সাধন চট্টোপাধ্যায়: সাহিত্য, লেখালেখি ও প্রতিষ্ঠানবিরোধী অভিজ্ঞতা | দীর্ঘ সাক্ষাৎকার

“বড়ো প্রতিষ্ঠান তাদের বৃহৎ পাঠকবর্গকে আমার লেখা থেকে বঞ্চিত করেছে…”

সাধন চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার

সাধন চট্টোপাধ্যায় (জন্ম: ১৯৪৪ খ্রি.)

১৯৪৪ সালে সাধন চট্টোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের বরিশালে। পড়াশোনা পদার্থবিদ্যা নিয়ে। হঠাৎই সাহিত্যজগতে প্রবেশ। ১৯৭০ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘অগ্নিদগ্ধ’। এখনও পর্যন্ত পঁচিশটির মতো উপন্যাস, ছশোর কাছাকাছি ছোটোগল্প এবং চারশোর অধিক প্রবন্ধ লিখেছেন। উল্লেখযোগ্য উপন্যাস ‘জলতিমির’, ‘মাটির অ্যান্টেনা’, ‘গহীন গাঙ’, ‘পানিহাটা’, ‘বুলবুলিতে ধান খেয়েছে’। গল্পগ্রন্থের মধ্যে ‘বাছাই ৪৯’, ‘শ্রেষ্ঠ গল্প’, ‘গল্পসমগ্র ১ ও ২’, ‘গল্প ৫০’ প্রধান। প্রবন্ধগ্রন্থ ‘কথাপট’, ‘সময়ের সাত-পাঁচ’, ‘অক্ষরে বন্দিজীবন’ প্রভৃতি। সম্পাদনা করেছেন ‘নীললোহিত রবীন্দ্রসংখ্যা’, ‘বৈশাখী’, ‘তারাশঙ্কর সংখ্যা’, ‘শূন্য দশকের গল্প’, ‘দেশভাগের গল্প’, ‘অসীমান্তিক’ ইত্যাদি। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্কিম পুরস্কার’, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ‘শরৎস্মৃতি স্বর্ণপদক’, ‘নাগপাশ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে ‘বি.এফ.জে.এ. পুরস্কার’। সম্মানিত ও সংবর্ধিত হয়েছেন নানা প্রতিষ্ঠানে। এ হেন লেখকের সঙ্গে আড্ডার আসরে মোস্তাক আহমেদ—সাধন চট্টোপাধ্যায় এখানে অনেক বেশি অকপট।


প্রশ্ন: সাধনবাবু, শুরুতেই জানতে চাইব আপনার জন্ম, শৈশব, বাল্য, কৈশোরের কথা—পরিবার, আত্মীয়স্বজনের কথা।

সাধন চট্টোপাধ্যায়: আমার জন্ম ১৯৪৪ সালের ১৮ জানুয়ারি, বরিশাল জেলার অখ্যাত একটি গ্রাম শোলনাতে। গ্রামটি ছিল মাধবপাশার জমিদারদের অধীনে। আমরা চট্টোপাধ্যায় পরিবার বিশাল লম্বা একলপ্তে অনেকটা জমি কেন্দ্র করে, নানা ভিটায় আত্মীয়স্বজন ও জ্ঞাতিরা ছড়িয়ে থাকতাম। মাঝখানে বিশাল ফুটবল মাঠের মতো এজমালি উঠোন ছিল।

আমার ঠাকুরদাদা বরদাকান্ত চট্টোপাধ্যায় উত্তরের ভিটায় থাকতেন বলে আমরা চিহ্নিত হতাম উত্তর ভিটার পরিবার হিসেবে। ঠাকুরদার দুই বিয়ে। প্রথম পক্ষে এক ছেলে, এক মেয়ে। দ্বিতীয় পক্ষে তিন ছেলে, এক মেয়ে। তখনকার যৌথ পরিবারে সৎ ভাই, সৎ বোনের কোনো ফারাক থাকত না।

আমার বাবা রমণীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন সর্বকনিষ্ঠ। ফলে আমার কোনো কাকা নেই। তিন জ্যাঠা আর দুই পিসি। ছোটো পিসি অল্প বয়সে বিধবা হয়ে এক পুত্র নিয়ে পাকাপাকিভাবে আমাদের পরিবারের একজন হিসেবে থাকতেন।

বাবা কলকাতা এবং বর্তমান পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সিভিল কনট্রাক্টরের নানা ফার্মে কাজ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্ধমানের পাণ্ডবেশ্বরের এক জোতদার বন্ধুকে নিয়ে ছোটোখাটো একটি ফার্ম গঠন করেন। পানাগড় এয়ারবেস তৈরির সময় বেশ কিছু কাজে চুক্তিবদ্ধ হয়ে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। কাজের চাপে বাবা তাঁর সেজদা অর্থাৎ আমার সেজো জ্যাঠাকেও এ ফার্মে নিয়ে আসেন। পানাগড় তখন গভীর জঙ্গলে ঠাসা। সেজো জ্যাঠা ওখানেই কর্মরত অবস্থায় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। দেশভাগের পর যৌথ পরিবার ভেঙে গেলে সেজো জ্যাঠিমার তিন পুত্র ও তিন কন্যার দায়দায়িত্ব বাবা নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন। বহুদিন আমরা একসঙ্গে থাকতাম। এমনকি, বিধবা জ্যাঠিমার পরিচর্যা ও স্নেহ-ভালোবাসায় আমি বড়ো হই। তিনি আমাকে সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন।

যুদ্ধ থেমে গেলে, ক্যাবিনেট মিশন কিংবা দেশভাগের খড়্গ জাতির কপালে ঝুলতে থাকলেও, বাবা তাঁর পার্টনারের সমস্ত অনুরোধ উপেক্ষা করে দেশের বাড়ি গিয়ে জমিজমা, কন্ট্রোলের দোকান, পুকুর কাটানো, বাগান কেনা—পায়ের ওপর পা তুলে বাকি জীবন কাটাবেন বলে পশ্চিমবঙ্গ ত্যাগ করেন। হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ায় দেশের বাড়িতে আমাদের শত্রুসংখ্যা বাড়তে থাকে। ফলে দেশভাগের সঙ্গে সঙ্গে বাবা প্রাণনাশের ভয়ে রাতের অন্ধকারে আমাদের নিয়ে পালিয়ে আসতে বাধ্য হন। সব সম্পত্তির দায়দায়িত্ব অর্পণ করে আসেন কালু খাঁ নামক জনৈক সহচরের কাছে। মজার কথা, আজও তাঁর বংশধরেরা আমাদের সমস্ত সম্পত্তি যথারূপে রেখে দিয়েছেন। আমি তিন বছরের বালক অবস্থায় গ্রাম ছাড়লেও আজও চোখ বুজলে ধূসর কিছু কিছু ছবি, বন-জঙ্গল, পথঘাট, আদি বৃক্ষসকল দেখতে পাই।

প্রশ্ন: জীবনানন্দ জন্মেছিলেন বরিশালে, আপনিও—কেমন অনুভূতি হয় বিষয়টি ভাবলে? আপনার সেই ছোটোবেলায় জীবনানন্দকে কখনও দেখেছিলেন?

সাধন চট্টোপাধ্যায়: অনেকেই আমার দেশ বরিশাল শুনে কিঞ্চিৎ আশ্চর্য হন। ‘আইতে শাল, যাইতে শাল/ তার নাম বরিশাল’—বরিশালের মানুষ নাকি খুব প্যাঁচালো ও মারকুটে হয়। আমার মধ্যে দুয়ের কোনো পরিচয়চিহ্ন না পেয়ে একটু হতাশ হন। তখন আমার মনে পড়ে জীবনানন্দ দাশ বা অশ্বিনী দত্তের কথা। এমন অনুভবপ্রবণ ও শুদ্ধ চেতনার মানুষ যে জেলায় জন্মেছেন, সেখানকার মানুষ সম্পর্কে নির্বিশেষে এমন প্রবাদ তৈরি হয় কীভাবে? আসলে, ‘শাল’ মানে বাঁশ বা গোঁজ নয়। ওটা হবে ‘আইতে সাল/যাইতে সাল’। বাংলা প্রেসিডেন্সির মধ্যে বরিশাল একমাত্র জেলা, যেখানে রেললাইন পাতা যায়নি। খাল-বিল-নদীতে জলে জল। তাই ওদেশে যেতে এক বছর, ফিরতেও এক বছর। আইতে সাল, যাইতে সাল।

জীবনানন্দ ১৯৪৬ সালে বরিশালের বি.এম. কলেজের অধ্যাপনা যখন ছেড়ে দেন, আমার বয়স তখন দুই। তাঁকে দেখবার প্রশ্নই ওঠে না। দেশভাগের পর আমরা জলে শ্যাওলার মতো ভেসে ভেসে কখনও সেন্ট্রাল প্রভিন্স (বর্তমান ছত্তিশগড়), বর্ধমান, আসানসোল কাটিয়ে ১৯৫৩-তে আসি সোদপুরে। ১৯৫৪ সালে জীবনানন্দ দুর্ঘটনায় মারা গেলেন যখন, তখন আমি ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রশ্ন: উদ্বাস্তু সমস্যা বাংলার ক্ষেত্রে এক বড়ো সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। আপনিও জন্মেছিলেন ওদেশে। তারপর মির্জাপুর স্ট্রিট, মধ্যপ্রদেশ, আসানসোল, সোদপুর—শিকড় খোঁজার লড়াই। কীভাবে অতিক্রম করেছেন সেসব লড়াই বা ক্রাইসিসকে?

সাধন চট্টোপাধ্যায়: সত্যি বলতে, জীবনের দশ-বারো বছর পর্যন্ত দেশের কোনো জাতীয় সংকটকে ব্যাপক অনুভবের বাস্তবতা জন্মায় না। বাল্যের রহস্য, রোমাঞ্চ, কাল্পনিক ছেলেমানুষির মধ্য দিয়েই জীবনের পর্বটুকু অতিক্রান্ত হয়। আজ চোখ বুজলে টের পাই, মির্জাপুরের সংসারে জ্যাঠামশাইয়ের ঘাড়ে ওঠার জন্য উদয়াস্ত কীভাবে সংসার-প্রদীপের সবটুকু তেল-কালি নিঃশব্দে বইতে হয়েছিল।

আসানসোলের বুধাডাঙ্গা অঞ্চলে থাকতাম। চারপাশে আগুরি বা স্থানীয় উগ্র ক্ষত্রিয়দের বাস। খুবই মারকুটে, হিংস্র। মাঝে মাঝে ওরা আমাদের রেইড করত। গাছে চড়ে খেলছি বা ছোটাছুটি করছি—হঠাৎ চারপাশ থেকে ঢিল ছুড়ল বা চাকা চালানোর ডাণ্ডা দিয়ে শপাং করে আঘাত। প্রতিবাদ করা যেত না, তাহলে শাস্তি বেড়ে যেত। আমাদের অপরাধ, আমরা বাঙাল, ওই অঞ্চলে মাইনরিটি সে সময়। যে প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, সেখানে আগুরি মাস্টারমশাইরা ছিলেন। আমায় ভালোবাসতেন, কিন্তু মাঝেমধ্যেই রসিকতা করতেন, ‘বাঙাল মনুষ্য নয়, উড়ে এক জন্তু/ লাফ দেয় গাছে গাছে, লেজ নাই কিন্তু।’ আমাদের ওপর এভাবেই কিছু কিছু মানসিক টর্চার চলত। খারাপ লাগলেও, ও বয়সে ভুলে যেতে সময় লাগত না।

কিন্তু দেশভাগের অন্যান্য জ্বালা, বিশেষত দারিদ্র্য, শ্রম, অনিশ্চয়তা, স্মৃতিতাড়না থেকে আত্মপরিচয়ের সমস্ত সংকটে আমার বাবা-মা-দাদা-দিদিরাই বেশি আক্রান্ত হয়েছেন। বড়ো হয়ে যখন এসব বুঝতে পারি, বেদনা আরও বৃহৎ চেহারা নিয়ে মনকে আঘাত করে।

প্রশ্ন: লেখালেখির জগতে ঠিক কীভাবে প্রবেশ? কবে? কোনো অনুপ্রেরণা কি কাজ করেছিল?

সাধন চট্টোপাধ্যায়: এ বিষয়টা বহুবার উল্লেখ করেছি। পরিণত বয়সে, চাকরিতে ঢুকে, লেখা শুরু করি। লেখক হওয়ার বাসনা ছিটেফোঁটাও ছিল না আমার। বিজ্ঞান পড়ে বরং বিজ্ঞানী হব, এমন একটা ইচ্ছে নাইন-টেনে উঠলে মনে উঁকি দিত। একটু-আধটু গদ্য বা কবিতা পাঠ, মুখস্থ করতে সেভেন-এইট অবধি সামান্য ইন্টারেস্ট ছিল। ব্যস। স্কুল ফাইনাল পাশ করে বিজ্ঞানে ইন্টারমিডিয়েট, পরে পদার্থবিদ্যায় অনার্স নিয়ে পড়া। সঙ্গে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন।

উদ্বাস্তু পরিবারে বারো আনা যা ঘটে—দারিদ্র্য-সংগ্রাম, পিতা অসুস্থ হয়ে অচল হয়ে পড়ায় সংসার সামলাতে চাকরিতে ঢুকি। সে যুগে চট করে চাকরি মিলত। ঢুকে গেলাম হায়ার সেকেন্ডারি স্কুলে ফিজিক্স পড়াতে। স্বপ্ন মরতে চায় না—বিজ্ঞানী হওয়া কোনো একদিন হয়তো ঘটে যাবে। বই পড়া আমার নেশা। তো, গ্রীষ্মের দীর্ঘ ছুটির আগের দিন লাইব্রেরিতে স্যারের কাছে কোনো বিজ্ঞানের বই চাইলাম। এক মাস ধরে যা তারিয়ে তারিয়ে পড়ব। স্যার অনেক খুঁজেও প্রয়োজনের কোনো বই না পেয়ে ঢাউস একটা উপন্যাস দিয়ে বললেন, মাসটা চালাও। নতুন করে বিজ্ঞানের বই আনিয়ে দেব তোমায়।

বাড়িতে ফিরে দেখি বিমল মিত্র মশাইয়ের তৎকালীন জনপ্রিয় উপন্যাস ‘সাহেব বিবি গোলাম’। কী আর করি! ধীরে ধীরে পড়ে ফেললাম। ভেতর থেকে কে যেন বলে উঠল, এরকম আমিও লিখতে পারব।

শুরু হল সাহিত্যচর্চা। ছাই! অনভিজ্ঞ কলমে কী লিখব? কয়েক দিন পর হঠাৎ পাড়ার এক দাদার কাছে পেলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’। উনি পড়তে দিলেন।

পড়ে আমার সত্তার মধ্যে ভূমিকম্প ঘটে গেল। মনে হল, এটাই প্রকৃত সাহিত্যচর্চা। মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত হয়ে গেলাম। আমাকে গ্রাস করে ফেললেন। যেহেতু উনি পোশাকি নাম ত্যাগ করে ডাকনামে লিখতেন, আমিও সাহিত্যচর্চার তাগিদে নামতে, আমার পোশাকি নাম চন্দ্রশেখর চট্টোপাধ্যায়কে পরিত্যাগ করে ডাকনাম সাধন চট্টোপাধ্যায় হয়ে গেলাম। তন্ত্রসাধনা সেই থেকে অনির্বাণ চলছে।

প্রশ্ন: আপনার লেখা প্রথম গল্প ‘বন্যা’ প্রকাশ পায় ১৯৬৬ খ্রিস্টাব্দে ‘নন্দন’ পত্রিকায়। কেমন ছিল সেই প্রথম প্রকাশের অনুভূতি?

সাধন চট্টোপাধ্যায়: কোনো কিছুই শূন্য থেকে হয় না। প্রয়োগ ও চর্চার মধ্য দিয়ে ক্রমাগত ঘটতে ঘটতে ‘শূন্যই’ কিছু হয়ে ওঠার জন্ম দেয়। লিখতে তো এলাম, কী লিখব, কেমন করে লিখব, কোথায় ছাপা হবে—এইসব ব্যাপারে সম্পূর্ণ তিমিরে ছিলাম। এ অবস্থায় ‘নন্দন’ পত্রিকার খবর দিল একজন। তখন সি.পি.এম.-এর সাহিত্য মুখপত্র ছিল না—পরে হয় তা। কিছু তরুণ পত্রিকাটা শুরু করেছিল। ঐতিহ্য কিংবা চালচুলো কিছুই ছিল না। কেন জানি আমার মতো তরতাজা যুবককে পেয়ে বর্তে গেল। আসলে, মূলত ওরা রাজনৈতিক কর্মী ভেবেছিলাম আমিও পুরোপুরি ওদেরই গোত্রের। কিন্তু আমি যে লেখক হতে গেছি, ওরা ঠিক বুঝে ওঠেনি। ওরা আমার হাত মকশো করার গল্প শুনে উৎসাহিত করেছে, শেষে ‘বন্যা’ গল্পটা ছেপেই দিল। আর মানুষের নেশার স্বপ্ন তো বৈশাখের নিরুদ্দেশ মেঘ। ভাবলাম, আমিও মানিক বন্দ্যোপাধ্যায়ের একজন ক্ষুদে সংস্করণ হয়ে গেলাম। পরে বুঝেছি, কাঁচা গল্পের স্বাক্ষরটি না থাকলেই ভালো হত। আজ অবধি কোনো সংকলনে আমার গল্পটি রাখিনি। সম্প্রতি ‘জলদচি’ পত্রিকা লেখকের প্রথম গল্প বিশেষ সংখ্যায় নাছোড়বান্দা হয়ে গল্পটি পুনর্মুদ্রণ করেছে।

প্রশ্ন: আপনার পড়াশোনা পদার্থবিদ্যা নিয়ে, অথচ সাহিত্যচর্চায় সম্পূর্ণ মনোনিবেশ করেছেন—এ ক্ষেত্রে পড়াশোনা, পেশা আর লেখার মধ্যে কোনো বিরোধ তৈরি হয়নি? কীভাবে সামলেছেন সেসব?

সাধন চট্টোপাধ্যায়: বঙ্গোপসাগর, আরব সাগর কিংবা ভারত মহাসাগর—ভিন্ন ভিন্ন পরিচয়, চরিত্র, ঢেউ-শ্রোতের বিভিন্নতা থাকলেও, যখন বাষ্প হয়ে মেঘ এবং মনসুন হয়ে ক্ষেত-খামার, মাঠ-পাহাড়ে আঘাত করে, ফসল ফলায়, কোনো বিরোধ থাকে না। বিজ্ঞান, সাহিত্য, দর্শন, ইতিহাস—জ্ঞান, যুক্তি ও অনুভবের ভিন্ন ভিন্ন লজিক থাকলেও বোধ ভিন্ন ভিন্ন জন্মায় না—একটিই অখণ্ড বোধ। আকাশের মতোই চেতনা নিরঙ্কুশ ও একক। ভিন্ন ভিন্ন প্রকোষ্ঠ নেই। ম্যাটার ও ডার্ক ম্যাটার—উভয়ের ভারসাম্যেই যেমন বিশ্ব, বিজ্ঞান-সাহিত্য-দর্শনের আপাত ভিন্নতার মধ্য দিয়েই আমাদের জীবনবোধ। এতে কোনো বিরোধ হয়নি, বরং সমন্বয়ের মন্ত্র আমার কর্মজীবনকে বর্ণিল করে রেখেছিল।

প্রশ্ন: প্রায় ছশোর কাছাকাছি ছোটোগল্প, চারশোর কাছাকাছি প্রবন্ধ, পঁচিশটির মতো উপন্যাস লিখেছেন। এর মধ্যে কোনটি লিখতে আপনি বেশি পছন্দ করেন? এই পছন্দের কারণ কী?

সাধন চট্টোপাধ্যায়: আমার কাছে লিখনপ্রক্রিয়াটি খুবই কষ্টসাধ্য অংশ। অনন্ত চিন্তার মালা গেঁথে যেতে যতটা মজা পাই, লিখতে গেলেই কেমন যেন দম আটকে, পথ রুদ্ধ হয়ে আসার অবস্থা হয়। সব ভাষার সাহিত্যে কিছু কিছু লেখক আছেন, প্লট বা ঘটনা, চরিত্র নিজেই গুটিগুটি তাঁদের কলমের ডগায় এসে ধরা দেয়। লিখতে পেরে যেন তাঁদের বুকের মধ্যে এক ধরনের ক্যাথারসিস ঘটে—তাঁরা মুক্তি পান। লেখা তাঁদের কাছে আত্মবিনোদনের ব্যাপার।

আবার কোনো কোনো লেখক আছেন—যাঁদের প্লট-ঘটনা বা কিছু একটা প্রকাশের জন্য নিজেদেরই ভাবনাচিন্তার পথ ধরে হেঁটে যেতে হয়। ফলে এই জাতীয় লেখকদের কাছে লেখার অর্থ সত্তার রক্তক্ষরণ। আবার বেশ কিছুদিন না লিখেও তাঁরা থাকতে পারেন না। অজ্ঞাত কোনো কিছুর প্রসববেদনা তাঁদের শারীরিক অস্থিরতা আনে। আমি আছি দ্বিতীয় শ্রেণিটিতে।

ছোটোগল্প, প্রবন্ধ লিখতে রক্তক্ষরণটি বেশি হয়, উপন্যাস লেখার তুলনায়। এখানে চলবার অনেকটা পথ পাই বলে টেনশন বা আতঙ্ক কম। স্পিড বোট নিয়ে দীঘি বা বিল দিয়ে ছুটতে গেলে সর্বদা সতর্কতায় টান টান থাকতে হয়—কখন বুঝি জল ফুরিয়ে ডাঙায় ধাক্কা খেল জলযানটি। সাগরে অবশ্য ছুটলে এ আশঙ্কা থাকে না। ছুটবার মজা ও স্বাধীনতা বেশি পাই।

প্রশ্ন: আপনার গল্প ও প্রবন্ধের সংখ্যা পরিমাণগত দিক থেকে অনেক বেশি। এত লেখার কি কোনো দরকার ছিল? আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে অতি-উৎপাদন একটি সামাজিক ব্যাধি। এই পরিমাণ লেখা কি তারই প্রভাবজাত? এখনও তো লিখে চলেছেন অনবরত।

সাধন চট্টোপাধ্যায়: বিনয়ের সঙ্গে একটি প্রসঙ্গ উল্লেখ করি এখানে। কোনো লেখককে যদি শুধুই লিটল ম্যাগাজিন লিখে জাতীয় স্তরে উঠে আসতে হয়, বেশি লিখে পাঠকের কাছে পৌঁছানো ছাড়া ভিন্ন পথ কী আছে? বাণিজ্যপত্রিকা, সংবাদপত্রের রবিবাসরীয়, বড়ো বড়ো সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক পত্রিকা যে হারে একদা বিজ্ঞাপন করত, প্রচারসংখ্যা যত বেশি ছিল, কোনো লেখকের পক্ষে পাঠকের চোখে আটকে পড়াটায় কোনো বিঘ্ন ঘটত না।

আমি সারা পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই, যাদের অঞ্চলে প্রকাশিত ছোটোখাটো কাগজে লিখিনি। এমনও পত্রিকায় লিখেছি, যার সূচনা সংখ্যাটি ছাড়া আর কোনো কিছু বেরোয়নি। লিটল ম্যাগাজিনের অসুবিধে, তাকে পাঠক খুঁজে নেয়। না খুঁজলে সে অবিক্রীত পড়ে রইল। অর্থাৎ আমিও। কিন্তু সংবাদপত্র বা বৃহৎ পাক্ষিক পাঠকের দরজায় গিয়ে হাজির হয়। বারে বারে হাজির হয়। পাঠক সে লেখা ইচ্ছায়-অনিচ্ছায় চেখে দেখবেই। আমাকে প্রচুর লিখে এ জন্যই স্বীকৃতি আদায় করতে হয়েছে।

এ ছাড়া, বাংলা সাহিত্য-সংস্কৃতির বাজারে অনেকদিন ধরেই নানা ধরনের প্রচারের প্রভাব আছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, দল, সংস্থা, চ্যানেল থেকে শুরু করে স্বয়ং লেখকের কৃৎকৌশলের কৌশলে একটা হৈ-চৈ ফেলে দেওয়ার যে নিখুঁত বিকোনোর পদ্ধতি আছে, কোনো কালেই আমার স্বাধীনসত্তাকে তা উৎসাহ দেয়নি। আমি মনে করি, প্রচারযন্ত্রটি যারাই ধার দেবেন আমাকে, তাদের জন্য কিছু মূল্য আমাকে গুনতে হবে এবং তা পাকাপাকি হবে না। এই এঁটো-প্রচার কোনো কালেই আমাকে আকর্ষণ করেনি। দুষ্ট পথ আমি এড়িয়ে গিয়ে নিজেকে ক্রমাগত শিক্ষিত করতে করতে গেছি। এ জন্য লিটল ম্যাগাজিনই আমার কাছে খোলা ছিল এবং আছে। তাই সংখ্যায় বেশি লিখতে বাধ্য আমি। তাছাড়া কিছু লিখতে না পারলে সপ্তাহান্তে আমি শারীরিক অসুস্থতা বোধ করি। সবকিছু মিলেমিশে পরিমাণটি বেশি। তবে লিখে পয়সা পাই না, ফলে এত লেখার জন্য আমার সত্তার চাপই একমাত্র কারণ।

প্রশ্ন: এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে, বাংলার সাহিত্যিকেরা কি একটু বেশি পরিমাণে লিখতে পছন্দ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে আজকের সুনীল গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবী—অনেকের ক্ষেত্রেই একথা খাটে। পাঠকরাই বা এত লেখা পড়বেন কীভাবে?

সাধন চট্টোপাধ্যায়: মোটা রচনাবলী, ঢাউস কোনো উপন্যাস বাঙালি পাঠক চাক্ষুষ করলেই অবচেতনে সমীহ-সম্মান জন্মায়—হয়তো ইনি খুব বড়ো লেখক। বাঙালি পাঠক তাঁদের প্রিয় লেখকদের কাছে বহু প্রসব আশা করে থাকে। আবার, লেখাই যাঁদের জীবিকা, অর্থ উপার্জনের জন্য বেশি লিখতে তাঁরা বাধ্য হন। মাননীয় প্রফুল্ল রায়ের কাছে গল্প শুনেছিলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলম থেকে কম শিল্পমানের একটি উপন্যাস পড়ে তিনি লেখক সম্পর্কে কিছু প্রতিকূল মন্তব্য করেছিলেন। লোকমুখে তা তারাশঙ্করবাবুর কানে যায়। পরে হঠাৎ কোথাও প্রফুল্লদার সঙ্গে সাক্ষাৎ হতেই প্রবীণ লেখক মন্তব্যটি যাচাই করে নিয়ে বলেছিলেন, ‘হ্যাঁ, হে ছোকরা! জানা আছে কি, আমার পরিবারে দৈনিক কত পাত পড়ে? সব আমাকে লেখা দিয়ে তুলতে হয়।’ বোঝা গেল, বাংলা সাহিত্য লিখে খেতে গেলে সংখ্যা ও গুণমানে বাঁধা পড়ে থাকলে চলে না।

রবীন্দ্রনাথ তো লেখালিখির সব রীতিতে চর্চা করেছেন, শান্তিনিকেতন প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছিলেন লেখালিখির টাকা থেকেই। বক্তৃতা, বিদেশভ্রমণ, বিতর্ক, রাজনৈতিক পরিস্থিতি-পরিবেশ, নানা সম্ভাষণ—রবীন্দ্রনাথ তো বাঙালি জীবনে অপরিহার্য, রচনার পরিমাণ বেশি হবেই। রবীন্দ্রনাথের গল্প-উপন্যাসের সংখ্যা তো বেশি নয়।

আবার কম পরিমাণে লিখেছেন, এমন উদাহরণও আছে বাংলা সাহিত্যে। বঙ্কিম, শরৎ, বিভূতিভূষণ, সতীনাথ ভাদুড়ী, জগদীশ গুপ্ত, অদ্বৈত মল্লবর্মণ, পরশুরাম—পরিমাণে কি বেশি লিখেছেন?

তবে স্বাধীনতার পর প্রযুক্তি ও মানুষের অবকাশযাপনের নিত্যনতুন পন্থা হাতে আসায় পাঠ্যপ্রবণতা কমে যেতে পারে, লেখার সংখ্যা কমেনি, বরং বেড়েছে। এর কারণ, বাংলা প্রকাশনা পরিচিত লেখকদের নিয়ে এখন সব ধরনের লেখায় উৎসাহিত করছে। ভূত, ডিটেকটিভ, ধর্ম থেকে উপন্যাস, গল্প, ভ্রমণকাহিনি—সবকিছুই। এখানে ‘পাল্প সাহিত্য’ বলে ভিন্ন কোনো শিবির নেই। সিরিয়াস সাহিত্য পাল্প-সাহিত্যে মিলেমিশে একাকার।

প্রশ্ন: অনেক কথাসাহিত্যিকই জীবনের শুরুতে কবিতা লিখেছেন। আপনি কখনও কবিতা লিখেছেন বলে জানা যায় না। কেন? কবিতা ভালো লাগে না?

সাধন চট্টোপাধ্যায়: আমার মনে হয়েছে, অনুভূতির বিশুদ্ধ নির্যাস হল কবিতা। শব্দের জাদুকর না হলে এ খেলায় অবতীর্ণ হওয়া মুশকিল। প্রথম থেকেই সচেতনভাবে আমি ও রাস্তা এড়িয়ে গেছি। কিন্তু পাঠক হিসেবে আমার প্রথম প্রেম কবিতায়। কোনো পত্রিকা হাতে এলে আমি প্রথমে কবিতা, পরে প্রবন্ধ এবং সবশেষে ইচ্ছে হলে গল্প পড়ি। কবিতা আমাকে চিন্তা ও অনুভূতিগতভাবে পুনরুজ্জীবিত করে, মলিনতা সাফ করে দেয়।

প্রশ্ন: ১৯৬৬ খ্রিস্টাব্দ শুরু ধরলে আপনি পঞ্চাশ বছরের উপর লেখালেখি করছেন। সুদীর্ঘ এই লেখক জীবনের যদি আত্মমূল্যায়ন করতে হয়, তবে কীভাবে সেই আত্মমূল্যায়ন করবেন?

সাধন চট্টোপাধ্যায়: আত্মমূল্যায়ন, বিশেষ করে নিজের সৃষ্টির, দুরূহ কাজ। অহং থেকে সম্পূর্ণ নিজেকে বিচ্ছিন্ন না করতে পারলে ফাঁকি থেকে যাবে। আমার লেখার কোনো মূল্য থাকবে না। নতুন প্রজন্ম ভুলে যাবে—এ সত্য কোনো লেখকই সহজে মানেন না। অথচ বিগত দিনের বহু লেখক আজ বিস্মৃত। আমি কি সে দলে পড়ব? নাকি কাল পেরিয়ে, যুগ অতিক্রান্ত করে, কিছু লেখক যেমন গল্প-উপন্যাসে জরুরি হয়ে আছেন, আমারও কিছু গল্প বা দু-একখানি উপন্যাস সে গোত্রে স্থান পাবে—আশা-নিরাশার দ্বন্দ্ব প্রায়ই চেতনায় জেগে ওঠে। এই অনিশ্চয়তার মাঝে মাঝে দোলায়িত থাকি। তবে সাহিত্যে পাঠক কী চায়, তা নিয়ে কোনো দিন ভাবিনি। আমি যা সত্য হিসেবে বুঝেছি, তাই প্রকাশ করেছি। জীবনের অনেক কিছু ত্যাগ করেছি সাহিত্য সৃষ্টির জন্য। কিন্তু সে সত্য তো একান্ত আমার। মহাকাল শুনবে কেন? তবু আমার সত্তার কোন ক্ষীণ আশা পোষণ করে চলেছি রবীন্দ্রনাথের ‘বিশ্বশোক’ কবিতার কয়েকটি বাক্যকে আঁকড়ে ধরে—

‘আজকে আমি ডেকে বলি
লেখনীকে,
লজ্জা দিয়ো না।
কূল ছাপিয়ে উঠুক তোমার দান।
দাক্ষিণ্যে তোমার
ঢাকা পড়ুক অন্তরালে
আমার আপন ব্যথা।’

প্রশ্ন: প্রত্যেক মানুষেরই নিজস্ব কিছু জীবনদর্শন থাকে, থাকাটাই স্বাভাবিক। আর শিল্পী-সাহিত্যিকেরা সাধারণের চেয়ে অনেক বেশি দেখেন—আপনার জীবনাদর্শনের ভিত্তি ঠিক কীরকম?

সাধন চট্টোপাধ্যায়: আমার সত্তা প্রতি মুহূর্তে প্রকৃতির মধ্যে লীন হয়ে থাকতে ভালোবাসে। তাই প্রযুক্তির প্রতি আমার অনীহা বেশি। সহজ ও সরল জীবনযাত্রা, গূঢ় ও জটিল ভাবনার মধ্যে একপ্রকার মুক্তির স্বাদ অনুভব করি। তাই আধুনিক জীবনযাত্রায় বস্তুদাপট আমাকে দমবন্ধ করে তোলে। জীবনের আন্তঃনিয়মানুবর্তিতায় আমি স্বাভাবিক বোধ করি।

প্রশ্ন: ব্যক্তিক জীবনে আপনি কি কোনো একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী? এই বিশ্বাস আপনার সৃষ্টিকে কীভাবে প্রভাবিত করে? আর সেই মতাদর্শগত কারণে কোনো সমস্যা…

সাধন চট্টোপাধ্যায়: আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নই; যে যে পথে মানুষের মুক্তি আসে, সব কিছু থেকেই আমার গ্রহণের কিছু আছে। বিশ্বাসের বর্তমান এই অবস্থানে এসে দাঁড়াতে জীবনের অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে হাঁটতে হয়েছে। আমার প্রথম উপন্যাস ‘অগ্নিদগ্ধ’-এ আমি দেখাতে চেয়েছিলাম, বিপথগামী কৈশোর কীভাবে মানুষের দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে জড়িয়ে পড়ে শুদ্ধিলাভ করেছিল। যেমন আগুনে পুড়ে লোহা ইস্পাতে পরিণত হয়।

আজ উপলব্ধি হয়, মানুষ পাকাপাকিভাবে ওভাবে শুদ্ধ হয় না। ইতিহাসের বৃহৎ কালক্ষয়ে, ব্যক্তি ও সমষ্টিগত মানুষের ওপর নানামুখী শক্তির একটি উপলব্ধ শক্তি ক্রমাগত শুদ্ধির পথে এগিয়ে নিয়ে চলে। টোটাল শুদ্ধি ঘটে না। অসীমের পানে ধেয়ে চলে শুধু।

প্রশ্ন: ‘নকশালবাড়ি ৫০’-এ এসে আপনার ভাবনা এখন কীরকম? আপনি তো সেই উত্তাল সময় প্রত্যক্ষ করেছেন, লেখালেখিতে কম হলেও তার প্রভাব আছে। আজ কী মনে হয়?

সাধন চট্টোপাধ্যায়: আগের প্রশ্নেই বলেছি, এখন আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক মত-বিশ্বাসের মধ্য দিয়ে মানুষের মুক্তির প্রত্যাশা করি না। তবে এ হচ্ছে ব্যক্তি আমির বিষয়ীগত ভাবনা বা subjective thinking। লেখক হিসেবে আমার দায়িত্ব মানুষের আবেগ, চিন্তাভাবনা নিয়ে ঘর করা। তাই যে কোনো সামাজিক ও রাজনৈতিক ঘটনা নিয়ে আমার কৌতূহল। ১৯৬৭ সালে প্রথম নকশালবাড়িতে কৃষক অভ্যুত্থান ঘটবার পর, লেখক হিসেবে সরেজমিনে তথ্য সংগ্রহের জন্য আমি শিলিগুড়ি গিয়ে চারু মজুমদারের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। পরে কানু সান্যালের সঙ্গে এই আন্দোলন সংক্রান্ত অনেক কথাবার্তা হয়। লক্ষ করেছি, সব আন্দোলনের যে-সব আশু উদ্দেশ্য, তা নিয়ে যতটা উৎসাহী এঁরা, দীর্ঘমেয়াদি উদ্দেশ্য নিয়ে এঁদের দৃষ্টিভঙ্গি সীমিত।

সাধারণ মানুষ যে কোনো আন্দোলনে আশু উদ্দেশ্যেই প্রাণ দেয় বা ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘমেয়াদি উদ্দেশ্য টের পায় অনেক পরে। তখন তারা সমগ্র পদ্ধতিটার ওপরই হতাশ হয়ে নিজেদের অগ্রসর ভাবনাচিন্তার সঙ্গে পশ্চাৎপর ভাবনার মানানসই সমঝোতা গড়ে নেয়। এতে ক্ষতি হয় মানবতন্ত্রের।

তবে আশু উদ্দেশ্যের জন্য নেমে পড়লেও রাষ্ট্রযন্ত্র তা দমাতে যে পীড়নের পথ বেছে নেয়, তার বিরুদ্ধে লেখকদের দাঁড়াতে হবে। আমার সে সময়ের লেখালিখির মধ্যে সেই উত্তালতার চাপ আছে এবং তা ন্যায্য বলেই মনে করি।

প্রশ্ন: আঙ্গিক না বিষয়বস্তু—কোনটি সাহিত্যের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ? আপনার লেখায় কোনটি প্রাধান্য পায়?

সাধন চট্টোপাধ্যায়: ফলের শাঁসকে ধারণ করে আছে খোসা। কোনটা অধিক জরুরি? এখানে ‘এ’ অথবা ‘ও’-র মধ্যে ছোটো-বড়ো বলে কিছু হয় না। দুয়ের যৌথসত্তাই হচ্ছে সম্পূর্ণতা। শিল্প সম্পূর্ণতার কথা বলে। দুটোই সমান গুরুত্বপূর্ণ। আঙ্গিক—আপাত পাঠকের চোখ ধাঁধিয়ে অন্ধকারে হারিয়ে যায় এবং বিষয়বস্তুকে পাঠক করুণা করে। ভাবে, ইস! ঠিকভাবে লিখতে পারলে দারুণ হতো। দুয়ের কোনো ক্ষেত্রেই পাঠকের চেতনা আলোকপ্রাপ্ত হয় না।

প্রশ্ন: বক্তব্যের সাহিত্য না সাহিত্যের বক্তব্য—কোনটাতে আপনার বিশ্বাস? সেই বিশ্বাসকে কীভাবে প্রতিষ্ঠা দেওয়া সম্ভব বলে মনে হয়?

সাধন চট্টোপাধ্যায়: আমি সাহিত্যের বক্তব্যে বিশ্বাসী। বক্তব্যের সাহিত্যকে আমার নিছক প্রোপাগান্ডা বলে মনে হয়। এজন্য নিজেকে শিল্পী হিসেবে তপস্যার মধ্য দিয়ে গড়ে তুলতে হয়। মুক্ত মন, শেখবার প্রবণতা এবং গভীর অধ্যয়ন—তিনটি গুণ শিল্পীকে অর্জন করতেই হবে।

প্রশ্ন: যে-কোনো সৃজনশীল লেখার ক্ষেত্রে প্রায়োগিক তত্ত্ব ও তথ্য থাকা কতটা জরুরি বলে মনে হয়? আদৌ কি এগুলো ভাববার দরকার আছে?

সাধন চট্টোপাধ্যায়: দীর্ঘপথ ভ্রমণের আনন্দ ও নিরাপদে পৌঁছনোই যাত্রীর একমাত্র লক্ষ্য। আসলে, এই ভ্রমণের আনন্দের মধ্য দিয়ে সে অর্জন করে একপ্রকার মুক্তি। এই মুক্তি জীবনীশক্তি বাড়িয়ে তোলে। কীভাবে স্টিয়ারিং চালিয়ে পথের বাঁক, খানাখন্দ বাঁচিয়ে, ক্লাচে-ব্রেকে কখন কতটুকু নিয়ন্ত্রণের দরকার—এসব চিন্তা ড্রাইভারের, অর্থাৎ চালকের। তাকে এগুলো জানতেই হবে। সফল প্রয়োগ না হলে তো যাত্রী নিশ্চিন্তে পৌঁছে আনন্দ, মুক্তি ও মানসিক পুষ্টি অর্জনে সক্ষম হবে না।

পাঠক ও লেখকের মধ্যেও চালক ও যাত্রীর সম্পর্ক। চালক যেমন কথায় কথায় স্টিয়ারিংয়ের কৃৎকৌশল জানিয়ে যাত্রীর জানলা দিয়ে প্রকৃতি দেখার আনন্দে বিঘ্ন ঘটায় না, লেখকও তেমনি পাঠককে কোনো জ্ঞান দেন না। লেখক নিজেকে শিক্ষিত করতে না পারলে খানাখন্দে দুর্ঘটনা ঘটাতে পারেন। তাই ইতিহাস, সমাজবিজ্ঞান, রাজনীতি, আইন, রাষ্ট্রচরিত্র নিয়ে লেখকের কিছু তাত্ত্বিক জ্ঞান থাকা অবশ্যই জরুরি। আধুনিক সাহিত্য নিছক চোখে দেখা বা অভিজ্ঞতার ডানায় ভর করে চলে না। বোধ ও কল্পনাশক্তিকে পুষ্ট করতে হয়।

কেউ কেউ চলতি রসিকতায় বলেন, শিশুকে যদি জিজ্ঞেস করা হয়, ‘হরলিক্স তুমি খাও কেন?’ উত্তরে বলবে, ‘এমনি—এমনি খাই।’ ভিতরে শতকরা কোন পুষ্টি কতটুকু আছে, জানার কী দরকার? ঠিকই। কিন্তু শিশু তো হেলথ ড্রিঙ্কটা নির্বাচন করেনি। তাকে খেতে দেওয়া হয়েছিল। যিনি দিচ্ছেন, তিনি শতকরা জেনেই দিচ্ছেন, নইলে নির্বাচন করে বাজার থেকে এ বস্তুটি সংগ্রহ করবেন কেন? লেখক তো কখনও শিশু হতে পারে না।

প্রশ্ন: বর্তমানে প্রকাশিত লিটল ম্যাগাজিনগুলি কি আদৌ লিটল ম্যাগাজিন? আপনার দীর্ঘ লেখালেখির জীবনে লিটল ম্যাগাজিনের যে উত্থান-পতন, বিবর্তন-পরিবর্তন লক্ষ করেছেন, তা যদি একটু আমাদের জানান। আপনার নিজস্ব লেখালেখিতে লিটল ম্যাগাজিনের ভূমিকাকে কীভাবে দেখেন?

সাধন চট্টোপাধ্যায়: লিটল ম্যাগাজিনের কোনো এককেন্দ্রিক সংজ্ঞা নেই। যুক্তির খাতিরে যদি ধরে নিই, লিটল ম্যাগাজিনের নির্দিষ্ট সংজ্ঞা আছে—সময়ের সঙ্গে তা বদলাতে বাধ্য। বুদ্ধদেব বসু নড়বড়ে একটি সংজ্ঞা বানানোর চেষ্টা করেছিলেন। তা বর্তমানের ‘পরিচয়’, ‘অনুষ্টুপ’, ‘নন্দন’ থেকে ‘কবিতীর্থ’, ‘কোরক’, ‘ইস্ক্রা’, ‘কবিপত্র’ ইত্যাদি অসংখ্য চলমান লিটল ম্যাগাজিন বাতিল করে দিয়েছে।

কেউই আজকাল স্বল্পায়ু নয়। তিরিশ, চল্লিশ, পঞ্চাশ পেরিয়ে শতবর্ষের দিকে চলেছে এবং নিয়মিত প্রকাশ পাচ্ছে। ফলে ‘অনিয়মিত’, ‘স্বল্পায়ু’ কথাগুলো এখন অবাস্তব, হাস্যকর।

তবে হ্যাঁ, যৌবনে আমরা লিটল ম্যাগাজিনগুলোতে যে আদর্শ, প্রাণবত্তা ও দ্রোহের চিহ্ন পেতাম, এখন তা স্তিমিত। যেন বদলে যাচ্ছে চিন্তা, রস ও সৃষ্টির নানা মত, নানা ধারা এবং বিভিন্ন বাতাবরণ। না হলে তা কোনো জাতিকে প্রতিনিধিত্ব করতে পারে না। যখন কোনো একচেটিয়া শক্তি, বড়ো হাউস সদম্ভে ঘোষণা করে—বাংলাসাহিত্য-সংস্কৃতি বলতে তারাই একমাত্র অদ্বিতীয়—তখনই লিটল ম্যাগাজিন বিদ্রোহের ধ্বজা উড়িয়ে বড়ো প্রতিষ্ঠানের অসারতা প্রমাণ করতে এগিয়ে আসে। ফলে আদর্শ, গুণমানই তাদের কাছে ধ্রুবতারা হয়ে দাঁড়ায়। কোনো বিখ্যাত নাম, স্টারডম বা জনপ্রিয়তা লিটল ম্যাগাজিনকে প্রলোভিত করতে পারে না। হ্যাঁ, জনপ্রিয়তা ও লেখার গুণমান উপরিপাত ঘটলে লিটল ম্যাগাজিন তাঁদের আহ্বান জানিয়েছে। অতীতে এবং বর্তমানেও।

ক্ষমতা, বিজ্ঞাপন সংগ্রহ, বৃহৎ সংবাদপত্রে কালিক প্রশংসা, প্রাতিষ্ঠানিক পুরস্কার বা পারিবারিক উপার্জনের উৎসস্থল হিসেবে লিটল ম্যাগাজিনকে যদি ব্যবহার করা হয়, আর পত্রিকাটিকে কেন্দ্র করে যত কুৎসিত ধান্দাবাজি চলে, তখন আর লিটল ম্যাগাজিনের পুরোনো গৌরব অক্ষুণ্ণ রাখা যায় না।

গত শতাব্দীর সত্তর-আশি-নব্বই দশকে লিটল ম্যাগাজিনের যে চারিত্রিক গৌরব এবং বৈশিষ্ট্য লক্ষ করতাম, নানা ক্ষেত্রে এখন ঘটে গেছে রূপান্তর। বেশ কিছু লিটল ম্যাগাজিনের সঙ্গে প্রকাশনা ব্যবস্থা, কলেজ স্ট্রিটের ঠিকানা সংযুক্ত হয়েছে। ছোটো ছোটো প্রকাশনা সংস্থা মুদ্রণসৌষ্ঠব ও মূল্যবান কিছু গ্রন্থ প্রকাশনার মধ্য দিয়ে আজ বাণিজ্য ও বিগ হাউস নয়, আবার কট্টরপন্থার লিটল ম্যাগাজিনও নয়—মাঝারি শ্রেণিবিন্যাস ঘটে গেছে। এর ভালো দিক, মন্দ দিক, আদর্শের ধ্বজা—সবকিছুই এখন মিডিয়ার একচ্ছত্র দাপটের সঙ্গে দলীয় গাঁটছড়ার নতুন প্রেক্ষিতে বিচার করতে হবে।

তবে এখন লিটল ম্যাগাজিন নিছক ‘আঁতুড়ঘর’ নয়। তথাকথিত বিগ হাউসের লেখকরাও ঠ্যালায় পড়ে এই ভুবনের আশ্রয় খুঁজছেন। তাই নতুন সংজ্ঞার খোঁজ জরুরি হয়ে পড়ছে।

প্রশ্ন: তথাকথিত বড়ো প্রতিষ্ঠানের লেখক আপনি নন। কোনো আক্ষেপ কাজ করে? বড়ো প্রতিষ্ঠান তো আপনাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারত। বড়ো প্রতিষ্ঠানে লিখতে না পারাটাও কি এক ধরনের সীমাবদ্ধতা নয়? আপস কোথায় করতে হয় না? কোথাও কম, কোথাও বেশি?

সাধন চট্টোপাধ্যায়: লেখার বিষয়ে আজ অবধি কোনো আপস আমায় করতে হয়নি। কম কিংবা বেশি—কোনো কিছুই নয়। মনে পড়ছে, আশির দশকে বামপন্থার রমরমায়, একটি বৃহৎ বামপন্থী সংগঠনের শারদীয়াতে উপন্যাস নিয়ে শেষ পর্যন্ত ছাপেনি। কৈফিয়তে বলেছে, ওটা ছাপলে আসন্ন নির্বাচনে তাদের দলীয় ক্ষতি হতে পারে। ভদ্রতার খাতিরে বাতিল লেখাটির কম্পোজ করা রূপটি আমার ফিরিয়ে দিয়েছিল এবং তা থেকেই প্রখ্যাত একটি প্রকাশক গ্রন্থাকারে উপন্যাস প্রকাশ করে দেয়। একবিংশ শতাব্দীতে এসে তারাই আমার গল্প ফের আমন্ত্রণ জানিয়ে ছাপছে। বৃহৎ একটি বামপন্থী সাহিত্য পত্রিকা আমন্ত্রিত শারদগল্প বাদ দিয়ে দিল। ফোনে কারণটুকুও জানায়নি। পত্রিকা বাজারে বেরোলে খোঁজ নিয়ে জানলাম, আমার গল্পটি ছাপালে নন্দীগ্রাম-সিঙ্গুর নিয়ে তাদের সমর্থকদের মধ্যে ভুল বার্তা যেত। পরে সে পত্রিকা আমার উপন্যাস-গল্প নিয়মিত ছাপছে, আমি আমার কোনো অবস্থান বদলাইনি।

বড়ো প্রতিষ্ঠানে না-লিখতে পারাকে সীমাবদ্ধতা মনে করি না আমি। বড়ো প্রতিষ্ঠানে পঞ্চাশটির বেশি গল্প, উপন্যাস লিখেও বাংলা সাহিত্যের অবগুণ্ঠনে চলে গেছেন, এক্ষুনি এমন খানেক লেখকের নাম উল্লেখ করতে পারি। আবার সেখানে না লিখেও পাঠক লেখকের সাহিত্যকে বাঁচিয়ে রেখেছে—এমন উদাহরণও বিরল নয়। একে একে দুইয়ের মতো এ কেমিস্ট্রি অত সহজ নয়।

আমি বড়ো প্রতিষ্ঠানে লিখলে আরও জনপ্রিয় ও বেশি পাঠক পেতাম কি না, এ নিয়ে আজ ভাবনা নেই আমার। উলটে ভাবি, বড়ো প্রতিষ্ঠান তাদের বৃহৎ পাঠকবর্গকে আমার লেখা থেকে বঞ্চিত করেছে।

প্রশ্ন: আপনি সম্পাদনা করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ও পত্রপত্রিকার বিশেষ সংখ্যা। বর্তমানে ‘পরিচয়’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সঙ্গে যুক্ত। বিচিত্র এই সম্পাদনার অভিজ্ঞতা নিয়ে যদি কিছু বলেন।

সাধন চট্টোপাধ্যায়: নানা সম্পাদনার দায়িত্বে থেকে অভিজ্ঞতা হয়েছে, সম্পাদনার কাজটি খুবই দুরূহ এবং পরিশ্রমসাধ্য। এ পরিশ্রম প্রায় সকলেই এড়িয়ে চলে বলে বাংলায় প্রকৃষ্ট সম্পাদনার কাজ নেই। নিজেকেও আমি এই অসম্পূর্ণতার দোষ থেকে মুক্ত রাখতে চাই না। কোনো সম্পাদনার কাজ অবিচ্ছিন্ন স্বাধীনতা ও নিঃস্বার্থভাবে করা যায় না। দুই মলাটের মধ্যে কিছু সংকলিত করলেই সম্পাদনা বোঝায়। আমার মনে হয়, অনুবাদ ও সংকলন করবার নিয়মিত ওয়ার্কশপ দরকার। চাই যথেষ্ট অর্থব্যয়। চটজলদি, কম খরচে, বাজিমাত করার প্রবণতাই শতকরা পঁচানব্বই ভাগের। আর সংকলকরাও খানিকটা ক্ষমতা লাভ করে খুশি। বৃহৎ দায়বদ্ধতা বোধ করেন না।

প্রশ্ন: আপনি তো অনেক পুরস্কার পেয়েছেন—পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিমস্মৃতি পুরস্কার, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎ পুরস্কার, ‘নাগপাশ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে বিএফজেএ পুরস্কার এবং আরও আছে। এই স্বীকৃতি কি যথেষ্ট বলে মনে হয়? তাছাড়া পুরস্কার নিয়ে যেভাবে চারদিকে বিতর্ক ওঠে…

সাধন চট্টোপাধ্যায়: মানুষের সত্তায় কি স্বীকৃতির চাওয়া-পাওয়ার কোনো সীমা আছে? যথেষ্ট হয় কখনও? মানুষের জমির লোভের মতো। লিও টলস্টয়ের বিখ্যাত গল্পটি—মানুষের বেঁচে থাকতে কত জমির প্রয়োজন?—এর মতো, সূর্য ডোবার শেষ মুহূর্তেও বেচারা কৃষক বাড়তি দু-পাক বেশি ঘোরার কথা ভাবে।

মোদ্দা কথা, কোনো পুরস্কারই লেখককে বাঁচিয়ে রাখতে পারে না। তবু তা পেতে গিয়ে কত জটিল থেকে জটিলতর রাজনৈতিক গেম সাজাতে হয় বা সাজিয়ে তোলে নানা ব্লক, গোষ্ঠী, দলীয় পরিচয়।

আসল কথা, কোন লেখককে সাহিত্যসাধকেরা কতটা কাল জুড়ে মনে রাখবেন, তা কখনও কোনো পুরস্কার দ্বারা নির্ধারিত হতে পারে না। আমরা তো গুগল না ঘেঁটে বলতে পারব না ২০০০ সালে কে সাহিত্যে নোবেল পেয়েছিলেন; কিন্তু টলস্টয় বা গর্কিকে মনে রেখে দিয়েছি—খোঁজ রাখি না তাঁরা উক্ত পুরস্কারটি আদৌ পেয়েছিলেন কি পাননি।

প্রশ্ন: বয়স সত্তর পেরিয়ে এসে—আজকের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ধর্ম ও আধ্যাত্মিকতার বোধ আপনাকে কীভাবে ভাবায়? লেখালেখিতে তার প্রভাব কতখানি?

সাধন চট্টোপাধ্যায়: আজকের বলে নয়, মানুষ তার অন্তর্মানুষের অস্তিত্বকে ক্রমাগত পরিশুদ্ধ করে যেতে ধর্ম বা অধ্যাত্মবাদকে অবলম্বন করবেই। তা কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের ভার নয়। এটাই মানবতন্ত্রের চিরকালীনতার যাত্রা। লেখকের কোনো বড়ো সৃষ্টির মধ্যে এই বোধ লীন হয়ে থাকে। আমার ক্ষেত্রেও তাই। ব্রহ্মাণ্ডের ডার্ক ম্যাটারের মতো সহজে চোখে পড়বে না। এ অনুভব সত্তর পেরিয়ে ক্রমশ আমাকে একপ্রকার চৌম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে যাচ্ছে।

প্রশ্ন: একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কী? এই পরিপ্রেক্ষিতে বুদ্ধিজীবীদের অবস্থান নিয়ে যদি দু-চার কথা বলেন।

সাধন চট্টোপাধ্যায়: রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যত কম বলা যায়, ততই আতঙ্ক থেকে বাঁচোয়া। বুদ্ধিজীবী? পশ্চিমবঙ্গে? হাঃ হাঃ! হাঃ!

প্রশ্ন: আপনার নিজের কোন লেখা সবচেয়ে প্রিয়? জানি, এরকমভাবে বাছা কঠিন। তবু বিশেষ কারণে কোনো লেখার প্রতি কি একটু বেশি দুর্বলতা আছে? কেনই বা সে দুর্বলতা?

সাধন চট্টোপাধ্যায়: না। আমার কোনো লেখার প্রতিই এমন পক্ষপাতিত্ব জন্মায়নি। বরং কিছু লেখা আছে, বর্তমানে ভাবি, না লিখলেও চলত।

প্রশ্ন: যে লেখা লিখতে চেয়েছিলেন অথচ এখনও লেখা হয়ে ওঠেনি—যে আক্ষেপ এখনও তাড়িয়ে বেড়ায়—যে স্বপ্ন এখনও ঘুম ভাঙিয়ে দেয়…

সাধন চট্টোপাধ্যায়: বটেই। বয়স যত গড়াচ্ছে, আক্ষেপ বাড়ছে। জীবনের রৌদ্রকরোজ্জ্বল দিন চলে গেল, বিকেল নামছে, অথচ আদিগন্ত মাঠের এখনও বিপুল ফসল তোলা হল না। কিছুটা অনিদ্রারোগে আক্রান্ত হচ্ছি সম্প্রতি। অবচেতনের জন্যই হয়তো! ধন্যবাদ। তোমার প্রশ্নগুলোয় কেন জানি নিজের দিকে গভীর দৃষ্টিতে তাকাবার সুযোগ পেলাম!


উৎস-ঋণ: সাক্ষাৎকারটি চিহ্ন ফাউন্ডেশন থেকে ঋণস্বীকারপূর্বক এখানে সংকলিত ও সম্পাদিত। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top