আলোর জাদুকর: বাস্তবের চোখ থেকে কল্পনার পর্দায়
অনিশ রায়
সিনেমার জন্মের প্রথম মুহূর্তে মানুষ কেবল বিস্মিত হয়েছিল। চলমান ছবি—এই ঘটনাই তখন যথেষ্ট ছিল। একটি কারখানার দরজা খুলে শ্রমিকেরা বেরিয়ে আসছে, একটি শিশুকে খাওয়ানো হচ্ছে, রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে, স্টেশনে ট্রেন এসে থামছে—জীবনের একেবারে সাধারণ তুচ্ছ ঘটনাই পর্দায় দেখা দিয়ে অসাধারণ হয়ে উঠছিল। মানুষ যেন প্রথমবার নিজের পৃথিবীকে নিজের চোখের বাইরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিল। ক্যামেরা তখন ছিল এক ধরনের যান্ত্রিক চোখ; তার কোনো স্বপ্ন ছিল না, কোনো কল্পনা ছিল না। সে যা দেখত, তাই দেখাত। কিন্তু মানুষের কল্পনা কখনও দীর্ঘদিন বাস্তবের অনুবাদক হয়ে থাকেনি, থাকতে পারে না। যে চোখ একদিন পৃথিবীকে কেবল নকল করতে শিখেছিল, খুব তাড়াতাড়িই সে পৃথিবীকে বদলে দিতে চাইবে। ক্যামেরা শুধু যা আছে তা দেখাবে কেন? যা নেই, তাকে কি দেখা যাবে না? অসম্ভবকে কি দৃশ্যমান করা যায় না? মানুষকে কি অদৃশ্য করে আবার ফিরিয়ে আনা যায় না? চাঁদে যাওয়া, আকাশে উড়ে বেড়ানো, দৈত্যের সঙ্গে যুদ্ধ করা, স্বপ্নের ভিতরে প্রবেশ করা—এসব কি পর্দায় ঘটতে পারে না? এই প্রশ্নগুলিই সিনেমাকে তার দ্বিতীয় জন্মের দিকে ঠেলে দিল। প্রথম জন্মে সিনেমা ছিল চোখের বিস্ময়; দ্বিতীয় জন্মে সে হয়ে উঠল কল্পনার অঙ্গ। প্রথমে ক্যামেরা পৃথিবীর সাক্ষী ছিল, তারপর সে পৃথিবীর সহ-স্রষ্টা হয়ে উঠল। আর এই রূপান্তরের ইতিহাসে জর্জ মেলিয়েসের আবির্ভাব প্রায় পৌরাণিক ঘটনার মতো। তিনি শুধু একজন চলচ্চিত্রকার ছিলেন না; তিনি ছিলেন সেই বিশেষ মুহূর্তের শিল্পী, যখন যন্ত্র প্রথমবার মানুষের স্বপ্নের ভাষা শিখতে শুরু করেছিল।
মেলিয়েস ছিলেন পেশায় জাদুকর। মঞ্চের মানুষ। বিভ্রমের কারিগর। প্যারিসের থিয়েটার রবার্ট-হুডাঁ-তে তিনি দর্শকদের চোখকে অবিশ্বাস করিয়ে দেওয়ার শিল্প জানতেন। তাঁর কাছে বাস্তবতা ছিল চূড়ান্ত কোনো সত্য ছিল না। উপরন্তু তিনি জানতেন— মঞ্চে একটু আলো, একটু ধোঁয়া, একটু যন্ত্রকৌশল এবং সঠিক মুহূর্তে দৃশ্যের পরিবর্তন ঘটিয়ে বাস্তবতার মুখ বদলে দেওয়া যায়। এই কারণেই সিনেমার সঙ্গে তাঁর সাক্ষাৎ নিছক প্রযুক্তিগত ঘটনা ছিল না। যেন জাদু তার হারানো শরীর খুঁজে পেল, আর ক্যামেরা হয়ে উঠল সেই শরীরের নতুন আত্মা। লুমিয়েরদের Cinématographe তাঁকে আকৃষ্ট করেছিল। চলমান ছবি তিনি দেখেছিলেন, কিন্তু তার মধ্যে কেবল এক নতুন যন্ত্র দেখেননি—দেখেছিলেন মঞ্চের সীমা অতিক্রম করার সম্ভাবনা। যে জাদু এতদিন নির্দিষ্ট প্রেক্ষাগৃহের কয়েকশো দর্শকের চোখের সামনে ঘটত, ক্যামেরা তাকে পুনরুৎপাদন করতে পারে, বহুগুণে ছড়িয়ে দিতে পারে, এমনকি এমন সব ঘটনা ঘটাতে পারে যা মঞ্চের শরীর দিয়ে ঘটানো সম্ভব নয়। লুমিয়েরদের কাছে সিনেমা ছিল বাস্তবকে ধরে রাখার এক আশ্চর্য যন্ত্র; মেলিয়েসের কাছে তা হয়ে উঠল বাস্তবকে ভেঙে নতুন বাস্তব নির্মাণের যন্ত্র। এই পার্থক্যই সিনেমার ইতিহাসে এক মহাবিপ্লব।
মেলিয়েস ১৮৯৬ সাল থেকেই চলচ্চিত্র নির্মাণে সক্রিয় হলেন। এবং খুব দ্রুত বুঝতে পারলেন যে, ক্যামেরার প্রকৃত শক্তি কেবল তার রেকর্ড করার ক্ষমতায় সীমাবদ্ধ নয়, তার মধ্যে আছে প্রতারণা করার অসীম ক্ষমতাও। ফটোগ্রাফিক যন্ত্র এতদিন বাস্তবতার সঙ্গে এক ধরনের চুক্তিতে আবদ্ধ ছিল—যা ঘটেছে, তার চিহ্ন ধরে রাখা। মেলিয়েস সেই চুক্তিপত্র, বলতে গেলে, ছিঁড়ে ফেললেন। তিনি আবিষ্কার করলেন, ক্যামেরার সামনে যা ঘটছে, তা সত্য হওয়ার প্রয়োজন নেই। সত্যের মতো দেখালেই যথেষ্ট। এই উপলব্ধিই চলচ্চিত্রকে বাস্তবতার অনুবাদ থেকে কল্পনার শাস্ত্রে নিয়ে গেল। ফটোগ্রাফ বলতে চেয়েছিল—যা ঘটেছে, আমি তাকে ধরে রাখব। মেলিয়েসের সিনেমা যেন বলল—যা কখনও ঘটেনি, তাকেও আমি ঘটেছে বলে দেখাতে পারি। সিনেমা এইখানেই ইতিহাস থেকে কল্পনায় প্রবেশ করল।
তাঁর চলচ্চিত্র-প্রয়োগের সঙ্গে একটি বিখ্যাত ঘটনার কাহিনি জড়িয়ে আছে। প্যারিসের রাস্তায় দৃশ্য ধারণ করার সময় তাঁর ক্যামেরা সাময়িকভাবে থেমে গিয়েছিল। পুনরায় চালু করার পর একই ফ্রেমে আগের মানুষ ও যানবাহনের পরিবর্তে অন্য মানুষ ও অন্য যানবাহন ধরা পড়ে। ফিল্ম প্রক্রিয়াজাত করার পর তিনি লক্ষ করলেন, একটি মুহূর্তে থাকা বস্তু যেন পরের মুহূর্তেই অন্য কিছুর রূপ নিয়েছে। এই ঘটনা ইতিহাসে চলচ্চিত্রের ‘স্টপ-ট্রিক’-এর এক জনপ্রিয় উৎসকাহিনি হিসেবে বর্ণিত হয়েছে। কিন্তু ঘটনাটি সত্যিই আকস্মিক দুর্ঘটনা ছিল কি না, সে বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে সতর্কতা রয়েছে। কারণ মেলিয়েস পরবর্তী সময়ে নিজের প্রযুক্তিগত কৌশলগুলি নিয়ে নানা বর্ণনা দিয়েছেন। তবু এই ঘটনার ঐতিহাসিক সত্যের চেয়েও তার নন্দনতাত্ত্বিক সত্য অনেক গুরুত্বপূর্ণ। মেলিয়েস বুঝেছিলেন—সময়ের ধারাবাহিকতাকে কেটে দিলে বাস্তবতার নিজস্ব নিয়ম ভেঙে ফেলা যায়। একজন মানুষ এক মুহূর্তে উপস্থিত, পরের মুহূর্তে অনুপস্থিত; একটি বস্তু হঠাৎ অন্য বস্তুর রূপ নেয়; একটি শরীর যেন হাওয়ায় বিলীন হয়ে যায়। বাস্তব জীবনে যা অসম্ভব, সম্পাদিত চলমান ছবিতে তা হয়ে উঠতে পারে দৃশ্যমান সত্য। সিনেমার ইতিহাসে এই মুহূর্ত তাই ছিল এক ধরনের নন্দনতাত্ত্বিক বিদ্রোহ। সময়ের বিরুদ্ধে। কারণের বিরুদ্ধে। বাস্তবতার দৃশ্যমান নিয়মের বিরুদ্ধে।
এখানেই মেলিয়েসের আবিষ্কারের গভীর দার্শনিক তাৎপর্য। সিনেমা আর শুধু বাস্তবতার ছাপ থাকে না; তা হয়ে ওঠে বাস্তবতার পুনর্গঠন। ক্যামেরা শুধু যা আছে তাকে ধারণ করে না, যা নেই তারও একটি দৃশ্যমান অস্তিত্ব তৈরি করতে পারে। এই অর্থে সিনেমা প্রথম থেকেই এক ধরনের ‘মিথ্যা’, কিন্তু এমন মিথ্যা যার সত্যতা তার অনুভূতিতে। পর্দায় মানুষ অদৃশ্য হয়—আমরা জানি সে সত্যিই অদৃশ্য হয়নি। তবু দৃশ্যের ভিতরে তার অদৃশ্য হয়ে যাওয়া আমাদের চোখের কাছে সত্য। এখানে সিনেমার গভীর রহস্য নিহিত—সিনেমা আমাদের প্রতারণা করে, এবং আমরা স্বেচ্ছায় সেই প্রতারণার কাছে আত্মসমর্পণ করি। দর্শক জানে যে সে প্রতারিত হচ্ছে, তবু সে প্রতারিত হতে চায়। কারণ এই প্রতারণার ভিতরেই যে আছে কল্পনার স্বাধীনতা। বাস্তবতা যেখানে জানায়— এ অসম্ভব; সিনেমা সেখানে বলতে চায়—তবু তুমি তা দেখতে পারো।
আজকের দর্শকের কাছে ‘স্পেশাল এফেক্ট’ স্বাভাবিক ও অতি-পরিচিত শব্দ। কম্পিউটার-নির্মিত চরিত্র, ডিজিটাল শহর, মহাকাশযান, বিস্ফোরণ, সমুদ্রের নিচের জগৎ, অন্য গ্রহ, কল্পিত প্রাণি—সবকিছুই এখন বিপুল প্রযুক্তির সাহায্যে নির্মাণ করা যায়। কিন্তু সেই প্রযুক্তির বহু আগে, এক ছোট্ট স্টুডিওতে, হাতে-কলমে মঞ্চসজ্জা, আঁকা ব্যাকড্রপ, কাগজ ও কাঠের মডেল, কৃত্রিম আলো, ডাবল এক্সপোজার, বহুবার ফিল্মে ছবি তোলা এবং কাটিং-জোড়ার কৌশল দিয়ে মেলিয়েস এক নতুন মহাবিশ্ব নির্মাণ করছিলেন। তাঁর স্টুডিও ছিল যেন সিনেমার প্রথম স্বপ্ন-কারখানা। এখানে ক্যামেরা শুধু দর্শক ছিল না, জাদুকরের সহকারীও ছিল। মানুষকে বড়ো করা যেত, ছোটো করা যেত, অদৃশ্য করা যেত। একই মানুষকে একই ফ্রেমে একাধিকবার দেখা যেত। এক দৃশ্যের ভিতর আরেক দৃশ্য প্রবেশ করত। বাস্তবের স্থাপত্যের বদলে কল্পনার স্থাপত্য তৈরি হতো। মঞ্চের কৃত্রিমতা তাঁর কাছে লজ্জার বিষয় ছিল না; বরং সেই কৃত্রিমতাকেই তিনি চলচ্চিত্রের সৃষ্টিশীল স্বাধীনতায় রূপান্তরিত করেছিলেন।
আসলে মেলিয়েসের শিল্পকে বুঝতে গেলে ‘বাস্তব’ শব্দটির অর্থ নিয়ে একটু থমকাতে হয়। বাস্তবতা কি কেবল যা চোখের সামনে ঘটে, তা-ই? নাকি মানুষের স্বপ্ন, ভয়, আকাঙ্ক্ষা এবং অসম্ভবের কল্পনাও বাস্তবতারই অংশ? একটি শিশুর কাছে চাঁদ কেবল জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু নয়; তা দূরের এক অপার রহস্য। প্রেমিকের কাছে কোনো জানালা কেবল স্থাপত্য নয়; তা অপেক্ষার স্থান। স্বপ্নে দেখা কোনো মৃত মানুষ বাস্তবে ফিরে আসেনি, কিন্তু স্বপ্নদ্রষ্টার মানসিক জগতে তার উপস্থিতি কি মিথ্যা? মেলিয়েসের সিনেমা এই দ্বিতীয় বাস্তবতার দরজা খুলে দিয়েছিল। তাঁর চলচ্চিত্রে বাস্তবতার পদার্থবিদ্যা ভেঙে যায়। কিন্তু কল্পনার মনস্তত্ত্ব সত্য হয়ে ওঠে। তিনি বিজ্ঞানকে অনুকরণ করতে চাননি; তিনি মানুষের কল্পনা কীভাবে বিজ্ঞানকে অতিক্রম করে, তা দৃশ্যমান করতে চেয়েছিলেন।
এই কারণেই Le Voyage dans la Lune—A Trip to the Moon—চলচ্চিত্রের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ। ১৯০২ সালে নির্মিত এই চলচ্চিত্র জুল ভার্ন এবং এইচ. জি. ওয়েলসের কল্পবিজ্ঞান-ভাবনার নানা উপাদান থেকে অনুপ্রাণিত। একটি বিশাল কামান থেকে ছোঁড়া রকেট চাঁদের মুখে গিয়ে আঘাত করছে—চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বিখ্যাত দৃশ্য। আজকের বৈজ্ঞানিক জ্ঞান দিয়ে দৃশ্যটি অনুভব করা হয়তো অসম্ভব; কিন্তু শিল্পের ইতিহাসে তার গুরুত্ব বৈজ্ঞানিক সত্যের সঙ্গে তুলনা দিয়ে মাপা যায় না। মেলিয়েস জানতেন না চাঁদের পৃষ্ঠে মানুষ কীভাবে হাঁটবে; কিন্তু তিনি জানতেন মানুষ চাঁদে যাওয়ার স্বপ্ন কীভাবে দেখে। তাঁর চাঁদ বাস্তব চাঁদ নয়। সেখানে অদ্ভুত জীব আছে, মাশরুমের মতো বিশাল উদ্ভিদ আছে, মানুষের মতো মুখওয়ালা চাঁদ আছে, অদ্ভুত পোশাক পরা বিজ্ঞানী আছে, রহস্যময় ভূগর্ভস্থ প্রাণি আছে। মহাকাশের বৈজ্ঞানিক মানচিত্র সেখানে অনুপস্থিত। কিন্তু কল্পনার ভূগোল সেখানে সম্পূর্ণ উপস্থিত। বিজ্ঞান যেখানে জানিয়ে ছিল—এখনও সম্ভব নয়, মেলিয়েস সেখানে দেখালেন—কল্পনায় সবই সম্ভব।
এই পার্থক্যই তাঁকে শিল্পী করে তোলে। তিনি বৈজ্ঞানিক বস্তুগত ভবিষ্যৎ দেখেননি। তিনি ভবিষ্যৎ সম্পর্কে মানুষের কল্পনানির্ভর বিজ্ঞানচেতনাকে দেখতে চেয়েছিলেন। এই কারণে A Trip to the Moon কেবল প্রাচীন সায়েন্স ফিকশন-নির্ভর সিনেমাই নয়; তা ছিল আধুনিক ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন এবং বিশেষ-প্রভাবনির্ভর দৃশ্যভাষার এক আদিম উৎস। অর্ধ-শতাব্দীর অনেক পরে মহাকাশযাত্রা বাস্তব হয়েছে। মানুষ চাঁদে পা রেখেছে, ক্যামেরা চাঁদের পৃষ্ঠের প্রকৃত ছবি তুলেছে; কিন্তু মেলিয়েসের চাঁদ এখনও মুছে যায়নি। কারণ বিজ্ঞান আমাদের চাঁদকে চিনিয়েছে। আর মেলিয়েস আমাদের চাঁদকে কল্পনা করতে শিখিয়েছেন। একটির সত্য তথ্যের, অন্যটির সত্য স্বপ্নের।
তাঁর ছবির এই শিশুসুলভ বিস্ময়কে তাই সরলতা বলে অবজ্ঞা করা যায় না। বরং এর ভিতরে আধুনিকতার যে গভীর আকাঙ্ক্ষা কাজ করে তা হলো—অজানাকে দৃশ্যমান করার আকাঙ্ক্ষা। উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের শুরুতে বিজ্ঞান যখন পৃথিবীর সীমা ভেঙে মহাকাশ, বিদ্যুৎ, অদৃশ্য রশ্মি, জীবাণু, বাষ্পযন্ত্র, রেলপথ এবং টেলিগ্রাফের মাধ্যমে মানুষের অভিজ্ঞতার পরিসর বাড়িয়ে দিচ্ছে, তখন সিনেমা সেই নতুন জ্ঞানের সাংস্কৃতিক কল্পনাকে দৃশ্যমান করেছিল। মেলিয়েসের চাঁদ তাই কেবল রূপকথার চাঁদ নয়, তা ছিল আধুনিক মানুষের অজানার দিকে তাকানোর চাঁদ। প্রযুক্তি যেখানে বাস্তব পৃথিবীর সীমা বাড়াচ্ছিল, সিনেমা সেখানে কল্পনার পৃথিবীর সীমা ভাঙছিল।
তবে মেলিয়েসের গুরুত্ব শুধু বিশেষ প্রভাবের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি চলচ্চিত্রকে দৃশ্যের ধারাবাহিকতা দিয়ে গল্প বলার দিকে এগিয়ে দিলেন। এক দৃশ্যের পর আরেক দৃশ্য, একটি স্থান থেকে অন্য স্থানে যাত্রা, চরিত্রের প্রবেশ ও প্রস্থান, সেটের পরিবর্তন, দৃশ্যান্তরের কৌশল—এসবের মাধ্যমে চলচ্চিত্র ধীরে ধীরে নিজের বাক্যগঠন করতে শুরু করল। ফেড-ইন, ফেড-আউট, ডিসলভ, এক্সপোজার, স্টপ-ট্রিক, সুপার-ইমপোজিশন—এসব নিছক প্রযুক্তিগত কৌশল ছিল না; ক্রমশ সেগুলো হয়ে উঠছিল চলচ্চিত্রের যতিচিহ্ন। সাহিত্য একটি বাক্যকে অন্য বাক্যের সঙ্গে যুক্ত করে অর্থের প্রবাহ নির্মাণ করে; কবিতায় একটি শব্দের পাশে আর-একটি শব্দ এসে নতুন অনুরণন তৈরি করে; সংগীতে একটি স্বরের পর অন্য স্বর এসে সুরের অর্থ নির্মাণ করে; তেমনই সিনেমায় একটি দৃশ্যের পাশে আরেকটি দৃশ্য বসলে জন্ম নেয় নতুন অর্থ। মেলিয়েস সেই ভাষার প্রাথমিক ব্যাকরণ রচনা করছিলেন।
তবু তাঁর শিল্পের ভিতরে থিয়েটারের উত্তরাধিকার ছিল প্রবল। তাঁর ক্যামেরা বহু সময় স্থির, তাঁর দৃশ্যগুলি মঞ্চের সম্মুখভাগের মতো বিন্যস্ত, তাঁর চরিত্রেরা প্রবেশ করে, অভিনয় করে, প্রস্থান করে। দৃশ্য যেন এক জাদুমঞ্চ। পরবর্তী কালের চলচ্চিত্র ক্যামেরাকে সেই মঞ্চের বন্দিদশা থেকে মুক্ত করবে—ক্লোজ-আপ, ভিন্ন ভিন্ন ক্যামেরা-অ্যাঙ্গেল, লোকেশনে শুটিং, সম্পাদনার জটিলতা, মন্টাজ, আলো-ছায়ার মনস্তত্ত্ব এবং চরিত্রের অন্তর্জগতের দৃশ্যায়ন চলচ্চিত্রকে ধীরে ধীরে থিয়েটার থেকে স্বতন্ত্র শিল্পে পরিণত করবে। কিন্তু এই স্বাধীনতার প্রথম দরজা খুলেছিলেন মেলিয়েস। তিনি হয়তো চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ভাষা আবিষ্কার করেননি, কিন্তু তিনি চলচ্চিত্রকে প্রথমবার বুঝিয়েছিলেন যে তার নিজস্ব এক বিশাল কল্পনাশক্তি আছে।
লুমিয়ের দেখিয়েছিলেন জীবনকে।মেলিয়েস দেখালেন স্বপ্নকে।
এই দুই মেরুর টানাপোড়েনেই জন্ম নিল সিনেমার পূর্ণাঙ্গ সম্ভাবনা। একদিকে বাস্তবতার প্রতি আকর্ষণ, অন্যদিকে কল্পনার স্বাধীনতা; একদিকে ডকুমেন্ট, অন্যদিকে ফ্যান্টাসি; একদিকে রাস্তার মানুষ, অন্যদিকে চাঁদের মানুষ। পরবর্তীকালে সিনেমার ইতিহাস যত এগিয়েছে, এই দুই প্রবণতা ততই নানা রূপে ফিরে ফিরে এসেছে। বাস্তববাদ ও কল্পনা, ডকুমেন্টারি ও ফিকশন, লোকেশন ও স্টুডিও, স্বতঃস্ফূর্ততা ও নির্মিতি—এই দ্বন্দ্ব চলচ্চিত্রের নন্দনতত্ত্বের কেন্দ্রে থেকে গেছে। ইতালীয় নিওরিয়ালিজমের ধুলোমাখা রাস্তা থেকে ফেলিনির স্বপ্ন, সত্যজিৎ রায়ের বাস্তবজীবন থেকে কুবরিকের মহাকাশ, তারকোভস্কির স্মৃতি থেকে স্পিলবার্গের কল্পলোক—সবকিছুর গভীরে সেই প্রাচীন প্রশ্নই কাজ করে গেছে: সিনেমা কি পৃথিবীকে দেখবে, নাকি পৃথিবীকে নতুন করে সৃষ্টি করবে?
এই প্রশ্নের একটি উত্তর মেলিয়েস দিয়েছিলেন—সিনেমা দুটোই করবে।
কারণ মানুষের বাস্তবতা কখনও কেবল বাইরের পৃথিবী নয়। মানুষের ভিতরেও এক পৃথিবী আছে। স্বপ্নের, ভয়ের, আকাঙ্ক্ষার, অপরাধবোধের, স্মৃতির, অসম্ভবের পৃথিবী। শিল্প সেই অদৃশ্য পৃথিবীকে দৃশ্যমান করার চেষ্টা করে। চিত্রকলা রঙে, সাহিত্য শব্দে, সংগীত সুরে, নাটক শরীরে যে কাজ করে, সিনেমা সেই কাজ আলো ও সময়ের সমবায়ে করতে পারে। মেলিয়েস সেই সম্ভাবনাই প্রথম বিপুল সাহসে গ্রহণ করেছিলেন।
তাঁর আবিষ্কারের মধ্যে তাই প্রযুক্তি ও পুরাণের এক অদ্ভুত মিলন আছে। মানুষ বহু শতাব্দী ধরে দেবতাদের উড়তে দেখেছে, দৈত্যের সঙ্গে যুদ্ধ করেছে, স্বর্গে উঠেছে, পাতালে নেমেছে, মৃতের সঙ্গে কথা বলেছে। পুরাণ মানুষের কল্পনার প্রাচীন সিনেমা—যেখানে শব্দ দিয়ে এমন দৃশ্য তৈরি করা হত যা বাস্তবে ঘটেনি। মেলিয়েস সেই পুরাণকে আলোর পর্দায় নিয়ে এলেন। তিনি যেন বললেন, এতদিন তোমরা গল্পে দেবতাদের উড়িয়েছ, এবার তাদের ছায়াছবিতে উড়তে দাও। এতদিন চাঁদ ছিল কবিতার বিষয়, এবার তাকে পর্দায় মুখ দাও। এতদিন অদৃশ্য হওয়া ছিল জাদুকরের মঞ্চকৌশল, এবার ক্যামেরাকে দিয়ে তাকে স্থায়ী দৃশ্য বানাও।
এই অর্থে মেলিয়েস ছিলেন আধুনিক যুগের এক প্রাথমিক পুরাণ-নির্মাতা।
কিন্তু তাঁর শিল্পের ভিতরে বিপজ্জনক সম্ভাবনাও লুকিয়ে ছিল। ক্যামেরা যখন বাস্তবকে বদলে দিতে পারে, তখন প্রশ্ন ওঠে—কে ঠিক করবে কোনটি বাস্তব? যে যন্ত্র সত্যের ছবি তুলতে পারে, সেই যন্ত্রই যদি মিথ্যাকে সত্যের মতো দেখায়, তবে দর্শকের বিশ্বাস কোথায় থাকবে? মেলিয়েস হয়তো দর্শককে আনন্দ দেওয়ার জন্য মানুষকে অদৃশ্য করেছিলেন; পরবর্তী শতাব্দীতে সিনেমা, সংবাদচিত্র, বিজ্ঞাপন, রাজনৈতিক প্রচার এবং পরে ডিজিটাল প্রযুক্তি একই ক্ষমতাকে ব্যবহার করে মানুষের বাস্তববোধকে প্রভাবিত করবে। আজকের ‘ডিপফেক’, কৃত্রিম দৃশ্য, ডিজিটাল পুনর্গঠন এবং কম্পিউটার-উৎপাদিত বাস্তবতার যুগে মেলিয়েসের সেই প্রাথমিক আবিষ্কার আরও ভয়াবহ তাৎপর্য পেয়েছে। তিনি আমাদের শিখিয়েছিলেন যে, ক্যামেরা মিথ্যা বলতে পারে। আধুনিক প্রযুক্তি এসে সেই মিথ্যাকে এত নিখুঁত করেছে যে, কখনও কখনও সত্যকে তার চেয়ে কম বিশ্বাসযোগ্য মনে হতে পারে।
তবু মেলিয়েসের উত্তরাধিকারকে কেবল প্রতারণার ইতিহাস নয়।শিল্পের গভীর মানবিকতারো ইতিহাস। কারণ মানুষের কল্পনা নিজেই বাস্তবতার এক অংশ। মানুষ যে পৃথিবীতে বাস করে, তার পাশাপাশি আরেক পৃথিবীও বহন করে—যে পৃথিবী তার স্বপ্নের। শিশুর কাছে মেঘ দুর্গ হতে পারে, ছায়া দৈত্য হতে পারে, চাঁদ হতে পারে কোনো দূরদেশের রাজ্য। শিল্প সেই শিশুমনকে হত্যা করে না; তাকে পরিণত করে। মেলিয়েস সেই কাজই করেছিলেন আলো দিয়ে। তাঁর ছবির কৃত্রিমতা আজ আমাদের চোখে স্পষ্ট; কিন্তু সেই কৃত্রিমতার মধ্যেই ছিল এক অসাধারণ সৃজনশীল সাহস—অসম্ভবকে অসম্ভব বলে মেনে না নেওয়ার সাহস। তাঁর চাঁদ বৈজ্ঞানিক নয়, তাঁর মহাকাশ বাস্তব নয়, তাঁর দৈত্য সত্যিকারের দৈত্য নয়; তবু তাঁর কল্পনা সত্য, কারণ তা মানুষের আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছে।
এখানেই মেলিয়েসের সঙ্গে আধুনিকতার গভীর সম্পর্ক নিজস্ব পরিসরে তৈরি হয়। আধুনিক মানুষ একদিকে বিজ্ঞানকে বিশ্বাস করতে শিখেছে, অন্যদিকে কল্পনার স্বাধীনতাকেও নতুন মর্যাদা দিয়েছে। শিল্পবিপ্লব যন্ত্রকে মানুষের জীবনের কেন্দ্রে এনেছে; বিজ্ঞান প্রকৃতির অদৃশ্য নিয়ম উন্মোচন করেছে; নগর সভ্যতা মানুষের অভিজ্ঞতাকে দ্রুততর করেছে; সংবাদপত্র ও ফটোগ্রাফ পৃথিবীকে দূরে থেকেও দেখার সুযোগ দিয়েছে। এই নতুন পৃথিবীতে সিনেমা এসে যেন বলতে চাইল—শুধু যা ঘটছে তা দেখাই যথেষ্ট নয়; যা ঘটতে পারে, যা ঘটেনি, যা কেবল মানুষের কল্পনায় আছে, তাকেও দৃশ্যমান করা যায়। এইভাবেই চলচ্চিত্র আধুনিক মানুষের স্বপ্নের প্রযুক্তি হয়ে উঠল।
মেলিয়েসের স্টুডিও তাই এক অর্থে প্রথম ‘স্বপ্নের কারখানা’। পরবর্তী হলিউড, বৃহৎ স্টুডিও ব্যবস্থা, অ্যানিমেশন, স্পেশাল এফেক্ট, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, সুপারহিরো সিনেমা—সবকিছুর দূরবর্তী পূর্বপুরুষ যেন সেখানে দাঁড়িয়ে আছে। আজ যে বিশাল ডিজিটাল মহাবিশ্ব আমরা পর্দায় দেখি, তার বীজ ছিল মেলিয়েসের আঁকা আকাশে, কৃত্রিম চাঁদে, কাঠের রকেটে, হাতে বানানো দৈত্যে, স্টুডিওর আলোয়। প্রযুক্তি বদলেছে, কিন্তু শিল্পীর মৌলিক আকাঙ্ক্ষা বদলায়নি—যে পৃথিবী বাস্তবে নেই, তাকে এমনভাবে নির্মাণ করা, যাতে দর্শক কয়েক মুহূর্তের জন্য বিশ্বাস করে যে, সে সত্যিই সেখানে আছে।
এই বিশ্বাসই সিনেমার জাদুর কেন্দ্রে।
দর্শক জানে রকেটটি চাঁদে পৌঁছায়নি।
জানে চাঁদের মুখ মানুষের নয়।
জানে ও-ই মানুষ সত্যিই অদৃশ্য হয়নি।
জানে সেট বা পটভূমি সম্পূর্ণ কৃত্রিম।
তবু সে বিশ্বাস করে।
কারণ সিনেমার সত্য বাস্তবতার সত্য নয়; তা অনুভূতির সত্য। কোনো শিশুর স্বপ্নকে বৈজ্ঞানিকভাবে সত্য হতে হয় না। কোনো দুঃস্বপ্নের দৈত্যের বাস্তব শরীর না-থাকলেও তার ভয় বাস্তব। কোনো প্রেমের স্মৃতির কোনো বস্তুগত অস্তিত্ব না-থাকলেও তার আবেগ বাস্তব। সিনেমা সেই আবেগের বাস্তবতাকে দৃশ্যমান করে।
এই কারণেই মেলিয়েসের চলচ্চিত্রকে শিশুসুলভ বলা যায়, কিন্তু শিশুসুলভ বলে তাকে ছোটো করা যায় না। বরং শিশুর যে ক্ষমতা সভ্য মানুষ হারিয়ে ফেলে বারবার—সেই ‘অসম্ভবকে সাময়িকভাবে সম্ভব বলে বিশ্বাস করার ক্ষমতা’—মেলিয়েস সেই ক্ষমতাকে শিল্পের কেন্দ্রে ফিরিয়ে এনেছিলেন। তাঁর সিনেমা দর্শককে যুক্তির বিরুদ্ধে বিদ্রোহ করতে শেখায়, কিন্তু যুক্তিকে অস্বীকার করে নয়; কেবল কল্পনার জন্য তার সীমানা অতিক্রম করতে হয়।
এইখানে মেলিয়েসের শিল্পের সঙ্গে কবিতার আত্মীয়তা। কবিতা যেমন এক শব্দকে তার অভিধানগত অর্থের বাইরে নিয়ে যায়, মেলিয়েস তেমনই কোনো দৃশ্যকে তার বাস্তব অর্থের বাইরে নিয়ে গেলেন। চাঁদ আর কেবল আকাশের এক উপগ্রহ নয়; তা হয়ে উঠল অভিযানের প্রতীক। রকেট আর কেবল যন্ত্র নয়; তা মানুষের অজানার দিকে ছুটে যাওয়ার আকাঙ্ক্ষা। অদৃশ্য হওয়া আর কেবল জাদু নয়; তা হয়ে উঠল সিনেমার নিজের ক্ষমতার রূপক। ক্যামেরা নিজেই যেন বলে উঠল—আমি শুধু তোমাকে দেখাব না; আমি তোমার না-দেখা পৃথিবীও দেখাব।
এই কারণে সিনেমার জন্মের কয়েক বছরের মধ্যেই এক মৌলিক পরিবর্তন ঘটে গেল। মানুষ আর শুধু পর্দায় পৃথিবীকে দেখতে চাইল না; সে পর্দায় নিজের স্বপ্ন দেখতে চাইল। এই পরিবর্তন সভ্যতার ইতিহাসে গভীর অর্থ বহন করে। মানুষ গুহার দেওয়ালে ছবি এঁকে শিকারকে পুনর্নির্মাণ করেছিল; পুরাণে দেবতাদের আকাশে পাঠিয়েছিল; মহাকাব্যে মানুষের শক্তিকে অতিমানবিক করেছিল; নাট্যমঞ্চে মৃত রাজাদের আবার জীবিত করেছিল। সিনেমা এসে সেই প্রাচীন কল্পনাকে যন্ত্রের সাহায্যে দৃশ্যমান করল। মেলিয়েস ছিলেন সেই সেতুর এক প্রাথমিক স্থপতি—যেখানে মঞ্চের জাদু, সাহিত্যের কল্পনা এবং বিজ্ঞানের প্রযুক্তি একত্রে এসে আধুনিক চলচ্চিত্রের জন্ম দিল।
তাঁর উত্তরাধিকার তাই কেবল কিছু পুরোনো চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। যখন কোনো চলচ্চিত্রে মানুষ হঠাৎ অদৃশ্য হয়, যখন কোনো চরিত্র একই পর্দায় বহু রূপে উপস্থিত হয়, যখন কোনো বাস্তব শহরকে ডিজিটাল প্রযুক্তিতে সম্পূর্ণ অন্য জগতে পরিণত করা হয়, যখন মহাকাশের অন্ধকারে এমন এক পৃথিবী নির্মাণ করা হয়, যার অস্তিত্ব নেই, যখন মৃত অভিনেতার ডিজিটাল অবয়ব পর্দায় ফিরে আসে—তখন মেলিয়েসের সেই প্রাচীন জাদু কোনো-না-কোনোভাবে আবার ফিরে আসে। আধুনিক প্রযুক্তি তাঁর হাতের কৌশলকে অসীম ক্ষমতা দিয়েছে, কিন্তু মূল প্রশ্ন একই থেকে গেছে: আলো দিয়ে কি এমন একটি পৃথিবী তৈরি করা যায়, যা বাস্তবে নেই অথচ আমাদের কাছে সত্য বলে অনুভূত হবে?
উত্তর আমরা প্রতিদিনই পাই।
অন্ধকার প্রেক্ষাগৃহে।
পর্দায়।
আলোর ভিতরে।
সেখানে সেই পৃথিবী তৈরি হয়, যা আমাদের চারপাশের পৃথিবীকে ছাড়িয়ে যায়; তবু আমরা তার ভিতরে প্রবেশ করি। সেখানে মানুষ অদৃশ্য হয়, সময় পিছিয়ে যায়, মৃতেরা ফিরে আসে, শহর ভেঙে পড়ে আবার তৈরি হয়, মানুষ চাঁদে যায়, সমুদ্র কথা বলে, পশু মানুষের মতো আচরণ করে, স্বপ্ন দৃশ্যমান হয়। আর আমরা জানি—সবই মিথ্যা। তবু সেই মিথ্যার ভিতর দিয়ে কোনো গভীর সত্য আমাদের কাছে পৌঁছে যায়।
এইখানেই মেলিয়েসের শিল্পের চূড়ান্ত তাৎপর্য।
তিনি আমাদের দেখিয়েছিলেন যে সিনেমা বাস্তবতার দাস নয়। ক্যামেরা কেবল পৃথিবীর দিকে তাকাবে না; ক্যামেরা মানুষের কল্পনার দিকেও তাকাবে। সে কেবল যা ঘটেছে তা রেকর্ড করবে না; যা ঘটতে পারত, যা ঘটতে পারে, এমনকি যা কোনোদিন ঘটবে না—তাকেও দৃশ্যমান করবে।
লুমিয়েরদের ক্যামেরা বলেছিল—দেখো, পৃথিবী চলছে। মেলিয়েসের ক্যামেরা বলল—দেখো, পৃথিবীকে নতুন করে বানানো যায়। এই দ্বিমুখী আহ্বানের মধ্যেই চলচ্চিত্রের ভবিষ্যৎ নিহিত ছিল।
বাস্তবতা এবং স্বপ্ন, নথি এবং কল্পনা, স্মৃতি এবং মায়া, চোখ এবং মন—এই দুই মেরুর মধ্যে দিয়েই সিনেমা তার দীর্ঘ যাত্রা শুরু করল। পরবর্তী শতাব্দীর প্রতিটি মহান চলচ্চিত্রকার কোনো না কোনোভাবে এই দ্বন্দ্বের কাছে ফিরে এসেছেন। কেউ বাস্তবকে আরও গভীরভাবে দেখেছেন, কেউ স্বপ্নকে; কেউ মানুষের মুখে ইতিহাস খুঁজেছেন, কেউ ইতিহাসের ভিতর মানুষের স্বপ্ন। কিন্তু তাঁদের সকলের পিছনে কোথাও-না-কোথাও দাঁড়িয়ে ছিলেন সেই জাদুকর।
তাঁর শিল্পের সবচেয়ে বড়ো শিক্ষা তাই হয়তো এই—বাস্তবতা শেষ নয়।বাস্তবতার পরে কল্পনা আছে। কল্পনার পরে শিল্প। আর শিল্পের ভিতর দিয়ে মানুষ নিজের অস্তিত্বের এমন সব সম্ভাবনা দেখতে পায়, যেগুলি বাস্তব জীবন তাকে কখনও দেয় না। মেলিয়েস সেই সম্ভাবনার প্রথম মহান আলোকশিল্পী। তিনি আলোকে কেবল আলোকিত করার জন্য ব্যবহার করেননি; আলোকে ব্যবহার করেছেন অদৃশ্যকে দৃশ্যমান করতে। ছায়াকে কেবল অন্ধকার রাখেননি; ছায়ার ভিতর চরিত্র, রহস্য, ভয় এবং বিস্ময় বসিয়েছেন।
তাই তাঁর গুরুত্ব আজও ফুরোয়নি।
প্রযুক্তি যত উন্নত হয়েছে, ততই আমরা তাঁর কাছে ফিরে যাওয়ার কারণ পেয়েছি। কারণ প্রযুক্তি যত নিখুঁত হয়, প্রশ্ন নতুন চেহারায় পুরনো ভাব নিয়ে ততই ফিরে আসে—আমরা আসলে কী দেখতে চাই?
বাস্তবের নিখুঁত অনুলিপি? নাকি এমন কিছু, যা বাস্তবে নেই অথচ আমাদের ভিতরে সত্য? মেলিয়েস দ্বিতীয়টির পক্ষেই দাঁড়িয়েছিলেন।
একদিন লুমিয়েরদের ক্যামেরা পৃথিবীর দরজা খুলে দিয়েছিল। তারপর মেলিয়েস এসে সেই দরজার সামনে আরেক দরজা খুললেন। সেই মুহূর্তেই সিনেমা কেবল পৃথিবীর আয়না হয়ে থাকার অভ্যাস কাটাল। সে হয়ে উঠল পৃথিবীর স্বপ্ন। সেই স্বপ্নের প্রথম মহান স্থপতির নাম—জর্জ মেলিয়েস।
মেলিয়েসের ছোট্ট স্টুডিও— সেখানে কোনো কম্পিউটার ছিল না, ছিল না ডিজিটাল ক্যামেরা, ছিল না অসীম প্রসেসিং ক্ষমতা। ছিল কয়েকটি আলো, কিছু আঁকা পটভূমি, কিছু কাগজ ও কাঠের মডেল, একটি ক্যামেরা এবং মানুষের সীমাহীন কল্পনা। সেই সামান্য উপকরণেই একজন মানুষ প্রমাণ করেছিলেন—বাস্তবতার বাইরের পৃথিবী আছে। বাস্তবের চোখ থেকে কল্পনার পর্দায় যে যাত্রা শুরু হয়েছিল তাঁর হাতে, তা আজও শেষ হয়নি। কারণ মানুষ যতদিন স্বপ্ন দেখবে, ততদিন আলো দিয়ে সেই স্বপ্নকে দৃশ্যমান করার প্রয়োজন থাকবে। আর যতদিন কোনো অন্ধকার ঘরে হঠাৎ পর্দা আলোকিত হবে, ততদিন কোথাও না কোথাও মেলিয়েসের সেই পুরোনো জাদু আবার জন্ম নেবে।
বাস্তবতা একটু সরে দাঁড়াবে।
আলো একটু ঘন হবে।
ছায়া কোনো নতুন শরীর পাবে।
আর অসম্ভব—
কয়েক মুহূর্তের জন্য হলেও—
সত্যি হয়ে উঠবে।
★কৃতজ্ঞ স্মরণ- সঞ্জয় মুখোপাধ্যায়-এর বিভিন্ন নিবন্ধ, গ্রন্থাদি ও আলোচনাসমূহ

