত্রবিয়োগ, নৌবহর ধ্বংস। এই অলৌকিকতার প্রধান কাজ যুক্তিকে অকার্যকর করা। যে বিপদের বিরুদ্ধে মানুষ লড়তে পারে না, তার সামনে সে মাথা নত করে। এই মাথা নত করানোটাই ধর্মের রাজনৈতিক শক্তি।
এই ভয় ধীরে ধীরে ভাগ্যে রূপান্তরিত হয়। একটি বিপর্যয় দুর্ঘটনা হতে পারে; কিন্তু বিপর্যয়ের পুনরাবৃত্তি বা ধারাবাহিকতা তো আর কাকতাল থাকে না, তা নিয়তির ভাষা হয়ে ওঠে। মনসামঙ্গলে এই পুনরাবৃত্তি নিছক আখ্যানের প্রয়োজনে নয়; বরং এক সচেতন ন্যারেটিভ নির্মাণের কৌশল। চাঁদ সদাগরের এক পুত্র নয়, একটির পর একটি পুত্র মারা যায়। নৌবহর একবার নয়, বারবার ধ্বংস হয়। এই ধারাবাহিকতা সমাজকে শেখায় প্রশ্ন না-করতে। কারণ ভাগ্যের বিরুদ্ধে প্রশ্ন চলে না, ভাগ্যের বিরুদ্ধে যুক্তি দাঁড়ায় না।এইখানেই ধর্ম ‘বিশ্বাস’-এর জায়গা থেকে ‘ভাগ্য’ শব্দের নিশ্চিত অলটারনেটিভ হয়ে যায়।
ভাগ্যবাদ বা নিয়তিবাদ ক্ষমতার জন্য আদর্শ আশ্রয়। কারণ ভাগ্যের সামনে নৈতিক প্রশ্ন অর্থহীন। কে ন্যায়, কে অন্যায়—এই প্রশ্ন ভাগ্যের ভাষায় অপ্রাসঙ্গিক। এইভাবেই ধর্ম রাজনীতির স্তরে উন্নীত হয়—যেখানে দেবতা আইনস্বরূপ, আরাধনা আনুগত্যের প্রতিশব্দ, আর অবিশ্বাস সামাজিক অপরাধ। মনসামঙ্গল এই রূপান্তরের কাব্যিক নকশা, যেখানে ভয় ধীরে ধীরে নৈতিকতার জায়গা দখল করে নেয়।
পর্ব- দুই : প্রতীকী শত্রু— কেন চাঁদ সদাগর
ধর্ম-রাজনীতির সবচেয়ে কার্যকর অস্ত্র প্রতীকী শত্রু। এই শত্রু এমন হতে হবে, যার পতন সমাজ দেখবে, অনুভব করবে। এবং যার মধ্য দিয়ে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে শিখবে। চাঁদ সদাগর সেই শত্রু। তিনি প্রান্তিক নন, তিনি তুচ্ছ নন। তিনি ধনী, প্রভাবশালী, শিবভক্ত— সমাজের কেন্দ্রস্থলে অবস্থানকারী এক মানুষ। তাঁকে নত করা মানে কেবল একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া নয়; তা গোটা সমাজকে একটি বার্তা দেওয়া যে— অস্বীকৃতির মূল্য সর্বনাশ।
কিন্তু ধর্মরাজনীতি শত্রুকে অমানবিকভাবে হীন করে তোলে না; বরং তাকে মর্যাদা দেয়। কারণ মর্যাদাহীন শত্রুর পতন দীর্ঘস্থায়ী ও প্রসারিত ভয় তৈরি করে না। মনসামঙ্গল এই সূক্ষ্ম কৌশলটি জানে। চাঁদ সদাগরকে তাই দৃঢ়চেতা, আত্মমর্যাদাসম্পন্ন, অটল হিসেবে নির্মাণ করা হয়।এই গুণগুলিই তাঁর পতনকে নাটকীয় করে তোলে। শত্রুকে প্রথমে বড়ো করা হয়, তারপর তাকে ভেঙে দেখানো হয়— এই দ্বৈত-কৌশলই ধর্ম-রাজনীতির সফলতা।
চাঁদ সদাগরের বিরুদ্ধে শাণিত শাস্তি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়; একটি সামাজিক প্রদর্শন।এই প্রদর্শনের দর্শক কেবল চাঁদ নন; সমগ্র সমাজ। এই কারণেই চাঁদ সদাগর ব্যক্তি থেকে প্রতীকে পরিণত হন। তিনি হয়ে ওঠেন সেই নৈতিক অবস্থানের প্রতীক, যা ক্ষমতার-ধর্ম সহ্য করতে পারে না। তাঁর পরাজয় তাই কেবল আখ্যানের পরিণতি নয়;
ক্ষমতার বৈধতা নির্মাণের এক অপরিহার্য ধাপ।
পর্ব- তিন : চাঁদ সদাগর—নৈতিক নাগরিকতা, যুক্তি ও ট্রাজিক প্রতিরোধ
চাঁদ সদাগরকে দেবীর প্রতিপক্ষ হিসেবে দেখলে তাঁর চরিত্রের আলোকিত দিক অধরাই থেকে যায়। তিনি দেবতার বিরুদ্ধে নন, ধর্মের বিরুদ্ধেও নন; তিনি দাঁড়ান ধর্মের ক্ষমতামুখী ব্যবস্থার বিরুদ্ধে। বিষয়টি মৌলিক। অন্তত মধ্যযুগে। কারণ এখানেই চাঁদ সদাগর মধ্যযুগের সীমা ছাড়িয়ে আধুনিক নাগরিক নৈতিকতার এক পূর্বাভাসে পরিণত হন। তিনি নাস্তিক নন; তিনি শিবভক্ত। অর্থাৎ তাঁর অস্বীকৃতি বিশ্বাসহীনতার ফল নয়; বিশ্বাসের ভেতর থেকেই জন্ম নেওয়া এক নৈতিক আপত্তি। ভক্তি যদি শাস্তির ভয়ে জন্মায়, তবে তা আর ভক্তি থাকে না— তা আনুগত্যে, দাসত্বে পরিণত হয়। এই সরল কিন্তু কঠিন যুক্তিই তাঁর অবস্থানের কেন্দ্র।
চাঁদ সদাগরের সামাজিক অবস্থান এই যুক্তিকে আরও বিপজ্জনক করে তোলে। তিনি প্রান্তিক নন, তিনি ক্ষমতার বৃত্তের ভেতরের মানুষ। বলা যায় কেন্দ্রাশ্রিত। ধন, বাণিজ্য, নৌবহর, সামাজিক মর্যাদা— সব মিলিয়ে তিনি কেন্দ্রের প্রতিনিধি হয়েও কেন্দ্রের ভাষাকে প্রশ্ন করেন। এই প্রশ্ন ধর্ম-রাজনীতির কাছে অ-গ্রহণযোগ্য। অপরাধের থেকেও বেশি। কারণ ক্ষমতা সবচেয়ে বেশি ভয় পায় সেই মানুষটিকে, যে বিশ্বাসী হয়েও প্রশ্ন তোলে। এই কারণেই চাঁদ সদাগরকে নত করা জরুরি হয়ে ওঠে।
চাঁদ সদাগরের যুক্তি কোনো বিমূর্ত দর্শন নয়; যন্ত্রণার ভিতর দিয়ে অর্জিত সিদ্ধান্ত। এক সন্তান হারানো ব্যক্তিগত শোক; একের পর এক সন্তান হারানো আস্তিত্বিক সংকট। এই সংকট মানুষকে ভেঙে দিতে পারে; তবু চাঁদের ক্ষেত্রে তা উল্টো কাজ করেছে। তিনি বোঝেন— একবার মাথা নত করলে তা আর কৌশলগত থাকে না; তা নীতিতে পরিণত হয়। এই নীতির কাছে আত্মসমর্পণ করতে তিনি রাজি নন। এইখানেই তাঁর ট্রাজেডির চূড়ান্ত-বিন্দু।
ট্র্যাজিক নায়ক হিসেবে চাঁদ সদাগরের বৈশিষ্ট্য হলো স্ব-জ্ঞান ও আত্মশক্তিসহ প্রতিরোধ। তিনি জানেন, তিনি হারবেন। তিনি দেবীর ক্ষমতা জানেন, সমাজের ভয় বোঝেন, নিজের একাকিত্ব বোঝেন। তারপরও তিনি কখনোই বলেন না— সব মেনে নিলাম। এই নীরব অথবা সরব অস্বীকৃতি মনসামঙ্গলের সবচেয়ে শক্তিশালী নৈতিক মুহূর্ত। এ কি কোনো বিজয়গাথা? কোনোভাবেই নয়; একে বলা যেতে পারে বিবেকের ইতিকথা।আদর্শের ইতিহাস। আধুনিক ধর্ম-রাজনীতিতেও এই বিবেকই সবচেয়ে একাকী। সংগঠিত ভিড়ের মুখে ব্যক্তিক নৈতিকতা প্রায়শই পরাজিত হয়, কিন্তু কখনো তা ভুল প্রমাণিত হয় না। হয়নি৷ চাঁদ সদাগর সেই অমীমাংসিত সত্যের প্রতীক—যিনি হেরে গিয়েও নৈতিক আদর্শায়িত মানবিক মানদণ্ড স্থাপন করে যান।
পর্ব- চার : বেহুলা— প্রেম, আবেগ ও সম্মতির ব্যবস্থাপনা
ভয় ধর্মকে নত করে; আবেগ ধর্মকে আপন করে।মনসামঙ্গলের এই দ্বিতীয় স্তম্ভের নাম বেহুলা। তিনি দেবী নন, ক্ষমতাসীন নন, যুক্তিবাদী নন, প্রতিবাদীও নন; তবু শেষ পর্যন্ত তাঁর মাধ্যমেই ধর্ম-রাজনীতি সামাজিক বৈধতা অর্জন করে।বেহুলার প্রেম ব্যক্তিগত আবেগ হিসেবে শুরু হলেও, কাব্যের কাহিনি পরিক্রমে তা দৃশ্যমান ত্যাগে পরিণত হয়। ভেলায় ভাসা মৃতদেহের সঙ্গে তাঁর যাত্রা অলৌকিক কৌশল মনে হতে পারে; তবে এ আবেগের নাট্যায়ন। সমাজ দেখে। কাঁদে। সহানুভূতি আর করুণা জন্মায়। এই করুণাই ক্ষমতার ধর্মের সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ।
চাঁদ সদাগরের যুক্তি কঠিন, শুষ্ক, একাকী, উদ্ধত। ভয়গ্রস্ত সমাজ উদ্ধত যুক্তির সূক্ষ্মতা গ্রহণ করতে পারে না। অন্যদিকে বেহুলার প্রেম যুক্তিহীন, কিন্তু হৃদয়গ্রাহী। এই কারণেই যেখানে যুক্তি ব্যর্থ হয়, সেখানে তো আবেগ সফল হয়। মনসা বেহুলার মাধ্যমে সেই সফলতাই অর্জন করেন। এখানে দেবী ভয়ংকর প্রতিশোধপরায়ণ সত্তা থেকে করুণাময়ী রূপে আবির্ভূত হন। এই রূপান্তর ধর্ম-রাজনীতির জন্য অপরিহার্য। কারণ ক্ষমতা যদি কেবল ভয় দেখায়, তা দীর্ঘস্থায়ী হয় না; তাকে ভালোবাসার ভাষাও শিখতে হয়। কৃত্রিম প্রচারকামী হলেও৷ বেহুলার ভূমিকা অচেতন। সে কোনো ষড়যন্ত্রকারী নয়, কোনো রাজনৈতিক কুশলীও নয়, এমনকি প্রতিপক্ষও নয়। কিন্তু ইতিহাসে সবচেয়ে কার্যকর শক্তিগুলি প্রায়ই অচেতন। নারীর ত্যাগ, সহনশীলতা, প্রেম সমাজে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়।এই স্বাভাবিকীকরণ ক্ষমতার জন্য সুবিধাজনক। যখন ত্যাগ নারীসত্তার সঙ্গে যুক্ত হয়, তখন তা প্রশ্নাতীত হয়ে ওঠে। বেহুলার কষ্ট তাই নৈতিক প্রশ্নের মুখে পড়ে না। এই কৃপাপ্রার্থী হওয়া, এই প্রশ্নহীন আনুগত্যই ধর্ম-রাজনীতির নীরব সাফল্য।
আধুনিক ধর্ম-রাজনীতিতে এই কাঠামো অবিকৃত। অবিচলিতভাবে প্রচলিত৷ শহিদ-আখ্যান, ত্যাগের গল্প, অশ্রুসজল দৃশ্য— এই সবই আবেগকে বিমোহিত-সম্মতিতে রূপ দেয়। বেহুলা তাই মনসামঙ্গলের সবচেয়ে প্রাঞ্জল এবং পরিচিত চরিত্র। তিনি দেখান, ক্ষমতা কেবল শাস্তি দিয়ে নয়, সহমর্মিতার নরম অথচ কার্যকরী ভাষাতেও কাজ করে।এইখানেই প্রেম রাজনীতিতে পরিণত হয়। আর মানবিকতা ক্ষমতার হাতিয়ারে রূপান্তরিত হয়।
পর্ব- পাঁচ : সার্বভৌমতা— দেবী থেকে আইন, অলৌকিকতা থেকে রাষ্ট্র
মনসামঙ্গলে দেবী কেবল আরাধ্য নন; তিনি বিচারক, শাস্তিদাতা এবং প্রশাসনিক নৈতিকতায় বিধানপ্রণেতা। তাঁর নির্দেশ প্রশ্নাতীত। তাঁর শাস্তি আপিলহীন। এই অলৌকিক সার্বভৌমতা কোনো ধর্মীয় ব্যবস্থা নয়; এ সামাজিক শাসনের রাজনৈতিক কাঠামো। মধ্যযুগীয় বাংলায় রাষ্ট্রীয় আইন দুর্বল, প্রশাসনিক কর্তৃত্ব খণ্ডিত। এই শূন্যতার ভিতরেই ধর্ম সার্বভৌমতার ভূমিকা নেয়। মনসামঙ্গল সেই ধর্মীয় সার্বভৌমতার কাব্যিক দলিল। যেখানে দেবীর বাক্য আইন হয়ে ওঠে। আর অলৌকিক শাস্তি আইনের প্রয়োগে পরিণত হয়।
চাঁদ সদাগরের অপরাধ এখানে আইনভঙ্গ নয়; বিশ্বাসভঙ্গ; বাধ্যতার শিকল-ভাঙা। কিন্তু এই ক্ষমতার প্রতি বিশ্বাসঘাত, এই আত্মদ্রোহ সামাজিক অপরাধে রূপান্তরিত হয়। যা ক্ষমতার কাছে তাৎপর্যপূর্ণভাবে সিডিশন। ফলে ব্যক্তিক-নির্ভরতা, আত্মপ্রত্যয়ী আত্মদৃঢ়তা জনসমক্ষে অপরাধ হিসেবে চিহ্নিত হয়। আধুনিক ধর্ম-রাজনীতিতেও এই একই প্রক্রিয়া কাজ করে— যেখানে মতবাদের, বিশ্বাসের পার্থক্যে নাগরিক বিশেষ-চিহ্নায়নে অপরাধে পরিণত হয়। তার চিন্তানির্ভর আত্মবোধচালিত মানবিক-নৈতিক আপত্তি রাষ্ট্রীয় সন্দেহের ভাষা পায়।
মনসামঙ্গলে এই বিচারব্যবস্থার সবচেয়ে বিপজ্জনক দিক হলো একে প্রশ্নাতীত করে তোলার দৈব-ফর্মুলা। প্রমাণ লাগে না, যুক্তি লাগে না, স্বপক্ষ-সাফাইয়ের সুযোগ নেই। দেবীর রায়ই চূড়ান্ত। আধুনিক রাষ্ট্র যখন ধর্মীয় নৈতিকতাকে আইনের সঙ্গে মিশিয়ে দেয়, তখন এই প্রশ্নাতীত রায়দানের ছায়া ফিরে আসে। মনসামঙ্গল সম্ভবত ছিল সেই সম্ভাব্য সিস্টেমের প্রাচীনতম সাহিত্যিক সতর্কতা।
পর্ব- ছয় : ভিড়, উৎসব ও প্রদর্শন— দৃশ্যমান ধর্ম যখন অদৃশ্যমান ক্ষমতা
মনসামঙ্গল ব্যক্তিগত বিশ্বাসের কাব্য নয়; গণভাবনা বা ভিড়ের কাব্য। এখানে পূজা মানে নিভৃত আরাধনা নয়; উৎসব, দৃশ্য, সমবেত অংশগ্রহণ। ধর্ম-রাজনীতিতে এই দৃশ্যমানতা অপরিহার্য। কারণ ব্যক্তিগত বিশ্বাস প্রশ্ন তোলে; ভিড় প্রশ্নকে চাপা দেয়। মনসামঙ্গলে মনসার পূজা সামাজিক আনুগত্যের প্রকাশ। কে পূজায় এল, কে এল না— এই উপস্থিতি ও অনুপস্থিতিই রাজনৈতিক ভাষা। চাঁদ সদাগরের অনুপস্থিতি তাই ভয়ংকর হয়ে ওঠে। তিনি ভিড়ের বাইরে দাঁড়িয়ে থাকেন। ভিড়ের মনস্তত্ত্ব এখানে সূক্ষ্মভাবে কাজ করে। একজন মানুষ ভয় পেলে সে ভাবতে পারে; একটি ভিড় ভয় পেলে তা বিশ্বাসে পরিণত হয়। উৎসব ধর্মকে দৃশ্যমান করে। দৃশ্যমানতা সংখ্যায় রূপ নেয়। আর সংখ্যা সামাজিক-নৈতিক অধিকারের ভান বা আবরণ পেয়ে যায়।মধ্যযুগে এই প্রক্রিয়া কাব্য, আচার ও লোকবিশ্বাসের মাধ্যমে ঘটেছে; আজ তা ঘটে মিডিয়া, স্ক্রিন ও রাজনৈতিক ভাষ্যের মাধ্যমে। কাঠামো বদলায়নি।
বেহুলার কাহিনি এই ভিড়ের আবেগকে চূড়ান্ত রূপ দেয়।একটি ব্যক্তিগত ত্যাগ যখন গল্পে-গানে-দৃশ্যে পরিণত হয়, তখন তা আর ব্যক্তিগত থাকে না। তা লোকবিশ্বাসে রূপ নেয়। এই লোকবিশ্বাসই ভিড় তৈরি করে, আর ভিড় দেবীকে প্রতিষ্ঠা করে। নির্মম অন্যায়-অসহায়তার জন্য যে ত্যাগ, সেই ত্যাগের মহত্বের সঙ্গে বিপরীত-দিকের নির্মমতার কৃপারই মাহাত্ম্য সংকীর্তিত হতে থাকে। আধুনিক ধর্ম-রাজনীতিতে শহিদ-আখ্যান ও আবেগঘন দৃশ্য ঠিক এইভাবেই গণসম্মতির ভিত নির্মাণ করে। আর তার প্রতিদানে ক্ষমতার ভণিতামিশ্রিত সহমর্মীসুলভ ঘোষণাই মহান অক্ষরাশ্রয় লাভ করে প্রাতিষ্ঠানিক কাঠামোয়৷
পর্ব- সাত : সংখ্যাগরিষ্ঠতা বনাম মানবিক-নৈতিকতা— চাঁদের একাকীত্ব
মনসামঙ্গল আমাদের এক সুকঠিন সত্য শেখায়— সংখ্যাগরিষ্ঠতা নৈতিকতার নিশ্চয়তা নয়। মনসার পূজারী বাড়ে। ভিড় বাড়ে। সম্মতি বাড়ে। কিন্তু চাঁদ সদাগরের যুক্তি একাকী বাতাসে ভাসতে ভাসতেও ক্ষয়ে যায় না। এই বৈপরীত্যই ধর্ম-রাজনীতির গভীরতম সংকট। মানবিক-নৈতিক প্রশ্ন প্রায় সবসময় একের আলোকপ্রাপ্ত অবলোকনেই শুরু হয়। সংখ্যাগরিষ্ঠতা আসে পরে। যদি আসে। মনসামঙ্গল দেখায়— অনেক সময় আর সংখ্যাই আসে না, সংখ্যাগরিষ্ঠতা তো দূর কী বাত। আসলে ক্ষমতাই ইতিহাস-কালে সংখ্যাগরিষ্ঠতা তৈরি করে।
চাঁদ সদাগরের একাকিত্ব তাই দুর্বলতা নয়, তাঁর নিজস্ব নৈতিক দ্রষ্টাসুলভ অবস্থানের স্বাভাবিক পরিণতি। তিনি নেতা নন। সংগঠক নন। তিনি বিবেক। আধুনিক ধর্মরাজনীতিতেও এই বিবেক সবচেয়ে অস্বস্তিকর। দলগত আনুগত্যের মুখের উপরেও যে এই ব্যক্তিক উচ্চ আদর্শ ও মানবিক নৈতিকতা প্রশ্ন তোলে, আর প্রশ্নই ক্ষমতার শত্রু। এই কারণেই চাঁদ সদাগর আজও জীবিত। কিন্তু আজও সংখ্যালঘু।
চাঁদের অধ্যায় গণতন্ত্রের প্রতিও এক অস্বস্তিকর প্রশ্ন ছুঁড়ে দেয়। যদি ভয় ও আবেগের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা নির্মিত হয়, তবে তার নৈতিক বৈধতা কোথায়! মনসামঙ্গল কোনো সহজ উত্তর দেয় না। সে কেবল দেখায়— নৈতিকভাবে সঠিক অবস্থান অধিকাংশই রাজনৈতিকভাবে কার্যকর হয় না। এই অমীমাংসিত সত্যই কাব্যের ট্রাজিক গভীরতা।
পর্ব- আট : সাহিত্য কেন প্রয়োজন— মনসামঙ্গল একটি সতর্কতামূলক পাঠ
মনসামঙ্গলকে যদি নিছক লোকধর্মের ম্যানিফেস্টো হিসেবে পড়া হয়, তবে তার সবচেয়ে বিপজ্জনক ক্ষেত্রটি অধরা থেকে যায়। যা ক্ষমতার নকশা উন্মোচন করে। ধর্ম কীভাবে বিশ্বাস থেকে শাসনে রূপান্তরিত হয়, ভয় কীভাবে ভাগ্য নামক পোশাক পরে নেয়, আবেগ কীভাবে নৈতিক প্রশ্নকে ঢেকে দেয়— এই সবকিছুই মনসামঙ্গলে একসঙ্গে কাজ করে। এই কারণেই এই কাব্যকে ডাক-বচনের সতর্কতামূলক পাঠ বলতেও সাধ হয়। সাহিত্য এখানে ইতিহাসের পুনরাবৃত্তি নয়; চিন্তার প্রশিক্ষণ। মনসামঙ্গল আমাদের দেখায় সন্দেহ করতে, ভিড়ের বাইরে দাঁড়াতে, নিজের প্রশ্নের দায় নিজে বহন করতে। চাঁদ সদাগর কোনো বিজয়ী নায়ক নন; তিনি নৈতিক দৃষ্টান্ত। বেহুলা কোনো সরলতার মলাটে মোড়া চরিত্র নন; তিনি মানবিক জটিলতার বুদ্ধিহীন উদ্যম। মনসা কোনো একমাত্রিক দুষ্ট শক্তি নন; তিনি ক্ষমতার যুক্তির প্রতীক। এই ত্রিস্তরীয় পাঠই মনসামঙ্গলকে লোকবয়ানেও ক্লাসিক প্রসার দান করে। আর এই পাঠের আধুনিক পুনরাবৃত্তি একে নিশ্চিত আলট্রা-মডার্ন বা উত্তর আধুনিক করে তুলতে পারে।
পর্ব-নয়: মনসামঙ্গল ও অন্যান্য শিল্প-সাহিত্য : ক্ষমতার ধর্মের বহুমাত্রিক প্রতিচ্ছবি
মনসামঙ্গলকে এককভাবে মনোযোগে পড়লে তার রাজনীতি ধরা পড়ে; কিন্তু তাকে বিশ্বশিল্প ও সাহিত্যের দীর্ঘ ধারার পাশে বসালে তার গভীরতা আরও তীক্ষ্ণ হয়ে ওঠে নিশ্চয়ই। কারণ ক্ষমতার-ধর্ম কোনো একক সংস্কৃতির একচেটিয়া আবিষ্কার নয়; এ মানবসভ্যতার বৃত্তাকার এক কাঠামো— যেখানে শাসন নিজেকে বিশ্বাসের, সততার ভাষায় আড়াল করে। আর ভয় নৈতিকতার আসনে বসে। মনসামঙ্গল সেই কাঠামোর বঙ্গায়ন। লোকায়ত ভাষায় বলা এক বিশ্বজনীন গল্প।
গ্রিক ট্রাজেডিতে দেবতারা মানুষের ভাগ্য নির্ধারণ করেন, কিন্তু সেই নির্ধারণের বিরুদ্ধে মানুষ প্রশ্ন তোলে। ওডিপাস রেক্স-এর অন্ধত্ব হোক বা প্রমিথিউস বাউন্ড-এর শাস্তি—দেবতা সেখানে জয়ী হন, তবু নৈতিক প্রশ্ন অমীমাংসিত থেকে যায়। মনসামঙ্গলে চাঁদ সদাগরের অবস্থান ঠিক সেইখানেই। তিনি জানেন দেবীর শক্তি অপ্রতিরোধ্য; তবু তিনি প্রশ্ন তোলেন। এই প্রশ্নই তাঁর জীবনকে ট্রাজিক করে তোলে। এখানেও দেবতা জেতেন, কিন্তু প্রশ্নটা থেকেই যায়— সে শুধু নীরব হয়ে দাঁড়িয়ে থাকে।
ইউরোপীয় রেনেসাঁ চিত্রকলায় ধর্মীয় দৃশ্য ধীরে ধীরে ক্ষমতার প্রদর্শনে রূপ নেয়। সিস্টিন চ্যাপেল-এর ছাদে মাইকেলেঞ্জেলো-র ঈশ্বর করুণাময় পিতা নন; তিনি সর্বশক্তিমান শাসক। মনসামঙ্গলের মনসা ঠিক সেই ধরনের দেবী— করুণা তাঁর গৌণ গুণ, ক্ষমতা তাঁর মুখ্য পরিচয়।বেহুলার আবির্ভাবের পরেই দেবীর মুখে করুণার কোমলতা মেক-আপের আবরণের মতো আসে। ঠিক যেমন রেনেসাঁ শিল্পে মানবিক আবেগ ধীরে ধীরে ঈশ্বরের কঠোর মুখে প্রবেশ করে। এখানে শিল্প ও কাব্য একই রাজনৈতিক সত্য বলে— ক্ষমতা প্রথমে ভয় দেখায়, তারপর ভালোবাসার ভাষা শেখে।
আধুনিক উপন্যাসে এই ক্ষমতার ধর্ম আরও বিমূর্ত হয়ে ওঠে। ‘দ্য ট্রায়াল’-এ আইন অদৃশ্য, কিন্তু সর্বব্যাপী। অভিযোগ স্পষ্ট নয়, কিন্তু শাস্তি অনিবার্য। মনসামঙ্গলের অলৌকিক শাস্তি সেই অদৃশ্য আইনেরই প্রাক্-রূপ। চাঁদ সদাগর জানেন না, তিনি কোন আইনে দোষী; কিন্তু তিনি জানেন, তিনি দণ্ডিত। এই অজ্ঞাত অপরাধবোধ আধুনিক মানুষের অভিজ্ঞতার সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়— যেখানে শাসন দৃশ্যমান নয়, কিন্তু তার ছায়া সর্বত্র।
ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে— বিশেষত কথকলি বা ভরতনাট্যম-এ— ভক্তির সঙ্গে ভয়ের এক সূক্ষ্ম সহাবস্থান দেখা যায়। দেবতা সেখানে প্রেমেরও, শাস্তিরও আধার। মনসামঙ্গলে এই দ্বৈততা আরও নগ্ন। মনসা ভয় দেখান; বেহুলা সেই ভয়কে প্রেমের ভাষায় অনুবাদ করেন। এই অনুবাদই ধর্মকে টেকসই করে। ভয় একা টেকে না; ভয়কে আবেগে রূপান্তরিত করলেই সে দীর্ঘস্থায়ী হয়। বোঝা যায়— মনসামঙ্গল কোনো বিচ্ছিন্ন মধ্যযুগীয় গ্রামবাংলার কাব্য নয়। বিশ্বসভ্যতার এক সাধারণ সমস্যার স্থানীয় ভাষ্য— ক্ষমতা কীভাবে ধর্মের মুখোশ পরে, আর মানুষ কীভাবে সেই মুখোশের সামনে কখনো প্রশ্ন করে, কখনো নত হয়।
উপসংহার : আয়না, অস্বস্তি ও প্রশ্ন
মনসামঙ্গল শেষ হয় না দেবীর জয়ে, বা মানুষের পরাজয়ে। শেষ হয় এক অস্বস্তিতে। এই অস্বস্তিই তার শক্তি। কারণ যেখানে ধর্ম নিছক বিশ্বাস, সেখানে প্রশ্ন থাকে না; আর যেখানে প্রশ্ন নেই, সেখানে সাহিত্যও জন্ম নেয় না। এটি হয়ে ওঠে এক বিশ্লেষণাত্মক আয়না। এই আয়নায় দেবীর নাম বদলায়, আচার বদলায়, মাধ্যম বদলায়; কিন্তু ক্ষমতার কাঠামো বদলায় না। ধর্ম যখন কেবল বিশ্বাস থাকে, তখন তা ব্যক্তিগত এবং মানবিক; ধর্ম যখন ক্ষমতা হয়, তখন তা রাজনৈতিক ও প্রশাসনিক। চাঁদ সদাগর-ই একমাত্র দেখান— বিবেকী নৈতিকতাকে একাই হাঁটতে হয়। তার সঙ্গে ভিড় থাকে না। উৎসব থাকে না। ঢাকের শব্দ থাকে না। কিন্তু তার সঙ্গে থাকে এক ধরনের উদ্ধত স্বচ্ছতা, যা পরাজয়ের পরও অস্তিত্বের মূলে হারমনি বাজিয়ে যায়। বেহুলা আমাদের মনে করিয়ে দেন— মানুষ বাঁচে আবেগে, আর সেই আবেগই ক্ষমতার কাছে সবচেয়ে ব্যবহারযোগ্য সূক্ষ্ম হাতিয়ার। আর মনসা আমাদের জানায়— ক্ষমতা কখনো নিজেকে ক্ষমতা বলে চেনায় না; সে নিজেকে আশ্রয়, রক্ষা, ভক্তি বলে পরিচয় দেয়।
মহাভারতের বনপর্বে (দ্বৈতবন সরোবরে) যুধিষ্ঠিরের সঙ্গে বকধার্মিকের কথায় এসেছিল, কোনটি সত্যিকারের পথ? যে পথ মহাজনরা (মহাজন কথার অর্থ অধিক সংখ্যক মানুষ, আবার একইসঙ্গে মহাপুরুষরা) অনুসরণ করেছেন—সেটিই সত্য পথ। এই লেখার শেষ প্রশ্ন তাই ধর্মের নয়, বকধার্মিকেরও নয়— মানুষের। আমরা কি ভিড়ের সঙ্গে নিরাপদে হাঁটব? নাকি একা দাঁড়িয়ে প্রশ্ন করব? আমরা আজ কোন পথে দাঁড়াব— চাঁদের পথে? যেখানে বিবেকী নৈতিকতা একাকী কিন্তু স্বচ্ছ; বেহুলার পথে? যেখানে প্রেম মানবিক কিন্তু ক্ষমতার হাতে সহজে ব্যবহৃত; নাকি মনসার পথে? যেখানে ক্ষমতা নিজেকে অনিবার্য বলে প্রমাণ করে। মনসামঙ্গল কোনো নির্দেশ দেয় না। সে কেবল আয়নাটা ধরে রাখে। আর সেই আয়নায় তাকিয়ে থাকার সাহসই বোধহয় সাহিত্যের অনিঃশেষ দায়িত্ব।
রেফারেন্সেস:
১. বিজয় গুপ্ত,মনসামঙ্গল,প্রাচীন ও সমালোচনামূলক সংস্করণসমূহ।
২. নারায়ণ দেব,মনসামঙ্গল।
৩. আশুতোষ ভট্টাচার্য,বাংলার মঙ্গলকাব্য ও লোকধর্ম।
৪. সুকুমার সেন,বাংলা সাহিত্যের ইতিহাস।
৫. দীনেশচন্দ্র সেন,বঙ্গভাষা ও সাহিত্য।
৬. রণজিৎ গুহ,Dominance without Hegemony।
৭. মিশেল ফুকো,Power/Knowledge।
৮. বেনেডিক্ট অ্যান্ডারসন,Imagined Communities।
######

