মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চেতনা: সাধারণের চোখে, পরিচিত গল্পের ভাষায়

 

ড. অনিশ রায়

এমন কিছু লেখক আছেন, যাঁদের কেবল সাহিত্যিক বলে চিহ্নিত করার অর্থই হল উপলব্ধির ক্ষেত্রকে সরলীকৃত করা। আসলে তাঁরা কেবল গল্প লেখেন না, মানুষের অস্তিত্বের গোপন প্রকোষ্ঠগুলিও আবিষ্কার করেন। তাঁরা মানুষের জীবনের দৃশ্যমান অংশের চেয়ে অদৃশ্য অংশ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। হাসি, কান্না, প্রেম, ব্যর্থতা কিংবা সাফল্যের চেয়েও তাঁরা মানুষের অন্তর্জগতের সেই নিঃশব্দ গুহাগুলির দিকে এগিয়ে যান, যেখানে সভ্যতার সমস্ত মুখোশ খুলে গিয়ে মানুষ তার আদিম, নগ্ন এবং অস্বস্তিকর স্বরূপে দাঁড়িয়ে পড়ে। বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় এমনই এক বিরল প্রতিভা। তাঁকে কেবল একজন উপন্যাসিক বা গল্পকার বলে সীমাবদ্ধ করা যায় না; বরং তাঁকে বলা যায় মানুষের অন্তর্জগতের এক নির্মম প্রত্নতাত্ত্বিক, যিনি মানুষের মনের স্তরগুলো একে একে খুঁড়ে তার নিচে চাপা পড়ে থাকা ভয়, ক্ষুধা, কামনা, হিংসা, অপরাধবোধ এবং অস্তিত্বের চূড়ান্ত নিঃসঙ্গতার সন্ধান করেছিলেন।

মানুষের সভ্যতার ইতিহাসে সাহিত্য দীর্ঘদিন ধরে দুটি প্রধান পথ অনুসরণ করে এসেছে। একটি পথ মানুষের স্বপ্ন নির্মাণ করে, সৌন্দর্যের উপাসনা করে, মানুষকে আশ্বাস দেয় যে পৃথিবী শেষপর্যন্ত এক অর্থপূর্ণ ও নৈতিক স্থান। এই ধারার সাহিত্য মানুষের কাছে সান্ত্বনার ভাষা হয়ে ওঠে। অন্যদিকে আরেক ধরনের সাহিত্য আছে, যা মানুষের সামনে একটি আয়না ধরে, কিন্তু সেই আয়না মসৃণ নয়; তা ভাঙা, অসম এবং বহু ফাটলে বিভক্ত। সেখানে মানুষ নিজের প্রতিচ্ছবিতে বহু-বিভঙ্গ দেখে ভয় পায়। কারণ সেখানে সে কেবল তার মুখ দেখে না, তার ভিতরের লুকানো অচেনা প্রাণিকেও বহুকৌণিকতায় দেখতে পায়। মানিক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ধারার মানুষ। তিনি মানুষের সান্ত্বনার রূপকার নন, মানুষের নিরাপত্তাবোধের নির্মাতা নন; তিনি সেই মানুষ, যিনি সমস্ত নিরাপত্তাকে প্রশ্ন করেছেন। তিনি মানুষের ভিতরের সেই অন্ধকার অঞ্চলে নেমে গিয়েছিলেন, যার অস্তিত্ব অধিকাংশ মানুষ টেরই পায় না।

বিশ শতক ছিল মানুষের আত্মবিশ্বাসের গঠনের ও পতনের শতাব্দী। বিজ্ঞান, শিল্প, প্রযুক্তি ও রাজনৈতিক আন্দোলনের বিপুল অগ্রগতি যেমন ঘটেছিল, তেমনি ঘটেছিল মানুষের আত্মপরিচয়ের ভয়ঙ্কর সংকট। দুটি বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের নির্মমতা, সমাজতান্ত্রিক আন্দোলনের উত্থান এবং মনোবিশ্লেষণের বিকাশ মানুষের সামনে এমন একটি প্রশ্ন তুলে ধরেছিল, যার উত্তর সহজ ছিল না। প্রশ্ন ছিল—মানুষ আসলে কে? সভ্যতার দীর্ঘ ইতিহাস মানুষকে শিখিয়েছিল যে সে যুক্তিবাদী, নৈতিক এবং উন্নত প্রাণি; কিন্তু বাস্তব ইতিহাস হঠাৎ তাকে দেখিয়ে দিল যে সেই একই মানুষ গণহত্যা করতে পারে, অত্যাচার করতে পারে, নিজের মতো মানুষকেই পিষে ফেলতে পারে। মানুষের এই দ্বৈত সত্তার ভয়ঙ্কর সত্য বিশ শতকের মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল।

মানিক এই নতুন মানুষেরই প্রতিনিধি হয়েই চিরকালের মানুষের লেখক। তাঁর সাহিত্য নদী নিয়ে, গ্রাম নিয়ে, শহর নিয়ে, দারিদ্র্য নিয়ে, প্রেম নিয়ে; কিন্তু প্রকৃতপক্ষে তাঁর একমাত্র বিষয় মানুষ। তিনি নদীকে দেখেছেন মানুষের ভাগ্যের প্রতীক হিসেবে, দারিদ্র্যকে দেখেছেন মানুষের আত্মসম্মানের পরীক্ষা হিসেবে, প্রেমকে দেখেছেন আকাঙ্ক্ষা ও অধিকারবোধের সংঘাত হিসেবে, আর সমাজকে দেখেছেন মানুষের ভেতরের শক্তি ও দুর্বলতার এক বিরাট মঞ্চ হিসেবে।

পশ্চিমের দার্শনিক ঐতিহ্যে মানুষকে প্রায়ই ‘যুক্তিবাদী প্রাণি’ বলা হয়েছে। অ্যারিস্টটল মানুষের সংজ্ঞা দিতে গিয়ে তাকে ‘র‍্যাশনাল অ্যানিমাল’ বলেছিলেন। কিন্তু মানিকের সাহিত্য যেন এই ধারণার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। তাঁর মানুষেরা যুক্তির দ্বারা পরিচালিত হয় না। তারা পরিচালিত হয় ক্ষুধার দ্বারা, শরীরের দ্বারা, অর্থনৈতিক বাস্তবতার দ্বারা, যৌনতার দ্বারা এবং অস্তিত্বের নিরাপত্তাহীনতার দ্বারা।

‘পদ্মানদীর মাঝি’-র কুবেরকে যদি আমরা দেখি, তাহলে এই সত্য খুব স্পষ্ট হয়ে ওঠে। কুবের কোনও দার্শনিক নয়, কোনও বিপ্লবী নয়, কোনও নৈতিকতার মুখপাত্রও নয়। সে একজন সাধারণ মানুষ। সে ক্ষুধার্ত হয়, সে কামনা করে, সে ভালোবাসে, সে ভয় পায় এবং সবচেয়ে বড়ো কথা—সে বেঁচে থাকতে চায়। এই বেঁচে থাকার আকাঙ্ক্ষাই তার সবচেয়ে বড়ো সত্য। সভ্যতা মানুষকে যতই উচ্চ নীতির কথা শেখাক না কেন, জীবন অনেক সময় সেই সমস্ত নীতির চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। ক্ষুধার কাছে নৈতিকতা প্রায়ই পরাজিত হয়, দারিদ্র্যের কাছে সৌন্দর্য পরাজিত হয়, ভয়ের কাছে আদর্শ পরাজিত হয়। এই কারণেই মানিকের মানুষরা নিখুঁত নয়। তাঁরা ভেঙে পড়েন, ভুল করেন, অন্যায় করেন, আবার অনুশোচনাও করেন। তাঁরা কোনও মহৎ আদর্শের কাঠামোয় তৈরি মূর্তি নন; তাঁরা রক্ত-মাংসের মানুষ। আর মানুষের এই অসম্পূর্ণতাকেই তিনি সাহিত্যের কেন্দ্রে নিয়ে এসেছিলেন।

কিন্তু মানুষের কেবল বাহ্যিক জীবনকে বুঝলে কি মানুষকে সম্পূর্ণ বোঝা যায়? মানুষের প্রকৃত সত্তা কি তার সামাজিকতার মধ্যে, কাজের মধ্যে লুকিয়ে থাকে, না তার অদৃশ্য চিন্তাগুলির মধ্যে? মানিক মনে করেছিলেন, মানুষের আসল পরিচয় পাওয়া যায় তার ভিতরের অন্ধকারে। কারণ মানুষ বাইরে যতটা বাস করে, তার চেয়ে অনেক বেশি বাস করে নিজের ভিতরে।

এই ভিতরের জগতের পথ অত্যন্ত জটিল। সেখানে আলো কম, সেখানে যুক্তির ভাষা অস্পষ্ট, সেখানে লুকিয়ে থাকে ভয়, অপরাধবোধ, দমিত আকাঙ্ক্ষা এবং অস্বীকার করা স্মৃতি। মানুষ প্রায়ই নিজের কাছে নিজেই অপরিচিত। সে নিজের ভেতরের গোপন সত্য থেকে পালাতে চায়। কিন্তু পালিয়ে থাকা সম্ভব হয় না। কারণ মানুষকে সবচেয়ে বেশি অনুসরণ করে তার নিজেরই ছায়া।

এই জায়গাতেই মানিকের সাহিত্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি মানুষকে কেবল তার বাহ্যিক কর্মকাণ্ডের দ্বারা বিচার করেন না; তিনি তার ভিতরের অন্ধকারকে দেখতে চান। ‘খুনি’-র মুকুন্দ হত্যা করে। কিন্তু গল্পের আসল বিষয় হত্যাকাণ্ড নয়। আসল বিষয়, হত্যার পর তার ভিতরে কী ঘটে! কারণ হত্যার পর মানুষ আদালতের সামনে দাঁড়ানোর আগেই নিজের মুখোমুখি দাঁড়িয়ে যায়।

মানুষের সবচেয়ে বড়ো বিচারক বাইরের সমাজ নয়; তার নিজের বিবেক। মানুষ অন্যের কাছে মিথ্যা বলতে পারে, সমাজকে প্রতারণা করতে পারে, ইতিহাসকেও বিভ্রান্ত করতে পারে; কিন্তু নিজের ভেতরের আদালত থেকে সে পালাতে পারে না। এই সত্য মানিক গভীরভাবে অনুভব করেছিলেন।

এখানে এসে তাঁর সাহিত্য কেবল সামাজিক থাকে না; তা অস্তিত্ববাদী হয়ে ওঠে। কারণ তখন প্রশ্ন ওঠে—মানুষ শেষ পর্যন্ত কীসের উপর দাঁড়িয়ে আছে? নৈতিকতা, ধর্ম, সমাজ, রাষ্ট্র, নাকি নিজের একাকী অস্তিত্বের উপর?

উনিশ শতকে নীৎশে বলেছিলেন—ঈশ্বর মৃত। এই উক্তির অর্থ ছিল না যে কোনও ধর্মীয় দেবতা সত্যিই মারা গেছেন; বরং এর অর্থ ছিল, মানুষ তার সমস্ত চূড়ান্ত আশ্রয়ের উপর বিশ্বাস হারাতে শুরু করেছে। মানুষ আর নিশ্চিতভাবে বলতে পারছে না কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি ভালো, কোনটি মন্দ।

মানিকের সাহিত্যেও ঈশ্বর প্রায় অনুপস্থিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—ঈশ্বরের অনুপস্থিতির মধ্যেও তাঁর সাহিত্য ঈশ্বরের প্রয়োজন অনুভব করে। কারণ মানুষ সম্পূর্ণ একা থাকতে পারে না। সে অর্থ খোঁজে, ব্যাখ্যা খোঁজে, বিশ্বাস করতে চায় যে তার দুঃখের কোনও কারণ আছে। কিন্তু মানিকের মানুষরা সেই কারণ খুঁজে পায় না। তারা দারিদ্র্যের মধ্যে অর্থ খুঁজতে গিয়ে ব্যর্থ হয়, প্রেমের মধ্যে আশ্রয় খুঁজতে গিয়ে ব্যর্থ হয়, সমাজের মধ্যে মুক্তি খুঁজতে গিয়ে ব্যর্থ হয়। তবু তারা খোঁজা বন্ধ করে না।

এইখানেই মানুষের ট্র্যাজেডি। আর এই ট্র্যাজেডিকেই মানিক তাঁর সাহিত্যের কেন্দ্রীয় সত্যে পরিণত করেছিলেন।

সাহিত্য সম্পর্কে প্রচলিত ধারণা হলো, সাহিত্য মানুষকে আনন্দ দেয়। কিন্তু মানিক যেন এই ধারণার ওপর প্রবল আঘাত। তাঁর সাহিত্য পাঠককে শান্তি দেয় না; অস্থির করে। কারণ তিনি মনে করতেন সাহিত্যের কাজ মানুষের ঘুম ভাঙানো, তাকে সান্ত্বনা দেওয়া নয়।

তাঁর গল্প পড়ে পাঠক আনন্দের চেয়ে বেশি অনুভব করে অস্বস্তি। কারণ পাঠক বুঝতে শুরু করে, সে অন্য কারও গল্প পড়ছে না; সে নিজেরই কোনও গোপন অঞ্চলে প্রবেশ করছে। আর নিজের ভিতরে প্রবেশের চেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা মানুষের জন্য আর খুব কমই আছে।

মানুষের সমস্ত সভ্যতা হয়তো শেষ পর্যন্ত নিজের থেকে পালানোর এক দীর্ঘ ইতিহাস। কিন্তু সাহিত্য সেই পলায়নকে ব্যর্থ করে দেয়। আর মানিক বন্দ্যোপাধ্যায় সেই সাহিত্যিক, যিনি আমাদের সামনে দাঁড়িয়ে যেন নিঃশব্দে বলেন—মানুষ, তুমি নিজেকে দেখো। কারণ তোমার সবচেয়ে বড়ো অন্ধকার বাইরে নয়। তোমার সবচেয়ে বড়ো অন্ধকার তুমি নিজেই।

দ্বিতীয় পর্ব : শরীরঅবচেতন ও ইতিহাসের অদৃশ্য কারাগার

মানুষকে বোঝার জন্য বহু শতাব্দী ধরে দর্শন, ধর্ম এবং সাহিত্য বিভিন্ন পথ অনুসরণ করেছে। কেউ মানুষের আত্মাকে তার মূল পরিচয় বলে মনে করেছে, কেউ তার বুদ্ধিবৃত্তিকে, কেউ বা নৈতিক চেতনাকে। কিন্তু বিংশ শতাব্দীতে মানুষের সম্পর্কে এই সমস্ত নিশ্চিত ধারণার ভিত নড়ে উঠতে শুরু করল। মানুষকে আর কেবল যুক্তিবাদী কিংবা নৈতিক প্রাণি বলে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল না। দেখা গেল, মানুষের দৃশ্যমান আচরণের পেছনে কাজ করছে আরও বহু অদৃশ্য শক্তি, যেগুলির উপর মানুষের নিজেরও পূর্ণ নিয়ন্ত্রণ নেই। মানুষের চিন্তা, সিদ্ধান্ত, ভালোবাসা, ঘৃণা, এমনকি নৈতিকতাও অনেক সময় তার নিজের ইচ্ছার দ্বারা নির্ধারিত হয় না; বরং তা নির্ধারিত হয় এমন কিছু অদৃশ্য প্রক্রিয়ার দ্বারা, যেগুলিকে সে নিজেও স্পষ্টভাবে চেনে না।

বিশ শতকের দুটি বিরাট চিন্তাশক্তি এই অদৃশ্য অঞ্চলকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। একদিকে মনোবিশ্লেষণের জনক সিগমুন্ড ফ্রয়েড এবং অন্যদিকে সমাজদর্শনের বিপ্লবী চিন্তক কার্ল মার্কস। একজন মানুষের ভিতরের অন্ধকারকে দেখতে চেয়েছিলেন, অন্যজন মানুষের বাইরের সামাজিক কাঠামোকে। ফ্রয়েড বলেছিলেন, মানুষ নিজেকে যতটা সচেতনভাবে পরিচালনা করে বলে মনে করে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি পরিচালিত হয় তার অবচেতন দ্বারা। মানুষের মনে এমন বহু দমিত ইচ্ছা, ভয়, আকাঙ্ক্ষা এবং ক্ষত জমে থাকে, যেগুলি সরাসরি প্রকাশিত হতে পারে না। তারা ছদ্মবেশে ফিরে আসে—স্বপ্নে, আচরণে, উদ্বেগে, অকারণ আকর্ষণে অথবা হঠাৎ বিস্ফোরিত হিংসায়। অন্যদিকে মার্কস বলেছিলেন, মানুষের চেতনা আকাশ থেকে নেমে আসে না; তা তৈরি হয় তার সামাজিক অবস্থান, অর্থনৈতিক বাস্তবতা এবং উৎপাদনব্যবস্থার ভিতরে।

একজন যেন বললেন—মানুষের ভেতরের অন্ধকারকে বোঝো। আরেকজন বললেন—মানুষের চারপাশের কারাগারকে বোঝো। আশ্চর্যের বিষয় হলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য এই দুই প্রবাহের এক বিরল মিলনক্ষেত্র।

তাঁর সাহিত্যজীবনের প্রথম পর্বে মানুষ যেন প্রধানত অবচেতনের বাসিন্দা। মানুষের আচরণের পেছনে সেখানে কাজ করছে দমিত কামনা, অজ্ঞাত আকর্ষণ, নিষিদ্ধ বাসনা এবং অদ্ভুত মানসিক টানাপোড়েন। ‘দিবারাত্রির কাব্য’, ‘প্রাগৈতিহাসিক’, ‘সরীসৃপ’, ‘টিকটিকি’—এসব রচনায় মানুষের ভেতরের জটিলতা প্রায় ক্লিনিক্যাল নিষ্ঠুরতায় উন্মোচিত হয়েছে। মানুষের মন সেখানে কোনও সরল ভূখণ্ড নয়; তা যেন অন্ধকার গুহা, যেখানে বহু অজানা প্রাণী ছায়ার মতো নড়ে ওঠে। মানুষ নিজেকে যতটা জানে বলে বিশ্বাস করে, বাস্তবে তার চেয়ে অনেক কম জানে। নিজের মধ্যেই সে প্রায়ই একজন অপরিচিত মানুষ।

কিন্তু পরবর্তী সময়ে সেই একই লেখক ক্রমশ মানুষের ব্যক্তিগত অন্ধকারের পাশাপাশি বৃহত্তর সামাজিক অন্ধকারকেও দেখতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন, মানুষ কেবল নিজের ভিতরের বন্দি নয়; সে বাইরের পৃথিবীরও বন্দি। মানুষকে দারিদ্র্য নিয়ন্ত্রণ করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিক অসমতা নিয়ন্ত্রণ করে, শ্রেণিবিভাজন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মানুষ একসঙ্গে দুটি কারাগারের বাসিন্দা। একটি কারাগার তার শরীরের ভিতরে, আরেকটি তার সমাজের ভিতরে।

এই উপলব্ধিই মানিককে অন্য মাত্রায় নিয়ে যায়। কারণ তিনি মানুষের দুঃখকে আর কেবল ব্যক্তিগত ব্যর্থতা বলে দেখেন না। তিনি দেখেন, দারিদ্র্য কোনও ব্যক্তিগত পাপ নয়; দারিদ্র্য একটি সামাজিক নির্মাণ। ক্ষুধা কোনও নৈতিক ব্যর্থতা নয়; ক্ষুধা একটি ঐতিহাসিক হিংস্রতা।

এইখানেই ‘পদ্মানদীর মাঝি’ এক অনন্য উপন্যাস হয়ে ওঠে। প্রথম দৃষ্টিতে মনে হয়, কয়েকজন মাঝির জীবনসংগ্রামের গল্প। কিন্তু গভীরে গেলে দেখা যায়, এই আখ্যান মানুষের স্বাধীনতার প্রশ্ন নিয়ে লেখা। কুবের বাঁচতে চায়। সে ভালোবাসতে চায়, সে একটু নিরাপত্তা চায়, সে একটু শান্তি চায়। কিন্তু তার চারপাশের বাস্তবতা তাকে সেই সুযোগ দেয় না। নদী তাকে শোষণ করে, সমাজ তাকে শোষণ করে, অর্থনৈতিক ব্যবস্থা তাকে শোষণ করে, এমনকি তার নিজের শরীরও তাকে শোষণ করে।

এইখানে মানুষের ট্র্যাজেডি আরও গভীর হয়। কারণ সে বুঝতে পারে, তার শত্রু কোনও একজন ব্যক্তি নয়। তার শত্রু একটা সমগ্র ব্যবস্থা। আর এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব।

এইখানে এসে মানিকের সাহিত্য ব্যক্তিগত থেকে ঐতিহাসিক হয়ে ওঠে। কিন্তু আশ্চর্যভাবে তিনি কখনও স্লোগানের লেখক হয়ে ওঠেন না। তিনি তত্ত্বকে গল্পের উপর চাপিয়ে দেন না। তিনি চরিত্রকে মতাদর্শের ক্রীতদাস করেন না। বরং মানুষের জটিলতাকে অক্ষত রাখেন। কারণ তিনি জানতেন, মানুষ কোনও রাজনৈতিক সূত্র নয়, মানুষ কোনও সমীকরণ নয়, মানুষ কোনও স্লোগান নয়। মানুষ এক অপার রহস্য। এবং সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে শরীর।

সভ্যতা দীর্ঘকাল ধরে শরীরকে সন্দেহের চোখে দেখেছে। ধর্ম শরীরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, নৈতিকতা শরীরকে শাসন করতে চেয়েছে, সমাজ শরীরকে নিয়মের মধ্যে বেঁধে রাখতে চেয়েছে। কিন্তু শরীর কখনও পুরোপুরি বশীভূত হয় না। শরীর তার ক্ষুধা জানে, তার কামনা জানে, তার ভয় জানে, তার মৃত্যুচেতনা জানে।

এই কারণে মানিকের প্রেমও প্রচলিত প্রেম নয়। তাঁর প্রেমে চিরকালই একটা অস্বস্তি কাজ করে। তাঁর প্রেমে শরীর আছে, আকাঙ্ক্ষা আছে, অধিকারবোধ আছে, অসম্পূর্ণতা আছে। তাঁর প্রেমের মধ্যে স্বর্গীয় পবিত্রতার বদলে রয়েছে জৈবিক উত্তাপ। কারণ তিনি জানতেন, মানুষকে শরীর থেকে বিচ্ছিন্ন করে বোঝা যায় না।

আমরা নিজেদের আত্মা বলে কল্পনা করতে ভালোবাসি। কিন্তু আমরা আসলে শরীরের ভিতরে আটকে থাকা এক চেতনা। আমাদের সমস্ত আদর্শ, ধর্ম, প্রেম, নৈতিকতা—সবকিছুই শেষপর্যন্ত শরীরের অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রকাশিত হয়। এবং শরীরের সবচেয়ে নির্মম সত্য হলো—তার মৃত্যু আছে।

মানুষ সম্ভবত একমাত্র প্রাণি, যে জানে সে মরবে। আর এই জ্ঞানই তাকে চিরকাল অস্থির করে রাখে। মানিকের সাহিত্য এই মৃত্যুচেতনাকে গভীরভাবে বহন করে। তাঁর চরিত্ররা কেবল বাঁচে না; তারা ক্রমাগত মৃত্যুর ছায়ার মধ্য দিয়ে বেঁচে থাকে। কখনও তা দারিদ্র্যের মৃত্যু, কখনও সম্পর্কের মৃত্যু, কখনও আত্মসম্মানের মৃত্যু, কখনও সত্যিকারের শারীরিক মৃত্যু।

এই কারণেই তাঁর সাহিত্য কখনও আরামদায়ক না। কারণ তিনি আমাদের এমন এক সত্যের সামনে দাঁড় করান, যেখান থেকে আমরা সাধারণত মুখ ফিরিয়ে থাকি। তিনি যেন বলতে চান, মানুষ কেবল আলো নয়, মানুষ কেবল নৈতিকতা নয়, মানুষ কেবল প্রেম নয়। মানুষ এক অদ্ভুত অন্ধকার, যেখানে শরীর, ইতিহাস, সমাজ, কামনা এবং মৃত্যুভয় একসঙ্গে বাস করে।

আর মানুষকে বুঝতে হলে তার সমস্ত আলোকে নয়, তার সমস্ত অন্ধকারকেও ভালোবাসতে শিখতে হবে। 

তৃতীয় পর্ব : দারিদ্র্যভাষা ও মানুষের মহাজাগতিক নিঃসঙ্গতা

মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পর প্রথম যে সত্যের মুখোমুখি হয়, তা আনন্দ নয়; নির্ভরতা। জন্মের মুহূর্ত থেকেই মানুষ অসহায়। তাকে অন্যের সাহায্যে বাঁচতে হয়, অন্যের হাতে বড়ো হতে হয়, অন্যের ভাষায় কথা বলতে হয়। এই নির্ভরতার ভিতর দিয়েই মানুষ ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তোলে। কিন্তু এই পরিচয় কখনও সম্পূর্ণ স্বাধীন নয়। মানুষের জীবনকে ঘিরে থাকে অসংখ্য অদৃশ্য বৃত্ত— অর্থনৈতিক বৃত্ত, সামাজিক বৃত্ত, পারিবারিক বৃত্ত, রাজনৈতিক বৃত্ত এবং সাংস্কৃতিক বৃত্ত। এই সমস্ত বৃত্তের ভিতরে থেকেই মানুষ নিজেকে আবিষ্কার করতে শেখে।

কিন্তু সব মানুষ একই জায়গা থেকে যাত্রা শুরু করে না। কারও জন্ম হয় নিরাপত্তার ভিতরে, কারও জন্ম হয় অনিশ্চয়তার মধ্যে। কারও পৃথিবী সাজানো ঘর, বইয়ের তাক, আলো এবং নিশ্চিন্ত ভবিষ্যৎ। কারও পৃথিবী ক্ষুধা, অভাব, বৃষ্টিতে চুঁইয়ে পড়া ছাদ, অর্ধেক খাওয়া ভাত এবং আগামীকালের ভয়।

মানিক বন্দ্যোপাধ্যায় এই দ্বিতীয় পৃথিবীর লেখক। তবে তিনি দারিদ্র্যকে কখনও করুণার বিষয় করে দেখেননি। তিনি দারিদ্র্যকে কোনও আবেগঘন নৈতিক অলংকারেও পরিণত করেননি। বাংলা সাহিত্যে বহু লেখক দারিদ্র্যকে রোম্যান্টিক করে তুলেছেন। দরিদ্র মানুষকে প্রায়শই সেখানে নিষ্পাপ, সরল, সহিষ্ণু এবং নৈতিকতার প্রতিমূর্তি হিসেবে দেখানো হয়েছে। কিন্তু মানিক জানতেন, বাস্তবতা এত সরল নয়।

দারিদ্র্য মানুষকে মহানও করতে পারে, আবার ভেঙেও দিতে পারে। দারিদ্র্য মানুষের ভিতরের মানবিকতাকে উজ্জ্বলও করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। কারণ দারিদ্র্য কেবল অর্থের অভাব নয়। দারিদ্র্য হলো সম্ভাবনার অভাব। দারিদ্র্য হলো স্বাধীনতার অভাব। দারিদ্র্য হলো নিজের ইচ্ছাকে পূরণ করার অধিকার হারানো।

এইখানেই মানিকের সাহিত্য এক অসাধারণ মানবতাতাত্ত্বিক দলিলে পরিণত হয়। তিনি বুঝেছিলেন, ক্ষুধা শুধু পেটের অনুভূতি নয়; ক্ষুধা মানুষের আত্মাকে পরিবর্তন করে। একজন মানুষ দীর্ঘদিন অভাবের মধ্যে বাস করলে তার ভালোবাসার ধরন বদলে যায়, তার স্বপ্ন দেখার ধরন বদলে যায়, তার নৈতিকতাও বদলে যায়। ক্ষুধা মানুষকে প্রথমে ক্লান্ত করে, তারপর কঠোর করে, শেষে কখনও কখনও নির্মমও করে তোলে।

এই নির্মমতার মধ্যে কোনও ব্যক্তিগত দোষ নেই। তা সামাজিক বাস্তবতা। এইজন্যই ‘পদ্মানদীর মাঝি’-র কুবের কিংবা ‘পুতুলনাচের ইতিকথা’-র চরিত্ররা আমাদের কাছে কখনও সরল নায়ক হয়ে ওঠে না। তারা ভুল করে, তারা দুর্বল হয়, তারা নিজেদের মধ্যেই জড়িয়ে পড়ে। কারণ তারা মানুষ। আর মানুষ কোনও একরৈখিক সত্তা নয়। সে একই সঙ্গে মহৎ এবং তুচ্ছ, একই সঙ্গে প্রেমিক এবং বিশ্বাসঘাতক, একই সঙ্গে করুণ এবং নিষ্ঠুর।

মানিক এই দ্বৈততাকে আড়াল করেননি। তিনি দেখিয়েছেন, মানুষকে সত্যিকারের ভালোবাসতে হলে তার অসম্পূর্ণতাকেও গ্রহণ করতে হয়।

কিন্তু এই সমস্ত অভিজ্ঞতা প্রকাশ করবে কীভাবে? মানুষের ভিতরের এই গভীর অন্ধকার, দারিদ্র্যের নিঃশব্দ যন্ত্রণা, অস্তিত্বের শূন্যতা— এসব কি সরাসরি ভাষায় প্রকাশ করা সম্ভব? এখানেই ভাষার প্রশ্ন এসে দাঁড়ায়।

ভাষা মানুষকে পৃথিবীর সঙ্গে যুক্ত করে। কিন্তু ভাষারও সীমা আছে। মানুষ যা অনুভব করে, তার সবকিছু ভাষায় ধরা যায় না। কিছু অনুভূতি ভাষার বাইরে রয়ে যায়। কিছু যন্ত্রণা শব্দের নাগালের বাইরে থাকে। কিছু নিঃসঙ্গতা বাক্যের মধ্যেও অনুবাদ করা যায় না। সম্ভবত এই কারণেই মানুষের সবচেয়ে গভীর মুহূর্তগুলো প্রায়শই নীরব হয়ে ওঠে। মৃত্যুর মুহূর্তে মানুষ খুব কম কথা বলে। অত্যন্ত গভীর ভালোবাসার মুহূর্তেও অনেক সময় ভাষা অপ্রয়োজনীয় হয়ে যায়। চরম শোকের মুহূর্তে মানুষ শুধু চুপ করে থাকে। কারণ ভাষারও এক সীমান্ত আছে।

মানিক এই সীমান্ত সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। তাঁর ভাষা কখনও অকারণে অলংকৃত হয় না। তিনি ভাষাকে সাজিয়ে তোলার চেয়ে ভাষাকে সত্য করে তুলতে চেয়েছেন। তাঁর বাক্যগুলো অনেক সময় ছোটো। কিন্তু সেই ছোটো বাক্যের ভিতরে এমন এক গভীরতা তৈরি হয়, যা দীর্ঘ ব্যাখ্যার থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কয়েকটি সাধারণ শব্দ হঠাৎ এমনভাবে এসে দাঁড়ায় যে তারা পুরো দৃশ্যের অর্থ বদলে দেয়।

কারণ মানিক জানতেন, সাহিত্য কেবল ঘটনা বর্ণনা নয়। সাহিত্য হচ্ছে মানুষের অভিজ্ঞতাকে নতুনভাবে অনুভব করানো। একজন সাধারণ মানুষ প্রতিদিনই দারিদ্র্য দেখে, প্রতিদিনই মৃত্যু দেখে, প্রতিদিনই ভালোবাসা এবং বিচ্ছেদ দেখে। তবু সাহিত্য কেন প্রয়োজন? কারণ সাহিত্য সেই অভিজ্ঞতাগুলিকে নতুন চেতনা দেয়। সাহিত্য আমাদের চোখ খুলে দেয়। যা প্রতিদিন দেখেও আমরা দেখি না, সাহিত্য তাকেই হঠাৎ দৃশ্যমান করে তোলে। এইখানেই মানিকের ভাষা কেবল বর্ণনার ভাষা নয়। এক ধরনের আবিষ্কারের ভাষা। তিনি পৃথিবীকে নতুন করে দেখতে শেখান। কিন্তু পৃথিবীকে দেখতে শেখার এই প্রক্রিয়া শেষপর্যন্ত মানুষকে কোথায় নিয়ে যায়? সম্ভবত নিঃসঙ্গতার দিকে। কারণ যত বেশি মানুষ নিজেকে চিনতে শুরু করে, ততই সে বুঝতে পারে—সে মূলত একা।

এই একাকিত্ব সামাজিক একাকিত্ব নয়। মানুষ ভিড়ের মধ্যেও একা হতে পারে, বন্ধুদের মাঝেও একা হতে পারে, প্রেমের সম্পর্কের মধ্যেও একা হতে পারে। কারণ মানুষের ভিতরের সম্পূর্ণ সত্য কখনও অন্য কারও কাছে পুরোপুরি প্রকাশ করা যায় না। প্রত্যেক মানুষের ভিতরে একটি অন্ধকার ঘর আছে, যেখানে সে একাই বাস করে। কেউ সেখানে প্রবেশ করতে পারে না। সম্ভবত এই কারণেই মানুষ আজীবন অন্য মানুষের দিকে হাত বাড়িয়ে রাখে। সে ভালোবাসে, সে বন্ধুত্ব করে, সে পরিবার গড়ে তোলে, সে শিল্প সৃষ্টি করে, সে ঈশ্বরকে কল্পনা করে। এই সমস্ত চেষ্টার ভিতরে একটি মৌলিক আকাঙ্ক্ষা কাজ করে—নিজের নিঃসঙ্গতা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু মানুষ কখনও পুরোপুরি মুক্ত হয় না। মানুষের সমস্ত সভ্যতা এক অর্থে নিঃসঙ্গতার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম। আর এই সংগ্রামের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেদনাময় দলিলগুলোর একটি হলো সাহিত্য।

মানিক সেই সাহিত্যকে মানুষের সবচেয়ে গভীর নিঃসঙ্গতার ভাষায় পরিণত করেছিলেন। তাঁর সাহিত্য পড়ে মনে হয়, পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যেও প্রত্যেক মানুষ শেষপর্যন্ত এক মহাজাগতিক যাত্রী। সে অন্ধকার থেকে আসে, কিছুদিন আলোয় হাঁটে, তারপর আবার অন্ধকারের দিকেই চলে যায়। কিন্তু এই ক্ষণস্থায়ী যাত্রাপথে সে ভালোবাসতে শেখে। হারাতে শেখে। কাঁদতে শেখে। স্বপ্ন দেখতে শেখে। সম্ভবত এইটুকুই মানুষের সবচেয়ে বড়ো মহিমা।

চতুর্থ পর্ব : হিংসাপ্রেম ও ঈশ্বরহীন মুক্তির দর্শন

মানুষের সভ্যতার ইতিহাসকে যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা যায়, তবে একটি অদ্ভুত সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে—মানুষ একই সঙ্গে প্রেমের স্রষ্টা এবং হিংসার নির্মাতা। যে মানুষ সন্তানের কপালে হাত রেখে আশীর্বাদ করে, সেই মানুষই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অন্য মানুষের রক্তপাত ঘটাতে পারে। যে মানুষ কবিতা লিখে, সে-ই আবার হত্যার আদেশও দিতে পারে। মানুষের এই দ্বৈততা ইতিহাসের সবচেয়ে গভীর রহস্যগুলির একটি। বহু ধর্ম, দর্শন এবং সাহিত্য এই রহস্যের ব্যাখ্যা দিতে চেয়েছে; কেউ বলেছে মানুষের মধ্যে ঈশ্বর এবং শয়তানের দ্বন্দ্ব চলে, কেউ বলেছে নৈতিকতা এবং প্রবৃত্তির লড়াই চলে, কেউ বা বলেছে সভ্যতা এবং প্রকৃতির সংঘাত।

কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় মানুষের এই দ্বন্দ্বকে অন্যভাবে দেখেছিলেন। তিনি মানুষের ভিতরে কোনও দেবতা এবং অসুরের যুদ্ধ খুঁজে পাননি; তিনি দেখেছিলেন একই সত্তার ভিতরে পরস্পরবিরোধী শক্তির সহাবস্থান। মানুষের ভালোবাসা এবং তার নিষ্ঠুরতা একে অপরের বিপরীত নয়; অনেক সময় তারা একই উৎস থেকে জন্ম নেয়। মানুষ যে জিনিসকে গভীরভাবে ভালোবাসে, তার প্রতিই সে সবচেয়ে বেশি অধিকার ফলাতে চায়; আর সেই অধিকারবোধের মধ্যেই কখনও কখনও হিংসার বীজ জন্ম নেয়।

প্রেমকে আমরা সাধারণত পবিত্রতা, কোমলতা এবং আত্মসমর্পণের ভাষায় ভাবতে অভ্যস্ত। সাহিত্যও দীর্ঘদিন ধরে এই ধারণাকে পুষ্ট করেছে। প্রেমকে সেখানে এমন এক অনুভূতি হিসেবে দেখানো হয়েছে, যা মানুষকে উচ্চতর করে তোলে, তাকে দৈনন্দিনতার উপরে তুলে দেয়। কিন্তু মানিকের কাছে প্রেম এতটা সরল নয়। তাঁর প্রেমে আলো আছে, কিন্তু সেই আলোর পিছনে ছায়াও আছে। তাঁর প্রেমে আকর্ষণ আছে, কিন্তু সেই আকর্ষণের মধ্যে ভয়ও আছে। তাঁর প্রেমে সমর্পণ আছে, কিন্তু সেই সমর্পণের গভীরে লুকিয়ে আছে অধিকার, অনিশ্চয়তা এবং দখলের আকাঙ্ক্ষা। এই কারণেই তাঁর প্রেমের চরিত্রগুলি প্রায়ই শান্ত নয়; তারা উদ্বিগ্ন, অস্থির, দ্বিধাগ্রস্ত। কারণ প্রেম মানুষের সবচেয়ে গভীর একাকিত্বকে প্রকাশ করে।

মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন সে কেবল অন্য একজন মানুষকে চায় না; সে নিজের অপূর্ণতাকেও পূর্ণ করতে চায়। সে আশা করে, অন্য একজন মানুষ তার ভিতরের শূন্যতাকে পূরণ করবে। আর এই প্রত্যাশার মধ্যেই এক গভীর ট্র্যাজেডি লুকিয়ে থাকে। কারণ কোনও মানুষই অন্য কারও শূন্যতা সম্পূর্ণভাবে পূরণ করতে পারে না। মানুষ শেষপর্যন্ত মানুষের কাছেই পৌঁছতে চায়, কিন্তু সম্পূর্ণভাবে পৌঁছতে পারে না। দুটি চেতনার মধ্যে সবসময়ই একটি অদৃশ্য দূরত্ব রয়ে যায়। সম্ভবত এই কারণেই ভালোবাসার মধ্যে আনন্দ যেমন আছে, তেমনই যন্ত্রণা আছে।

মানিক এই যন্ত্রণাকে আড়াল করেননি। তিনি প্রেমকে কোনও রূপকথার মতো দেখেননি। তিনি দেখেছেন, ভালোবাসা মানুষকে মুক্তও করতে পারে, আবার বন্দিও করতে পারে। এবং এখানেই প্রেমের সঙ্গে হিংসার এক গোপন সম্পর্ক তৈরি হয়। কারণ মানুষ যাকে ভালোবাসে, তাকে হারানোর ভয়ও পায়। আর ভয় থেকে জন্ম নেয় অধিকার। অধিকার থেকে জন্ম নেয় নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয় হিংসা। এই হিংসা সবসময় রক্তপাত নয়। অনেক সময় তা নীরব। অনেক সময় তা চোখের দৃষ্টিতে প্রকাশিত হয়। অনেক সময় শব্দের মধ্যেও প্রকাশ পায় না। কিন্তু তার উপস্থিতি থেকে যায়। মানুষের সম্পর্কের ইতিহাসের ভিতরে এই নীরব হিংসা যুগ যুগ ধরে কাজ করে এসেছে। মানিক মানুষের এই গোপন অন্ধকারকে দেখেছিলেন। এইজন্য তাঁর সাহিত্য এত অস্বস্তিকর। কারণ তিনি মানুষের সেই গহ্বরগুলোকে দৃশ্যমান করে তোলেন, যেগুলোকে আমরা সাধারণত আড়াল করে রাখতে চাই।

কিন্তু তাঁর হিংসা-বোধ কেবল ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি দেখেছিলেন বৃহত্তর সমাজের ভিতরেও হিংসা কীভাবে কাজ করে। সমাজের ইতিহাস অনেক সময় বাহ্যিকভাবে সভ্যতার ইতিহাস বলে মনে হয়, কিন্তু গভীরে গেলে দেখা যায়, ক্ষমতার ইতিহাসও। শক্তিশালী দুর্বলকে নিয়ন্ত্রণ করেছে, ধনী দরিদ্রকে নিয়ন্ত্রণ করেছে, রাষ্ট্র ব্যক্তিকে নিয়ন্ত্রণ করেছে, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুকে নিয়ন্ত্রণ করেছে। সভ্যতার সমস্ত গৌরবের পিছনে তাই অনেক অদৃশ্য রক্তচিহ্ন লুকিয়ে থাকে। মানুষ ইতিহাসের নামে অসংখ্য হত্যাকে বৈধতা দিয়েছে। একজন মানুষ হত্যা করলে তাকে অপরাধী বলা হয়, কিন্তু হাজার মানুষ হত্যা করলে তাকে কখনও কখনও বীরও বলা হয়। এই ভয়ঙ্কর সত্য মানবসভ্যতার সবচেয়ে নির্মম ব্যঙ্গগুলির একটি। মানিক এই সত্য থেকে মুখ ফিরিয়ে নেননি। তিনি জানতেন, মানুষের নৈতিকতা অনেক সময় সংখ্যার কাছে পরাজিত হয়। কোনো ব্যক্তিগত মৃত্যু আমাদের কাঁদায়, কিন্তু হাজার মানুষের মৃত্যু প্রায়ই পরিসংখ্যান হয়ে যায়। এইখানেই মানুষের চেতনার এক গভীর সীমাবদ্ধতা প্রকাশিত হয়। মানুষ একক যন্ত্রণাকে অনুভব করতে পারে, কিন্তু বিপুল যন্ত্রণার সামনে অনেক সময় অনুভূতিহীন হয়ে পড়ে। আর তাই সভ্যতার ইতিহাসে এত বড়ো বড়ো হত্যাকাণ্ড সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্ন হলো—তাহলে মানুষের মুক্তি কোথায়? যদি ঈশ্বর না থাকেন, যদি সমাজ অন্যায়পূর্ণ হয়, যদি মানুষ নিজের ভিতরেও অন্ধকার বহন করে, তাহলে মুক্তি কোথায়?

মানিক এই প্রশ্নের উত্তর সেভাবে দেন না। তিনি কোনও ধর্মীয় পরিত্রাণের কথা বলেন না। তিনি কোনও অলৌকিক আশ্রয়ের প্রতিশ্রুতিও দেন না। বরং তিনি ইঙ্গিত করেন এক কঠিন সত্যের দিকে। মানুষের মুক্তি বাইরের কোথাও নয়; মানুষের মুক্তি তার নিজের সচেতনতায়। নিজের অন্ধকারকে অস্বীকার করলে মানুষ মুক্ত হতে পারে না। নিজের ক্ষুধা, ভয়, হিংসা, আকাঙ্ক্ষা— এসবকে স্বীকার করেই মানুষকে এগোতে হবে। কারণ যে মানুষ নিজের ভিতরের অন্ধকারকে দেখতে পারে না, সে অন্যের অন্ধকারও বুঝতে পারে না। আর যে অন্যের অন্ধকার বোঝে না, সে প্রকৃত অর্থে ভালোবাসতেও পারে না।

এই অর্থে মানিকের সাহিত্য এক ঈশ্বরহীন মুক্তির দর্শন তৈরি করে। সেখানে কোনও স্বর্গ নেই, কোনও অলৌকিক বিচার নেই, কোনও চূড়ান্ত আশ্বাস নেই। আছে কেবল মানুষ—তার সমস্ত ভঙ্গুরতা নিয়ে, তার সমস্ত ক্ষত নিয়ে, তার সমস্ত অসম্পূর্ণতা নিয়ে। এবং সেই অসম্পূর্ণতার মধ্য দিয়েই তাকে বাঁচতে হবে।

সম্ভবত এই কারণেই মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য এত গভীরভাবে মানবিক। কারণ তিনি মানুষকে দেবতা বানাননি। তিনি মানুষকে তার সমস্ত অন্ধকারসহ গ্রহণ করেছিলেন। আর এই গ্রহণের মধ্যেই হয়তো নিহিত আছে একমাত্র সম্ভাব্য মুক্তি।

পঞ্চম পর্ব : ভাষাইতিহাস ও মানুষের শেষ আশ্রয়

মানুষের সমস্ত সভ্যতার ইতিহাসের দিকে যদি তাকানো যায়, একটি প্রশ্ন বারবার ফিরে আসে—মানুষ আসলে কী রেখে যায়? সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, রাজনীতি বদলে যায়, অর্থনীতি নতুন কাঠামো তৈরি করে, ধর্মের ব্যাখ্যাও যুগে যুগে পরিবর্তিত হয়। মানুষের হাতে নির্মিত প্রায় সমস্ত দৃশ্যমান বস্তুই একদিন সময়ের ক্ষয়ের কাছে আত্মসমর্পণ করে। তবু মানুষের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যায় না। কোনও-না-কোনওভাবে মানুষ নিজের অভিজ্ঞতার চিহ্ন রেখে যেতে চায়। গুহামানব পাথরের দেয়ালে ছবি এঁকেছিল, প্রাচীন সভ্যতা মাটির ফলকে ভাষা খোদাই করেছিল, কবি কবিতা লিখেছিলেন, গল্পকার গল্প লিখেছিলেন। যেন মানুষ আদিকাল থেকেই বুঝেছিল— শরীর ক্ষণস্থায়ী, কিন্তু অভিজ্ঞতা হয়তো ক্ষণস্থায়ী নয়। এইখানেই ভাষার আবির্ভাব মানুষের ইতিহাসে কেবল যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, অস্তিত্বের আশ্রয় হিসেবে। মানুষ কথা বলে শুধু অন্যকে কিছু জানানোর জন্য নয়; মানুষ কথা বলে নিজের অস্তিত্বকে নিশ্চিত করার জন্য। একজন মানুষ যখন বলে, ‘আমি আছি’, তখন সে কেবল নির্দিষ্ট তথ্য প্রকাশ করে না; সে নিজের অস্তিত্বকে পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত করে।

কিন্তু ভাষার এই ক্ষমতার মধ্যেও এক গভীর ট্র্যাজেডি আছে। ভাষা কখনও সম্পূর্ণ নয়। মানুষ যা অনুভব করে, ভাষা তার সবটুকু বহন করতে পারে না। মানুষের ভিতরের সবচেয়ে গভীর বেদনা, সবচেয়ে তীব্র প্রেম, সবচেয়ে অসহনীয় ভয়— এসবের অনেকটাই ভাষার নাগালের বাইরে থেকে যায়। এই সীমাবদ্ধতার মধ্যেই সাহিত্যের জন্ম। কারণ সাধারণ ভাষার সীমা অতিক্রম করার চেষ্টাই সাহিত্য। যেখানে দৈনন্দিন কথাবার্তা ব্যর্থ হয়, সাহিত্য সেখানে প্রবেশ করে। এখানেই মানিক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব অসাধারণ। তিনি ভাষাকে কখনও অনুভূতির কারুকার্য হিসেবে ব্যবহার করেননি। তাঁর ভাষা নিজেকে দেখাতে চায় না। তাঁর ভাষা পাঠককে মুগ্ধ করতে চায় না। তাঁর ভাষা মানুষের ভিতরের অদৃশ্য অভিজ্ঞতাকে দৃশ্যমান করে তুলতে চায়।

তাঁর গদ্যের দিকে তাকালে প্রথমে মনে হয়— এ ভাষা খুব সহজ। কিন্তু সেই সরলতার ভিতরে এক অদ্ভুত গভীরতার জটিল স্তর-পরম্পরা কাজ করে। একটি সাধারণ বাক্য হঠাৎ মানুষের ভিতরের এমন এক পরিসর খুলে দেয়, যা দীর্ঘ ব্যাখ্যাও করতে পারে না। কারণ মানিক জানতেন, ভাষার শক্তি তার উচ্চকণ্ঠতায় নয়; তার নীরবতায়। তিনি শব্দের মধ্যে নীরবতা বসাতে পারতেন। আর সেই নীরবতার মধ্যেই পাঠক নিজের অভিজ্ঞতাকে খুঁজে পেত।

এই কারণেই তাঁর সাহিত্য কেবল কাহিনি নয়; তা এক ধরনের অন্তর্জাগতিক অভিজ্ঞতা। তাঁর রচনার চরিত্ররা আমাদের মনে থেকে যায়, কেবল তাদের কৃতকর্মের  জন্য নয়; তাদের অসম্পূর্ণতার জন্য। কুবের, শশী, কপিলা কিংবা অন্য অনেক চরিত্রকে আমরা মনে রাখি; কারণ তারা নিখুঁত নয়। তারা ভাঙে। তারা ভুল করে। তারা দ্বিধায় পড়ে। তারা কখনও নিজেদেরও ঠিক বুঝতে পারে না। অথচ এই অসম্পূর্ণতার কারণেই তারা জীবন্ত হয়ে ওঠে। কারণ মানুষ নিখুঁত নয়। আর সাহিত্যের কাজ মানুষকে দেবতা বানানো নয়; তাকে সত্য করে তোলা।

এখানে ইতিহাসের প্রশ্ন আবার ফিরে আসে। ইতিহাস সাধারণত বড়ো বড়ো ঘটনা নিয়ে ব্যস্ত থাকে— যুদ্ধ, রাজনীতি, সাম্রাজ্যের উত্থান ও পতন। কিন্তু মানুষের প্রকৃত ইতিহাস কি কেবল এইসব ঘটনার মধ্যে সীমাবদ্ধ? একজন ক্ষুধার্ত মানুষের দিনযাপন কি ইতিহাস নয়? একজন শ্রমিকের ক্লান্ত শরীর কি ইতিহাস নয়? একজন দরিদ্র মায়ের নিঃশব্দ কান্না কি ইতিহাস নয়? মানিক এইসব অদৃশ্য ইতিহাসের লেখক। তিনি সেইসব মানুষের কথা লিখেছেন, যাদের নাম কোনও ইতিহাসের বইয়ে লেখা থাকে না। তিনি সেইসব জীবনকে ভাষা দিয়েছেন, যাদের অস্তিত্ব সমাজ প্রায়ই উপেক্ষা করে। এইজন্য তাঁর সাহিত্য এক ধরনের প্রতিরোধও— ক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধ, ভুলে যাওয়ার বিরুদ্ধে প্রতিরোধ, মানুষকে সংখ্যায় পরিণত করার বিরুদ্ধে প্রতিরোধ।

কারণ সভ্যতা অনেক সময় মানুষকে মানুষ হিসেবে দেখে না; তাকে পরিসংখ্যান হিসেবে দেখে। দারিদ্র্যের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, বেকারত্বের সংখ্যা। কিন্তু সাহিত্য সংখ্যা দেখে না। সাহিত্য মুখ দেখে। সাহিত্য চোখের জল দেখে। সাহিত্য মানুষের নীরবতাও শোনে।

আর এখানেই সাহিত্য ইতিহাসের চেয়েও গভীর হয়ে ওঠে। ইতিহাস বলে কী ঘটেছিল; সাহিত্য বলে, মানুষ কী অনুভব করেছিল। আর এই অনুভবের মধ্যেই মানুষের প্রকৃত অস্তিত্ব লুকিয়ে থাকে। সম্ভবত এই কারণেই মানুষের শেষ আশ্রয় রাজনীতি নয়, অর্থনীতি নয়, এমনকি ধর্মও নয়। মানুষের শেষ আশ্রয় গল্প। কারণ গল্প মানুষকে তার একাকিত্বের ভিতরে সঙ্গ দেয়। গল্প মানুষকে বলে—তুমি একা নও। তোমার ভয়, তোমার ক্ষত, তোমার ব্যর্থতা, তোমার দুঃখ— এসব কেবল তোমার নয়। অসংখ্য মানুষ তোমার আগে এই পথ হেঁটেছে। অসংখ্য মানুষ তোমার পরেও হাঁটবে। আর এই উপলব্ধিই মানুষকে বাঁচিয়ে রাখে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য এই কারণেই কেবল সাহিত্য নয়। মানুষের অস্তিত্বের এক গভীর আশ্রয়স্থল, যেখানে মানুষ এসে নিজের অন্ধকারকে চিনতে পারে, নিজের ক্ষতকে স্পর্শ করতে পারে এবং সবচেয়ে বড়ো কথা— নিজেকে নতুন করে দেখতে পারে। কারণ শেষপর্যন্ত মানুষ হয়তো বাহ্য-পৃথিবীকে যতটা খোঁজে, তার চেয়েও বেশি খোঁজে নিজেকে। মানিক সেই আত্ম-অনুসন্ধানের এক নির্ভীক পথপ্রদর্শক।

ষষ্ঠ পর্ব : মানুষনিয়তি ও অনন্তের দিকে যাত্রা

মানুষের জীবনকে বুঝতে চাওয়ার ইতিহাস আসলে মানুষের নিজের কাছেই ফিরে আসার ইতিহাস। আদিম গুহা থেকে আধুনিক মহানগর পর্যন্ত মানুষ একটিই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে—সে  কে, সে কোথা থেকে এসেছে, সে কোথায় যাচ্ছে, আর তার জীবনের অর্থ কী। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষ ধর্ম সৃষ্টি করেছে, দর্শন নির্মাণ করেছে, বিজ্ঞান আবিষ্কার করেছে, শিল্প ও সাহিত্য সৃষ্টি করেছে। কিন্তু সমস্ত অনুসন্ধানের পরেও মানুষ কখনও কোনও চূড়ান্ত উত্তর পায়নি। উপরন্তু প্রতিটি উত্তরের পিছনে আরও নতুন প্রশ্ন জন্ম নিয়েছে। হয়তো মানুষের সবচেয়ে বড়ো ট্র্যাজেডি এটাই— সে প্রশ্ন করতে পারে, কিন্তু সব প্রশ্নের উত্তর জানার ক্ষমতা তার নেই। তবু সে প্রশ্ন করা বন্ধ করে না। কারণ প্রশ্নহীন মানুষ বেঁচেই থাকতে পারে না।

মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য আমাদের সামনে এক গভীর সত্য উন্মোচন করে। তিনি কোনও উত্তরদাতা নন। তিনি কোনও মতবাদের প্রচারক নন। তিনি কোনও তাত্ত্বিক গুরু নন। তিনি মানুষের হাতে কোনও প্রস্তুত মানচিত্র তুলে দেন না।  তিনি মানুষের সামনে এমন এক আয়না তুলে ধরেন, যেখানে মানুষ নিজের ভাঙা, আহত, বিভ্রান্ত এবং অসম্পূর্ণ মুখটিকে দেখতে বাধ্য হয়। তাঁর সাহিত্যকে কেবল সমাজবাস্তবতার সাহিত্য বলে সীমাবদ্ধ করা যায় না। তাঁর সাহিত্য মানুষের অস্তিত্বের সাহিত্য। তিনি মানুষের ক্ষুধা লিখেছেন, কিন্তু ক্ষুধার ভিতরে লুকিয়ে থাকা অস্তিত্বের আতঙ্কও লিখেছেন। তিনি প্রেম লিখেছেন, কিন্তু প্রেমের ভিতরে লুকিয়ে থাকা অধিকার ও একাকিত্বও লিখেছেন। তিনি দারিদ্র্য লিখেছেন, কিন্তু দারিদ্র্যের ভিতরে লুকিয়ে থাকা মানুষের আত্মসম্মানের ক্ষয়ও লিখেছেন। তিনি মৃত্যু লিখেছেন, কিন্তু মৃত্যুর ভিতরে লুকিয়ে থাকা জীবনের প্রশ্নও লিখেছেন।

এ-পথেই তাঁর সাহিত্য এক অসাধারণ দার্শনিক উচ্চতায় পৌঁছে যায়। কারণ তিনি বাহ্যিক ঘটনাকে কখনও চূড়ান্ত সত্য বলে মেনে নেননি। তিনি সবসময় দৃশ্যমানের পিছনের অদৃশ্য বাস্তবতাকে ধরতে চেয়েছেন। মানুষের জীবনের সবচেয়ে বড়ো রহস্য সম্ভবত নিয়তি। মানুষ নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়। সে পরিকল্পনা করে, স্বপ্ন দেখে, ভবিষ্যৎ নির্মাণ করতে চায়। কিন্তু হঠাৎ একদিন সে বুঝতে পারে, তার সমস্ত হিসাবের বাইরে আরও অদৃশ্য কিছু শক্তি কাজ করছে।

একটি দুর্ঘটনা, একটি অসুস্থতা, একটি আকস্মিক সাক্ষাৎ, একটি বিচ্ছেদ, একটি মৃত্যু—এইসব ঘটনা মুহূর্তের মধ্যে মানুষের জীবনকে বদলে দিতে পারে। মানুষ তখন অনুভব করে— সে সম্পূর্ণ স্বাধীন নয়। সে যেন এক অদৃশ্য স্রোতের মধ্যে ভেসে চলেছে। ‘পুতুলনাচের ইতিকথা’-র নামের মধ্যেই এই গভীর দর্শন লুকিয়ে আছে। মানুষ কি পুতুল? নাকি মানুষ পুতুল নয়, বরং নিজের স্বাধীনতার বিভ্রমে বেঁচে থাকা এক সত্তা? মানিক দেখাতে পেরেছেন, মানুষের স্বাধীনতা কখনও সম্পূর্ণ নয়। আমাদের শরীর আমাদের সীমাবদ্ধ করে। আমাদের অর্থনৈতিক অবস্থা আমাদের সীমাবদ্ধ করে। আমাদের সময় আমাদের সীমাবদ্ধ করে। আমাদের স্মৃতি আমাদের সীমাবদ্ধ করে। এমনকি আমাদের ভালোবাসাও অনেক সময় আমাদের সীমাবদ্ধ করে। তবু আশ্চর্য বিষয় হলো— মানুষ এই সীমাবদ্ধতার মধ্যেও স্বাধীনতার স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে অন্য প্রাণি থেকে আলাদা করে। কারণ মানুষ শুধু বাঁচে না। সে অর্থ খোঁজে। সে সৌন্দর্য সৃষ্টি করে। সে অসম্ভবকে কল্পনা করে। সে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও গান গায়। এইখানেই মানুষের মহত্ত্ব। আর এইখানেই মানিকের সাহিত্য সবচেয়ে মানবিক হয়ে ওঠে। কারণ তিনি মানুষকে তার দুর্বলতার জন্য ঘৃণা করেননি। তিনি মানুষের ভঙ্গুরতাকে অবজ্ঞা করেননি। তিনি বুঝেছিলেন—মা নুষের সবচেয়ে বড়ো শক্তি তার শক্তি নয়; তার দুর্বলতা।

মানুষ ভেঙে পড়ে, আবার উঠে দাঁড়ায়। সে হারায়, আবার ভালোবাসে। সে আহত হয়, তবু আবার বিশ্বাস করতে শেখে। এই পুনর্জন্মের ক্ষমতাই মানুষের প্রকৃত মহিমা। মানিকের নিজের জীবনও যেন তাঁর সাহিত্যেরই প্রতিচ্ছবি। দারিদ্র্য, অসুস্থতা, মৃগীরোগ, অবিরাম অর্থকষ্ট, মানসিক চাপ, সামাজিক লড়াই— সব মিলিয়ে তাঁর জীবন ছিল এক নির্মম সংগ্রাম। তবু তিনি লেখা থামাননি। তিনি মানুষের প্রতি তাঁর বিশ্বাস হারাননি। তিনি শব্দের ভিতরে মানুষের অভিজ্ঞতার আলো জ্বালিয়ে গিয়েছেন। অথচ জীবনের শেষে সেই মানুষটিকেই বলতে হয়েছিল—’দুটি ডাল-ভাতের সংস্থান না রেখে বাংলায় কেউ সাহিত্য করতে যেও না।’ এই বাক্যের মধ্যে কেবল ব্যক্তিগত বেদনা নেই। এখানে লুকিয়ে আছে এক সমগ্র যুগের ট্র্যাজেডি। যে সমাজ তার শ্রেষ্ঠ শিল্পীকে জীবদ্দশায় অভাব দেয়, মৃত্যুর পরে সেই সমাজই তাকে ফুল দিয়ে ঢেকে দেয়। এ যেন মানুষের চিরন্তন ব্যর্থতার প্রতীক। জীবিত মানুষকে আমরা বুঝি না, মৃত মানুষকে আমরা পূজা করি। এই করুণ সত্যের মধ্যেও মানিক আমাদের নিরাশ করে যান না। কারণ তাঁর সাহিত্য শেষপর্যন্ত মানুষের মধ্যেই আশ্রয় খোঁজে— ঈশ্বরের মধ্যে নয়, স্বর্গের মধ্যে নয়, কোনও অলৌকিক মুক্তির মধ্যেও নয়। তিনি বিশ্বাস করেছিলেন মানুষকে—তার সমস্ত ক্ষতসহ, তার সমস্ত পাপসহ, তার সমস্ত ভঙ্গুরতাসহ।

এই অর্থে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের কেবল একজন লেখক নন। তিনি মানুষের অন্ধকারের সহযাত্রী, মানুষের ক্ষতের ইতিহাসকার, মানুষের একাকিত্বের রূপকার। তিনি এমন এক সাহিত্যিক, যিনি আমাদের শিখিয়েছেন—মানুষের সবচেয়ে বড়ো সত্য তার সাফল্য নয়, সবচেয়ে বড়ো সত্য তার ক্ষত। কারণ ক্ষতই মানুষকে গভীর করে, ক্ষতই মানুষকে অন্য মানুষের কাছে নিয়ে যায়, ক্ষতই মানুষকে শেখায় করুণা। আর করুণার ভিতর দিয়েই হয়তো মানুষ অনন্তের দিকে তার যাত্রা শুরু করে। মানিককে কেবল একজন লেখক হিসেবে পড়া যায় না; মানিককে পড়া মানে নিজের ভিতরের অন্ধকারের দিকে তাকানো, নিজের ক্ষতকে চিনে নেওয়া এবং এই ভঙ্গুর পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে ধীরে ধীরে উপলব্ধি করা— মানুষ শেষপর্যন্ত একা হলেও, সে সম্পূর্ণ নিঃসঙ্গ নয়। কারণ তার পাশে আছে তার-ই আবহমান গল্প। আর সেই শ্রুত-অশ্রুত গল্পের মধ্যেই মানুষ তার অনন্তের প্রথম দৃষ্টিশক্তি খুঁজে পেয়ে যায়।

— সমাপ্ত —

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top