কবিতা- রূপনারানের কূলে
কবি- রবীন্দ্রনাথ ঠাকুর
রূপ-নারানের কূলে
জেগে উঠিলাম,
জানিলাম এ-জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ,
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়;
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ-জীবন,
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ ক’রে দিতে॥
‘রূপ-নারানের কূলে’: আত্মসত্তার ঔপনিষদিক মীমাংসা-যোগ্যতা
অনিশ রায়
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষজীবনের কবিতাগুলি বাংলা সাহিত্যে শুধু কাব্যসৃষ্টি নয়, এক মহাজাগতিক আত্মসমীক্ষা। এখানে কবি আর নিছক সৌন্দর্যের উপাসক নন; তিনি ইতিহাসের অন্তরীক্ষে দাঁড়ানো এক ঋষি, যিনি সভ্যতার রক্তাক্ত শরীর স্পর্শ করে মানুষের আত্মার শেষ সত্য আবিষ্কার করতে চান। ‘রূপ-নারানের কূলে’, ‘দুঃখের আঁধার রাত্রি’, ‘প্রথম দিনের সূর্য’, ‘তোমার সৃষ্টির পথ’— কবির লেখা এই শেষ চারটি কবিতা একত্রে পড়লে মনে হয়, যেন দীর্ঘ জীবনযাত্রার শেষে রবীন্দ্রনাথ সমস্ত কাব্য, সমস্ত দর্শন, সমস্ত দুঃখ ও সমস্ত জিজ্ঞাসাকে এক চূড়ান্ত মীমাংসায় এনে স্থাপন করেছেন। এই কবিতাগুলি তাই কবির ‘শেষ লেখা’ নয়; এগুলি তাঁর ‘সার্বিক উপলব্ধি’।
বিশেষত ‘রূপ-নারানের কূলে’ কবিতাটি যেন রবীন্দ্র-মানসের অন্তিম ঔপনিষদিক চেতনা। মাত্র পনেরোটি পংক্তি— কিন্তু তার মধ্যে এমন এক মহাজাগতিক সংহতি আছে, যা বাংলা কবিতায় প্রায় অদ্বিতীয়। এখানে ব্যক্তি ও বিশ্ব, ইতিহাস ও পুরাণ, জীবন ও মৃত্যু, দুঃখ ও তপস্যা, জাগরণ ও মীমাংসা—সব একাকার হয়ে গেছে। কবিতাটি পড়তে পড়তে মনে হয়, যেন কোনো আধুনিক ঋষি মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে সমগ্র মানবসভ্যতার উদ্দেশে শেষবারের মতো শঙ্খধ্বনি করছেন।
“প্রতিটি শব্দের নাম নীলাঞ্জন”—এই কথাকে প্রত্যয়ে উত্তীর্ণ করেই পড়তে হয় ‘রূপনারানের কূলে’ কবিতাটিকে। কারণ এখানে ভাষা নিছক বর্ণনা নয়; তা বহুস্বরের গ্রন্থনা। প্রতিটি শব্দ যেন বহু সহস্র বছরের ভারতীয় দর্শন, ইতিহাস, পুরাণ ও আত্মজিজ্ঞাসার ধ্বনি বহন করছে। সর্বত্রই উপলব্ধ হয়, কোথাও কোনো সাময়িক অবকাশ নেই; কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত একটি মাত্র ধনুকের ছিলা থেকে নির্ঘোষের স্বনন (টঙ্কার) শোনা যেতে থাকে। আর সেই টঙ্কারে স্বরান্তরের বার্তাও কোরকের মতো ফুটে ওঠে। জেগে ওঠা থেকে জানা, জানা থেকে দেখা, দেখা থেকে চেনা, চেনা থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে মীমাংসা।
এই কারণেই ‘রূপনারান’ কোনো সাধারণ শব্দ নয়। সমগ্র কবিতার অমোঘ শীর্ষবিন্দুতে পৌঁছনোর বিশেষ অভিজ্ঞান। তা নিছক কোনো নদীর নামও নয়। জীবনানন্দের ‘ধানসিঁড়ি’-র মতোই এক চিহ্নায়িত প্রতীক। ‘রূপনারানের কূল’ আসলে জীবনের ব্যাপ্ত পরিসর— অস্তিত্বের সেই উপকূল, যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের ও বিশ্বের প্রকৃত রূপ দেখতে পায়। রবীন্দ্রনাথ তাঁর সমগ্র জীবনের তাৎপর্য-সন্ধানী যাত্রায় আজীবন রূপের বিভঙ্গ দেখতে দেখতে জেগে উঠেছেন অজস্রবার। ক্ষণিকের বিস্তৃতি থেকে জেগে উঠে তাই বারবার ব্যক্তিগত ও সার্বজনীন সত্যের দ্বিস্তর উপলব্ধিতে উত্তীর্ণ হতে হয়। উপনিষদে অতি মৃত্যুর কথা আছে, অর্থাৎ মৃত্যু অতিক্রান্ত পরা-স্থিতির কথা। শারীরিক মৃত্যুর মাত্র ৮৫দিন আগে (১৩ই মে, ১৯৪১, কবিতা রচনার দিন) কবি সেই ‘পরা’ জীবনের অনুভূতিতে জেগে উঠেছেন। যিনি চিরজীবন বলতে চেয়েছেন—“রূপ সাগরে ডুব দিয়েছি/ অরূপরতন আশা করি”, তাঁর কাছে মর্ত্যজীবন বা মরজীবন নিরবিচ্ছিন রূপেরই পরিসর। অর্থাৎ ‘রূপনারানের কূল’ হল জীবনের অবাধ অগাধ বিস্তার। তা সমস্ত রূপময় জগৎ। ব্যক্তিগত ‘আমি’ যখন সমষ্টিগত ‘আমি’-র মোহনায় মিশে যায়, তখন এই কূল আর ভৌগোলিক থাকে না; তা হয়ে ওঠে অনন্তের উপকূল। এখানে সমকাল ও চিরকাল, ব্যক্তি ও ইতিহাস, চিহ্ন ও চিহ্নায়ক— সব এক দার্শনিক ঐক্যে আবদ্ধ হয়ে যায়।
১৩ মে, ১৯৪১। গভীর রাত্রি। মৃত্যুর মাত্র পঁচাশি দিন আগে কবিতাটি লেখা হচ্ছে। বাইরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা। ইউরোপে নাৎসিবাদের উন্মত্ততা, উপনিবেশবাদের নির্মমতা, সভ্যতার আত্মবিনাশী অহংকার— সব মিলিয়ে পৃথিবী তখন এক মহাপ্রলয়ের কিনারায়। মানুষের মানবিকতা যেন বিলুপ্তপ্রায়। আর ব্যক্তিক জীবন-সায়াহ্নে আসন্ন মৃত্যুর ঘনায়মান নিস্তব্ধতাকে পরাভূত করে ‘জেগে ওঠার’ এই যে বার্তা, তা কবির কোন্ জীবনসঞ্চারী প্রেরণা থেকে আসে— এ কথা আমাদের ভাবায়। রবীন্দ্রনাথ লিখলেন—
“জেগে উঠিলাম,
জানিলাম এ-জগৎ স্বপ্ন নয়।”
এই “জেগে ওঠা” বাংলা কবিতার ইতিহাসে এক গভীরতম শব্দ। তা নিছক নিদ্রাভঙ্গ নয়; এই জেগে ওঠা আত্মার অতলান্ত মন্থন। উপনিষদে বলা হয়েছে—“উত্তিষ্ঠত, জাগ্রত”—উঠো, জাগো, জ্ঞানলাভ করো। মানুষ অবিদ্যার ঘুমে আচ্ছন্ন; জাগরণ মানে সেই অন্ধকার ভেদ করা। রবীন্দ্রনাথের “জেগে উঠিলাম” সেই ঋষিবাক্যের আধুনিক প্রতিধ্বনি। কিন্তু তাঁর জাগরণ নিছক আত্মমুক্তির নয়; কবির জাগরণ এখানে ইতিহাসের ধ্বনিমালা। মনে পড়ে, সেই সদ্য যৌবনে পা দেওয়া রবীন্দ্রনাথ ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় বলেছিলেন—“না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ”। সেই পর্বে এই জেগে ওঠা যতটা স্বাভাবিক ছিল, ততটা কি স্বাভাবিক হতে পারে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে? আসলে সেদিনের সেই সদ্য যৌবনে পা দেওয়া কবির উচ্চারণে ছিল একটি সত্তার জাগরণ; কিন্তু ‘রূপনারানের কূলে’-র উচ্চারণ হল বিশ্ববোধে জাগ্রত এক মহাপ্রাণের। এই জাগরণ যে ‘আত্মার অতলান্ত’ মন্থন করে সর্ব-সত্তার উপলব্ধিগত জাগরণ। চেনা জগৎকে তাই দেখা এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে।
কবিতাটি রচনাকালে বিশ্বজুড়ে অন্ধকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণ-দামামা বেজে উঠেছে সারা বিশ্ব জুড়ে। সমগ্র ইউরোপ আক্রান্ত নাৎসি বাহিনীর কাছে। সোভিয়েতের স্বপ্ন ভেঙে খান খান। ভারতও তখন মোহমগ্ন। বিশ্বের কোনো প্রান্ত থেকে যেন ভেসে আসছে না মানবিক কণ্ঠস্বর। আধমরাদের ঘা মেরে বাঁচানোর কথাও উচ্চারণ করে না কেউ। উদভ্রান্ত, ভীত, জড়তাগ্রস্তদের জন্য তখন একটাই বার্তা গুরুত্বপূর্ণ “সবাই ঘুমিয়ে নেই/ কেউ কেউ আছে জেগে এখনো”। জীবনের অন্তিম প্রহরগুলিতে সমগ্র মানুষের হয়ে সেই জেগে ওঠার কথা একাই ঘোষণা করেন রবীন্দ্রনাথ। তিনি জানতেন, ইতিহাস যতই অন্ধকার হোক, মানুষ চিরদিনের জন্য পর্যুদস্ত হয় না। এই কারণেই তাঁর “জেগে উঠিলাম” কোনো একক উচ্চারণ নয়; এই অভিব্যক্তি সমগ্র মানবজাতির উদ্দেশে উচ্চারিত জাগরণের শঙ্খধ্বনি।
ইতিহাস যখন ঘূর্ণিবাত্যা তৈরি করে— যখন অন্ধকার সর্বগ্রাসী হয়—তখন ‘রক্তের অক্ষরে’ চিরোজ্জ্বল মুখের রূপ পূর্ণ আবিষ্কার করে নিতে হয়। ‘এবার ফিরাও মোরে’ কবিতাতেও কবি বলেন— “যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমা চেয়ে / যখনই জাগিবে তুমি পালাইবে সে ধেয়ে”। এখানেও ছিল ‘জেগে ওঠার’ কথা। অর্থাৎ, সভ্যতার নামে প্রতাপমত্তদের জান্তব মুখোশ ছিন্ন করে কবি চিরকালই দেখতে চেয়েছেন মানুষের মুখ; মনুষ্যত্বের মুখ। কেননা, কবি আমৃত্যু বিশ্বাস করেছেন, মানুষ কখনো কখনো হারতেও পারে, পিছিয়েও যায়; কিন্তু চিরদিনের জন্য পর্যুদস্ত হয় না। সত্য সর্বদা দ্বিবাচনিক বলেই বিনাশের গহ্বর থেকে ‘জেগে ওঠে’ এগিয়ে যাওয়ার মহাবেগ। ‘রূপনারানের কূলে’-র জেগে ওঠা তাই কখনোই একক বাচন নয়— সর্বমানবের হয়েই সামূহিক বাচন উচ্চারণ করেন রবীন্দ্রনাথ।
জেগে ওঠার পর আসে জানা—
“জানিলাম এ-জগৎ স্বপ্ন নয়।”
ভারতীয় দর্শনে জগৎকে বহুবার ‘স্বপ্ন’ বা ‘মায়া’ বলা হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ এখানে সেই ধারণার গভীর পুনর্ব্যাখ্যা করেন। তিনি জগৎকে অস্বীকার করেন না। তিনি জানেন, জগৎ সত্য, ব্রহ্মও সত্য। মানুষের দুঃখ, রক্ত, ইতিহাস, অপমান— সব সত্য। বাস্তবও সত্য। সত্যের খণ্ড অস্তিত্ব হলেও বাস্তবকে স্বীকার করা। এই বাস্তব যত কঠোরই হোক, তাকে ধারণ করাই মানুষের ধর্ম।
তারপর আসে দেখা—
“রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ।”
এই “রক্তের অক্ষর” অসাধারণ প্রতীক। এখানে ইতিহাস যেন রক্ত দিয়ে নিজের ভাষা লিখছে। যুদ্ধের রক্ত, উপনিবেশের রক্ত, মানুষের নিষ্ঠুরতার রক্ত— সবমিলিয়ে মানবসভ্যতার কলঙ্কিত আত্মপ্রতিকৃতি। মানুষকে সত্যিকারভাবে চেনা যায় সংকটের মুহূর্তে। সুখের সময় মানুষ মুখোশ পরে থাকে; কিন্তু ইতিহাসের আঘাতে তার প্রকৃত মুখ উন্মোচিত হয়।এইখানে কবিতা মহাভারতের মুখোমুখি হয়। কুরুক্ষেত্রে অর্জুন বিভ্রান্ত। তখন কৃষ্ণ তাঁকে বিশ্বরূপ দর্শন করান। সেই বিশ্বরূপে সৃষ্টি ও ধ্বংস পাশাপাশি। রবীন্দ্রনাথও যেন সেই বিশ্বরূপ প্রত্যক্ষ করেন। তিনি দেখেন— মানুষ একই সঙ্গে দেবতা ও অসুর। যে মানুষ অমৃতের সন্তান, সেই মানুষই আবার যুদ্ধ সৃষ্টি করে।
এরপর আসে চিনে নেওয়া—
“চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়।”
ফলত আত্মসত্তার পরিচয় সুখের মধ্যে পাওয়া যায় না; পাওয়া যায় আঘাতের মধ্যে। রবীন্দ্রনাথের নিজের জীবনও ছিল বেদনায় আর বিচ্ছেদে রেখাকৃত। স্ত্রী, সন্তান, বন্ধু-বিয়োগ, রাজনৈতিক হতাশা, সমাজের আক্রমণ— সব মিলিয়ে তাঁর জীবন এক দীর্ঘ দুঃখ-তপস্যা। কিন্তু সেই বেদনাই তাঁকে গভীর করেছে। বৌদ্ধদর্শনে বুদ্ধের প্রথম আর্যসত্য— জীবন দুঃখময়। কিন্তু সেই দুঃখ নৈরাশ্য নয়; তা জাগরণেরই নিভৃত নির্জন পথ। রবীন্দ্রনাথও উপলব্ধি করেন—আঘাতই মানুষকে সত্যের দিকে নিয়ে যায়।
এই কারণেই কবিতার কেন্দ্রীয় উচ্চারণ—
“সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম।”
কবি সমস্ত জীবনব্যাপী কাব্যনিরীক্ষার বহুস্তর অতিক্রম করে জীবনের উপান্তে উপনীত হয়েছেন। কত সহজভাবে কত গভীর কথা বলা যায়, এই সিদ্ধি তখন তাঁর অধিগত। এবং বক্তব্য বিষয়ও সেখানে অতিমাত্রায় সংহত, সংযত।
রবীন্দ্রনাথ সারা জীবন ধরে বহুভাবে সমালোচিত হয়েছেন। তাঁর বহু বহু গঠনমূলক কাজে তিনি সহযোগিতার বদলে পেয়েছেন শত্রুতা। দেখেছেন সৃষ্টিকর্মে বা গঠনগত দিকে নয়— ধ্বংসেই মানুষের আগ্রহ বেশি। মন তাঁর ভেঙে গেছে বারবার। তাঁর স্বপ্নের ভারত তিনি গড়তে পারলেন না। তাঁর স্বপ্নের বিশ্বকে তিনি দেখে যেতে পারলেন না— এই ব্যর্থতার আগুন জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত তাঁকে দগ্ধ করেছিল। সাংসারিক, পারিবারিক, সামাজিক সবদিক থেকে তিনি বিপর্যয়ের শিকার হয়েছেন। একের পর নিকট আত্মীয় বিয়োগের যন্ত্রণাকে বুকে বহন করেছেন। তাই জীবনের ‘সত্য’-কে তিনি বিচিত্র অভিজ্ঞতায় ‘কঠিনের’ মধ্যে পেয়েছিলেন বলেই বলতে পেরেছিলেন— “সত্য যে কঠিন”।
যদিও রবীন্দ্রনাথের মতো বিশ্ব-ভাবনার কবি কখনো ব্যক্তিগত ভাবনায় সীমাবদ্ধ থাকতে পারেন না। ব্যক্তিজীবনে কঠিন সত্য অনুভবের পরেও তিনি দেখেছেন দু-দুটো বিশ্বযুদ্ধের অভিঘাত মানব-চরিত্রকে বদলাতে পারেনি। কবি বুঝতে পারেন, যে-মানুষ অমৃতের পুত্র, সে-ই পরমাণু বোমার নির্মাতা। তিনি উপলব্ধি করেন— যন্ত্রণা সত্য, বেদনা সত্য, সত্য মানুষের মনের অন্ধকার। পৃথিবীতে আলো সত্য হলে অন্ধকারও সত্য। এতদিন কবি আঘাতকে বেদনাকে বিস্মৃত হয়ে সব-ই মঙ্গলময় ভেবেছেন। ভেবেছেন রক্তপাত, যন্ত্রণা ক্ষণস্থায়ী; সত্য কেবল মানুষের শাশ্বত শুভবোধ। কিন্তু জীবনের শেষপ্রান্তে ভগ্ন-স্বাস্থ্যে, জীর্ণ-হৃদয়ে কবি মেনে নিলেন এই নির্মম সত্যকে— রক্তপাতও সত্য, অমঙ্গলও সত্য। দুঃখকে তিনি আর ‘মহান’ করে নয়, বরং উপলব্ধি করেন কঠোর, কঠিন, নির্দয় রূপে—“সত্য যে কঠিন”। কঠিন হোক, তবু সেই সত্যকেই তিনি ভালোবাসলেন ; কেবল সত্যের প্রতি ধ্রুব প্রত্যয়ে।
ব্যক্তিগত বিপর্যয় ও বিশ্বজনীন সংকট— এই দুইয়ের প্রভাবে কবি যা কিছু কঠিন, যা কিছু নির্মম, তাকেও শান্ত সমাহিত চিত্তে গ্রহণ করতে চেয়েছেন। কেননা, যা কঠিন, সে কখনো করে না বঞ্চনা। তাতে ছলনা নেই, তা স্পষ্ট। আর এই ‘বিচিত্র ছলনা জাল’ উপেক্ষা করে তিনি সত্যের দারুণ মূল্য লাভ করার জন্যই কঠিনকে ভালোবাসলেন। মনে পড়ে, কবি একদা বলেছিলেন—“মন রে আজ কহ যে / ভালো-মন্দ যাহাই আসুক / সত্যরে লও সহজে”। তবে আলোচ্য কবিতার ‘কঠিন’-এর মধ্যে বিষাদ গভীরতার মাত্রা অনেক বেশি।
এই ‘কঠিন’ তাই কোনোভাবেই নিষ্ঠুরতা নয়; অস্তিত্বের অনিবার্য জটিলতা। মানুষ সহজ সত্য ভালোবাসে, কিন্তু প্রকৃত সত্য কখনো আরামদায়ক নয়। সত্য সমস্ত আত্মপ্রবঞ্চনা ভেঙে দেয়। এই উচ্চারণে রবীন্দ্রনাথের চেতনা ‘কঠ উপনিষদ’-এর নচিকেতার সঙ্গে মিলিত হয়। নচিকেতা মৃত্যুর দেবতা যমের সামনে দাঁড়িয়ে সত্যের সন্ধান করেছিলেন। যম তাঁকে ভোগ ও দীর্ঘজীবনের প্রলোভন দিয়েছিলেন। কিন্তু নচিকেতা তা প্রত্যাখ্যান করেছিলেন। রবীন্দ্রনাথও তেমনি মিথ্যার আরাম নয়, সত্যের কঠোরতাকেই গ্রহণ করলেন।
আসলে দার্শনিক মিখাইল বাখতিনের ‘প্যারালাল অপোজিট’-র ভাবনা যেন এর সঙ্গে মিশে যায়। অর্থাৎ, মিথ্যে বা ভ্রম বা ছলনা না থাকলে ‘সত্য’ স্পষ্ট হয় না। সত্যকে পাওয়ার জন্যই মিথ্যে বা ছলনার মধ্য দিয়ে যেতে হয়। আর ‘ছলনা’-কে ছিন্ন করার জন্যই ‘কঠিন’কে আয়ুধ বানাতে হয়। সত্যের পথ যে কখনোই একরৈখিক নয়— “সত্য যে কঠিন”।
এই কারণেই ‘দুঃখের আঁধার রাত্রি’, ‘প্রথম দিনের সূর্য’, ‘তোমার সৃষ্টির পথ’— এই কবিতাগুলির সঙ্গে ‘রূপ-নারানের কূলে’-র গভীর সম্পর্ক। ‘দুঃখের আঁধার রাত্রি’-তে দুঃখ ব্যক্তিগত ও মনস্তাত্ত্বিক; ‘প্রথম দিনের সূর্য’-এ নবোদয়ের সম্ভাবনা; ‘তোমার সৃষ্টির পথ’-এ সৃষ্টির নৈতিক তাৎপর্য। কিন্তু ‘রূপ-নারানের কূলে’-তে এই সব স্তর একত্রে মিশে গেছে। এখানে ব্যক্তিগত বেদনা বিশ্বমানবের ইতিহাসে রূপান্তরিত হয়েছে।
কবিতাটি মাত্র ১৫ পংক্তির। তার মধ্যে প্রথম এগারো পংক্তিতে যেন কবির গভীর বিশ্বাস ও অনুভূতিতে অর্জিত অভিজ্ঞতার প্রতিবেদন। যেন কবি নিজেকে আশ্বস্ত করতে চাইছেন। আর শেষের চার পংক্তিতে পাঠকের প্রতি মৃদু অথচ নিবিড় উচ্চারণ। এ পর্বে এসে যেন আর সংশয় বা দ্বিধা নেই কোনো। আর এই মীমাংসা-যোগ্যতায় পৌঁছাতে কবিকে ক্রিয়া-সংকল্পের মধ্য দিয়ে যাত্রা করতে হয়েছে।
রবীন্দ্রনাথের জীবন কখনোই শুধু জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাঁর জীবনে প্রাচুর্য ফুটে ওঠে কর্মের মধ্যেও, অর্থাৎ ক্রিয়ার মধ্যে। তাই জীবনের শেষ প্রান্তে এসে কবি সর্ব-মানবের হয়ে ক্রিয়াত্মক পদ বা সংকল্পের দিকগুলিকে উল্লেখ করতে চেয়েছেন সৃষ্টির পর সৃষ্টির মধ্য দিয়ে।
জেগে উঠিলাম : কবি তাঁর পরিব্যাপ্ত জীবনবোধ দিয়ে উপলব্ধি করেন— মানুষের সত্য পরিচয় তখনই প্রকাশ পায়, যখন সে আত্ম-আচ্ছাদক ঘুমের ঘোর থেকে বারবার জেগে ওঠা সম্ভব করে। ‘জেগে উঠিলাম’ এই ক্রিয়াপদ মূলত এক অমেয় প্রত্যয়ের ঘোষণা। সর্বমানবের হয়ে সামূহিক উচ্চারণ।
জানিলাম : অনুসন্ধানে রত চির-পথিক যখন প্রতীয়মানের স্তর ভেদ করে পরম উপলব্ধিতে জেগে ওঠে, ঠিক সেই মুহূর্ত থেকেই সব মোহ-আবরণকে জানা শুরু হয়। সত্তা যেহেতু জগৎ নিরপেক্ষ নয়, তাই সত্তার জানা শুরু হয় জগৎ-কে নতুন চোখে দেখার দৃষ্টির মধ্য দিয়ে। আত্ম প্রতারক স্বপ্নের ঘোর থেকে জেগে ওঠার উপলব্ধিই হল প্রকৃত জানা।
দেখিলাম : রবীন্দ্রনাথ অস্তিত্ব ও জ্ঞানের মধ্যে কোনো বিভাজন দেখেন না। তাই ঋজু ও স্পষ্ট উচ্চারণে তিনি নিজের রূপ দেখার কথা প্রকাশ করেন। এবং আঘাত-বেদনার মধ্য দিয়ে নিজের স্বরূপকে উপলব্ধির কথাও বলেন। ‘রক্তের অক্ষরে’ নিজেকে দেখা তাই যেমন ব্যক্তিগত, তেমনি সমষ্টিগত। তা একাধারে সামাজিক, আবার ঐতিহাসিক।
চিনিলাম : দেখে নেওয়ার মতো আঘাতে আঘাতে ‘চিনে নেওয়ার’ বার্তাও বহু অর্থ বয়ে আনে। সভ্যতার সর্বধ্বংসী আয়োজনের মধ্যে দাঁড়িয়েও যে কবি বলেন ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’, তিনি মানব ইতিহাসের চরম দুর্যোগকে আত্ম-উপলব্ধির কারণ বলে মেনে নেন। দুঃখের আঁধার রাত্রিকে আঘাতে আঘাতে চিনেছিলেন বলেই তিনি বলতে পেরেছিলেন “সত্য যে কঠিন”।
ভালোবাসিলাম : রবীন্দ্রনাথ চিরকালই ব্যক্তিগত চেতনাকে বিশ্বগত চেতনায় উত্তীর্ণ করতে পেরেছিলেন। তাই বলতে পেরেছিলেন—“সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান”। জীবনের অন্তিম সময়ে সংকটের চরম বিন্দুতে দাঁড়িয়েও তিনি রূঢ় পক্ষপাতশূন্য সত্যকে ‘জানা-দেখা-চেনার’ স্তর পেরিয়ে ‘ভালোবাসার’ কথা বলতে পারলেন। এ আসলে জীবনের কাছে জীবনেরই প্রতিশ্রুতি।
জীবনের কাছে এমন প্রতিশ্রুতিময় উচ্চারণের পরেই কবি বলেন –“আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন/ সত্যের দারুণ মূল্য লাভ করিবারে/ মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।”
কবিতার প্রথম থেকে কবি যে অভিজ্ঞতার প্রতিবেদন রচনা করেছেন, এ-যেন সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে নির্লিপ্ত নির্মেদ মন্ত্রোচ্চারণ। কী নিদারুণ এই উচ্চারণ! আমরা স্তম্ভিত হয়ে যাই। সারাজীবন ধরে আনন্দময় মঙ্গলের সাধক রবীন্দ্রনাথ জীবনের শেষবেলায় এসে উপলব্ধি করলেন জীবনের চরম সত্যিকে—“আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন”। জীবন-ই তো তাঁকে শিখিয়েছে এই পাঠ। সত্য তো এই-ই। সত্যের মূল্য লাভ করতে মানবকে সারাজীবন দুঃখের তপস্যাই তো করতে হয়। জীবনচর্যায় সেই জীবন তিল তিল করে সঞ্চিত হতে থাকে ; জমতে থাকে যে সকল দেনার ভার, তাকে মৃত্যুর মধ্য দিয়েই তো শোধ করে দিয়ে যেতে হয়। তবে এই ভাবনায় কোনো জন্মান্তরবাদের প্রসঙ্গ আসে না। আসলে জীবন দিয়েই শোধ করে যেতে হয় জীবনের ঋণ। সেই শাশ্বত জীবনের প্রতিশ্রুতিই এই বক্তব্যে ঘোষিত। আর এই প্রতিশ্রুতি কবির জীবনে রক্ষিত হয়েছিল বলেই তো দ্বিধাহীন তিনি বলতে পারেন সত্যের ঋজু প্রতিষ্ঠার কথা। প্রথম বিশ্বযুদ্ধ-পর্বে তিনি বলেছিলেন—“রাত্রির তপস্যা, সে কি আনিবে না দিন?”
না ; এবার আর জিজ্ঞাসা নয়, বরং কবি চিরস্বচ্ছ অন্তরের পথ আবিষ্কার করেছেন সহজ বিশ্বাসে। এখানে ‘জিজ্ঞাসার’ বদলে তাই এসেছে ‘মীমাংসার’ বয়ান। মৃত্যুর দ্বিস্তর দর্পণে প্রতিফলিত যে জীবন, তাকে তিনি ‘দুঃখের তপস্যা’ বলে চিনতে পেরেছেন। যে তপস্যায় গ্লানি নেই, বঞ্চনা নেই, অনুভবের শেষ হয়ে যাওয়া নেই। তাই সমগ্র মানব-অস্তিত্বকে নিজের আলোকময় চেতনায় বহন করেই কবি এই প্রত্যয়ে পৌঁছতে পেরেছেন যে, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্যই এই জীবন। তাই ‘মৃত্যু” কোনো অবসান নয়— অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে অর্জনীয় তাৎপর্যের অন্তিম সীমানা-মাত্র। যেখানে জীবনের দেনা-পাওনা জীবনকেই মিটিয়ে যেতে হয়।
এই তিনটি পংক্তি যেন সমগ্র ভারতীয় সাধনার আধুনিক মহামন্ত্র। এখানে জীবন কোনো ভোগক্ষেত্র নয়; জীবন হলো সাধনার ক্ষেত্র। উপনিষদের ঋষিরা যেমন তপস্যার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করেছেন, বুদ্ধ যেমন দুঃখকে জ্ঞানের কেন্দ্রে এনেছেন, রবীন্দ্রনাথও তেমনি সমগ্র জীবনকে দুঃখের তপস্যা হিসেবে উপলব্ধি করেন। কিন্তু তাঁর তপস্যা সংসারবিমুখ নয়। তিনি জগৎ থেকে পালিয়ে যান না; বরং জগতের সমস্ত বেদনা বহন করেন। এইখানেই তাঁর মানবতাবাদ। তাঁর কাছে আধ্যাত্মিকতা মানে বাস্তবতা থেকে পলায়ন নয়; বাস্তবতাকে আরও গভীরভাবে গ্রহণ করা।
এইখানেই তাঁর কবিতা মহাকাব্যিক উচ্চতায় পৌঁছে যায়। মহাভারতের নায়কদের মতো তিনিও জানেন—ধর্মের পথ সহজ নয়। ভীষ্মের শরশয্যা, কর্ণের বঞ্চনা, যুধিষ্ঠিরের দ্বিধা— এই সব মহাকাব্যিক সংকট যেন রবীন্দ্রনাথের “কঠিন সত্য”-এর মধ্যেই নতুনভাবে প্রতিফলিত হয়। শেষপর্যন্ত মৃত্যু তাঁর কাছে অবসান নয়; মীমাংসা। বৈদিক ঋণতত্ত্বের মতো মানুষ জন্মগতভাবে ঋণে আবদ্ধ— ইতিহাসের কাছে, মানুষের কাছে, সত্যের কাছে। জীবন সেই ঋণশোধের যাত্রা। তাই ‘মৃত্যুতে সকল দেনা শোধ ক’রে দিতে’ উচ্চারণে কোনো নৈরাশ্য নেই; আছে এক গভীর শান্তি। এই কারণেই ‘রূপ-নারানের কূলে’ কেবল একটি কবিতা নয়; এক পরিণত সভ্যতার আত্মজিজ্ঞাসা। এখানে ব্যক্তি বিশ্বমানবে উত্তীর্ণ হয়েছে, দুঃখ তপস্যায় রূপ নিয়েছে, মৃত্যু মীমাংসায় পরিণত হয়েছে। তাই “জেগে উঠিলাম”-ও কেবল কবির ব্যক্তিগত উচ্চারণ থাকে না; সমগ্র মানবজাতির উদ্দেশ্যে উচ্চারিত এক অনন্ত শঙ্খধ্বনি— যেখানে উপনিষদের জাগরণ, মহাভারতের ধর্মসংকট, বুদ্ধের দুঃখবোধ, মহাদেবের নীলকণ্ঠ-ধারণা এবং আধুনিক ইতিহাসের রক্তাক্ত সত্য এক হয়ে গেছে। এই কারণেই ‘রূপ-নারানের কূলে’ বাংলা কবিতার ইতিহাসে চিরকালীন মানবের আত্মার অন্তিম ঔপনিষদিক চেতনা, চলমান সভ্যতার মহাপ্রস্থানপূর্ব শেষ মহামন্ত্র।
### [ ভাব ও ভাবনাগত বিশেষ ঋণ- কবিতার রূপান্তর – তপোধীর ভট্টাচার্য ]

