কলমে – অনিশ রায়
(১)
আজকাল ইতিহাসের নতুন নতুন সংজ্ঞা আর বিশ্লেষণ করা মানে জলভাত ব্যাপার একটা৷ খুব সহজ। কোনো ভিডিওর নিচে বাংলা কিংবা ইংরেজি ক্যাপশন বসিয়ে দিন, দু-ফোঁটা আবেগ ছিটিয়ে দিন, সঙ্গে লিখে দিন— এই সত্য কেউ জানে না, মিডিয়া আপনাকে দেখায়নি, ৯৯% মানুষ জানে না— ব্যস, ইতিহাস রচনা সম্পন্ন। অনুসন্ধান শেষ, নথিপত্রের প্রয়োজন বা আয়োজন শেষ, যুক্তির জিজ্ঞাসাও শেষ। এখন ইতিহাস বিশ্লেষণ পদ্ধতির নতুন নাম হতে পারে— ভিডিও ফরোয়ার্ড বা মন্তব্য পাস।
কোনো এক অচেনা ভিডিও ক্লিপে একজন ফুটবলারকে দেখানো হলো। কোথা থেকে এল, কোন ম্যাচ, কোন মিনিট, কে ধারণ করল, কোন আর্কাইভে আছে— কিছুই জানা নেই। যে দেখছে সে-ও জানে না, যে পাঠিয়েছে বা শেয়ার করেছে সে-ও ভাবেনি। কিন্তু তার নিচে বাংলা ক্যাপশন বসে গেল। আর সেই ক্যাপশন মুহূর্তেই ইতিহাসের বিকল্প সংবিধান হয়ে উঠল। (মজার কেউ কিছু বানিয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন সেটা ইতিহাস-নির্ধারক হতে চায়, তখন ব্যাপারটা সভ্যতার পক্ষে সিরিয়াস হয়েই ওঠে৷) আশ্চর্য লাগে, যারা সারাজীবন সেই বিষয়ে একটিও প্রামাণ্য গ্রন্থ বা নিবন্ধ বা প্রতিবেদন ঘাটল না, তারাই ত্রিশ সেকেন্ডের ভিডিও দেখে ইতিহাসের চূড়ান্ত রায় ঘোষণা করে দিল! এবং তাতে সিদ্ধান্তসুলভ মন্তব্যেরও সংযুক্তি ঘটে গেল। একটা মন্তব্য করতে গেলেও তার পিছনে দীর্ঘ অনুসন্ধানী কার্যকলাপের যে আত্মবিশ্বাস আর দায় থাকতে হয়, সেই অনুভূতিটারও সাক্ষাৎ এরা সম্ভবত পায় না৷
বিজ্ঞানীরা কোনো নতুন কণা আবিষ্কার করলে বছরের পর বছর পরীক্ষা চালান। একটি পরীক্ষার ফল অন্য গবেষণাগারে পুনরায় মিলিয়ে দেখতে থাকেন। একই ফল বারবার না এলে তা গ্রহণ করা হয় না। কিন্তু সামাজিক মাধ্যমের গবেষণাগারে নিয়ম আলাদা। এখানে একটি ভিডিও তিনশো বার শেয়ার হলেই সেটাই যেন হয়ে যাবে পরীক্ষিত সত্য। পুনরাবৃত্তির দরকার নেই, যাচাইয়ের দরকার নেই; ভাইরাল হলেই যেন বৈজ্ঞানিকভাবে সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে।
সিনেমার কথাই ভাবি। একটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে অভিনেতা মাসের পর মাস শরীরচর্চা করেন, হাঁটার ভঙ্গি বদলান, কণ্ঠস্বর বদলান। কারণ মানুষ শুধু মুখ দেখে মানুষকে চেনে না; তার চলন, ছন্দ, দেহভাষা, গতি—সব মিলিয়েই পরিচয় গড়ে ওঠে। অথচ সামাজিক মাধ্যমের জাদুকরেরা মনে করেন, মুখ বদল আরেক মুখ বসিয়ে দিলেই মানুষ তৈরি হয়ে গেল। যেন চার্লি চ্যাপলিনের মুখ বসিয়ে দিলেই তার হাঁটার ছন্দ জন্ম নিয়ে নিল! রবীন্দ্রনাথের দাড়ি লাগিয়ে দিলেই তাঁর মুখে সেই বোধের দীপ্তি আর চিন্তার গভীরতা এসে যাবে! উত্তমকুমারের মুখ বসালেই তাঁর চোখের অভিনয়টাও জন্ম নিয়ে নেবে!
ফুটবলে ব্যাপারটা আরও নির্মম। একজন খেলোয়াড়কে চেনার জন্য শুধু তার মুখ নয়, তার বল ধরার প্রথম স্পর্শ, বল নেওয়ার কোণ, শরীর ঘোরানোর ভঙ্গি, দৌড়ের তাল, ভারসাম্য, সিদ্ধান্ত নেওয়ার সময়—এই সবই তার যে বিশেষ বিশেষত্বের পরিচয় বহন করে সেটুকু চোখও কেউ মেলে রাখে না। পেলের খেলা যারা মন দিয়ে দেখেছেন, তারা জানেন, তাঁর শরীরের ছন্দই ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। মারাদোনার বডি-বেস ড্রিবল যেমন আলাদা, রোনালদো নাজারিওর যেমন ট্রেরেস্ট্রিয়াল-ইনার্শা স্টেপিং-ই আলাদা, ক্রুইফের টার্ন যেমন আলাদা, তেমনি পেলের গতিবিন্যাসও ছিল অনন্য। মুখ নকল করা সহজ; কিন্তু ছন্দ নকল করা কঠিন। শরীরের স্মৃতি ও ভঙ্গি সফটওয়্যার দিয়ে তৈরি হয় না।
ব্যক্তিগতভাবে পেলের যত ভিডিও ক্লিপ, গোল, ম্যাচের অংশ, প্রামাণ্য তথ্যচিত্র এবং বিভিন্ন সময়ে অফিসিয়ালভাবে প্রকাশিত ফুটেজ দেখার সুযোগ হয়েছে সবার, তার প্রায় নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশই দেখেছি বলেই আমার বিশ্বাস। শতভাগ বললাম না—কারণ আজ যদি কোনো অফিসিয়াল আর্কাইভ থেকে নতুন কোনো ফুটেজ বা ক্লিপিং প্রকাশিত হয়, সে তো এখনও দেখা হয়নি। কিন্তু সেই দীর্ঘদিনের দেখার অভিজ্ঞতা থেকেই বলছি, সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো এই তথাকথিত ‘নতুন’ ভিডিওটি দেখে বিস্ময়ের চেয়ে হাসিই বেশি পেয়েছে (যেখানে দেখানো হয়েছে, গোলকিপারদের হাত থেকে অসৎ উপায়ে বল কেড়ে পেলে গোল করছেন)। কারণ এরকম কোনো ম্যাচ, এরকম কোনো দৃশ্য, এরকম কোনো ধারাবাহিক ফুটেজ, কিংবা এরকম কোনো খেলার অংশ কোনো স্বীকৃত আর্কাইভ, প্রামাণ্য তথ্যচিত্র বা বহুল পরিচিত ফুটবল-সংগ্রহে কখনও আমার চোখে পড়েনি। পেলের ফুটবল দর্শনে ও সমস্ত ফুটবল জীবনে এরকম কোনো অসততার সামান্য ঘটনাও যে কতটা অসম্ভব, তার ধারণাও বর্তমান সময়ের প্রচারকগণের পক্ষে করা সম্ভব হয়নি, তাই অবলীলায় এই কাজ করে ফেলেছেন। সবচেয়ে মজার বিষয় হলো, সম্পাদনার কারিগরিটাও বিশ্বাসযোগ্য তো নয়ই, অতীব হাস্যকর। কোথাও মুখের গঠন মিলিয়েছে, কিন্তু শরীরের দৈর্ঘ্য, প্রস্থ মিলছে না। কোথাও দৈর্ঘ্য, প্রস্থ মোটামুটি ঠিক, কিন্তু পায়ের গঠন আলাদা। কোথাও দৌড়ের ভঙ্গি সম্পূর্ণ অপরিচিত। একজন কিংবদন্তি ফুটবলারের সবচেয়ে সত্য পরিচয় তাঁর মুখ নয়, তাঁর শরীরের ভাষা। পেলের দৌড়ের নিজস্ব দোলা-ভঙ্গি ছিল, বল ছোঁয়ার এবং আয়ত্ত করার নিজস্ব কৌশল ছিল, শরীর ঘোরানোর নিজস্ব ছন্দ ছিল। সেই ছন্দই বহু জায়গায় অনুপস্থিত। যেন কারও ওপর পেলের মুখের আদল বসিয়ে একটি মাল্টিমিডিয়া নির্মাণ করা হয়েছে। তারপর তার নিচে বাংলা ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, আর সেটাকেই ইতিহাস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
সাহিত্যে একটি শব্দের মধ্যেও লেখকের বা কবির পরিচয় লুকিয়ে থাকে। বিভূতিভূষণের একটি বাক্য আর মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বাক্য এক নয়। জীবনানন্দের নীরবতার সঞ্চার আর নজরুলের বিস্ফোরণ একই ছাঁচে ফেলতে পারবে কেউ? তাহলে একজন কিংবদন্তি ফুটবলারের শরীরী ভাষা, খেলার ব্যাকরণ, গতি ও সিদ্ধান্ত—এসব একটি অচেনা ভিডিওর ওপর বসানো ক্যাপশন দিয়ে বদলে ফেলা যায় কি?
ইতিহাসেরও একটি ব্যাকরণ থাকে। একটি ছবি বা ভিডিও দলিল নয়; দলিল বা নথি বলে তখনই বিবেচনায় আসে, যখন তার উৎসগত শ্রুতিমাত্রা ও দৃষ্টিগ্রাহ্যতা অন্তত একটা দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে; আর কিছু না থাক। আর এসব ক্ষেত্রে কোন ক্যামেরায় ধারণ হয়েছে, কে সম্প্রচার করেছে, কোন প্রতিযোগিতার, কোন তারিখের, কোথায় সংরক্ষিত—এসব প্রশ্ন আমি না-তুললেও অন্য কেউ তুলে দেবে হয়তো। উৎসহীন ভিত্তিহীন ভিডিওকে ইতিহাস বানিয়ে দেওয়াও যদি যায়, তাহলে তার স্থায়িত্ব নিয়ে সংশয় ভিডিও প্রচারকেরও কাটে বলে মনে হয় না; সর্বোচ্চক্ষেত্রে তা একটা বড়ো পর্যবেক্ষণ। আর যখন ঘটনাটা একেবারেই অভিনব প্রস্তাব আনছে, তখন তার সেই দায়ও তো গাঢ় ও নিবিড় থাকা উচিৎ। আর প্রস্তাবের সঙ্গে প্রামাণ্যতাসুলভ মান্যতার যে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাতেই মূলত নির্ণীত হয় সভ্যতার অন্তর্নিহিত মুদ্রণযোগ্য দূরত্ব বা নৈকট্য, এ কথা তো আর উপেক্ষা করা যায় না।
আজকের ট্র্যাজেডি এখানেই। প্রামাণ্যতা বা পর্যবেক্ষণের তুলনায় চালু-ক্যাপশনের কদর বেশি হয়ে গেছে। কেউ বিবেচনা করতে চায় না। যেন ভিডিও থাকলে, অথবা দৃষ্টিগ্রাহ্য যে-কোনো বিবরণী থাকলেই সত্য প্রতিষ্ঠিত। তাহলে তথ্যচিত্র আর ছায়াচিত্রের পার্থক্য নির্ণয় হবে কীভাবে?
মজার বিষয় আরও গভীর। যে সমাজ নির্ধারিত-প্রমাণ সাপেক্ষেই সবকিছু বিচার্য বলে বোর্ড ঝুলিয়ে রাখে— সেই যুক্তিবাদী, প্রাতিষ্ঠানিক সমাজই কিন্তু আখ্যানের মায়ালোক সাজিয়ে ফেলছে নিজস্ব পরিসরে৷ এবং তারা সেটা ভাবের ঘোরে বুঝতেও পারছে না, বা বুঝতে চাইছে না। ইতিহাসের সবচেয়ে বড়ো কুহেলিকা এখানেই। চোখের সামনে যার দেখা পাচ্ছি, সেটাই যদি শেষ বা মান্য সত্য হয়, তাহলে মরীচিকাকেও নদী বলতে হবে, আয়নায় প্রতিফলিত ছায়া-মানুষকেই তাহলে বাস্তব ও স্বয়ংক্রিয় বলে ভাবতে হবে।
সময়েরও একটি নিজস্ব স্বাক্ষর থাকে। প্রতিটি যুগের ক্যামেরা, সম্প্রচার প্রযুক্তি, ফ্রেম, আলো, সম্পাদনা, দর্শক, স্টেডিয়ামের পরিবেশ—সবকিছুর একটি নির্দিষ্ট ভাষা আছে। একজন ইতিহাসচর্চাকারী বা অংশার্থে অনুসন্ধানকারী অন্তত সেই ভাষা পড়তে শেখেন। একজন প্রত্নতত্ত্ববিদ একটি মাটির পাত্র দেখেই যুগ চিনতে পারেন, একজন চলচ্চিত্র-গবেষক একটি শট দেখে দশক অনুমান করতে পারেন, তেমনি একজন ক্রীড়া-ইতিহাসের গবেষক বা সচেতন দর্শকও ফুটেজের ভেতর সময়ের চিহ্ন খোঁজেন। সেই অনুসন্ধানের জায়গায় যদি কেবল অন্ধ-ভাবাবেগ বসে, তবে ইতিহাস নয়, কেবল প্রচারই জন্ম নেয়। আর অন্ধ-ভাবাবেগে হুল্লোড় আর হইহই হয় ঠিকই, ইতিহাসের একটা পংক্তিও রচিত হয় না। ইতিহাসের মূল্যায়িত প্রস্তাব তো সম্ভবই না। অথচ এসব ক্ষেত্রে প্রস্তাব ছাড়িয়ে, রীতিমতো তার সিদ্ধান্ত ঘোষিত হয়ে যাচ্ছে।
সত্যকে প্রতিষ্ঠা করতে কখনও চিৎকার করা লাগে না। লাগে নথি। কিন্তু নথি সব সত্য কোনোদিন বলে না৷ তাহলে? লাগে উৎস। কিন্তু উৎস প্রাপ্তিও সর্বদা সম্ভব না। তাহলে? লাগে তুলনা। কিন্তু তুলনার ক্ষেত্র-ও তো অপর্যাপ্ত হতে পারে। তাহলে? লাগে ধৈর্য। লাগে বিবেচনা। লাগে পর্যবেক্ষণ। লাগে দৃষ্টির গভীরতা। লাগে দীর্ঘমেয়াদি অনুসন্ধান আর কল্পনাশক্তি। মিথ্যার সবচেয়ে বড়ো শক্তি তার উচ্চস্বরে থাকে না; থাকে তার দ্রুতগতিতে, তার চটজলদি চমকে। সে ভাবনাকে অপছন্দ করে। কারণ ভাবনাচিন্তা তার সবচেয়ে বড়ো প্রতিবন্ধক।
তাই ভিডিও দেখা হোক, কিন্তু ভিডিওর সঙ্গে জড়িত সকল বিষয়গুলোকে দেখা আবশ্যিক হয়ে উঠুক। ক্যাপশন পড়া হোক, কিন্তু ক্যাপশনের আড়ালের কাহিনিকেও পড়ার প্রয়াস থাকুক। আসলে ইতিহাসকে ভালোবাসা যায়, বাইরে থেকে ভালোবাসার ভানও করা যায়। কিন্তু ইতিহাসের সবচেয়ে ভালো সহায়ক যে দ্বান্দ্বিকতা, সেই দ্বন্দ্বকে কোনোভাবেই ভুললে চলে না। কারণ দৃষ্টির দ্বন্দ্ব থেকেই অনুসন্ধান জন্মায়, অনুসন্ধান থেকেই জাগে প্রামাণ্যতার প্রতি বিবেচনার বোধ, আর সেই মুক্ত ও স্থিত বিবেচনা থেকেই জন্ম নিতে পারে ইতিহাসের অপর প্রস্তাব। সেখানে একই ভঙ্গিতে বিরুদ্ধ প্রস্তাবও সমানে বেঁচে থাকতে পারে, যদি সেই প্রস্তাবও মুক্ত ও স্থিত বিবেচনার গর্ভে জন্ম লাভ করে (বিপরীত ন্যারেটিভ রচনা করতেই হবে একটা, এইরকম ভাবাবেগ ইতিহাসের পক্ষে মারণ-ভাইরাস)। ইতিহাস এইভাবেই দীর্ঘ আয়ু লাভ করে৷ প্রতিমুহূর্তে জীবন্ত থাকে। অন্যথায় ইতিহাস মরে যায়। আর মিথ্যে যদি ইতিহাসের প্রতি-প্রস্তাব আর নব-প্রস্তাব হয়ে নিজেকে অত্যধিক শক্তিশালী করে তোলে, তাহলে সে সবার আগে হত্যা করে ইতিহাস পাঠের সত্য-সক্ষমতাকেই।
(২)
এবার বলি, একটু অন্য কথা। প্রসঙ্গান্তর না ঘটিয়েই বলছি৷ ইতিহাসের কোনো প্রস্তাবে কেউ কেউ প্রমাণ চান। চাইতেই পারেন। কিন্তু যিনি প্রমাণ চাইছেন, তাকেও তার চাওয়া প্রমাণের সীমাটা সম্পর্কে স্পষ্ট ধারণা কিন্তু রাখতে হয়৷ নতুবা সেই দাবিটাই খেলো হয়ে যায়৷ আমি তাই আগের অংশে ‘প্রামাণ্যতা’ শব্দটার ব্যবহার একটু বেশিই করেছি৷ সচেতনভাবেই করেছি। আসলে ইতিহাসের পথচলায় প্রায় সর্বক্ষেত্রে, সদর্থে অধিকাংশক্ষেত্রেই নিপাট, অকাট্য, অবিসংবাদিত প্রমাণ দেওয়া বোধহয় সম্ভব হয় না। কোনোকালে হয়ওনি। (কেন হয়নি, সেটা এই আলোচনার বিষয় নয়)। তাই, একটা বাক-পরিসর তৈরি করে প্রসঙ্গসূত্রে বলতে পারি—
ধরুন, অশোক যে বিন্দুসারেরই পুত্র—ইতিহাস কি তা চূড়ান্তভাবে প্রমাণ করতে পারে?
ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দার্শনিক প্রশ্ন হলো—অতীতের কোনো ঘটনা বা ব্যক্তির পরিচয় কি শতভাগ নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব? আমরা অনেকে প্রায়ই ধরে নিই যে, ইতিহাসের প্রতিটি তথ্য যেন আদালতের রায় বা গণিতের উপপাদ্যের মতো চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত। বিষয়টা, যদিও সম্পূর্ণ ভিন্ন। ইতিহাসের জগৎ মূলত সম্ভাবনা, প্রামাণ্যতা, বিশ্বাসযোগ্য নির্ভরতা, উৎস-সমালোচনা এবং যুক্তিনির্ভর বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে থাকে। তাই সম্রাট অশোক যে সম্রাট বিন্দুসারেরই পুত্র ছিলেন—এই বহুল-স্বীকৃত ঐতিহাসিক সিদ্ধান্তও গণিতের মতো অবিসংবাদিত প্রমাণের ফল নয়; বরং বহু স্বাধীন উৎস, তথ্য ও যুক্তির সম্মিলিত মূল্যায়নের ফল।
এক্ষেত্রে প্রথমেই যে মৌলিক বিষয় পরিষ্কার করে বলা দরকার, তা হল— ইতিহাসে ‘প্রমাণ’ বলতে সাধারণত এমন কোনো তথ্যকে বোঝায় না, যা শতভাগ চূড়ান্ত বা চরম; এমনকি পরম বলাও সংগত হয় না। ইতিহাসবিদরা বরং প্রমাণের ভার (Weight of Evidence) বিচার করেন। অর্থাৎ, বিভিন্ন উৎস কতটা নির্ভরযোগ্য, তারা একে অপরকে কতটা সমর্থন করছে, তাদের মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে এবং বিপরীতমুখী কোনো শক্তিশালী প্রমাণ আছে কি না—এসব বিবেচনা করেই একটি ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছানো হয়। ফলে ইতিহাসে অধিকাংশ সত্যই ‘সর্বাধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা’ (Best Supported Historical Conclusion), ‘চিরন্তন ও চূড়ান্ত সত্য’ নয়।
ধরা যাক, অশোক যে বিন্দুসারেরই পুত্র—এর পক্ষে ইতিহাসবিদদের প্রধান ভিত্তি তিন ধরনের।
প্রথমত, বৌদ্ধ ঐতিহাসিক গ্রন্থসমূহ। শ্রীলঙ্কার মহাবংশ, দীপবংশ এবং ভারতের অশোকাবদান— এই গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো ভিন্ন অঞ্চল, ভিন্ন সময় এবং ভিন্ন ঐতিহ্যে রচিত হলেও এক মৌলিক বিষয়ে একমত: অশোক ছিলেন বিন্দুসারের পুত্র। যদিও এসব গ্রন্থ অশোকের যুগের অনেক পরবর্তীকালে রচিত, তবুও স্বাধীন উৎসগুলোর এই পারস্পরিক সামঞ্জস্য ইতিহাসবিদদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়ত, পুরাণসমূহ। বিশেষ করে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এবং ভাগবত পুরাণ— এইসব পুরাণে মৌর্য বংশের রাজবংশীয় ধারাবাহিকতায় চন্দ্রগুপ্ত → বিন্দুসার → অশোক—এই ক্রম পাওয়া যায়। যদিও বিভিন্ন পুরাণের পাঠে কিছু পার্থক্য রয়েছে এবং এগুলো ধর্মীয়-সাহিত্যিক গ্রন্থ, তবুও রাজবংশীয় তালিকার ক্ষেত্রে এদের মধ্যে উল্লেখযোগ্য সামঞ্জস্য দেখা যায়। ফলে ইতিহাসবিদেরা এগুলোকে স্বাধীন ও সহায়ক সাহিত্যিক উৎস হিসেবে ব্যবহার করেন এবং অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে ঐতিহাসিক পুনর্গঠনে মূল্যায়ন করেন।
তৃতীয়ত, অশোকের শিলালিপি, যা তাঁর নিজের সময়ের এবং সবচেয়ে নির্ভরযোগ্য সমকালীন ঐতিহাসিক উৎস। কিন্তু এখানেই রয়েছে বিশেষ চমকপ্রদ তথ্য। অশোক তাঁর কোনো শিলালিপিতেই কোথাও লেখেননি—আমি বিন্দুসারের পুত্র। তিনি নিজেকে সাধারণত ‘দেবানাম্পিয় পিয়দসী’ নামে পরিচয় দিয়েছেন। পরবর্তীকালে শ্রীলঙ্কার ঐতিহ্য, শিলালিপি, প্রত্নতাত্ত্বিক তথ্য এবং অন্যান্য সাহিত্যিক উৎস মিলিয়ে গবেষকেরা প্রতিষ্ঠা করেন যে এই ‘দেবানাম্পিয় পিয়দসী’ আসলে সম্রাট অশোকই। অর্থাৎ, এখানেও ইতিহাস সরাসরি ঘোষণার ওপর নয়, বরং বিভিন্ন প্রমাণের আন্তঃসম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে চেয়েছে।
এখানেই ইতিহাসচর্চায় কল্পনাশক্তির অপরিহার্য ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। তবে এই কল্পনাশক্তি সাহিত্যিক কল্পনা বা বাধাহীন অনুমান নয়; এই কল্পনা প্রামাণ্যতা, উৎস-সমালোচনা ও যুক্তিবোধের দ্বারা নিয়ন্ত্রিত সৃজনশীল পুনর্গঠন (historical reconstruction)। ইতিহাসবিদ অতীতকে প্রত্যক্ষ করতে পারেন না; তিনি বিচ্ছিন্ন তথ্য, নথি, শিলালিপি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সাহিত্যিক সূত্রের মধ্যে বিদ্যমান সম্পর্ক বিশ্লেষণ করে একটি সামগ্রিক চিত্র নির্মাণ করেন। যেখানে প্রত্যক্ষ তথ্যের ফাঁক রয়ে যায়, সেখানে কল্পনাশক্তি সেই শূন্যস্থান পূরণ করতে পারে—কিন্তু সেই কল্পনা কখনোই প্রামাণ্যতার সীমা অতিক্রম করতে পারে না। অর্থাৎ ইতিহাসে কল্পনাশক্তি ঠিক সত্যের বিকল্প নয়; বরং বিশ্বাসযোগ্য ভিত্তি-নির্ভর সত্য-অনুসন্ধানের একটি অপরিহার্য বৌদ্ধিক উপায় হিসেবেই আদরণীয়৷
এখানেই ইতিহাসচর্চার পদ্ধতিগত সৌন্দর্য নিহিত। যদি প্রশ্ন করা হয়—অশোকের জন্মনথি আছে কি? ডিএনএ পরীক্ষা হয়েছে কি? সমকালীন সরকারি নথিতে স্পষ্ট লেখা আছে কি, যে তিনি বিন্দুসারের পুত্র?— তাহলে উত্তর হবে, না। এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি।
তাহলে ইতিহাসবিদরা এত দৃঢ়ভাবে এই সম্পর্ক মেনে নেন কেন?
কারণ ইতিহাসে প্রত্যক্ষ প্রমাণের অনুপস্থিতি মানেই কোনো তথ্য বা ঘটনা মিথ্যা হয়ে যায় না। (তাকে মিথ্যে বললেও সেটাও ইতিহাসবিরোধী অবস্থান হয়ে যেতে পারে, তা আমরা প্রায়ই বুঝতে পারি না)৷ আসলে যখন একাধিক স্বাধীন উৎস একই তথ্য বহন করে, সেই তথ্যের বিরুদ্ধে শক্তিশালী সমকালীন কোনো প্রমাণ পাওয়া যায় না, এবং প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক তথ্য সেই ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা সমর্থনযোগ্য অবস্থানে থাকে, কিংবা যখন তা নিয়ে সুদীর্ঘকাল কোনো জনশ্রুতি প্রচলিত থাকে, তখন ইতিহাসবিদরা তা-কে সর্বাধিক বিশ্বাসযোগ্য ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেন। সম্ভবত এই-ই ইতিহাসচর্চার স্বীকৃত পদ্ধতি।
ইতিহাসে সাধারণভাবে প্রমাণকে তিনটি স্তরে ভাগ করা যায়। প্রথম স্তর হলো প্রত্যক্ষ সমকালীন প্রমাণ—যেমন শিলালিপি, সরকারি নথি, মুদ্রা, চুক্তিপত্র বা প্রত্যক্ষ সাক্ষ্য। এগুলো সবচেয়ে শক্তিশালী। দ্বিতীয় স্তর হলো পরবর্তী কিন্তু একাধিক স্বাধীন উৎসের মিল, যেখানে বিভিন্ন উৎস একই তথ্য প্রদান করে এবং পরস্পরকে সমর্থন করে। তৃতীয় স্তর হলো অনুমান বা পুনর্গঠন, যেখানে তথ্য অসম্পূর্ণ থাকায় যুক্তি, তুলনামূলক বিশ্লেষণ এবং সম্ভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত গড়ে তোলা হয়। অশোক–বিন্দুসারের সম্পর্ক মূলত দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত— তা নিছক কল্পনা নয়, আবার প্রত্যক্ষ সমকালীন সুনির্দিষ্ট ঘোষণার ওপরও প্রতিষ্ঠিত নয়।
এখানে ইতিহাস ও বিজ্ঞানের মধ্যকার মৌলিক পার্থক্যও স্মরণীয়। বিজ্ঞানে একটি পরীক্ষা বারবার পুনরাবৃত্তি করে একই ফলাফল পাওয়া যায়। কিন্তু ইতিহাসে অতীতকে পুনরায় ঘটানো সম্ভব নয়। ইতিহাসবিদের কাজ হলো শিলালিপি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সাহিত্য, বিদেশি বিবরণ, জনশ্রুতি বা কিংবদন্তি, লোককথা, মুদ্রা ও নথিপত্রের সমালোচনামূলক বিশ্লেষণের মাধ্যমে অতীতের সবচেয়ে যুক্তিসংগত ব্যাখ্যা নির্মাণ করা। তাই ইতিহাসে ‘চূড়ান্ত প্রমাণ’ অপেক্ষা ‘নির্ভরযোগ্য প্রামাণ্যতার ভিত্তিতে গড়ে ওঠা কল্পনাশক্তির দৃঢ়তা’ অধিক মূল্যবান বলেই ধরা যায়।
এই কারণেই ইতিহাসের কোনো সিদ্ধান্তই চিরস্থায়ী নয়। আগামিকাল যদি নতুন কোনো শিলালিপি, রাজকীয় নথি বা প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বর্তমান ধারণার বিরোধিতা করে, তবে ইতিহাসবিদরা তাঁদের সিদ্ধান্ত সংশোধন করবেন। এই সংশোধন-সক্ষমতা ও মান্যতা ইতিহাসের দুর্বলতা নয়; বরং এখানেই তার বৈজ্ঞানিক সততা। ইতিহাস অন্ধ বিশ্বাসের ওপর দাঁড়ায় না, আবার অযৌক্তিক সংশয়বাদকেও প্রশ্রয় দেয় না। ইতিহাস সর্বদা নতুন প্রমাণকে স্বাগত জানায় এবং যুক্তির আলোয় পুরোনো সিদ্ধান্তকে পুনর্মূল্যায়ন করে।
সুতরাং, অশোক যে বিন্দুসারেরই পুত্র ছিলেন— নিছক অনুমান নয়, আবার গাণিতিক অর্থে শতভাগ চূড়ান্ত প্রমাণও নয়। তা বহু স্বাধীন ঐতিহাসিক উৎস, প্রত্নতাত্ত্বিক তথ্য, জনশ্রুতি, সাহিত্যিক সাক্ষ্য, যুক্তি এবং উৎসসমালোচনার সম্মিলিত মূল্যায়নের ভিত্তিতে গৃহীত সর্বাধিক বিশ্বাসযোগ্য ও শক্তিশালী কল্পনাশক্তি সমর্থিত ঐতিহাসিক সিদ্ধান্ত। ইতিহাসের প্রকৃত শক্তি এখানেই— যা নিশ্চয়তার দাবি করে না, আবার ভিত্তিহীন বিশ্বাসেও আস্থা রাখে না। উপলব্ধ প্রমাণ, সমালোচনামূলক বিচার, সময়-প্রেক্ষিতের বাস্তবভিত্তিক শক্তিশালী কল্পনা এবং যুক্তিনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে সত্যের সবচেয়ে নিকটবর্তী ব্যাখ্যা নির্মাণের এক নিরন্তর বৌদ্ধিক অভিযাত্রার নামই বোধ-করি ইতিহাস।
(৩)
এবার শেষ পর্যায়ে বলি, আমি ফেসবুকে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলেছি যে, ১৯৭৮ সালের ফুটবল বিশ্বকাপ কলঙ্কজনক বিশ্বকাপ। এবার এটায় আমাকে কেউ যদি বলেন, এটা অভিযোগ, কোনো প্রমাণ নেই। কথাটা ঠিক। (আগেই বলেছি, ইতিহাসের জগতে ‘অকাট্য অবিসংবাদিত প্রমাণ’ আর কয়টাই-বা আছে? প্রমাণ থাকলেও তা খুবই স্বল্প, তেমন গণনাযোগ্য নয়) যাই হোক, ধরে নিলাম তার দাবিই না-হয় ঠিক, কিন্তু দাবির সঙ্গে এই প্রশ্নটাও কি তার মনে জাগা স্বাভাবিক নয় যে, কেন ওই পার্টিকুলার বিশ্বকাপকেই বলা হচ্ছে? এই দাবি বা অভিযোগের ভার পরবর্তী দশকগুলো কেন বা কীভাবে বহন করে যাচ্ছে? আদৌ বহন করছে কি? এই কথার বিভিন্ন উৎস কতটা নির্ভরযোগ্য? উৎসগুলো একে অপরকে কতটা সমর্থন করছে? তাদের মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে? এবং বিপরীতমুখী কোনো সমান্তরাল শক্তিশালী কথা প্রচলিত আছে কি না? কিংবা অন্যভাবে এটাও ভাবনা হতে পারত না কি, যে মানুষটা এই দাবি করল, সে কি এসব ভাবনার পথ পেরিয়ে এসেই বলছে? নাকি একটা ফ্লো-তে ফ্লুকবাজি কথা বলে দিল? সে কি ক্যাজুয়াল ভাবে একটা ফালতু মনগড়া কথা নিজে বানিয়ে এনে, সবার সামনে বলে দিয়ে চলে গেল?
এতগুলো প্রশ্ন করে, কোনোটার উত্তর না-দিয়ে, ব্যক্তিগতভাবে শুধু শেষটার উত্তর আমি দিলাম— না; আমি ক্যাজুয়াল ভঙ্গিতে বলেছি বটে, কিন্তু বাক্যটার মধ্যে বিশ্বাসের দৃঢ়তা অনেক অনেক বেশিই আছে। আর সেটা মনগড়া বানিয়েও বলে ফেলিনি অন্য অনেকের মতো। কারণগুলো কিছু কিছু এখানে সাজিয়ে দিচ্ছি, প্রমাণ-নির্ভরতার জন্য। তবে প্রমাণ বলতে এটা নয় যে— আমার ফেসবুকে বলা ওই নির্দিষ্ট বাক্যটাই চূড়ান্ত, এর বিরুদ্ধে আর কোনো কথা হতে পারে না। প্রমাণ এটার দিচ্ছি যে— বাক্যটা বলার পিছনে আমার যে ধৈর্য, ভাবনা, পর্যবেক্ষণ, বিবেচনা, অনুসন্ধান ছিল— দীর্ঘসময় ধরে ধারাবাহিক ছিল— অযথা মনগড়া বলা নয়, এবং ফুটবলের ইতিহাসেও এই বিষয়টার যে ব্যাপকচর্চা আছে, দীর্ঘকাল ধরেই আছে— তার প্রমাণ হিসেবে। আর সেটা থাকলে, ইতিহাস অন্তত কীভাবে এই জাতীয় বিষয়গুলো দেখতে চায়, এই লেখাতেই আগে বলেছি। [আর ১৯৭৮ এর বিশ্বকাপ বা চিহ্নিত আরও দু-একটি বিশ্বকাপ নিয়ে আমার বক্তব্য অন্য স্বতন্ত্র লেখায় বলব। এখন আপাতত সেই ভার চাপাচ্ছি না।]
যাই হোক, প্রমাণযোগ্য ভিত্তির নিদর্শন দিয়ে আমার বিশ্বাসের কারণগুলোর কিছু কিছু সূত্র এখানে দিলাম —
গুরুত্বপূর্ণ বই, ডক্যুমেন্টারি, নিবন্ধগুলোর তালিকা:
✪ প্রধান বই:
(চাইলে যেগুলোর পিডিএফ এখনও সংগ্রহ করা সম্ভব)
Matías Bauso — 78: Historia Oral del Mundial
’78: An Oral History of the World Cup
(‘৭৮: বিশ্বকাপের মৌখিক ইতিহাস)
১৯৭৮ বিশ্বকাপ, আর্জেন্টিনার সামরিক শাসন, আর্জেন্টিনা–পেরু ৬–০ ম্যাচ, ১৫০টিরও বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে রচিত।
Pablo Llonto — La Vergüenza de Todos
The Shame of Us All (আমাদের সবার লজ্জা)
১৯৭৮ বিশ্বকাপ, সামরিক জান্তার ভূমিকা, রাজনৈতিক প্রভাব এবং আর্জেন্টিনা–পেরু ম্যাচের বিতর্ক।
David Goldblatt — The Ball Is Round
বলটি গোল (অর্থাৎ, ফুটবলের বিশ্ব ইতিহাস)
David Goldblatt — The Age of Football
ফুটবলের যুগ
Christian Koller — Goal! Football and Dictatorship
গোল! ফুটবল ও একনায়কতন্ত্র
Jimmy Burns — Hand of God
Hand of God: The Life of Diego Maradona
ঈশ্বরের হাত: দিয়েগো মারাদোনার জীবন
David Yallop — How They Stole the Game
কীভাবে তারা খেলাটি চুরি করেছিল
Jon Spurling — The Death and Life of Football
ফুটবলের মৃত্যু ও পুনর্জন্ম
Ryszard Kapuściński — The Soccer War
ফুটবল যুদ্ধ
Simon Kuper — Football Against the Enemy
শত্রুর বিরুদ্ধে ফুটবল
✪ গবেষণাধর্মী ও দীর্ঘ নিবন্ধ (Feature Articles):
Mitos y verdades del 6-0 de Argentina a Perú en el Mundial de 1978, el partido de la eterna sospecha — Infobae (Eduardo Bolaños, ২০২৩)
Myths and Facts About Argentina’s 6–0 Win over Peru at the 1978 World Cup: The Match of Endless Suspicion
শিরোনামের অর্থ: “১৯৭৮ সালের আর্জেন্টিনা–পেরু ৬–০: চিরন্তন সন্দেহের ম্যাচ”।
ম্যাচটিকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সন্দেহজনক ম্যাচগুলোর একটি হিসেবে বিশ্লেষণ করা হয়েছে।
infobae
Argentina 6–Perú 0, el partido más largo del mundo: todas las sospechas, las teorías y las acusaciones — Infobae (Matías Bauso)
Argentina 6–Peru 0: The World’s Longest Match – Every Suspicion, Theory, and Accusation
“বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ম্যাচ: সব সন্দেহ, তত্ত্ব ও অভিযোগ”।
ম্যাচটিকে ঘিরে কয়েক দশকের বিতর্ক, তত্ত্ব ও অভিযোগের বিস্তৃত পর্যালোচনা।
infobae
A 42 años del polémico 6-0 de Argentina a Perú… — Infobae (২০২০)
42 Years After the Controversial Argentina 6–0 Peru Match at the 1978 World Cup: What Happened in the Dressing Rooms Before and After the Game
ম্যাচটিকে “বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ম্যাচগুলোর একটি” বলে উল্লেখ করে।
Infobae-এ ২০২০ সালে প্রকাশিত একটি ফিচার নিবন্ধ। যেখানে ম্যাচের আগে ও পরে দুই দলের ড্রেসিংরুমে কী ঘটেছিল, হোর্হে রাফায়েল বিদেলার উপস্থিতি, খেলোয়াড়দের স্মৃতিচারণ এবং পরবর্তী বিতর্ক নিয়ে আলোচনা করা হয়েছে।
infobae
A 40 años del partido más polémico de los Mundiales… — Infobae (২০১৮)
(40 Years After the Most Controversial Match in World Cup History)
শিরোনামেই একে “বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ম্যাচ” বলা হয়েছে।
খেলোয়াড়দের পরস্পরবিরোধী সাক্ষ্য ও অভিযোগ তুলে ধরা হয়েছে।
infobae
No hubo fraude en el Argentina–Perú — El País (স্পেন, ২৪ জুন ১৯৭৮)
(There Was No Fraud in Argentina vs. Peru)
একটি গুরুত্বপূর্ণ সমকালীন নিবন্ধ।
লেখক শেষপর্যন্ত প্রতারণা হয়েছে, এরকম সিদ্ধান্ত দেননি, কিন্তু লিখেছেন যে প্রতারণার সন্দেহ এত প্রবল ছিল যে, ভবিষ্যতে ১৯৭৮ সালের ফাইনালের কথা বললেই ৬–০ ম্যাচের প্রসঙ্গ উঠবে। এই El País (Spain)-এর ২৪ জুন ১৯৭৮ সালের নিবন্ধ “No hubo fraude en el Argentina–Perú” প্রকাশের পর থেকেই বিতর্ক জোরালো হয়েছিল। অহেতুক এই নিবন্ধ প্রকাশই সকলের সন্দেহকে নিশ্চিত হওয়ার পথ করে দিয়েছিল৷ কারণ তখন এবং পরবর্তী দশকগুলোতেও ৬–০ ফলাফল নিয়ে সন্দেহের মাত্রা তীব্র হয়, এবং বহু মানুষ এর ভিতর থেকে বহু অনুষঙ্গ উদ্ধার করেন।
El País
El Mundial de los Generales: el día que Argentina ganó la Copa del Mundo bajo una dictadura militar — AS (স্পেন)
(The Generals’ World Cup: When Argentina Won the World Cup Under a Military Dictatorship)
সামরিক শাসনের প্রেক্ষাপটে ১৯৭৮ বিশ্বকাপ বিশ্লেষণ করে এবং ৬–০ জয়কে দুর্নীতি ও রাজনৈতিক চাপের অভিযোগে ঘেরা বলে উল্লেখ করেছে।
Diario AS
En Perú acusan a Argentina y FIFA de amañar el encuentro — Diario AS (২০১৭)
(In Peru, Argentina and FIFA Are Accused of Rigging the Match)
২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের প্রেক্ষাপটে এসে, ১৯৭৮ সালের ৬–০ ম্যাচের পুরনো অভিযোগ ও বিতর্ক পুনরায় আলোচনা করেছে।
Manoel Obando
El partido de la infamia
Infobae Perú (2022)
(The Match of Disgrace)
পেরুর দৃষ্টিভঙ্গি থেকে লেখা অন্যতম গুরুত্বপূর্ণ নিবন্ধ। নিবন্ধটি ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার ৬–০ গোলে পেরুকে হারানো ম্যাচকে কেন্দ্র করে লেখা হয়েছে। এতে ম্যাচটির পটভূমি, ৬–০ ফলাফলের পরিস্থিতি, পরবর্তী সময়ে ওঠা নানা অভিযোগ, তৎকালীন সামরিক শাসকদের ভূমিকা নিয়ে আলোচিত দাবি, এবং কেন এই ম্যাচটি পেরুর ফুটবল ইতিহাসে “অপমানের ম্যাচ” (the match of infamy) হিসেবে পরিচিত—এসব বিষয় আলোচনা করা হয়েছে।
Infobae
Argentina vencía 6 a 0 a Perú en un encuentro histórico…
(Argentina Was Beating Peru 6–0 in a Historic Match…)
এখানে আছে ম্যাচটির রাজনৈতিক ও ক্রীড়াগত প্রেক্ষাপট। তবে নিবন্ধটির মূল উদ্দেশ্য ৬–০ জয়ের ঘটনাকে শুধু একটি ঐতিহাসিক ফল হিসেবে নয়, বরং সামরিক শাসন, বিশ্বকাপ এবং দীর্ঘস্থায়ী বিতর্কের প্রেক্ষাপটে তুলে ধরা।
Will Hersey
Remembering Argentina 1978: The Dirtiest World Cup of All Time
১৯৭৮ বিশ্বকাপ কীভাবে আর্জেন্টিনার সামরিক জান্তা আন্তর্জাতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, তা এই নিবন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি পেরুর বিপক্ষে ৬–০ ম্যাচ, রেফারিং বিতর্ক এবং মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে।
The New York Times
Keeping the Dark Side of Soccer Away From the City of Light (1998)
১৯৯৮ বিশ্বকাপকে সামনে রেখে নিবন্ধটি ফুটবলের অন্ধকার দিক—হুলিগানিজম, সহিংসতা, দুর্নীতি ও অতীতের বিতর্কিত বিশ্বকাপগুলোর শিক্ষা—আলোচনা করে। ১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপকে রাজনৈতিকভাবে বিতর্কিত টুর্নামেন্টের অন্যতম উদাহরণ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
The Independent
Bungs and Bribes: Football Can’t Kick This Habit (1995)
এই নিবন্ধে ফুটবলে ঘুষ, ম্যাচ-ফিক্সিং ও প্রশাসনিক দুর্নীতির দীর্ঘ ইতিহাস বিশ্লেষণ করা হয়েছে। বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সঙ্গে ১৯৭৮ বিশ্বকাপের আর্জেন্টিনা–পেরু ম্যাচকে নিয়েও আলোচিত অভিযোগগুলোর প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।
Museo Histórico Nacional (Argentina)
The 6–0 Controversy
আর্জেন্টিনার জাতীয় ইতিহাস জাদুঘরের এই ব্যাখ্যায় ১৯৭৮ সালের আর্জেন্টিনা–পেরু ৬–০ ম্যাচকে ঘিরে ওঠা বিতর্ক, অভিযোগ ও বিভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে বিষয়টি আজও ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে বিতর্কের বিষয়।
➤আরও যেসব উৎসে বিষয়টি বিশদে এসেছে—
✪ ঐতিহাসিক সংবাদপত্র:
Jaume Villarreal
Seis goles de Argentina (Argentina Scores Six Goals)
El País (22 June 1978)
ম্যাচ-পরবর্তী সমকালীন প্রতিবেদন।
Alejandro Rebossio
La goleada del Plan Cóndor (The Plan Condor Rout)
El País (2012)
প্ল্যান কনডর, সামরিক সরকার ও ম্যাচ-সংক্রান্ত অভিযোগ নিয়ে লেখা।
বিষয়- সামরিক শাসন ও ১৯৭৮ বিশ্বকাপ। প্ল্যান কনডর বলতে দক্ষিণ আমেরিকার সামরিক শাসকদের সমন্বিত দমন-পীড়ন কর্মসূচি বোঝানো হয়েছে। নিবন্ধের নামটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।
✪ অন্যান্য গুরুত্বপূর্ণ উৎস:
BBC Sport
World Cup 1978 retrospective (বিশ্বকাপ ইতিহাসভিত্তিক প্রতিবেদন)
The Guardian
১৯৭৮ বিশ্বকাপ ও আর্জেন্টিনার সামরিক জান্তা নিয়ে একাধিক বিশ্লেষণধর্মী ফিচার।
World Soccer Magazine
১৯৭৮ বিশ্বকাপের রাজনৈতিক প্রভাব ও আর্জেন্টিনা–পেরু ম্যাচ নিয়ে বিশেষ নিবন্ধ।
FourFourTwo
১৯৭৮ বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত ম্যাচগুলোর ঐতিহাসিক পর্যালোচনা।
When Saturday Comes
আর্জেন্টিনার সামরিক শাসন, বিশ্বকাপ এবং ৬–০ ম্যাচের বিশ্লেষণ।
TUDN
La oscura historia detrás del Argentina vs Perú del Mundial de 1978
(The Dark History Behind the Argentina vs. Peru Match at the 1978 World Cup)
নিবন্ধটির মূল বিষয় হলো ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার ৬–০ গোলে পেরুকে হারানোর ম্যাচকে ঘিরে বহু বছর ধরে প্রচলিত বিতর্ক ও অভিযোগগুলোর পর্যালোচনা।
✪ ডকুমেন্টারি:
ESPN Films
BBC Documentary
Netflix ফুটবল সিরিজ (১৯৭৮ প্রসঙ্গ)
FIFA Archive Films
TV Pública Argentina
Canal Encuentro
History Channel Latin America
DW Documentary
Al Jazeera Sports Features
Canal 7 Argentina Archive
✪বিশেষ কিছু ডক্যুমেন্টারি :
Argentina ’78 (2024 Documentary)
পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। ১৯৭৮ বিশ্বকাপ, সামরিক শাসন, মানবাধিকার লঙ্ঘন এবং টুর্নামেন্টের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে।
Presente
Argentina 1978: Fútbol y Dictadura (DEPORTV Documentary)
আর্জেন্টিনার সামরিক শাসন কীভাবে বিশ্বকাপকে প্রচারণার জন্য ব্যবহার করেছিল, তা নিয়ে নির্মিত ডকুমেন্টারি।
Presente
Mundial ’78: La Historia Paralela
১৯৭৮ বিশ্বকাপের নেপথ্যের রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনা নিয়ে তথ্যচিত্র।
Presente
Argentina 1978: Dictadura y Fútbol
বিশ্বকাপ ও সামরিক শাসনের সম্পর্ক, নিখোঁজ মানুষ এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত তথ্যচিত্র।
✪গবেষণা প্রবন্ধ (Academic Papers):
(এগুলো আগে ইন্টারনেটে বিভিন্ন সাইটে পাওয়া গেছে। বর্তমানে জানি না। হয়তো পাওয়া যাবে।)
➤Bonafini, Cantón, Segura & Sotomayor — Argentina 6–0 Perú: la victoria que no queremos tener (2016)
(The Victory We Never Wanted)
Universidad de La Plata
➤Sicyt Repositories +1
Christian Koller — “Football and Dictatorship” (Catholic University of America Press)
➤Sicyt Repositories
CONICET sports history papers
Latin American Sport History Review
✪ YouTube link;
https://youtu.be/a6PtEHr-q1k?
১৯৭৮ বিশ্বকাপ, সামরিক জান্তা, আর্জেন্টিনা–পেরু ৬–০ ম্যাচ এবং বিতর্ক নিয়ে বিস্তারিত Archive
[বিঃ দ্রঃ— ১৯৭৮ সালের বিশ্বকাপ নিয়ে কিন্তু আজ আমার দৃষ্টিভঙ্গিতে কোনো লেখা লিখলাম না। সময় ও সুযোগ হলে ৭৮ এর বিশ্বকাপ ও বিতর্ক, এই বিষয়ে আমি নিশ্চিত আমার ভাবনাজাত বিশ্বাসের ক্ষেত্র নিজস্ব দৃষ্টিভঙ্গিতে অবশ্যই লিখতে চেষ্টা করব। নিজের ভাবনা ও কথাকে সাজিয়ে একটা জায়গায় রাখার জন্যই। অন্য কেউ পড়বেন আগ্রহে, নিজের বিপুল অযোগ্যতা নিয়ে এতটা আশা আমি কোনোকালেই রাখি না। তবু অনেকে পড়েন, এটা অতি-প্রাপ্তি ছাড়া আর কিছুই না। এই যেমন এই লেখাটা যে বা যিনি পড়লেন এতক্ষণ ধরে৷ চেষ্টা করলেন, আমার বলা কথাগুলো অনুভব করে নিজের মতো করে স্বাধীন চিন্তা করার— তিনি কুকথা বললেও, রাগ হওয়া অসম্ভব, বরং তার প্রতি সম্মানই থাকবে মনে মনে৷]


