রবীন্দ্রনাথ ঠাকুর
শ্রেণি : নবম | বিষয় : বাংলা
বিভাগ – ক
১ মানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। ‘খেয়া’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া’ কবিতা।
২। ‘খেয়া’ কবিতায় নদীর দুই তীরে কী দেখা যায়?
উত্তর : নদীর দুই তীরে দুটি সাধারণ গ্রাম দেখা যায়। খেয়ানৌকার যাতায়াতের মধ্য দিয়ে গ্রাম দুটির মানুষের মধ্যে যোগাযোগ ও আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে।
৩। ‘কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে’— পঙ্ক্তিটির তাৎপর্য কী?
উত্তর : পঙ্ক্তিটির মধ্য দিয়ে মানুষের নিত্যদিনের যাতায়াত ও আদান-প্রদানের ছবি ফুটে উঠেছে। এই ধারার মধ্য দিয়েই মানবজীবনের প্রবাহমানতা রক্ষিত হয়।
৪। ‘খেয়া’ কবিতায় খেয়ানৌকা কীসের প্রতীক?
উত্তর : খেয়ানৌকা মানবসভ্যতার চিরন্তন জীবনপ্রবাহ, পারস্পরিক যোগাযোগ ও মিলনের প্রতীক।
৫। ‘খেয়া’ কবিতায় নদীস্রোত কীসের প্রতীক?
উত্তর : নদীস্রোত কালের অনন্ত প্রবাহের প্রতীক। সময়ের সঙ্গে রাজশক্তি ও সাম্রাজ্যের পরিবর্তন ঘটলেও মানুষের জীবনপ্রবাহ অবিরাম চলে।
৬। দুটি গ্রামের মানুষের মধ্যে কীভাবে সম্পর্ক গড়ে ওঠে?
উত্তর : খেয়ানৌকার নিয়মিত যাতায়াতের মধ্য দিয়ে দুটি গ্রামের মানুষের মধ্যে ভাব, সংস্কৃতি ও নিত্যপ্রয়োজনের আদান-প্রদান ঘটে। গড়ে ওঠে পারস্পরিক আত্মীয়তা।
৭। কবি সাম্রাজ্যের উত্থান-পতনের প্রসঙ্গ এনেছেন কেন?
উত্তর : ক্ষমতার লোভ ও আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষায় সাম্রাজ্যের উত্থান ঘটে, আবার কালের নিয়মে তার পতনও হয়। কবি এর মধ্য দিয়ে রাজশক্তির অনিত্যতা প্রকাশ করেছেন।
৮। ‘খেয়া’ কবিতায় ‘সোনার মুকুট’ কীসের প্রতীক?
উত্তর : ‘সোনার মুকুট’ রাজকীয় ক্ষমতা, ঐশ্বর্য ও সাম্রাজ্যিক আধিপত্যের প্রতীক। কালের নিয়মে এই ক্ষমতা ও গৌরব একদিন বিলুপ্ত হয়।
৯। ‘হলাহল’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর : ‘হলাহল’ বলতে মানবসভ্যতার যুদ্ধ, হিংসা, শোষণ, রক্তপাত ও ধ্বংসাত্মক প্রবণতাকে বোঝানো হয়েছে।
১০। ‘সুধা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর : ‘সুধা’ বলতে মানুষের সৃষ্টিশীলতা, প্রেম, সৌন্দর্য, জ্ঞান ও কল্যাণকর অর্জনকে বোঝানো হয়েছে।
১১। ‘খেয়া’ কবিতায় কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের গুরুত্ব কী?
উত্তর : কৃষিজীবী ও শ্রমজীবী মানুষই সভ্যতার প্রকৃত ধারক ও বাহক। তাদের নিরন্তর কর্মপ্রবাহের মধ্য দিয়েই মানবসভ্যতা এগিয়ে চলে।
১২। ‘খেয়া’ কবিতায় মানবজীবনের মিলনধর্মী স্বরূপ কীভাবে প্রকাশিত হয়েছে?
উত্তর : নদীর দুই তীরের মানুষের পারস্পরিক যাতায়াত ও আদান-প্রদানের মধ্য দিয়ে কবি মানবজীবনের চিরন্তন মিলনধর্মী স্বরূপ প্রকাশ করেছেন।
১৩। রাজা ও সাধারণ মানুষের জীবনপ্রবাহের পার্থক্য কী?
উত্তর : রাজা ও শাসকের ক্ষমতা একদিন বিলুপ্ত হয়। কিন্তু সাধারণ মানুষের শ্রম ও কর্মপ্রবাহ কখনো থেমে থাকে না। তারাই সভ্যতাকে বহন করে নিয়ে যায়।
১৪। ‘খেয়া’ কবিতায় মানবসভ্যতার ইতিহাস কীভাবে প্রতিফলিত হয়েছে?
উত্তর : মানবসভ্যতার ইতিহাসে যুদ্ধ, রক্তপাত ও সাম্রাজ্যের উত্থান-পতনের পাশাপাশি মানুষের শ্রম, সৃষ্টি ও মিলনের ধারাও অব্যাহত রয়েছে। কবি এই দ্বিমুখী ইতিহাস তুলে ধরেছেন।
১৫। ‘খেয়া’ কবিতায় কবির বিশ্বমানবিকতার পরিচয় দাও।
উত্তর : মানুষের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা ও আদান-প্রদানের মধ্য দিয়ে কবি বিশ্বমানবের চিরন্তন আত্মীয়তাকে প্রকাশ করেছেন। ভৌগোলিক ব্যবধান ও ক্ষমতার সংঘাত মানুষের এই মিলনধারাকে থামাতে পারে না।
বিভাগ – খ
৩ মানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১। “সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা”— কারা কোথায় আনাগোনা করে? এই আনাগোনার মধ্য দিয়ে কবি কোন্ সত্য প্রকাশ করেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া’ কবিতা থেকে উদ্ধৃত পঙ্ক্তিটি গৃহীত হয়েছে। নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়ানৌকায় যাতায়াত করে। কেউ নিজের ঘর থেকে অন্য গ্রামে যায়, আবার কেউ কাজ শেষে ঘরে ফিরে আসে।
এই সাধারণ যাতায়াতের মধ্য দিয়ে কবি মানবজীবনের চিরন্তন আদান-প্রদানের সত্যকে প্রকাশ করেছেন। মানুষের প্রয়োজন, কর্ম, ভাব ও সংস্কৃতির বিনিময়ের মধ্য দিয়েই এক সমাজের সঙ্গে অন্য সমাজের সম্পর্ক গড়ে ওঠে। এই যাওয়া-আসার ধারাই মানবসভ্যতার অবিচ্ছিন্ন জীবনপ্রবাহকে বহন করে চলে।
২। “রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে”— রক্তপ্রবাহের মাঝে কী ফেনিয়ে ওঠে? কবি কেন এমন কথা বলেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে উদ্ধৃত পঙ্ক্তিটি গৃহীত হয়েছে। পৃথিবীর ইতিহাসে যুগে যুগে ক্ষমতার দ্বন্দ্ব, যুদ্ধ, সংঘাত ও সাম্রাজ্য বিস্তারের মধ্য দিয়ে নতুন নতুন ইতিহাস রচিত হয়েছে। সেই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই ক্ষমতাশালী শাসকদের উত্থান ঘটেছে। প্রতিষ্ঠিত হয়েছে সাম্রাজ্য ও রাজশক্তি।
কবি এই ইতিহাসের মধ্য দিয়ে মানুষের ক্ষমতালোভ, আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা এবং তার ভয়াবহ পরিণতিকে তুলে ধরেছেন। মানুষের রক্তের বিনিময়ে গড়ে ওঠা রাজশক্তি একসময় আবার ধ্বংসও হয়েছে। তাই রক্তপ্রবাহের মধ্যে ইতিহাসের এই উত্থান-পতনের ছবিই কবির কল্পনায় ফেনিয়ে উঠেছে।
৩। “সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা”— কবি ‘তৃষ্ণা’ ও ‘ক্ষুধা’ শব্দ দুটি দিয়ে কী বোঝাতে চেয়েছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে উদ্ধৃত পঙ্ক্তিটি গৃহীত হয়েছে। এখানে ‘তৃষ্ণা’ ও ‘ক্ষুধা’ বলতে সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে মানুষের নব নব চাহিদা, আকাঙ্ক্ষা ও প্রয়োজনকে বোঝানো হয়েছে।
মানুষের জীবন কখনো স্থির নয়। নতুন নতুন অভাব ও প্রয়োজনের তাগিদে মানুষ জ্ঞান-বিজ্ঞান, শিল্প, সাহিত্য, কৃষি ও সংস্কৃতির নানা ক্ষেত্রে অগ্রগতির চেষ্টা করে। এই আকাঙ্ক্ষাই সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু মানুষের এই চাহিদার সঙ্গে কখনো কখনো যুক্ত হয় লোভ, ক্ষমতার আকাঙ্ক্ষা ও আধিপত্য বিস্তারের প্রবণতা। ফলে সভ্যতার বিকাশের মধ্যেই সৃষ্টি ও ধ্বংসের দ্বন্দ্ব দেখা দেয়।
৪। “উঠে কত হলাহল, উঠে কত সুধা”— ‘হলাহল’ ও ‘সুধা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া’ কবিতায় কবি মানবসভ্যতার দ্বিমুখী স্বরূপ প্রকাশ করতে গিয়ে ‘হলাহল’ ও ‘সুধা’ শব্দ দুটি ব্যবহার করেছেন।
‘হলাহল’ বলতে সভ্যতার অন্ধকার দিক—যুদ্ধ, হিংসা, শোষণ, রক্তপাত ও ধ্বংসকে বোঝানো হয়েছে। অন্যদিকে ‘সুধা’ বলতে মানুষের সৃষ্টিশীলতা, জ্ঞান, প্রেম, সৌন্দর্য, কল্যাণ ও মানবিক অর্জনকে বোঝানো হয়েছে। সভ্যতার অগ্রগতির পথে যেমন মানুষের অসংখ্য মহৎ সৃষ্টি রয়েছে, তেমনই রয়েছে ক্ষমতার লোভ ও স্বার্থের কারণে সংঘটিত নানা ধ্বংসাত্মক ঘটনা। কবি এই দুই বিপরীত প্রবণতার সহাবস্থানের মধ্য দিয়েই মানবসভ্যতার প্রকৃত স্বরূপ তুলে ধরেছেন।
৫। “শুধু হেথা দুই তীরে, কেবা জানে নাম, / দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম”— পঙ্ক্তিদুটির তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে উদ্ধৃত পঙ্ক্তিদুটি গৃহীত হয়েছে। পৃথিবীর নানা প্রান্তে যখন দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ ও সাম্রাজ্যের উত্থান-পতন ঘটছে, তখন নদীর দুই তীরে অবস্থিত দুটি নাম-না-জানা গ্রাম নিজেদের স্বাভাবিক জীবনপ্রবাহে অবিচল রয়েছে।
গ্রাম দুটির মধ্যে নদী ব্যবধান সৃষ্টি করলেও খেয়ানৌকার যাতায়াত তাদের পারস্পরিক সম্পর্ক অটুট রেখেছে। তারা যেন পরস্পরের দিকে তাকিয়ে থাকে। এই দুটি গ্রাম বৃহত্তর মানবসমাজের প্রতীক। ক্ষমতার সংঘাত ও ইতিহাসের পরিবর্তনের ঊর্ধ্বে সাধারণ মানুষের জীবন, পারস্পরিক নির্ভরতা ও আত্মীয়তার সম্পর্ক চিরকাল প্রবহমান। কবি এই গ্রামীণ দৃশ্যের মধ্য দিয়ে মানবজীবনের শান্ত, স্বাভাবিক ও চিরন্তন মিলনধর্মী সত্যকে প্রকাশ করেছেন।
৬। ‘খেয়া’ কবিতায় খেয়ানৌকা কীসের প্রতীক? কবি কেন বলেছেন, ‘এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে’?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতায় খেয়ানৌকা শুধু নদী পারাপারের বাহন নয়, বরং মানবসভ্যতার চিরন্তন জীবনপ্রবাহ, পারস্পরিক যোগাযোগ ও মিলনের প্রতীক।
পৃথিবীর ইতিহাসে রাজা-সম্রাট, সাম্রাজ্য ও ক্ষমতাশালী শাসকদের উত্থান-পতন ঘটেছে। যুদ্ধ ও রক্তপাতের মধ্য দিয়ে বহু ইতিহাস রচিত হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জীবন ও কর্মপ্রবাহ কখনো থেমে থাকেনি। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ প্রতিদিনের প্রয়োজন ও কর্মের মধ্য দিয়ে সভ্যতাকে এগিয়ে নিয়ে গিয়েছে। তাদের পারস্পরিক আদান-প্রদান ও সম্পর্কের মধ্য দিয়েই মানবসমাজের বন্ধন অটুট থেকেছে।
তাই কালের প্রবাহে ক্ষমতার আসন বদলালেও মানুষের মিলন ও জীবনপ্রবাহ অব্যাহত থাকে। সেই চিরন্তন গতিশীলতার প্রতীক হিসেবেই কবি বলেছেন, ‘এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে’।
বিভাগ – গ
৫ মানের গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নোত্তর
১। ‘খেয়া’ কবিতার ভাবগত তাৎপর্য বিশ্লেষণ করো।
অথবা, ‘খেয়া’ কবিতার মধ্য দিয়ে মানবসভ্যতার যে সত্যকে কবি তুলে ধরেছেন, তা আলোচনা করো।
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চৈতালি কাব্যগ্রন্থের রচনাগুলিতে টুকরো টুকরো পরিচিত দৃশ্যের রূপায়ণের মধ্য দিয়ে কবি চিরন্তন বিশ্বপ্রাণের অনন্ত সংগীতকে অনুভব করতে চেয়েছেন। ‘খেয়া’ কবিতাটি সেই ভাবনারই অনুরণন।
কবিতাটির শুরু হয়েছে গ্রাম্য নদীতীরের এক সাধারণ দৃশ্যচিত্র বর্ণনার মধ্য দিয়ে—
“খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে
কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে।”
বস্তুজীবনের নিত্যপ্রয়োজন মেটাতে গ্রামীণ মানুষ নদীপথে পণ্য বিনিময় করে। এর মধ্য দিয়ে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের সংস্কার, প্রথা ও সংস্কৃতির আদান-প্রদান ঘটে। বিনিময় হয় ভাবের, অনাত্মীয় হয়ে ওঠে আত্মীয়। কবি যেন মানবজীবনের আদান-প্রদানের ইতিহাসমালাই ব্যক্ত করে যান। আসলে এই গ্রামীণ চিত্রই তো বিশ্বমানবের চেনা ইতিহাস। এই গতির বিরাম নেই, শেষ নেই। যাওয়া-আসার এই সাবলীল ধারায় অনন্ত প্রাণের প্রবাহমানতাই রক্ষিত হয়ে চলে।
তবে এই ধারায় শুধু মিলনই সংঘটিত হয়নি। এই ধারায় চলেছে ভাঙা-গড়ার প্রবাহ, দ্বন্দ্ব ও সর্বনাশ। রক্তস্রোতের মধ্য দিয়ে গড়ে উঠেছে মানব-আখ্যান। ক্ষমতালোভী কিছু আকাশছোঁয়া দম্ভী মানুষ নিজেদের স্বেচ্ছাচারে মানবসভ্যতাকে ব্যবহার করেছে। সাম্রাজ্যবাদের এই আগ্রাসনে মানবজীবনে নেমে এসেছে গাঢ় অন্ধকার। তবু একের পর এক স্থাপিত হয়েছে শাসকের বিজয়স্তম্ভ। কিন্তু সেই নীতিহীন, অন্ধ ও অমানবিক রাজমুকুট একদিন খসে গেছে। তারপর আবার নতুন সাম্রাজ্যের উদ্ধত খড়্গ জেগে উঠেছে।
নব নব ক্ষুধা-তৃষ্ণা মন্থনের বেলায় উঠেছে হলাহল। ক্ষমতার কাছেই মানুষ পদানত হয়েছে। কিন্তু কালের অমোঘ নিয়মে একদিন ভেসে গেছে সাম্রাজ্যের বেড়াজাল। জীবনের অমল সুধার স্বাদে মানুষের হৃদয়ে বেজে উঠেছে কালের মন্দিরা। পৃথিবীর সমস্ত রক্ত-অভিযানের পরেও মানুষের জীবনধারায় তরঙ্গ ওঠে। খেয়ানৌকা সেই তরঙ্গেই দুলতে থাকে। এক পার থেকে আরেক পারে পৌঁছে দেয় বন্ধনের বার্তা।
রাজা আসে, রাজা যায়। দিন বদলায়। এই বদলের পথেই রাজশক্তির জন্ম-মৃত্যু ঘোষিত হয়। কিন্তু কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের কর্মপ্রবাহ কোনোদিন থেমে থাকে না। তারাই সভ্যতার ধারক ও বাহক। তারাই কর্ম-সংস্কৃতিকে ছড়িয়ে দিতে চায় বিশ্বের প্রান্তে প্রান্তে। রচনা করতে চায় মিলনপথ। খেয়ানৌকা সেই মিলনেরই প্রতীক। শত শত সাম্রাজ্যের ভগ্নস্তূপ থেকেও তাই মিলনপিপাসু মানুষ খেয়ানৌকায় চড়ে— ‘কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে।’
২। ‘এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে’— পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবি কী চিরন্তন সত্য প্রকাশ করেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া’ কবিতা থেকে আলোচ্য পঙ্ক্তিটি গৃহীত হয়েছে। মানবজীবন ও সভ্যতার অবিরাম গতিশীলতার প্রসঙ্গে কবি এই তাৎপর্যপূর্ণ উপলব্ধি প্রকাশ করেছেন।
নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামের মধ্যে খেয়ানৌকার যাতায়াত কবিতার বাহ্যিক বিষয়। কিন্তু এই সাধারণ দৃশ্যের মধ্য দিয়েই কবি মানবসভ্যতার গভীর জীবনসত্যকে প্রকাশ করেছেন। নদীস্রোত এখানে কালপ্রবাহের প্রতীক এবং খেয়ানৌকা মানুষের চিরন্তন জীবনপ্রবাহ ও পারস্পরিক যোগাযোগের প্রতীক। নদীর স্রোত যেমন কখনো থেমে থাকে না, তেমনই মানুষের জীবন ও সভ্যতার অগ্রগতিও অবিরাম চলতে থাকে।
পৃথিবীর ইতিহাসে কত রাজা, সম্রাট ও সাম্রাজ্যের জন্ম হয়েছে, আবার কালের নিয়মে তাদের পতনও ঘটেছে। ক্ষমতার অহংকার, যুদ্ধ, রক্তপাত এবং ধ্বংসের মধ্য দিয়ে ইতিহাসের নানা অধ্যায় রচিত হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জীবন থেমে থাকেনি। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিদিনের কর্মপ্রবাহে সভ্যতাকে এগিয়ে নিয়ে গিয়েছে।
কবির কাছে খেয়ানৌকার নিরন্তর পারাপার তাই শুধু দুটি গ্রামের মধ্যে যাতায়াতের ঘটনা নয়, বরং মানবসমাজের চিরন্তন আদান-প্রদান, সম্পর্ক ও সংযোগের প্রতীক। রাজশক্তির উত্থান-পতনের ঊর্ধ্বে মানুষের এই জীবনপ্রবাহ অক্ষয়। তাই ইতিহাসের সমস্ত পরিবর্তনের পরেও খেয়া চলতে থাকে নদীস্রোতে। মানুষের জীবন ও সভ্যতার এই অবিচ্ছিন্ন গতিশীলতাই আলোচ্য পঙ্ক্তির মূল তাৎপর্য।
৩। ‘সোনার মুকুট কত ফুটে আর টুটে’— উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া’ কবিতা থেকে উদ্ধৃত পঙ্ক্তিটি গৃহীত হয়েছে। মানবসভ্যতার ইতিহাসে রাজশক্তি ও সাম্রাজ্যের উত্থান-পতনের প্রসঙ্গে কবি এই মন্তব্য করেছেন।
মানবসভ্যতার ইতিহাস কেবল সৃষ্টির ইতিহাস নয়, তা একই সঙ্গে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ ও ধ্বংসের ইতিহাস। পৃথিবীতে ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় যুগে যুগে রাজা, সম্রাট ও শাসকরা একে অপরের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছে। সেই সংঘাতের মধ্য দিয়ে রচিত হয়েছে নতুন নতুন ইতিহাস। অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে রাজসিংহাসন ও সাম্রাজ্য। বিজয়ী শাসকের মাথায় শোভা পেয়েছে সোনার মুকুট।
কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। যে শাসক একদিন অপরাজেয় শক্তির অধিকারী বলে নিজেকে মনে করেছে, কালের নিয়মে তাকেও ক্ষমতা হারাতে হয়েছে। এক সাম্রাজ্যের পতনের পর অন্য সাম্রাজ্যের উত্থান ঘটেছে। ইতিহাসের এই ধারাবাহিক উত্থান-পতনকেই কবি ‘সোনার মুকুট কত ফুটে আর টুটে’ কথাটির মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এখানে সোনার মুকুট রাজকীয় ক্ষমতা, ঐশ্বর্য, আধিপত্য ও সাম্রাজ্যবাদের প্রতীক।
কবির দৃষ্টিতে রাজশক্তির এই অহংকার সাময়িক। ক্ষমতার আস্ফালন যতই প্রবল হোক, সময়ের কাছে তার স্থায়িত্ব নেই। অথচ সাধারণ মানুষের জীবনপ্রবাহ অবিরাম চলতে থাকে। শাসকের নাম ও কীর্তি বিস্মৃতির অতলে হারিয়ে গেলেও মানুষের কর্ম, সম্পর্ক ও জীবনসংগ্রাম সভ্যতাকে বহন করে নিয়ে যায়। এইভাবে আলোচ্য পঙ্ক্তিতে রবীন্দ্রনাথ ইতিহাসের অনিত্যতা এবং ক্ষমতার অহংকারের অসার সত্যকে তুলে ধরেছেন।
৪। ‘সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা— উঠে কত হলাহল, উঠে কত সুধা।’— পঙ্ক্তিটির অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করো।
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া’ কবিতা থেকে আলোচ্য পঙ্ক্তিদুটি গৃহীত হয়েছে। মানবসভ্যতার ক্রমবিকাশ এবং তার সঙ্গে জড়িয়ে থাকা সৃষ্টিশীলতা ও ধ্বংসাত্মক প্রবণতার প্রসঙ্গে কবি এই উপলব্ধি প্রকাশ করেছেন।
মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। নতুন নতুন অভাব, প্রয়োজন ও স্বপ্নকে সামনে রেখে মানবসভ্যতা প্রতিনিয়ত এগিয়ে চলে। মানুষের জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, কৃষি ও প্রযুক্তির বিকাশ সভ্যতাকে নতুন সম্ভাবনার সামনে দাঁড় করায়। কিন্তু এই অগ্রগতির পথ সর্বদা মসৃণ নয়। মানুষের অসংযত লোভ, ক্ষমতার আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা ও আধিপত্য বিস্তারের প্রবণতা সভ্যতার মধ্যে সংঘাত ও ধ্বংসের জন্ম দেয়।
কবি এই দ্বিমুখী বাস্তবতাকেই ‘হলাহল’ ও ‘সুধা’ শব্দ দুটির সাহায্যে প্রকাশ করেছেন। হলাহল বলতে সভ্যতার অগ্রগতির সঙ্গে জড়িয়ে থাকা বিষ, অর্থাৎ যুদ্ধ, হিংসা, শোষণ, রক্তপাত ও ধ্বংসের ইঙ্গিত পাওয়া যায়। অন্যদিকে সুধা মানুষের সৃষ্টিশীলতা, কল্যাণবোধ, ভালোবাসা, জ্ঞান ও মানবিক অর্জনের প্রতীক। মানুষের সভ্যতা যেমন একদিকে ধ্বংসের উপকরণ তৈরি করেছে, তেমনই অন্যদিকে সৃষ্টি করেছে কল্যাণ ও সৌন্দর্যের অসংখ্য উপাদান।
এখানে কবির দৃষ্টিভঙ্গি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি সভ্যতার অগ্রগতিকে একরৈখিকভাবে দেখেননি। তাঁর উপলব্ধিতে সভ্যতার ইতিহাসের মধ্যে একই সঙ্গে বিষ ও অমৃতের সহাবস্থান রয়েছে। মানুষের অর্জন যেমন বিস্ময়কর, তেমনই তার লোভ ও হিংসা ভয়াবহ। তাই সভ্যতার প্রকৃত মূল্য নির্ধারিত হয় মানুষের মানবিকতা ও কল্যাণবোধের বিকাশের মধ্য দিয়ে। আলোচ্য পঙ্ক্তিতে রবীন্দ্রনাথ মানবসভ্যতার এই জটিল ও দ্বান্দ্বিক স্বরূপকে গভীর ব্যঞ্জনায় প্রকাশ করেছেন।
৫। ‘দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম’— দুই গ্রামের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে কবি কী জীবনদর্শন প্রকাশ করেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া’ কবিতা থেকে আলোচ্য পঙ্ক্তিটি গৃহীত হয়েছে। নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে কবি মানুষের চিরন্তন আত্মীয়তা ও সামাজিক সংযোগের কথা প্রকাশ করেছেন।
কবিতায় নদীর দুই তীরে দুটি পরিচিত গ্রাম রয়েছে। তাদের মধ্যে নদী ভৌগোলিক ব্যবধান সৃষ্টি করলেও মানুষের দৈনন্দিন জীবন সেই ব্যবধান অতিক্রম করে চলেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়ানৌকা দুটি গ্রামের মধ্যে যাত্রী পারাপার করে। কেউ নিজের ঘর থেকে অন্য গ্রামে যায়, আবার কেউ কাজ শেষে নিজের ঘরে ফিরে আসে। এই যাতায়াতের মধ্য দিয়ে দুটি গ্রামের মানুষের মধ্যে গড়ে উঠেছে পরিচয়, নির্ভরতা ও পারস্পরিক সম্পর্ক।
কবি এই সাধারণ গ্রামীণ দৃশ্যের মধ্যে বৃহত্তর মানবসমাজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন। মানুষের জীবন কখনো বিচ্ছিন্ন নয়। এক সমাজের সঙ্গে অন্য সমাজের, এক সংস্কৃতির সঙ্গে অন্য সংস্কৃতির এবং এক মানুষের সঙ্গে অন্য মানুষের সম্পর্কের মধ্য দিয়েই মানবসভ্যতার বিকাশ ঘটে। মানুষের প্রয়োজন, শ্রম, অভিজ্ঞতা ও ভালোবাসা তাকে অন্য মানুষের কাছে নিয়ে যায়। ভৌগোলিক সীমারেখা কিংবা সামাজিক ব্যবধান মানুষের এই স্বাভাবিক যোগাযোগকে চিরকাল আটকে রাখতে পারে না।
বিশেষভাবে লক্ষণীয়, পৃথিবীর অন্য প্রান্তে যখন ক্ষমতার সংঘাত, যুদ্ধ, রক্তপাত ও সাম্রাজ্যের উত্থান-পতন ঘটছে, তখন নদীর দুই তীরের এই নাম-না-জানা গ্রাম দুটি নিজেদের স্বাভাবিক জীবনপ্রবাহে অবিচল। তাদের কাছে রাজা-সম্রাটের নাম কিংবা সাম্রাজ্যের ইতিহাস মুখ্য নয়। তাদের কাছে মুখ্য মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এবং প্রতিদিনের জীবনযাত্রা।
এই দুই গ্রাম তাই বৃহত্তর মানবসমাজের প্রতীক। আর খেয়ানৌকা তাদের মধ্যে সংযোগ ও মিলনের মাধ্যম। মানুষের পারস্পরিক নির্ভরতা, আত্মীয়তা এবং সহযোগিতার মধ্য দিয়েই সভ্যতার প্রকৃত ভিত্তি নির্মিত হয়— কবি এই চিরন্তন মানবিক সত্যকেই প্রকাশ করেছেন।

