মুগ্ধতার অধিকার ও পুনর্নিরীক্ষণের দায়
সঞ্জয় মুখোপাধ্যায়ের শক্তি-পাঠের প্রস্তাব
অনিশ রায়
কোনো কবিকে আবিষ্কার করার চেয়েও কঠিন কাজ তাঁকে পুনরাবিষ্কার করা। আবিষ্কারের মধ্যে বিস্ময় থাকে, পুনরাবিষ্কারের মধ্যে থাকে বোধের অবিশ্রাম শ্রম। আবিষ্কার আমাদের কাছে কবিকে নিয়ে আসে, পুনরাবিষ্কার তাঁকে আমাদের অভ্যস্ত দৃষ্টির বাইরে স্থাপন করে। শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়ের বক্তব্য এই দ্বিতীয় কাজেরই এক তাৎপর্যপূর্ণ প্রয়াস। এখানে শক্তির কবিতার প্রতি মুগ্ধতা আছে, কিন্তু সেই মুগ্ধতা আত্মসমর্পণ নয়; শ্রদ্ধা আছে, কিন্তু শ্রদ্ধার প্রচলিত আনুষ্ঠানিকতা নেই। বরং আলোচনার শুরু থেকেই এক ধরনের সংশয়, এক ধরনের আত্মসংযম, এমনকি নিজের মুগ্ধতাকেও প্রশ্ন করার প্রবণতা কাজ করে গেছে। এই আত্মগত প্রশ্নের মধ্যেই আলোচনার সমালোচনামূলক স্বাতন্ত্র্য।
সঞ্জয় মুখোপাধ্যায়ের যে বাক্য এই আলোচনার প্রবেশদ্বার খোলে, তা—“অতিরিক্ত সম্বর্ধিত বলেই আমার আশঙ্কা হয়।” কবিকে অতিরিক্ত সম্মান জানানো হচ্ছে, অথচ সেই সম্মানই কি তাঁর যথার্থ পাঠের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? শক্তির কবিত্ব সম্পর্কে বক্তার কোনো সংশয় নেই; সংশয় রয়েছে তাঁকে ঘিরে তৈরি হওয়া সাংস্কৃতিক পরিসর সম্পর্কে। তাঁর আশঙ্কা, এত বন্দনা, এত স্মরণ, এত প্রচার, এত সামাজিক পুনরাবৃত্তির পরে শক্তিকে দেখার জন্য যে ‘অনাহত মুগ্ধতাবোধ’ প্রয়োজন, তার অবকাশ আর অবশিষ্ট আছে কিনা! এই প্রশ্ন ঠিক ব্যক্তিগত সাংস্কৃতিক রুচির নয়। এর মধ্যে নিহিত আধুনিক সংস্কৃতির এক গভীর সংকট: কোনো সৃষ্টিশীল মানুষ যখন ক্রমাগত উদ্যাপিত হতে থাকেন, তখন তাঁর সৃষ্টির সঙ্গে আমাদের প্রত্যক্ষ সম্পর্ক ক্রমশ ক্ষীণ হয়ে আসে। শিল্পীসত্তা দূরে থেকে যান, তাঁর প্রতিমূর্তি বড়ো হয়ে ওঠে; কবিতা আড়াল থেকে যায়, কিন্তু বদলে প্রচলিত হতে থাকে কবির সামাজিক কিংবদন্তি।
এইখানে সঞ্জয় মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া ‘মিডিয়া-নন্দিত শক্তিচর্চা’-র দিকে দৃষ্টি ফেরান। শক্তির জনপ্রিয়তায় তাঁর আপত্তি নয়; আপত্তি জনপ্রিয়তার সেই সাংস্কৃতিক ব্যবস্থায়, যেখানে একজন কবির সমগ্র সৃষ্টিকে পরিচিত ভঙ্গি, বহুল প্রচারিত ছবি, স্মরণযোগ্য উক্তি এবং নির্দিষ্ট জীবনযাপনের উপাখ্যানে সংকুচিত করে ফেলা হয়। কবির জীবন তখন কবিতার বিকল্প হয়ে ওঠে। পাঠের জায়গা নেয় স্মৃতিচারণ, ভাবনার জায়গা নেয় আবেগের পুনরুৎপাদন। অথচ কবিকে জানার একমাত্র নির্ভরযোগ্য পথ তাঁর কবিতা। কবির ব্যক্তিজীবন তাঁর কবিতার প্রেক্ষিত হতে পারে, কিন্তু কবিতার ব্যাখ্যার চূড়ান্ত শিল্প-বিচারক নয়।
সঞ্জয়বাবুর আলোচনায় তাই বারবার ফিরে আসে ‘পুনর্নিরীক্ষণের’ প্রয়োজন। তিনি স্পষ্টই বলেন, “আমার মনে হয় যে এখন তাঁর পুনর্নিরীক্ষণের সময়।” এই পুনর্নিরীক্ষণের প্রস্তাব শক্তিকে খাটো করে না, তাঁর প্রতিষ্ঠিত মর্যাদাকে অস্বীকারও করে না। বরং তাঁর কবিতার প্রকৃত ঐতিহাসিক ভূমিকা, ভাষাগত অবদান এবং নন্দনতাত্ত্বিক অবস্থানকে নতুন করে বিবেচনা করতে চায়। শক্তির কবিতা যে ‘আমাদের ভাষাকে সমৃদ্ধশালী করে তুলেছে’, সে কথা তিনি অকপটে স্বীকার করেন। কিন্তু পাশাপাশি তিনি দেখতে চান, শক্তির কবিতার যে ভঙ্গুর তটরেখা, যে বিপজ্জনক ও অনিশ্চিত সৃষ্টিপ্রক্রিয়া, তা পরবর্তীকালে কতখানি অনুধাবিত হয়েছে। কোনো কবির প্রভাব যত বিস্তৃত হয়, তাঁর প্রকৃত সৃষ্টিশীল অর্জন তত সহজে অনুকরণের উপাদানে পরিণত হতে পারে। শক্তির ক্ষেত্রেও কি তেমন ঘটেনি? তাঁর কবিতার অন্তর্গত বিপন্নতা, ভাষার অপ্রত্যাশিত বাঁক, অস্তিত্বের অস্থিরতা—এসবের বদলে আমরা কি কেবল তাঁর কবিসুলভ ব্যক্তিত্বের বহিরঙ্গকে গ্রহণ করছি?
এই প্রশ্নের সঙ্গে যুক্ত হয়েছে বাংলা কবিতার ইতিহাস সম্পর্কে সঞ্জয় মুখোপাধ্যায়ের বৃহত্তর বিবেচনা। রবীন্দ্রনাথের পর জীবনানন্দের আবির্ভাব বাংলা কবিতার শরীর ও ভাষায় যে গুণগত পরিবর্তন ঘটিয়েছিল, তার প্রসঙ্গ তিনি উত্থাপন করেন। জীবনানন্দের কবিতায় শরীর, ইন্দ্রিয়, প্রকৃতি ও অস্তিত্বের যে নতুন অভিজ্ঞতা-মণ্ডল নির্মিত হয়েছিল, তা বাংলা কবিতার উত্তর-যাত্রাকে অন্য মাত্রা দিয়েছিল। পরবর্তী কবিতার ইতিহাসকে বিচ্ছিন্ন কবি-প্রতিভার আবির্ভাব দিয়ে বোঝা যায় না; বুঝতে হয় ধারাবাহিকতা, প্রতিক্রিয়া এবং অন্তর্গত রূপান্তরের সম্পর্ক দিয়ে। রবীন্দ্রবিরোধিতা কিংবা পূর্বসূরিকে অস্বীকার করার কৌশল কোনো কবির ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করে না। ইতিহাসে নতুন হওয়ার অর্থ পূর্ববর্তীকে মুছে ফেলা নয়; বরং পূর্ববর্তী অভিজ্ঞতার ভিতরেই এমন এক সম্ভাবনার জন্ম দেওয়া, যা আগে সম্পূর্ণভাবে দৃশ্যমান ছিল না।
এই ইতিহাসচেতনার সূত্রেই শক্তির কবিতার ‘অস্তিত্ব সংক্রান্ত বিক্ষোভ’ বিশেষ তাৎপর্য লাভ করেছে, সন্দেহ নেই। সঞ্জয় মুখোপাধ্যায় নজরুলের অপরিকল্পিত বিদ্রোহের সঙ্গে শক্তির এই বিক্ষোভের তুলনামূলক সম্পর্ক স্থাপন করেন। নজরুলের বিদ্রোহ যেমন বাংলা কবিতায় এক নতুন সম্ভাবনার দরজা খুলেছিল, শক্তির অস্তিত্বমুখী অস্থিরতাও তেমনভাবে কবিতার অভ্যস্ত পরিকাঠামোকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এখানেই সেই জরুরি পার্থক্যের ভাবনা আসে। বিক্ষোভ আর বিপ্লব কি সমার্থক? প্রচলিত জীবনবিধি, সামাজিক শৃঙ্খলা কিংবা অস্তিত্বের আরোপিত নিয়মের বিরুদ্ধে একজন কবির তীব্র প্রতিবাদ তাঁকে বিদ্রোহী করে তুলতে পারে; কিন্তু সেই বিদ্রোহ কবিতার ইতিহাসে বিপ্লব ঘটিয়েছে কিনা, তা নির্ধারিত হয় ভিন্ন মাপকাঠিতে। বিপ্লবের জন্য শুধু অস্বীকারের সাহস যথেষ্ট নয়; প্রয়োজন ভাষা, আঙ্গিক, কাব্যবোধ ও উত্তরসূরির সম্ভাবনার এমন রূপান্তর, যার পরে কবিতার পুরোনো অভ্যাসে অবিকল ফিরে যাওয়া অসম্ভব হয়ে ওঠে।
এইখানেই শক্তি সম্পর্কে সঞ্জয়বাবুর অন্যত্র বলা আপাত কঠিন, অথচ জরুরি সমালোচনামূলক ভাবনাও আনা যায়—শক্তি প্রতিভাবান, কিন্তু বিপ্লবী নন। এই দৃষ্টিও শক্তির কাব্য-ক্ষমতার অস্বীকৃতি নয়; বরং প্রতিভা ও বিপ্লবের মধ্যবর্তী দূরত্বকে বুঝে নেওয়ার চেষ্টা। প্রতিভা কোনো কবিকে তাঁর স্বতন্ত্র কণ্ঠ, অভাবনীয় সংবেদন, ভাষার আশ্চর্য অধিকার এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে শিল্পে রূপান্তরের বিরল ক্ষমতা দেয়। বিপ্লবের দাবি আরও গভীর: সেই ব্যক্তিগত অর্জনকে এমন এক ঐতিহাসিক রূপান্তরে পরিণত হতে হয়, যা কেবল কবির নিজস্ব কাব্যভুবনকে নয়, কবিতার সামগ্রিক ভাষা ও ভবিষ্যৎ সম্ভাবনাকেও বদলে দিতে পারে। শক্তির কবিতায় অস্তিত্বের যে অস্থিরতা, মুহূর্তের যে বিদ্যুৎপ্রবাহ, সৌন্দর্য ও ক্ষয়ের যে নিবিড় সহাবস্থান—তা তাঁর অসামান্য প্রতিভার সাক্ষ্য। কিন্তু সেই তীব্র ব্যক্তিগত কাব্যলোক বাংলা কবিতার ইতিহাসে কতখানি স্থায়ী কাঠামোগত পরিবর্তন ঘটিয়েছে, প্রশ্ন সেখানেই। শক্তিকে বড়ো করে দেখার জন্য তাঁকে বিপ্লবী বলতেই হবে, এমন কোনো দায় সমালোচকের নেই। যদিও তাঁর প্রতিভার স্বরূপ নির্ণয়ের জন্য এই পার্থক্য-ও জরুরি।
আবার সঞ্জয় মুখোপাধ্যায় শক্তিকে কেবল ধ্বংসের কবি হিসেবে দেখতে রাজি নন। তাঁর বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য—“সৌন্দর্যের নাশক নন, সৌন্দর্যের রচয়িতা।” শক্তিকে ঘিরে যে বিদ্রোহী, বোহেমিয়ান, প্রচলিত নন্দনতত্ত্ব-বিরোধী কবির প্রতিমূর্তি তৈরি হয়েছে, এই বাক্য তার সরলীকরণকে প্রতিহত করে। শক্তি প্রচলিত সৌন্দর্যবোধের সঙ্গে সংঘাতে গিয়েছেন, কিন্তু সৌন্দর্যকে অস্বীকার করেননি। উপরন্তু সৌন্দর্যের অন্য এক সম্ভাবনা নির্মাণ করেছেন। তাঁর কবিতায় সৌন্দর্য সবসময় মসৃণ, সুসংহত, সুপরিচ্ছন্ন নয়; কখনো তা ক্ষতবিক্ষত, কখনো অস্থির, কখনো মৃত্যুর নৈকট্যে দীপ্ত। কিন্তু সেই দীপ্তির মধ্যেও নির্মাণের আকাঙ্ক্ষা আছে। এই নির্মাণের ক্ষমতাই তাঁর প্রতিভার এক উজ্জ্বল স্বাক্ষর। তবে সৌন্দর্যের নতুন রূপ নির্মাণ করা আর কবিতার ইতিহাসে বিপ্লব ঘটানো এক কথা নয়। প্রথমটি কবির সৃষ্টিশীল স্বাতন্ত্র্যের পরিচয়; দ্বিতীয়টি তাঁর সৃষ্টির বহির্গামী ঐতিহাসিক অভিঘাতের সক্ষমতা। এই দুইয়ের পার্থক্য অক্ষুণ্ণ রাখলেই শক্তির কাব্যসত্তাকে তার যথার্থ জটিল এবং গভীরতায় দেখা সম্ভব।
সঞ্জয় মুখোপাধ্যায় শক্তিকে চিহ্নিত করেন—“তিনি মুহূর্তের কবি, তাৎক্ষণিকতার কবি।” এই তাৎক্ষণিকতা অবশ্যই তুচ্ছ অর্থে ক্ষণস্থায়ী আবেগ নয়। মুহূর্ত এখানে সময়ের বিশেষ ঘনত্ব, যেখানে নশ্বর জীবন হঠাৎ নিজের গভীরতম সত্যের মুখোমুখি হয়। মধ্যরাত্রির একাকিত্ব, মৃত্যুর উপস্থিতি, আকস্মিক প্রেম, বিচ্ছেদ, শরীরের স্মৃতি—এই সব অভিজ্ঞতা শক্তির কবিতায় এমনভাবে এসে উপস্থিত হয়, যেন সেই মুহূর্ত তার ক্ষণস্থায়িত্ব অতিক্রম করে অস্তিত্বের এক স্থায়ী চিহ্ন হয়ে উঠেছে। সঞ্জয়বাবুর ভাষায়, কবি সেই মানুষ, যিনি ‘তার শব্দের সীমা অতিক্রম করতে পারেন’। কবিতার শব্দ তখন কেবল অর্থ বহন করে না; শব্দের নিজস্ব সীমা ভেঙে তার বাইরে থাকা এক অনুভবের দিকে পাঠককে নিয়ে যায়। এই অতিক্রমণের শক্তিই কবিতার গভীরতম ঘটনা। শক্তির প্রতিভা এই মুহূর্তকালীন অভিজ্ঞতাকে এমন এক সংবেদনে রূপ দিতে পারে, যা পাঠকের ব্যক্তিগত স্মৃতিরও অংশ হয়ে ওঠে। কিন্তু মুহূর্তকে অসামান্যভাবে অধিকার করা আর সময়ের কাব্যভাষা বদলে দেওয়া একই অর্জন নয়। হয়তো শক্তির কবিতার স্বাতন্ত্র্য এই দুইয়ের মাঝখানে—তিনি আমাদের অনুভবের গভীরে প্রবেশ করেন, অথচ তাঁর সেই প্রবেশকে সরল কোনো কাব্য-বিপ্লবের সূত্রে বাঁধা যায় না।
তবু এই আলোচনার সবচেয়ে স্পর্শগত জায়গা শক্তির কাব্যপ্রতিভার প্রশংসায় নয়, তাঁর গ্রহণযোগ্যতার ভবিষ্যৎ নিয়ে উচ্চারিত আশঙ্কায়। সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, “তিনি হয়ে উঠেছেন পঞ্চাশের শ্রেষ্ঠ কবি।” অথচ এর পরেই তাঁর কণ্ঠে শোনা যায় এক গভীর বেদনা—“অথচ তাঁর যা শ্রেষ্ঠ কবিতা, সেগুলোকে আর কোনোদিনই পড়া হবে না।” এই বাক্যে যেন সমগ্র আলোচনার অন্তর্গত ট্র্যাজেডি ঘনীভূত হয়েছে। যে কবি তাঁর সময়ের কবিতাকে নতুন অভিজ্ঞতা দিয়েছেন, তাঁর শ্রেষ্ঠ কবিতাই হয়তো পরবর্তী পাঠকের কাছে বিস্মৃতপ্রায় হয়ে পড়বে; পাঠক গ্রহণ করবে কবির সহজে উপভোগ্য, বহুল প্রচারিত, সামাজিকভাবে পরিচিত অবয়বটুকু। কবিতার বদলে কবির কিংবদন্তি টিকে থাকবে। এই আশঙ্কা কেবল শক্তির নয়, সমগ্র সাহিত্য-সংস্কৃতির।
‘সোনালি তরল’-এর প্রসঙ্গ তাই কবিতার সামাজিক ব্যবহারের এক তীক্ষ্ণ সাংস্কৃতিক রূপক হয়ে ওঠে। সঞ্জয়বাবুর পর্যবেক্ষণে, বাঙালি কবিতা দিয়ে অনেক সময় “সোনালি তরলের সন্ধ্যাকে আরও বেশি মদির করে তোলার একটা উপকরণ” বানিয়ে তোলে। কবিতা তখন আর আত্মজিজ্ঞাসার ক্ষেত্র থাকে না, তখন তা অবসরের আলংকারিক বিনোদন। অথচ যে জাতির ‘কোনো অবসরই নেই’, যে প্রতিমুহূর্তে ‘নিত্য নতুন চমৎকারিত্বের’ দিকে ধাবমান, তার কাছে কবিতা, জনপ্রিয় সিনেমা, মেগা সিরিয়াল কিংবা ফিশ কবিরাজি—সব একই ভোগ্য-সাংস্কৃতিক প্রবাহে মিশে যায়। এই মন্তব্যে সঞ্জয় মুখোপাধ্যায় আসলে আমাদের পাঠাভ্যাসের সংকটকেই চিহ্নিত করেন। আমরা কবিতাকে পড়ি কি? নাকি কবিতার সঙ্গে নিজেদের অবসরযাপনের পরিচিত ছবি জুড়ে নিই? আমরা কবির কাছে যাই, নাকি কবিকে ব্যবহার করি নিজেদের সাংস্কৃতিক আত্মপরিচয়ের সাজসজ্জা হিসেবে?
আলোচনার শেষভাগে তাই শক্তির জন্মদিনের স্মরণ এক অস্বস্তিকর প্রশ্নে এসে দাঁড়ায়: “একজন কবি মিডিয়ার মধ্যে কীভাবে ডুবে যেতে পারেন?” এবং সেই ডুবে যাওয়ার পরে তাঁর ‘পুনরুত্থান ক্রমশই বিপদসঙ্কুল’ হয়ে ওঠে কেন? এ-কথা বিস্মৃত কবির পুনরাবিষ্কার বোঝায় না; বোঝায় প্রচার ও প্রতিমূর্তির স্তর ভেদ করে কবিতার কাছে ফিরে যাওয়ার কঠিন কাজ। যে কবিকে আমরা প্রতিদিন স্মরণ করি, তাঁকেই হয়তো নতুন করে পড়তে ভুলে যাই। যে কবির নাম উচ্চারণে আমাদের সাংস্কৃতিক আত্মতৃপ্তি জন্মায়, তাঁর কবিতার সামনে দাঁড়ালে সেই আত্মতৃপ্তিই ভেঙে যেতে পারে।
সঞ্জয় মুখোপাধ্যায়ের এই আলোচনা তাই শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে আরেকবার জন্মদিনের বন্দনা নয়। বন্দনার ভিতর থেকে পাঠের অধিকার উদ্ধার করার প্রয়াস। তাঁর সংশয় আসলে কবির প্রতি অনাস্থা নয়; কবির প্রতি অধিকতর দায়বদ্ধতা। মুগ্ধতাকে অক্ষত রাখতে হলে তাকে বহুল প্রচারের কোলাহল থেকে উদ্ধার করতে হয়, জনপ্রিয়তার আবরণ সরিয়ে শুধুমাত্র কবিতার কাছে ফিরে যেতে হয়। শক্তি চট্টোপাধ্যায়কে পুনরায় পাঠ করা তাই কবিকে কেবল স্মরণ করা নয়। বাংলা কবিতার ইতিহাস, তার নন্দনচেতনা, তার অস্তিত্বমুখী বিক্ষোভ এবং আমাদের নিজেদের পাঠকসত্তাকে নতুন করে পরীক্ষা করা। আর সেই পরীক্ষায় শক্তিকে প্রতিভাবান অথচ বিপ্লবী নন বলে ভাবার সম্ভাবনাও তখন মর্যাদা হ্রাস করে না; বরং তাঁকে কিংবদন্তির অতিরঞ্জন থেকে মুক্ত করে কবিতার কঠিন, নির্দিষ্ট, ঐতিহাসিক শিল্প-বিচারের সামনে ফিরিয়ে আনে। তাই প্রয়োজন সঞ্জয় মুখোপাধ্যায়ের প্রস্তাবিত ‘পুনর্নিরীক্ষণ’; প্রয়োজন এমন এক দৃষ্টি, যা কবিকে ভালোবাসে বলেই তাঁর সম্পর্কে প্রচলিত প্রতিষ্ঠিত সমস্ত সহজ সিদ্ধান্তকেও সন্দেহ করতে পারে।

