অনিশ রায়
ভুল ছিল,
ওই পাহাড়ের গায়ে যেটা মন্দির ভেবেছিলাম
তা আসলে একটা ঘর, যেখানে মূর্তি থাকে।
ভুল ছিল,
যে নদীকে পবিত্র ভেবেছিলাম, তা পরিস্রুত করার ধারা।
ভুল ছিল,
যে গাছকে বোধির উৎস বলে জেনেছিলাম
তার ভিতর আমার মতো কোনো অজ্ঞানের সাম্রাজ্য
ভুল ছিল,
আমি একটা পৃথিবীর খোঁজে
একটা আশ্চর্য গহ্বরের ভিতরে চলে এলাম
ভুল ছিল,
আমার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া হংস বলাকা,
সবই কালোর কাছে পরাজিত।
ভুল ছিল,
নিজেকে একমাত্র প্রেমিক মেনে নেওয়ার
হায়, আমারই হাতে প্রেম মরে যায় অনিবার।
২৯/১২/২০২৪

