আবার প্যারিস : ১৯৬৮-এর ছাই মেখে ২০২৬

অনিশ রায়

প্যারিসের রাস্তায় তরুণেরা আবার নেমেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ব্যারিকেড, বিদ্যালয়ের দরজা অবরুদ্ধ, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জমায়েত, পতাকা, পোস্টার, স্লোগান—দূর থেকে দেখলে মনে হতে পারে ইতিহাস বুঝি নিজের পুরোনো পোশাক আবার পরে নিয়েছে। ১৯৬৮ ফিরে এসেছে। যেন সারবোনের সিঁড়ি থেকে লাতিন কোয়ার্টারের রাস্তায় যে আগুন একদিন ফরাসি সমাজের সমস্ত প্রতিষ্ঠিত কর্তৃত্বকে প্রশ্ন করেছিল, তারই নতুন শিখা ২০২৬-এর ফ্রান্সে জ্বলে উঠেছে। কিন্তু কোনো আন্দোলনই কখনও হুবহু ফিরে আসে না। একই রাস্তা থাকতে পারে, একই বয়সের মুখ থাকতে পারে, পুলিশের ঢাল ও ব্যারিকেডের দৃশ্যও ফিরে আসতে পারে; কিন্তু সময় বদলে গেলে মানুষের ভয় বদলায়, স্বপ্ন বদলায়, প্রতিবাদের ভাষাও বদলে যায়। ১৯৬৮-এর তরুণেরা যে পৃথিবীকে বদলে দিতে চেয়েছিল, ২০২৬-এর তরুণেরা সেই পৃথিবীর বহু অর্জনকে বাঁচিয়ে রাখার জন্যই পথে নেমেছে। এখানেই দুই সময়ের সবচেয়ে গাঢ় তফাত। এবং একইভাবে উত্তরাধিকার।

২০২৬-এর আন্দোলনের শুরু কোনো বিপ্লবী তত্ত্ব থেকে আসেনি; তা শুরু হয়েছিল ক্লাসরুম থেকে। শিক্ষক নেই, শ্রেণিকক্ষে ছাত্রের সংখ্যা অস্বাভাবিক, বিদ্যালয়ের পরিকাঠামো দুর্বল, সরকারি বিনিয়োগ নিয়ে প্রশ্ন, শিক্ষার মান ক্রমশ চাপের মুখে—এই বাস্তব সমস্যাগুলো থেকেই সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সের বিভিন্ন বিদ্যালয়ে অসন্তোষ জমতে শুরু করে। ক্রেতেইয়ের সাঁ-একজুপেরি বিদ্যালয় সেই ক্ষোভের প্রথম দৃশ্যমান কেন্দ্রগুলোর মধ্যে ছিল। কয়েকটি বিদ্যালয়ের দরজা অবরোধ থেকে যে প্রতিবাদ শুরু হয়েছিল, তা অল্প সময়ের মধ্যে দেশের নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে। অক্টোবরের শুরুতে বহু বিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিবাদের সঙ্গে যুক্ত হয়।

এই ঘটনাকে হালকা করে দেখার কোনো কারণ নেই। কারণ কোনো সমাজ তার ভবিষ্যৎকে কোথায় বিনিয়োগ করছে, তার সবচেয়ে নির্মম দর্পণ হয়ে ওঠে সেখানকার বিদ্যালয়। বিদ্যালয়ে শিক্ষক নেই—মানে শুধু একজন শিক্ষক অনুপস্থিত নন; রাষ্ট্রের ভবিষ্যৎ-পরিকল্পনায় কোথাও শূন্যতা তৈরি হয়েছে। শ্রেণিকক্ষে অতিরিক্ত ছাত্র—শুধু শিক্ষকের কাজ কঠিন হচ্ছে না; একইসঙ্গে সংকুচিত হচ্ছে ব্যক্তির জন্য রাষ্ট্রের স্থান-ব্যবস্থা। ভাঙা পরিকাঠামো—শুধু দেয়াল বা জানালার সমস্যা নয়; তার ভিতরে লুকিয়ে থাকে জিজ্ঞাসা, নাগরিকের জন্য রাষ্ট্র-ব্যবস্থা কতটা ব্যয় করতে তৎপর বা উদ্যোগী? সেই কারণেই ২০২৬-এর ছাত্র আন্দোলনকে শুধু শিক্ষা-সংক্রান্ত আন্দোলন বলা যায় না। শিক্ষা তার দৃশ্যমান মুখ; গভীরে আছে সামাজিক চুক্তির বিচিত্র প্রশ্ন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফরাসি রাষ্ট্র নাগরিকের সঙ্গে যে অলিখিত চুক্তি তৈরি করেছিল, তার কেন্দ্রে ছিল জনকল্যাণ। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শ্রমের অধিকার, সরকারি পরিষেবা—রাষ্ট্র বলেছিল, বাজারের অনিশ্চয়তার বাইরে নাগরিকের জন্য কিছু নিশ্চয়তা থাকবে। ফরাসি প্রজাতন্ত্রের আধুনিক পরিচয়ের সঙ্গে সেই কল্যাণরাষ্ট্রের ধারণা গভীরভাবে যুক্ত। কিন্তু কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকট, বিশ্বায়ন, উৎপাদন ব্যবস্থার পরিবর্তন, সরকারি ব্যয় সংকোচনের চাপ এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সেই সামাজিক চুক্তির ভিতকে দুর্বল করেছে। ২০২৬-এর তরুণেরা যেন সেই ভাঙনের শব্দ শুনতে পাচ্ছে।তাদের প্রশ্ন তাই খুব সরল—তাদের জন্য কী রেখে যাওয়া হচ্ছে?

একজন তরুণ যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, তার সামনে এসে দাঁড়াচ্ছে শিক্ষার ব্যয়ভার; চাকরি চাইলে অনিশ্চয়তা ঘিরে ফেলছে; শহরে থাকতে চাইলে বাড়িভাড়ার বিপুল চাপ; পরিবার গড়তে চাইলে অর্থনৈতিক নিরাপত্তার সংশয়; পৃথিবীকে ভালো রাখতে চাইলে বাধা হয়ে আসছে জলবায়ু বিপর্যয়ের ভয়। তার ওপর রাষ্ট্র যখন জনপরিষেবা সংকোচনের কথা বলে, তখন তরুণের মনে ভবিষ্যৎ আর কোনো উজ্জ্বল দিগন্ত থাকে না। ভবিষ্যৎ হয়ে ওঠে হিসাবের খাতা। কত টাকা লাগবে? চাকরি থাকবে তো? বাড়ি পাওয়া যাবে তো? রাষ্ট্র পাশে থাকবে তো?এই সংশয়ে জড়ানো প্রশ্নের ভিতরেই ২০২৬-এর আন্দোলনের গভীরতম রাজনীতি।

১৯৬৮-এর তরুণেরা বলেছিল—পুরোনো রক্ষণশীল কর্তৃত্ব মানি না। পরিবার, বিশ্ববিদ্যালয়, রাষ্ট্র, নৈতিকতা, যৌনতা, পুঁজিবাদ—সবকিছুকে নতুন করে দেখতে হবে। তাদের বিদ্রোহের ভিতরে ছিল এক ধরনের বিপুল আশাবাদ। তারা মনে করত পৃথিবী বদলানো সম্ভব। তারা পুরোনো ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল নতুন পৃথিবী নির্মাণের আত্মবিশ্বাস নিয়ে। ২০২৬-এর তরুণেরা তুলনায় অনেক বেশি উদ্বিগ্ন। তাদের সামনে পুরোনো সামাজিক বন্দোবস্ত শুধু কর্তৃত্বের প্রতীক নয়; সেই সমাজের বহু নিরাপত্তাও ভেঙে পড়ছে। তারা রাষ্ট্রকে ধ্বংস করতে চায় না; তারা জানতে চায় রাষ্ট্র এখনও তাদের জন্য কতটা আছে। তারা কল্যাণরাষ্ট্রকে প্রত্যাখ্যান করছে না; বরং তার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাচ্ছে। তারা বিদ্যালয় ভাঙতে নয়, বিদ্যালয় বাঁচাতে পথে নেমেছে। এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ১৯৬৮-এর বিদ্রোহ ছিল মূলত মুক্তির রাজনীতি; ২০২৬-এর বিদ্রোহ ক্রমশ হয়ে উঠছে নিশ্চয়তার রাজনীতি।

আর সেই কারণেই আন্দোলন বিদ্যালয়ের সীমানা পেরিয়ে শিক্ষক, সরকারি কর্মী, শ্রমিক সংগঠন, পরিবেশবাদী কর্মী এবং বৃহত্তর সামাজিক অসন্তোষের সঙ্গে যুক্ত হয়েছে। অক্টোবরের ১৩ তারিখে গ্রেতা থুনবার্গের ছাত্রদের সঙ্গে প্রতিবাদে যোগ দেওয়ার ঘটনা কেবল কোনো বিখ্যাত ব্যক্তির উপস্থিতি ছিল না; এর মধ্যে সমকালীন তরুণ রাজনীতির চরিত্রও ধরা পড়ে। শিক্ষা, জলবায়ু, সামাজিক ন্যায়, জীবনযাত্রার ব্যয়, শ্রমের অধিকার—আজকের তরুণের কাছে এগুলো আলাদা আলাদা করে দেখার সমস্যা নয়। সবকিছু একই ভবিষ্যতের সঙ্গে যুক্ত।

এই জায়গায় ১৯৬৮-এর সঙ্গে ২০২৬-এর আরেকটি বড়ো পার্থক্য দেখা যায়। ১৯৬৮-এর প্রতিবাদের ভাষা ছিল দেয়াল, পোস্টার, পুস্তিকা, সভা, বক্তৃতা ও মুখোমুখি সংগঠন। ২০২৬-এর প্রতিবাদ একই সঙ্গে রাস্তায় এবং স্ক্রিনে। ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, অনলাইন বার্তা—সব মিলিয়ে প্রতিবাদ এখন নিজেই নিজের সংবাদমাধ্যম। বিদ্যালয়ে পুলিশ ঢোকার ছবি কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার তরুণের কাছে পৌঁছে যেতে পারে। স্লোগান রাতারাতি জাতীয় প্রতীকে পরিণত হতে পারে। ফলে রাষ্ট্রের প্রচলিত তথ্য-নিয়ন্ত্রণের কাঠামোও বদলে গেছে। কিন্তু প্রযুক্তি আন্দোলনকে শুধু দ্রুত করে না; তাকে খণ্ডিতও করে। সামাজিক মাধ্যম মানুষের ক্ষোভকে সংগঠিত করতে পারে, আবার ক্ষোভকে মুহূর্তের আবেগেও পরিণত করতে পারে। দীর্ঘ রাজনৈতিক সংগঠন, মতাদর্শগত শিক্ষা, ধৈর্য, সাংগঠনিক শৃঙ্খলা—এসবের জায়গায় কখনও কখনও এসে বসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ফলে ২০২৬-এর আন্দোলনের শক্তি যেমন তার দ্রুত বিস্তারে সম্ভব হয়েছে; এর দুর্বলতাও দানা বেঁধেছে সেখান থেকেই।

যাই হোক, অক্টোবরের ১৭ তারিখে এই ক্ষোভ জাতীয় মাত্রা পেয়েছে। সেদিন বিপুল মানুষ রাস্তায় নামে। অধিকাংশ প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও কিছু শহরে অগ্নিসংযোগ, লুঠপাট, সরকারি ভবনে হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতিকে জটিল করে তোলে। লিমোজের পৌরভবনে আগুন লাগার ঘটনা সেই অন্ধকার দিককে সামনে নিয়ে আসে। ফলত আন্দোলনের এই পর্যায়ে কঠিন নৈতিক প্রশ্ন উঠে আসে—রাষ্ট্রের অন্যায় বা ব্যর্থতার প্রতিবাদ করতে গিয়ে যদি সাধারণ মানুষের নিরাপত্তা, সম্পত্তি কিংবা জনপরিষেবা ধ্বংস করা হয়, তবে সেই প্রতিবাদ তার নৈতিক শক্তির কতটা ধরে রাখতে পারে?

প্রশ্নের উত্তর সহজ নয়। কারণ রাষ্ট্রীয় দমনও কোনো নিরপেক্ষ বিষয় নয়। পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, গ্রেপ্তার, ছাত্রদের ওপর আক্রমণ কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদীদের অপরাধীর মতো দেখানো হলে আন্দোলনের ক্ষোভ আরও বাড়তে পারে। আবার আন্দোলনের নামে হিংস্রতা ঘটলে রাষ্ট্রের হাতে দমন করার রাজনৈতিক যুক্তিও শক্তিশালী হয়। গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে কঠিন পরীক্ষা এখানেই। তা হলো ক্ষোভকে শক্তিতে রূপান্তরিত করতে হয়, কিন্তু সেই শক্তিকে ধ্বংসাত্মক উন্মত্ততায় পরিণত করা চলবে না।

১৯৬৮-এর ইতিহাসও এই শিক্ষা দেয়। সেই আন্দোলন রাষ্ট্রক্ষমতা দখল করতে পারেনি। দ্য গল জাতীয় পরিষদ ভেঙে নির্বাচন ডাকলেন; পরবর্তী নির্বাচনে গলপন্থীরা শক্তিশালী হয়ে ফিরে এল। কিন্তু রাজনৈতিক পরাজয় সত্ত্বেও ‘১৯৬৮’ সাংস্কৃতিক অর্থে পরাজিত হয়নি। পরিবার, বিশ্ববিদ্যালয়, যৌননীতি, কর্তৃত্ব, শ্রমসম্পর্ক, ব্যক্তিস্বাধীনতা—ফরাসি সমাজের বহুস্তর বদলে দিয়েছিল। অর্থাৎ কোনো আন্দোলনের ফল শুধু সরকার বদলেছে কিনা, তা দিয়ে বিচার করা যায় না। কখনও আন্দোলন রাষ্ট্রকে বদলায়। কখনও রাষ্ট্রের প্রশাসক টিকে যায়, কিন্তু সমাজের ভিতরের মানুষ বদলে যায়।

২০২৬-এর ক্ষেত্রেও সেই প্রশ্নই গুরুত্বপূর্ণ। আজকের ছাত্ররা হয়তো আগামিকাল কোনো নির্বাচনে নির্দিষ্ট দলকে ভোট দেবে। হয়তো সরকার তাদের কিছু দাবি মেনে নেবে। হয়তো শিক্ষক নিয়োগ হবে, বাজেট বদলাবে, কিছু সরকারি প্রতিশ্রুতি দেওয়া হবে। কিন্তু তার থেকেও বড়ো প্রশ্ন—তরুণ প্রজন্ম কি রাষ্ট্র সম্পর্কে নতুন কোনো ধারণা তৈরি করছে? সম্ভবত করছে। তারা বলছে, রাষ্ট্র কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান নয়। রাষ্ট্র মানে বিদ্যালয়ও। রাষ্ট্র মানে হাসপাতাল। রাষ্ট্র মানে বাসস্থান। রাষ্ট্র মানে পরিবেশ। রাষ্ট্র মানে শ্রমের মর্যাদা। রাষ্ট্র মানে এমন এক ভবিষ্যৎ যেখানে জন্মের সময় কারও পকেটে কত টাকা ছিল, তা তার জীবনের সমস্ত সম্ভাবনা নির্ধারণ করবে না। এই দাবির মধ্যে কোনো রোমান্টিক বিপ্লবী স্লোগান নেই। আছে গণতন্ত্রের একেবারে মৌলিক প্রশ্ন।

গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার অধিকার? নাকি গণতন্ত্র মানে ভবিষ্যৎ সম্পর্কে একটি ন্যায্য প্রত্যাশার অধিকারও? ২০২৬-এর প্যারিস এই দ্বিতীয় প্রশ্নই সামনে নিয়ে আসছে। আর এখানেই এই আন্দোলন ফ্রান্সের সীমানা অতিক্রম করে ফেলেছে। কারণ শিক্ষাব্যবস্থার সংকট, জনপরিষেবার সংকোচন, তরুণদের কর্মসংস্থানের অনিশ্চয়তা, আবাসনের ব্যয়, জলবায়ু বিপর্যয়, রাষ্ট্রের প্রতি আস্থার সংকট—এসব আজ শুধু ফ্রান্সের সমস্যা নয়। ইউরোপের বহু দেশে, এমনকি ইউরোপের বাইরেও, নতুন প্রজন্ম একই প্রশ্নের মুখোমুখি। উন্নত রাষ্ট্রের নাগরিক হয়েও তরুণ যদি ভবিষ্যৎ সম্পর্কে নিরাপত্তাহীন থাকে, তবে উন্নয়ন শব্দটির অর্থ কী? মোট দেশজ উৎপাদন বাড়লেও যদি নাগরিকের জীবনে নিশ্চয়তা না বাড়ে, তবে সেই সমৃদ্ধি কার?

১৯৬৮-এর প্রজন্ম রাষ্ট্রকে জানিয়েছিল—তাদের ওপর কর্তৃত্ব চলবে না। ২০২৬-এর প্রজন্ম যেন রাষ্ট্রকে বলছে—তাদের ভবিষ্যৎকে তাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে না। এই দুই উচ্চারণের মধ্যবর্তী অর্ধশতাব্দীর ইতিহাস আসলে আধুনিক ইউরোপের ইতিহাস। একদিকে ব্যক্তিস্বাধীনতার বিস্তার, অন্যদিকে অর্থনৈতিক নিরাপত্তার ক্ষয়; একদিকে প্রযুক্তির বিস্ময়, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে ভয়; একদিকে অভূতপূর্ব যোগাযোগ, অন্যদিকে গভীর রাজনৈতিক অবিশ্বাস। মানুষ অনেক বেশি স্বাধীনভাবে কথা বলতে পারছে, কিন্তু সে কি আগের চেয়ে বেশি নিরাপদ? তরুণেরা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তে যোগাযোগ করতে পারছে, কিন্তু নিজের শহরে স্থায়ী বাসস্থান নিশ্চিত করতে পারছে কি?

সম্ভবত ২০২৬-এর আন্দোলনের বিশেষ তাৎপর্য এখানেই। এই আন্দোলন কোনো পুরোনো মতাদর্শের সরল প্রত্যাবর্তন নয়। নতুন প্রজন্মের নতুন সংকটের ভাষা। তাদের কাছে বিপ্লব মানে হয়তো রাষ্ট্রব্যবস্থা উল্টে দেওয়া নয়; বরং এমন এক সমাজের দাবি, যেখানে ভবিষ্যৎ আতঙ্কের আশঙ্কার সমার্থক হবে না।

প্যারিসের রাস্তায় তাই আজ শুধু ছাত্রদের পদধ্বনি শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ফরাসি সামাজিক চুক্তির পুনর্মূল্যায়ন। শোনা যাচ্ছে কল্যাণরাষ্ট্রের কাছে নতুন প্রজন্মের হিসাব চাওয়া। শোনা যাচ্ছে সেই পুরোনো প্রশ্ন—রাষ্ট্র কাদের জন্য? কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রশ্ন—আগামদিনের রাষ্ট্র কেমন হবে? ১৯৬৮-এর দেওয়ালে লেখা হয়েছিল অসম্ভবকে কল্পনা করার আহ্বান। ২০২৬-এর রাস্তায় সেই কল্পনার জায়গায় কোথাও যেন লেখা হচ্ছে—অসম্ভব নয়, অন্তত সম্ভব ভবিষ্যৎটুকু আমাদের ফিরিয়ে দাও। তাই ২০২৬-কে ১৯৬৮-এর পুনরাবৃত্তি বলা একদিক থেকে ভুল হবেই। বরং বলা ভালো, ১৯৬৮-এর স্বপ্নের ওপর দাঁড়িয়ে ২০২৬ তার হিসাব চাইছে। যে স্বাধীনতা একদিন চাওয়া হয়েছিল, তার সামাজিক ভিত্তি কোথায়? যে সমতা একদিন কল্পনা করা হয়েছিল, তার বাস্তব প্রতিষ্ঠান কোথায়? যে ভবিষ্যৎ একদিন তরুণদের হাতে তুলে দেওয়ার কথা ছিল; তা আজ কেন ঋণ, অনিশ্চয়তা, জলবায়ু সংকট আর ভঙ্গুর জনপরিষেবার ভিতর আটকে আছে? ১৯৬৮ জিজ্ঞাসা করেছিল—মানুষ কতটা স্বাধীন হতে পারে?২০২৬ তার সঙ্গে আরও নির্মম প্রশ্ন যোগ করেছে— মানুষের সেই স্বাধীন ভবিষ্যৎ আদৌ থাকবে তো?

প্যারিসের রাস্তায় আজ যে তরুণেরা হাঁটছে, তারা হয়তো সেই প্রশ্নের উত্তর জানে না। কিন্তু ইতিহাসের প্রতিটি বড়ো আন্দোলনের শুরুই উত্তরহীন প্রশ্নের হাত ধরে। আর কোনো প্রজন্ম যখন নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করতে রাস্তায় নামে, তখন বুঝতে হয়—সমস্যা শুধু সরকারের নয়, সমস্যা সময়েরও। কারণ ভবিষ্যৎ নিয়ে যে প্রজন্মের আর নিশ্চয়তা থাকে না, সে প্রজন্ম একদিন-না-একদিন বর্তমানের কাছেই তার হিসাব চাইবে। ২০২৬-এর প্যারিসে সেই হিসাব চাওয়ার দিনগুলোই হয়তো আমরা দেখতে শুরু করেছি।

প্যারিস ২০২৬, তাই ভারতের কাছে দূরের কোনো বিদেশি দৃশ্য নয়; বরং আমাদের নিজেদের সময়কে দেখার এক নিকটবর্তী স্বচ্ছ আয়না। ফরাসি তরুণেরা বিদ্যালয়, শিক্ষক, জনপরিষেবা, সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যতের অধিকার নিয়ে পথে নেমেছে। অর্থাৎ তাদের প্রতিবাদের কেন্দ্রে আছে নাগরিক হিসেবে আগামদিনের প্রতি নিজের ন্যায্য অংশের দাবি। ভারতের তরুণদের সমস্যাও শেষপর্যন্ত খুব আলাদা নয়। যদিও তার প্রকাশ ভিন্ন: শিক্ষা ও কর্মসংস্থানের সংকট, ক্রমবর্ধমান বৈষম্য, অনিশ্চিত ভবিষ্যৎ, ধর্মীয় মেরুকরণ, মৌলবাদ, রাজনৈতিক অন্ধ-আনুগত্য এবং সংস্কৃতির উপর ক্রমশ ঘনিয়ে-আসা উদ্ভট একরৈখিকতার চাপ তাদের চারপাশে নতুন বাস্তবতা তৈরি করছে। আমাদের স্বাধীনতার ইতিহাসে ছাত্র-যুবসমাজ কখনও নীরব দর্শক ছিল না। স্বদেশি আন্দোলন থেকে অসহযোগ, ভারত ছাড়ো থেকে নকশালবাড়ি, জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিরোধ থেকে সাম্প্রতিক নাগরিক ও কৃষক আন্দোলন পর্যন্ত তরুণেরা বারবার রাষ্ট্র ও সমাজের বিবেককে নাড়া দিয়েছে। সেই উত্তরাধিকার আজ কোথায়? প্যারিসের তরুণেরা যখন প্রশ্ন করছে, তাদের ভবিষ্যৎ কোথায়; তখন ভারতের তরুণদেরও জিজ্ঞাসা হওয়া উচিৎ, কী ধরনের ভারত তারা উত্তরাধিকার হিসেবে চায়? ধর্মান্ধতার উন্মাদনা, রাজনৈতিক অন্ধ-আনুগত্য কিংবা সামাজিক-মাধ্যমের ক্ষণস্থায়ী কলরব যদি সেই প্রশ্নকে গ্রাস করে, তবে তরুণ-শক্তি ইতিহাসের চালিকাশক্তি না-হয়ে ক্ষমতার কাঁচামাল হয়ে যায়। প্যারিস আমাদের শেখায়, প্রতিবাদ কেবল ক্ষোভের প্রকাশ নয়; তা ভবিষ্যৎ নির্মাণের নৈতিক নকশাও। তাই ভারতের তরুণদের প্রয়োজন প্যারিসের অনুকরণ নয়, তার দাবির সঙ্গে নিজের বাস্তবতা মিলিয়ে দেখা। শিক্ষা কেমন হবে, কাজের মর্যাদা কোথায়, ধর্মের ঊর্ধ্বে নাগরিকতা কতটা নিরাপদ, সংস্কৃতি কতটা মুক্ত, রাষ্ট্রের প্রশাসক কতটা জবাবদিহি করতে বাধ্য থাকবে— এই সমস্ত মিলিয়ে দেখা। ১৯৬৮-এর প্যারিস বলেছিল কর্তৃত্বকে প্রশ্ন করো; ২০২৬-এর প্যারিস বলছে ভবিষ্যৎ দাবি করো। ভারতের তরুণ প্রজন্মের সামনে সম্ভবত এখন দুটো দায়িত্ব একসঙ্গে—অন্ধকারকে প্রত্যাখ্যান করা এবং পরিবর্তে কেমন আলো চাই, তা কল্পনা করা এবং পরিকল্পনা করা। কারণ প্যারিসের রাস্তায় উচ্চারিত প্রশ্ন কেবল ফ্রান্সের নয়; যে-কোনো দেশের তরুণের প্রশ্ন—আগামিকালকে চালনার অধিকার কি তারুণ্য-উদ্দীপ্ত দায়িত্বশীল নাগরিকের হাতে থাকবে? নাকি তারা নিয়ন্ত্রিত হতে হতে অন্যের হাতে তৈরি এবং অন্যের দ্বারা চালিত যে আগামিকাল পাবে, তার উচ্ছিষ্ট-ভোক্তা হয়ে কোনোরকমে বাধ্যতামূলক টিকে থাকবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top