সঞ্জয় মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার | বিজ্ঞান, সাহিত্য ও সিনেমা

সাক্ষাৎকার : সঞ্জয় মুখোপাধ্যায়

বিজ্ঞান, সাহিত্য, সিনেমা ও সংস্কৃতির আন্তঃসম্পর্কে এক দীর্ঘ আড্ডা

সাক্ষাৎকারগ্রহণ : ‘কথা’ গ্রুপ
প্রকাশ : ২৬ মার্চ, ২০১২

সিনেমা দেখতে ভালোবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। আমরাও (‘কথা’ গ্রুপ) তার ব্যতিক্রম নই। বেশ কয়েক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল, সিনেমা সম্পর্কে অভিজ্ঞ কারও সঙ্গে একটু আড্ডা দেওয়ার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণারত আমাদের এক বন্ধু পরামর্শ দিল, এ বিষয়ে সাহস করে যোগাযোগ করা যেতে পারে একমাত্র সঞ্জয়দার সঙ্গেই।

সঞ্জয় মুখোপাধ্যায়। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক। সাধারণ বাঙালি তাঁর মুখ চেনে শুধু চলচ্চিত্রের সূত্রে নয়, বিভিন্ন বিষয়ে তাঁর লেখালেখি এবং সম্প্রতি আনন্দবাজারে প্রকাশিত তাঁর ব্লগের সুবাদেও।

তাঁর সঙ্গে যোগাযোগ করায় তিনিও আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়ে গেলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর ঘরেই এক বিকেলে সাক্ষাৎকারের সময় নির্ধারিত হলো। আড্ডার শুরুতেই আমরা অনেকটা চাপমুক্ত হয়ে গেলাম, তাঁকে ‘সঞ্জয়দা’ সম্বোধন করার অনুমতি পেয়ে। আমাদের মতো অর্বাচীনের দলকে দেখে প্রথমেই বোধহয় বুঝেছিলেন, এদের অস্বস্তিটা কাটিয়ে দিতে হবে। হয়তো বহুদিনের শিক্ষকতার অভিজ্ঞতার জন্যই, মিনিটখানেকের মধ্যেই প্রশ্ন এল—আমরা ঠিক কেন তাঁর প্রতি উৎসাহ দেখাচ্ছি? ঢোক গিলে তার উত্তর দেওয়ার আগেই আবার প্রশ্ন। তারপর আরও প্রশ্ন।

কিছু বোঝার আগেই কখন যেন আমরা গল্প করতে শুরু করেছি। প্রশ্ন করছি, শুনছি—সাক্ষাৎকার কোথায়, জমাটি আড্ডা বসে গেল! তার মধ্য থেকে অতি সামান্য কিছু অংশ এখানে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। বাকিটা? জানতে গেলে আমাদের সঙ্গে আড্ডা দিতে আসুন একদিন।


বিজ্ঞান ও সাহিত্যের সম্পর্ক : দুই জগতের মধ্যে কোনও বিভাজনরেখা আছে কি?

আমরা অনেকেই পদার্থবিদ্যায় গবেষণারত জেনে উৎসাহের সঙ্গে জানালেন, একসময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে প্রথাগত ডিগ্রি অর্জন করেও সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই ফিল্ম স্টাডিজের মতো সম্পূর্ণ ভিন্ন ধারায় চলে এসেছেন।

‘কথা’র প্রশ্ন—যে বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন এবং যে বিষয় নিয়ে কাজ করছেন বা পড়াচ্ছেন, এই দুয়ের মধ্যে ওভারল্যাপ কতটা?

সঞ্জয়দার মতে, এ দুয়ের সম্পর্ক বেশ কার্যকরী, বলা যায় এক জৈব সম্পর্ক।

কথা প্রসঙ্গে বললেন, রেনেসাঁ আমাদের শিখিয়েছে, মানুষ সভ্যতার শ্রেষ্ঠ জীব। কাজেই মানুষের দেখা বা দেখানোটাই শ্রেষ্ঠ হবে। এই দেখানোর প্রসঙ্গে রেনেসাঁর অন্যতম প্রবক্তা লিওনার্দো দা ভিঞ্চি যেভাবে আমাদের দেখতে শিখিয়েছেন, সেটাই আমাদের মূল দেখার ধরন হয়ে উঠেছে।

একটা বস্তুকে দেখতে গেলে প্রথমেই মনে গভীরতার বোধ তৈরি করতে হয়। দ্বিমাত্রিক ক্যানভাসে যেখানে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, সেখানে গভীরতার জায়গা আমরা তৈরি করি একটা পরিপ্রেক্ষিত অনুসরণ করে। আমাদের বোঝাটা নির্ভর করে আপাতভাবে যে বাস্তবকে আমরা দেখতে পাচ্ছি, তার ওপর।

সঞ্জয়দা মনে করেন, গত শতাব্দীর প্রথম তিনটি দশকে ‘বাস্তব কী?’—এই প্রশ্নের উত্তর বিজ্ঞান যেভাবে দিতে চেয়েছিল বা পেরেছিল, সাহিত্যে তার প্রতিফলন প্রায় অনুপস্থিত। জীবনানন্দ দাশ ছাড়া আর কোনও বাঙালি কবি বা লেখক এই প্রসঙ্গগুলো নিয়ে খুব বেশি আলোচনায় লিপ্ত হননি।

ওঁর ভাষায়—

“জীবনানন্দ দাশ মূল যে বিপ্লব ঘটালেন, তা হলো আমাদের দেখার চোখ পাল্টে দিলেন বা দেখার চোখের দিকে আবেদন জানালেন।”

পৃথিবীর অন্যান্য দেশের শিল্পীরাও এই কাজ করেছেন। তাঁর মতে, দেখার এই রকমফের তাত্ত্বিক পদার্থবিদ্যায় যতটা অনুভূত হয়েছে, অন্য কোনও শাখায় ততটা হয়নি।

বিজ্ঞানশিক্ষা যেভাবে তাঁর দৃষ্টিভঙ্গি ও চিন্তার ধরনকে প্রভাবিত করেছে, তাতে ফিল্ম, সাহিত্য বা অন্যান্য শিল্পমাধ্যমকে তিনি অন্যভাবে দেখতে পেরেছেন। তাঁর ব্যক্তিগত মত, একজন আধুনিক মানুষের বেঁচে থাকায় সাহিত্য আর বিজ্ঞানকে আলাদা করা অর্থহীন।

আমরা জানতে চাইলাম, এর উল্টোটাও কতখানি সত্য? অর্থাৎ, আর্টসের পটভূমি থেকে আসা কোনও মানুষ পরবর্তীকালে বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠলে তাঁর পূর্ববর্তী শিক্ষা কীভাবে সাহায্য করতে পারে? দুটি সম্পূর্ণ ভিন্ন মাধ্যম থেকে আসা মানুষের world view কি এর মাধ্যমে এক জায়গায় মিলিত হতে পারে?

উনি মনে করেন, বিজ্ঞান আর সাহিত্যের এই বিভাজন আসলে আমাদেরই তৈরি।

উদাহরণ হিসেবে বললেন, রবীন্দ্রনাথের ‘বলাকা’ পড়লেই বোঝা যায়, সেটা আসলে গতির কবিতা। ‘বলাকা’য় নানা ভাবে গতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

“হে বিরাট নদী অদৃশ্য নিঃশব্দ তব জল…”

কবিতাটিকে তিনি রবীন্দ্রনাথের tribute to emerging time consciousness বলে উল্লেখ করেন। ইউরোপেও অঁরি বের্গসঁ গতি নিয়ে কাজ করেছেন।

আরও নির্দিষ্ট করে চলচ্চিত্রের প্রসঙ্গ তুলে আমরা বললাম—ধরুন, স্ট্যানলি কুব্রিক, যিনি 2001: A Space Odyssey তৈরি করেছেন, তিনি যেভাবে বিজ্ঞানকে বোঝেন, ঠিক সেভাবেই চলচ্চিত্রকেও বোঝেন। আমাদের দেশে সেটা সম্ভব হয় না কেন?

একটুও দ্বিধা না করে বললেন, আমাদের দেশে সেটা হচ্ছে না তার একমাত্র কারণ আমাদের শিক্ষাব্যবস্থা।

যে শিক্ষাব্যবস্থার মধ্যে আমরা বড় হয়েছি, তা শুরু থেকেই আমাদের শিখিয়ে দিয়েছে বিজ্ঞান আর সাহিত্যের বিচরণক্ষেত্র সম্পূর্ণ আলাদা। এটা যেন পূর্বনির্ধারিত এক সত্য। আমরা যখনই গান শুনি, তখনই ধরে নিই এটা আর্টসের বিষয়। আবার একটা হেক্সাগন বা অক্টাগনের মতো কোনও বস্তু দেখলেই ভাবি, সেটা অঙ্কের এলাকা। এভাবে একটা পাঁচিল তুলে দেওয়াটা আমাদের শিক্ষাব্যবস্থার বড়ো ত্রুটি।

বোঝা গেল, নিজে শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত থাকলেও তার প্রতি সঞ্জয়দার একটা ক্ষোভ আছে।

বললেন, জীবনানন্দ দাশ নিজে ইংরেজির ছাত্র হয়েও প্রাণপণে বিজ্ঞানের নানা খুঁটিনাটি জানার চেষ্টা করেছেন। আবার বিজ্ঞানের ছাত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাতেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। মানিক আমাদের আধুনিকতার গুরু।

ভারতীয় চলচ্চিত্র এখনও পর্যন্ত বিদেশি যেকোনও সিনেমার ধারে-কাছে পৌঁছতে না পারার কারণ হিসেবে বললেন, চলচ্চিত্র অত্যন্ত প্রযুক্তিনির্ভর একটি মাধ্যম। সেখানে আমাদের নির্মাতারা বিজ্ঞানকে কীভাবে গ্রহণ করছেন বা আদৌ করছেন কি না, তা খুব জরুরি।

ওঁর মতে, এ দেশের নির্মাতারা বিজ্ঞানকে গ্রহণ করেছেন আঠারো শতকের যুক্তিবাদের মতো করে। বিজ্ঞানের প্রভাবে আমাদের জীবনযাপনের গতি পাল্টে যেতে পারে বলেই আমরা বিজ্ঞানকে সন্দেহ করি। শিল্পও আমাদের কাছে এসেছে বিদেশিদের হাত ধরে। শিল্প আমাদের কাছে একটা “grafting — organically linked নয়”। তাই আমরা শিল্পকেও সন্দেহ করি।

আমাদের পাল্টা প্রশ্ন ছিল—স্বাধীনতার ষাট বছর পরে, যখন গোটা বিশ্ব অন্তর্জালে আবদ্ধ, তখনও কি এই যুক্তি খাটে?

বললেন, বর্তমানে উচ্চবিত্ত পরিবারে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু সেই উচ্চবিত্ত পরিবারের সংখ্যা কত? মনমোহন সিংয়ের উদারীকরণের অর্থনীতি আসার পরে একটা অংশের, বিশেষ করে ভারতের প্রথম দশটি শহরের মধ্যবিত্ত নারী-পুরুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন ঘটেছে। গত কুড়ি বছরে তাদের চিন্তাভাবনারও পরিবর্তন হয়েছে, বিশেষত ইন্টারনেটের সুবাদে।

কম্পিউটার এখনও আমাদের অনেকের কাছেই নিছক একটি tool। গুগল-ফেসবুক এখন আমাদের অন্যতম identity। কিন্তু এগুলো আমাদের যান্ত্রিক বিবর্তনকে বেশি করে জানার সুযোগ করে দিলেও বৈজ্ঞানিক চিন্তা বা চেতনার বিকাশ ঘটায়নি বলেই তিনি মনে করেন।


বাংলা সিনেমা : সম্পর্কের গল্প, নাকি নতুন গল্পের অভাব?

বর্তমান সময়ের বাংলা সিনেমা নিয়ে সঞ্জয়দার মতামত জানতে চেয়ে বেশ নেতিবাচক উত্তর পেলাম।

ওঁর মতে, সিনেমাগুলো কিছু সম্পর্কের টানাপড়েন নিয়ে শুরু হয়, তারপর তাতে আর কিছু বলার থাকে না। যেমন, কিছু ছবিতে দেখা যায়, শুধুমাত্র ‘সমকামিতা’ই ছবির পুঁজি, একমাত্র উপজীব্য। শিল্পের নামে এসব তাঁর কাছে আত্মকরুণার মতো মনে হয়। একই সঙ্গে শুধুমাত্র পুরুষের যৌনকামনার তাগিদে নারীচরিত্রের উপস্থিতি বা তাদের itemization-এ তিনি যথেষ্ট বিরক্ত।

প্রশ্ন করলাম, টালিগঞ্জের সিনেমা তো এখন অনেক ধনী। এটাকে আপনি কী বলবেন? বাংলা সিনেমা আলোর দিকে যাচ্ছে, না অন্ধকারের দিকে?

বললেন, টাকা কামানোর কথাটা অনেকটাই গল্প। বাংলা ছবির ভালো ব্যবসা করার কথা বলা হলেও ছবিগুলো সেভাবে মোটেই জনপ্রিয় হচ্ছে না। ‘মেঘে ঢাকা তারা’ বা ‘সপ্তপদী’ যে অর্থে জনপ্রিয়, ‘২২শে শ্রাবণ’ কখনওই সে অর্থে জনপ্রিয় নয়। এটা একটা কিংবদন্তি বলেই তিনি মনে করেন।

এখনকার চলচ্চিত্র নির্মাতারা সিংহভাগ টাকা তুলে আনেন টেলিভিশন স্বত্ব বিক্রি করে, যা পঞ্চাশ-ষাটের দশকে ছিল না।

সঞ্জয়দার কথায়—

“বরং বলা যেতে পারে, টালিগঞ্জ horizontally expand করেছে।”

অনেক ছবি হচ্ছে। অসংখ্য ছোটো ছোটো চ্যানেলের মাধ্যমে সেগুলোর প্রচার হচ্ছে। টেকনিশিয়ানদের অনেকটা উন্নতি হয়েছে। পাশাপাশি টেলিভিশন থাকার কারণে বাংলা ছবি টিকে যাচ্ছে। টেলিভিশন না থাকলে বাংলা ছবির survive করাই অসম্ভব বলে তাঁর ধারণা।

দীর্ঘমেয়াদে বাংলা ছবিকে টিকিয়ে রাখতে গেলে এই মুহূর্তের বাংলা ছবির পরিচালক-নির্দেশকদের জানা দরকার—

“how to tell a story. The whole problem is that they have no story to tell.”

নতুন কোনও কথা বলার নেই, তার চেষ্টাও নেই। সেই একই সম্পর্কের কচকচানি, যা শুনতে শুনতে দর্শক ক্লান্ত হয়ে গেছে। ফলে নতুন গল্প দরকার, নতুনভাবে গল্প বলা দরকার।

এই প্রসঙ্গে তিনি ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’ ছবির একটি দৃশ্যের উদাহরণ টানেন।

ছাতিমপুরের রেলস্টেশনে অভিরাম নামের এক ব্যক্তি তার মা কৌশল্যাকে খুঁজে পায়। যে মুহূর্তে অভিরাম ‘মা’ বলে ডেকে ওঠে, সেই মুহূর্তেই আর একজন তাঁকে ডেকে ওঠে ‘বাগদী-বৌ’ বলে। সঙ্গে সঙ্গে ঘটে এক violent sound montage।

সঞ্জয়দার ভাষায়—

“it directly invades our perception of Indian history.”

অর্থাৎ, ভারতবর্ষের যদি কোনও মাতৃ-আবিষ্কার থাকে, তবে তা ওই ‘বাগদী-বৌ’—কোনও সম্ভ্রান্ত পরিবারের রাজনন্দিনী নন।

এটা একটা নতুন চিন্তা। ইতিহাসকে নতুন করে দেখার একটা প্রচেষ্টা। আমাদের শিল্প-সাহিত্যে এই চিন্তাটা ঋত্বিকের আগেই করেছিলেন সতীনাথ ভাদুড়ী, তাঁর ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাসে।

আমরা এই চিন্তাকে গ্রহণ করতেও পারি, না-ও পারি। কিন্তু এখন এই চেষ্টাটাই অনুপস্থিত।


ঋত্বিক ঘটক : ইতিহাসের সঙ্গে সমকালের সংলাপ

ঋত্বিক ঘটক প্রসঙ্গে সঞ্জয়দা আরও জানালেন, ঋত্বিকের সঙ্গে তাঁর প্রথম দেখা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনে একটি ছবির প্রদর্শনী উপলক্ষ্যে।

তখন থেকেই সুচিত্রা-উত্তমের ভ্রূবিলাস থেকে ঋত্বিকের দিকে তাঁর ঝোঁক।

তাঁর মতে, অজস্র কিংবদন্তি, লোককথা, লোকগানের মধ্যে দিয়ে ঋত্বিক ভারতীয় ইতিহাসের নানা স্তরকে পরীক্ষা করেছেন।

‘যুক্তি তক্কো গপ্পো’ ছবিতে ছৌ নাচের মুখোশ বানান যে শিল্পী, তাঁর সঙ্গে যখন সংস্কৃত পণ্ডিতের সংলাপ হয়, তখন সেটা ভারতীয় সংস্কৃতির একটা মূল তর্কের দিকে আমাদের নিয়ে যায়।

ঋত্বিক বক্তব্য পেশ করার সময় প্রায় নাশকতার দূতের মতোই প্রচলিত প্রথা এবং সিনেমার আস্থাশীল ধারাবাহিক যুক্তি-পরম্পরাকে প্রশ্ন করেন।

তাঁকে আত্মার আত্মীয় মনে করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সঞ্জয়দা বলেন, ঋত্বিকের ছবি দেখলে র‍্যাঁবোর মতোই মনে হয়, তিনি যেন এক পবিত্র নৈরাজ্যের উদ্বোধন করেছেন। সেই নৈরাজ্য কাহিনিকে চিরদিনের জন্য এক বিশেষ স্তরে নিয়ে যায়। ইতিহাসের সঙ্গে সমকালের যোগসূত্র তৈরি করে।

ঋত্বিককে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে থেকে দেখাটা কতটা আলাদা?

সঞ্জয়দা জানালেন, ঋত্বিকের মতো বড়ো শিল্পীরা যুগের প্রতিস্বর তৈরি করতে চান বলেই প্রাতিষ্ঠানিক সংস্কৃতির সঙ্গে তাঁদের সংঘাত অনিবার্য। একজন প্রতিষ্ঠানের মূল মানগুলিকে প্রশ্ন করবেন, বিদ্রূপ করবেন, আর প্রতিষ্ঠান তাঁকে পুরস্কৃত করবে—এমনটা হয় না।

ঋত্বিক চলচ্চিত্রের মাধ্যমে বহুবিধ নতুন বিস্ময়ের সঞ্চার ঘটিয়েছিলেন। তৎকালীন সিনেমার লোকজন এগুলো মেনে না নিলেও জীবনানন্দ, বোদলেয়ার যেমন আজ সাহিত্যের প্রধান কবি হয়ে উঠেছেন, তেমনভাবেই ঋত্বিক আজ গুরুত্ব পাচ্ছেন।

আজ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে থেকে ঋত্বিককে পরীক্ষা করেও আগুন থেকে ছুটে আসা ফুলকি ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়।

তাঁকে খুব কষ্টের মধ্যে দিয়ে সিনেমা করতে হয়েছে এবং সেই অর্থে কোনও মূল্যায়নই তাঁর হয়নি। আজকের প্রজন্মকে এঁদের কথা বললে হয়তো আর একটা নতুন ভোরবেলা বা নতুন সকাল খুঁজে পাওয়া যেতে পারে বলে তিনি আশাবাদী।


বাংলা থিয়েটার : অভিনয়ের এক স্বপ্নাতীত সময়

সঞ্জয়দার যৌবনকাল বাংলা থিয়েটার জগতের স্বর্ণযুগ ছিল।

এ প্রসঙ্গে তিনি জানালেন, থিয়েটারের প্রতি তাঁর আকর্ষণ খুব বেশি ছিল না। অবশ্য সে সময় গ্রামে-গঞ্জে, মফস্বলে থিয়েটার ছিল এক সজীব ঐতিহ্য। উৎপল দত্তর নামেই জনসমাগম হতো। অজিতেশকে যাদবপুরের অঙ্গনেও অভিনয় করতে দেখেছেন। শম্ভু মিত্র তাঁর অনেক আগেই অবসর নিয়েছিলেন।

তাঁর মতে, ‘কৃষ্ণকুমারী’, ‘রক্তকরবী’, ‘মুক্তধারা’, ‘নবান্ন’ ব্যতীত বাংলা ভালো নাটক খুব কম আছে। উৎপল দত্তের ‘টিনের তরোয়াল’ বাদে অন্য কোনও নাটক পাঠ্য হিসেবে তাঁর উৎকৃষ্ট মনে হয়নি।

কিন্তু পারফরম্যান্সের দিক থেকে দানীবাবু, শিশির ভাদুড়ী থেকে শম্ভু মিত্র, অজিতেশ, রুদ্রপ্রসাদ, উৎপল দত্ত—এঁরা এত উচ্চমানের ছিলেন, যা আজ প্রায় স্বপ্নাতীত।


কবিতার জগৎ : শক্তি চট্টোপাধ্যায় ও বিষ্ণু দে

তৎকালীন বাঙালি কবিদের মধ্যে তাঁর মনে সবচেয়ে বেশি ছাপ ফেলেছিলেন শক্তি চট্টোপাধ্যায়।

তাঁর নিজের ভাষায়—

“কবি বলতে কী বোঝায়, অনেকদিন অবধি আমার ধারণা ছিল ওনাকে দেখেই।”

তাঁর বাড়ির খুব কাছেই থাকতেন বিষ্ণু দে।

“ওনাকে নানারকম প্রশ্ন করতাম। উনিও প্রশ্রয় দিতেন। ওনার কাছে আমি প্রভূতভাবে ঋণী।”

জানালেন সঞ্জয়দা। সুনীল গঙ্গোপাধ্যায়ের নামও তখন বেশ তুঙ্গে।


ফিল্ম স্টাডিজ : কেন পড়ব, কোথায় পড়ব, ভবিষ্যৎই বা কী?

শেষে আমরা জানতে চেয়েছিলাম, ফিল্ম স্টাডিজ কীভাবে ও কোথায় পড়ানো হয়? ফিল্ম স্টাডিজ কেন পড়ব? কেরিয়ারের সুযোগ কেমন?

ওঁর মতে, বাংলা বা ইংরেজির মতোই ফিল্ম স্টাডিজও আর একটি ভাষা, যা আমাদের পারিপার্শ্বিকের সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করে দিতে পারে। আর টেলিভিশনের দৌলতে এখন ফিল্ম স্টাডিজের ছাত্রছাত্রীদের সামনে চাকরির ক্ষেত্রও প্রচুর।

আমরা জানতে চাইলাম, এডিটিং, সাউন্ড ইঞ্জিনিয়ারিং—এগুলো আমাদের রাজ্যে কোথায় কোথায় পড়ানো হয়? এ ছাড়া ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স কোথাও হয় কি?

বললেন, যাদবপুরে এখনও হয় না। সরকারি ব্যবস্থাপনায় রূপকলা কেন্দ্রে হয়, এসআরএফটিআই-তে হয়। এ ছাড়া ছোটোখাটোভাবে হয় ‘চিত্রবাণী’তে। ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স পশ্চিমবঙ্গ সরকার করান, তবে সেটা অনিয়মিত।

আর যাঁরা এগুলো নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের পরবর্তীকালে অবশ্যই বোম্বে যাওয়ার পরামর্শ দিলেন। কারণ সেখানে কাজের সুযোগ অনেক বেশি।


সাক্ষাৎকারের নেপথ্যে

সেদিনের আড্ডা শেষে আমাদের খেয়াল হলো, গল্পের ঝোঁকে অনেক দরকারি কথা—মানে, সাক্ষাৎকার হিসেবে প্রকাশ করতে যা যা লাগে আর কী—জিজ্ঞেস করাই হয়ে ওঠেনি।

সঞ্জয়দাকে বলায় উনিই আমাদের দিলেন তাঁর আগে প্রকাশিত একটি সাক্ষাৎকার, ‘দেখো জীবন—জীবন দেখো’ পত্রিকায় তন্ময় দত্ত গুপ্তের লেখা। এই লেখার অনেক অংশ তৈরি করতেই আমরা তাঁর নেওয়া সাক্ষাৎকারটি ব্যবহার করেছি।

তাঁকে অসংখ্য ধন্যবাদ।

ঋণস্বীকার: ‘দেখো জীবন—জীবন দেখো’ পত্রিকায় প্রকাশিত তন্ময় দত্ত গুপ্তের গৃহীত সাক্ষাৎকার(২০১২)। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top